০৯:০৬ পি.এম
বাংলাদেশ ফুটবল লিগের আজকের দিনটি ছিল গোলের। একদিকে, একটি ম্যাচে হ্যাটট্রিক করেও জয় না পাওয়ার হতাশা ছিল, অন্যদিকে, অন্য ম্যাচে বড় জয় নিয়ে মাঠ ছাড়ার উচ্ছ্বাসও ছিল।
বসুন্ধরা কিংস অ্যারেনায় সিটি ক্লাব ফর্টিস এফসিকে ৩-৩ গোলে রুখে দিয়েছে। অপরদিকে, চাঁদপুর স্টেডিয়ামে আবাহনী লিমিটেড ঢাকা ওয়ান্ডারার্সকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে।
ফর্টিসের বিপক্ষে সিটি ক্লাব শুরু থেকেই দাপট দেখাতে থাকে। ম্যাচের ৫ ও ১৯ মিনিটে নাইজেরিয়ান স্ট্রাইকার ওনিয়েকাচি ওকাফোর দুটি গোল করে দলকে এগিয়ে দেন। তবে তিনি দুই গোলেই থেমে থাকেননি। দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে নিজের তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূরণ করেন ওকাফোর।
আরও পড়ুন: সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমবার ভিএআর প্রযুক্তির ব্যবহার
তবে ফর্টিস দুইবার পিছিয়ে পড়েও ম্যাচে দারুণভাবে ফিরে আসে। ৩৮ মিনিটে মোহাম্মদ ইব্রাহিম গোল করে ব্যবধান কমান। দ্বিতীয়ার্ধের শুরুতে পা ইসা জালোর পেনাল্টিতে সমতা ফেরায় ফর্টিস।
৫৪ মিনিটে ওকাফোরের হ্যাটট্রিকে আবার এগিয়ে যায় সিটি ক্লাব। কিন্তু ৬৯ মিনিটে নরিকি আকান্দার দুর্দান্ত গোলে ফের সমতা আনে ফর্টিস। শেষ পর্যন্ত আর গোল না হওয়ায় ম্যাচটি ৩-৩ সমতায় শেষ হয়।
অন্যদিকে, আবাহনী লিমিটেডের ম্যাচটি একপেশে ছিল। ঢাকা ওয়ান্ডারার্সকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে মারুফুল হকের দল।
ম্যাচের শুরুতেই নাইজেরিয়ান ফরোয়ার্ড অ্যান্থনি ওকাচি ও পাকিস্তানি মিডফিল্ডার মঈন আহমেদ দুটি গোল করে আবাহনীকে এগিয়ে দেন। ১৪ মিনিটে জাহিদের গোলে ব্যবধান কমালেও, ৩৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে আবাহনীর লিড বাড়ান ২০১৪ বিশ্বকাপে খেলা নাইজেরিয়ান তারকা মাইকেল বাবাতুন্দে।
আরও পড়ুন: আর্সেনালকে বিদায় দিয়ে শেষ আটে চতুর্থ স্তরের ফ্লিটউড টাউন
৭৬ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন ওকাচি। যোগ করা সময়ে আল আমিনের গোলে ৫-১ ব্যবধানের বড় জয় নিশ্চিত হয় আবাহনীর।
দুই ম্যাচ শেষে ফর্টিস ও সিটি ক্লাবের সংগ্রহ ৪ পয়েন্ট করে। গোল ব্যবধানে এগিয়ে থাকায় ফর্টিস পয়েন্ট তালিকার দুইয়ে এবং সিটি ক্লাব চারে অবস্থান করছে। আবাহনী লিগে নিজেদের প্রথম ম্যাচেই বড় জয় পেয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন