ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

গোপালগঞ্জে নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল


গোপালগঞ্জে নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপি মাদক, সন্ত্রাস এবং নৈরাজ্যের প্রতিবাদে একটি মিছিল ও সমাবেশ আয়োজন করেছে।

আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে, শহরের পাঁচুড়িয়া পৌর সুপার মার্কেটের গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপি কার্যালয় থেকে মিছিলটি বের হয়।

এই মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

আরও পড়ুন: সকাল থেকে দেশের যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

সেখানে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর, যিনি ঢাকা থেকে ভার্চুয়াল প্লাটফর্মে জড়িত ছিলেন।

গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহীদুল ইসলাম লেলিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান, সদস্য সচিব এ্যাড. কাজী আবুল খায়ের, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জিয়াউল কবির বিপ্লব এবং জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপ্টন কৃষ্ণা বক্তব্য রাখেন।

এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সমর্থক উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: তাহিরপুরে কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচন; সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন মোঃ মুশতাক আহমেদ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিরিয়ায় মার্কিন বিমান হামলায় আইএসের শীর্ষ নেতা নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৭:৫৮ পি.এম


সিরিয়ায় মার্কিন বিমান হামলায় আইএসের শীর্ষ নেতা নিহত

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে পরিচালিত মার্কিন বিমান হামলায় ইসলামিক স্টেটের (আইএস) এক শীর্ষ নেতা নিহত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বুধবার দেওয়া এক বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এ তথ্য নিশ্চিত করেছে।

সেন্টকম জানায়, ১৯ জুন সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে তাদের বাহিনী একটি নির্ভুল বিমান হামলা চালায়। এই হামলার ফলে আইএসের জ্যেষ্ঠ নেতা আলি হুসাইন আল-উলাইউই নিহত হন।

যুক্তরাষ্ট্রের চলমান সন্ত্রাসবিরোধী প্রচেষ্টার অংশ হিসেবে সেন্টকম এই অভিযান পরিচালনা করে। তারা বলছে, চলমান অভিযানের লক্ষ্য হলো বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিক এবং যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে হামলার পরিকল্পনা করা সন্ত্রাসী নেতাদের খুঁজে বের করে নির্মূল করা।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, এই নির্ভুল হামলায় আলি হুসাইন আল-উলাইউই নিহত হয়েছে। বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিক এবং যুক্তরাষ্ট্রের নিরাপত্তার বিরুদ্ধে হুমকি সৃষ্টি করতে চাওয়া সন্ত্রাসীদের কার্যক্রম ব্যাহত ও নির্মূল করার প্রচেষ্টার অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে।

সেন্টকম আরো জানায়, তারা আঞ্চলিক অংশীদারদের সঙ্গে সমন্বয় করে আইএস এবং অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাগেরহাটে উপকূল, জলবায়ু ও পরিবেশবিষয়ক মেলা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৭:৫৮ পি.এম


বাগেরহাটে উপকূল, জলবায়ু ও পরিবেশবিষয়ক মেলা অনুষ্ঠিত

জেলার রামপাল উপজেলার ফয়লাহাট কামালউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে ‘আমাদের উপকূল, আমাদের দায়িত্ব’ এ প্রতিপাদ্যে উপকূল জলবায়ু ও পরিবেশ মেলা অনুষ্ঠিত হয়।

আজ বুধবার, দিনব্যাপী, নারী কণ্ঠ যুব উন্নয়ন সংস্থার আয়োজন এবং পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক-প্রাণের সহযোগিতায় এই মেলার আয়োজন করা হয়েছে।

উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব, সুন্দরবন সংরক্ষণ, প্লাস্টিক দূষণ রোধ, বৃক্ষরোপণ এবং পরিবেশবান্ধব জীবনচর্চা সম্পর্কে শিক্ষার্থী ও স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা তৈরি করতে এই আয়োজন করা হয়।

মেলায় অংশগ্রহণ করেন শিক্ষার্থী, তরুণ-তরুণী, মহিলা, কৃষক, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় জনগণ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফয়লাহাট কামালউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী জাহাঙ্গীর আলম।

সভাপতিত্ব করেন নারী কণ্ঠ যুব উন্নয়ন সংস্থার সভাপতি জান্নাতুল ফেরদৌসী। বিশেষ অতিথি হিসেবে বিদ্যালয়ের অভিভাবক কমিটির সভাপতি নজরুল ইসলাম এবং সহকারী প্রধান শিক্ষক জনাব শেখ মুজাফফর হোসেন উপস্থিত ছিলেন।

মেলায় ছিল জীবন্ত জলবায়ু মানচিত্র, সমাধান ল্যাব, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ‘জলবায়ুর গল্প বলি’, ‘প্লাস্টিক দিন, গাছ নিন’ এবং ‘আমাদের ভবিষ্যৎ দেয়াল’ সহ বহু অংশগ্রহণমূলক কার্যক্রম।

এসব কার্যক্রমে অংশগ্রহণকারী স্থানীয় জলবায়ু ঝুঁকি, নদীভাঙন, লবণাক্ততা, জলাবদ্ধতা, ঘূর্ণিঝড়, পানির সংকট এবং জীবিকার পরিবর্তন নিয়ে নিজেদের অভিজ্ঞতা এবং সমাধানের ভাবনা তুলে ধরেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় অগ্রগতির দাবি ভারতের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৮:০০ পি.এম


যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় অগ্রগতির দাবি ভারতের

বুধবার ভারত মন্তব্য করেছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা একটি চুক্তির দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে ‘গুরুত্বপূর্ণ পদক্ষেপ’।

তবে, নয়াদিল্লি দুই পক্ষের মধ্যে বিদ্যমান মতপার্থক্য নিরসনে কোনো চূড়ান্ত অগ্রগতির ঘোষণা দেয়নি।

এএফপি জানিয়েছে, নয়াদিলি থেকে ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে জানিয়েছেন, সফররত যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের সঙ্গে দুই দিনের আলোচনা একটি ‘গঠনমূলক ও ভবিষ্যতমুখী’ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

গত ফেব্রুয়ারিতে নয়াদিল্লি ও ওয়াশিংটনের মধ্যে একটি প্রাথমিক সমঝোতা ঘোষণা দেওয়া হয়। এ সমঝোতার আওতায় যুক্তরাষ্ট্র শুল্কহার ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশে নামাতে এবং ভারত বিভিন্ন শিল্প ও কৃষিপণ্যের ওপর শুল্ক কমাতে সম্মত হয়েছে।

তবে, যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যাপক শুল্কব্যবস্থার বড় অংশ বাতিল করে দেওয়ার পর আলোচনা দীর্ঘায়িত হয়েছে।

এরপর ভারতসহ কিছু দেশের বিরুদ্ধে অন্যায্য বাণিজ্যচর্চার অভিযোগের তদন্ত শুরু করায় আলোচনা আরও জটিল হয়ে ওঠে।

ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, গয়াল ও গ্রিয়ার একাধিক দফা বৈঠক করেছেন এবং এই সফর চলমান প্রচেষ্টার ক্ষেত্রে একটি ‘গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ সম্ভবত।

উভয় পক্ষই একটি অন্তর্বর্তীকালীন চুক্তি চূড়ান্ত করার সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেছে। গয়াল দাবি করেছেন, চুক্তির প্রথম ধাপের ‘৯৯ শতাংশ’ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর বলেন, আলোচকরা এখন ‘শেষ এক শতাংশ’ নিয়ে কাজ করছেন।

তবে, কয়েকটি বিষয় এখনও অমীমাংসিত রয়েছে। গয়ালের ভাষ্য অনুযায়ী, ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো—চূড়ান্ত শুল্কহার যেন আঞ্চলিক অন্যান্য উৎপাদনশীল প্রতিদ্বন্দ্বী দেশের তুলনায় প্রতিযোগিতামূলক অবস্থানে থাকে।

ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, নির্দিষ্ট সময়ের পর চুক্তির শর্তাবলি পুনর্বিবেচনার সুযোগ রেখে একটি ধারা যুক্ত করার প্রস্তাবও দিয়েছে নয়াদিল্লি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউরোপে তাপপ্রবাহ: তাপমাত্রা ৪০ ডিগ্রির ঘরে, স্বাস্থ্যঝুঁকি ও জনজীবনে বিপর্যয়

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৮:০২ পি.এম


ইউরোপে তাপপ্রবাহ: তাপমাত্রা ৪০ ডিগ্রির ঘরে, স্বাস্থ্যঝুঁকি ও জনজীবনে বিপর্যয়

ইউরোপজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহ নতুন নতুন রেকর্ড গড়ছে। বিজ্ঞানীরা বলছেন, বারবার ফিরে আসা এই তাপপ্রবাহ বৈশ্বিক উষ্ণায়নের স্পষ্ট লক্ষণ এবং আগামীতে এগুলো আরও ঘনঘন, দীর্ঘস্থায়ী ও তীব্র হবে।

প্যারিস থেকে এএফপি জানায়, জাতিসংঘের জলবায়ুবিষয়ক আন্তঃসরকার প্যানেল (আইপিসিসি)’র চেয়ারম্যান জিম স্কিয়া বুধবার সতর্ক করে বলেন, ইউরোপে দেখা দেওয়া তাপপ্রবাহ বৈজ্ঞানিক পূর্বাভাসের কিছু সীমাও অতিক্রম করেছে। তিনি যোগ করেন, ‘গত কয়েক দিনে যা দেখা গেছে, ভবিষ্যতে আমরা তার আরও বেশি অভিজ্ঞতা লাভ করব।’

অস্ট্রিয়ায় ৪০ ডিগ্রি সেলসিয়াসের সতর্কতা জারি করেছে দেশের আবহাওয়া বিভাগ। দেশটির পূর্বাঞ্চল, রাজধানী ভিয়েনা এবং দক্ষিণাঞ্চলের কয়েকটি শহরের জন্য সর্বোচ্চ মাত্রার তাপ সতর্কতা দেওয়া হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, সপ্তাহান্তে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। নাগরিকদের দিনে সবচেয়ে গরম সময়ে ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)’র মহাপরিচালক তেদ্রোস আধানোম গেব্রিয়েইসুস জানান, ‘ইউরোপের তাপপ্রবাহ স্কুল বন্ধ করে দিচ্ছে এবং মানুষের স্বাস্থ্যকে ঝুঁকির মুখে ফেলছে।’ তিনি জলবায়ু-সহনশীল স্বাস্থ্যব্যবস্থায় বিনিয়োগ বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের কারণগুলো মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

এএফপির হিসাব অনুযায়ী, বুধবার ইউরোপে অন্তত ৯ কোটি ৪০ লাখ মানুষ ৩৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রার মুখোমুখি হবে। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হবে ফ্রান্স ও স্পেন।

অন্যদিকে, তুরস্ক বাদে ইউরোপের ৩৫ কোটিরও বেশি মানুষ ৩০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে তাপমাত্রা অনুভব করবে, যা মহাদেশটির প্রায় দুই-তৃতীয়াংশ জনসংখ্যার সমান।

যুক্তরাজ্যের কিছু অংশে বুধবার থেকে বিরল ‘রেড অ্যালার্ট’ কার্যকর হয়েছে। দেশটির আবহাওয়া সংস্থা পূর্বাভাস দিয়েছে, তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে, যা বছরের এ সময়ের জন্য নজিরবিহীন।

সতর্কতা জারি করা হয়েছে মধ্য ও দক্ষিণ ইংল্যান্ডের বিভিন্ন এলাকায়, এর মধ্যে রাজধানী লন্ডন এবং বার্মিংহামও রয়েছে।

ফ্রান্সের শিক্ষামন্ত্রী এদুয়ার জেফ্রের মতে, তীব্র গরমের কারণে প্রায় ১ লাখ ৩০ হাজার শিক্ষার্থীর মধ্যে ১০ হাজারের মৌখিক পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে।

উত্তর-পশ্চিম ফ্রান্সে তাপপ্রবাহের কারণে প্রায় ৬৮ হাজার পরিবার বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার একটি ট্রান্সফরমারের তীব্র তাপমাত্রাজনিত সমস্যার কারণে এই ঘটনা ঘটেছে।

অটোমিয়াম কর্তৃপক্ষ জানিয়েছে, অতিরিক্ত গরমের কারণে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দর্শনার্থীদের জন্য নির্ধারিত সময়ের আগেই এটি বন্ধ করা হবে। একই কারণে আইফেল টাওয়ার ও ল্যুভর মিউজিয়াম কর্তৃপক্ষ আগেভাগে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।

এ ছাড়া নরমান্দিতে দৃষ্টিনন্দন মঁ সেঁ মিশেল দ্বীপ কর্তৃপক্ষ দর্শনার্থীদের ‘রেড অ্যালার্ট’ চলাকালে ভ্রমণ স্থগিত রাখার অনুরোধ জানিয়েছেন।

ফ্রান্সের মুলহাউজ শহরের কাছে স্তেলান্তিজের একটি কারখানার শ্রমিকেরা কর্মপরিবেশের প্রতিবাদে মঙ্গলবার থেকে রোববার পর্যন্ত নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন।

ফ্রান্স মঙ্গলবার ১৯৪৭ সালে রেকর্ড রাখা শুরু হওয়ার পর সবচেয়ে উষ্ণ দিন পার করেছে। দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে, ৩০টি স্টেশনের তথ্যের ভিত্তিতে জাতীয় গড় তাপমাত্রা সূচক ২৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। এর আগে সর্বোচ্চ রেকর্ড ছিল ২৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা ২০১৯ সালের ২৫ জুলাই এবং ২০০৩ সালের ৫ আগস্ট নিবন্ধিত হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%