নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০২:০৭ পি.এম
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় রাত্রীকালীন বিশেষ অভিযান পরিচালনা করে আদালতের বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত তিন আসামিকে গ্রেফতার করেছে নাগেশ্বরী থানা পুলিশ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে থানা সূত্রে জানা গেছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, উপজেলার চিন্তার খামার এলাকার গণেশ চন্দ্র রায়ের ছেলে রিপন চন্দ্র রায়, সিংগীর ভিটা শ্রীপুর এলাকার সেকেন্দার আলীর ছেলে রাশেদুল ইসলাম রাশেদ এবং শিংগীর ভিটা হাসনাবাদ এলাকার মো. আব্দুল মান্নানের ছেলে জামাল হোসেন।
থানা সূত্রে জানা যায়, রিপন চন্দ্র রায়ের বিরুদ্ধে কুড়িগ্রাম আদালতের সিআর মামলা নং-২৬৫/২৬ (নাগঃ), নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১(গ)/৩০ ধারায় ওয়ারেন্ট রয়েছে। রাশেদুল ইসলাম রাশেদের বিরুদ্ধে সিআর মামলা নং-৮৬৩/২৫ (কুড়িঃ), নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের ১৩৮ ধারায় মামলা রয়েছে।
অপরদিকে, জামাল হোসেনের বিরুদ্ধে জিআর মামলা নং-৪৭/১৭, স্পেশাল ট্রাইব্যুনাল মামলা নং-২৩০/১৮, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি(১)(বি) ধারায় ওয়ারেন্ট রয়েছে।
পুলিশ জানায়, আদালতের ওয়ারেন্টের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নওগাঁর পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন এবং অসহায় উপকারভোগীদের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। একইসঙ্গে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় ক্লাব ও খেলার মাঠের জন্য ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) সকালে পোরশা উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)’ শীর্ষক কর্মসূচির ২০২৫-২০২৬ অর্থবছরের আওতায় এসব সহায়তা বিতরণ করা হয়। এ সময় ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল এবং ৩০ জন দুস্থ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। পাশাপাশি ক্ষুদ্র নৃগোষ্ঠী, দুস্থ মহিলা ও শিশু কল্যাণ তহবিল থেকে মঞ্জুরীকৃত অনুদানের আওতায় ১০ জনের মাঝে মোট ১০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়।অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান এমপি।প্রধান অতিথির বক্তব্যে মোঃ মোস্তাফিজুর রহমান ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের মাদক ও বিভিন্ন ধরনের সামাজিক নেশা থেকে দূরে থাকার আহ্বান জানান। তিনি শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি নিজেদের জীবনমান উন্নয়নে শিক্ষা ও কর্মদক্ষতাকে কাজে লাগানোর পরামর্শ দেন।তিনি বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে শিক্ষা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি নারীদের স্বাবলম্বী করতে কর্মমুখী উদ্যোগও প্রয়োজন। সেলাই মেশিনসহ বিভিন্ন সহায়তা কাজে লাগিয়ে নারীরা নিজেদের পরিবার ও সমাজের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আতিকুর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোতাহার রহমান সুপি শাহ, সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি মোঃ হাফিজুর রহমান, নিতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বেলাল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা উপকারভোগীদের হাতে বাইসাইকেল, সেলাই মেশিন ও আর্থিক সহায়তার অর্থ তুলে দেন। একইসঙ্গে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় ক্লাব ও খেলার মাঠের প্রতিনিধিদের হাতে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।সরকারি এ ধরনের সহায়তা ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষায় উৎসাহিত করার পাশাপাশি দুস্থ নারীদের স্বাবলম্বী হওয়া এবং স্থানীয় পর্যায়ে ক্রীড়া কার্যক্রমকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাজির শিমলায় প্রান্তিক গরুর খামারিদের জন্য সরকারি উদ্যোগে কৃত্রিম প্রজনন (এআই) ও প্রাণিসেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে। ত্রিশাল উপজেলা প্রাণিসম্পদ অফিস ও ভেটেরিনারি হাসপাতালের অধীন কৃত্রিম প্রজনন ও প্রাণিসেবা উপকেন্দ্র থেকে নিয়মিতভাবে এ সেবা দেওয়া হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কাজির শিমলা কৃত্রিম প্রজনন ও প্রাণিসেবা উপকেন্দ্রে গরুর খামারিদের কৃত্রিম প্রজনন সেবা প্রদান করা হয়। বিশেষ করে প্রান্তিক ও ক্ষুদ্র খামারিরা এ সরকারি সেবার মাধ্যমে উপকৃত হচ্ছেন।
কৃত্রিম প্রজননের ক্ষেত্রে উন্নতমানের বীজ (সিমেন) ব্যবহার করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এর ফলে খামারিরা উন্নত জাতের বাছুর উৎপাদনের সুযোগ পাচ্ছেন এবং গবাদিপশুর জাত উন্নয়নের পাশাপাশি খামারিদের আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনাও বাড়ছে।
স্থানীয় গরুর খামারিরা জানান, সরকারি ব্যবস্থাপনায় হাতের নাগালে কৃত্রিম প্রজনন ও প্রাণিসেবা পাওয়ায় তাদের সময় ও খরচ দুটোই কমছে। একই সঙ্গে ভালো মানের বীজ ব্যবহারের ফলে ভবিষ্যতে উন্নত জাতের গবাদিপশু পালনের সুযোগ তৈরি হচ্ছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নাজনীন সুলতানা বলেন, “প্রান্তিক গরুর খামারিদের উন্নত জাতের গবাদিপশু পালনে উৎসাহিত করা এবং তাদের উৎপাদন ও আয় বাড়ানোর লক্ষ্যে সরকারি উদ্যোগে কৃত্রিম প্রজনন ও প্রাণিসেবা কার্যক্রম চালু রয়েছে। খামারিরা যাতে সহজেই প্রয়োজনীয় সেবা পান, সে বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি।”
তিনি আরও বলেন, উন্নত জাতের বাছুর উৎপাদন, গবাদিপশুর স্বাস্থ্য সুরক্ষা এবং আধুনিক পদ্ধতিতে খামার পরিচালনায় খামারিদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, প্রাণিসম্পদ বিভাগের
এ ধরনের সরকারি সেবা কার্যক্রম আরও বিস্তৃত করা গেলে ত্রিশালের প্রান্তিক খামারিদের আর্থিকভাবে স্বাবলম্বী করার পাশাপাশি দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
টেলিভিশন জগতের অন্যতম মর্যাদাপূর্ণ ৭৮তম এমি অ্যাওয়ার্ডসের মঞ্চে ড্রামা বিভাগে নিজেদের একক আধিপত্য বজায় রেখেছে জনপ্রিয় মেডিক্যাল ড্রামা ‘দ্য পিট’। এইচবিও ম্যাক্সের এই নির্মাণটি টানা দ্বিতীয়বারের মতো বছরের সেরা ড্রামা সিরিজের ট্রফি নিজেদের ঝুলিতে পুরে নিয়েছে।
পিটসবার্গের একটি ট্রমা সেন্টারের জরুরি বিভাগের বাস্তবভিত্তিক প্রেক্ষাপট এবং স্বাস্থ্যকর্মীদের দৈনন্দিন সংগ্রামের গল্প নিয়ে নির্মিত এই সিরিজটি এবার সর্বাধিক ২৫টি বিভাগে মনোনীত হয়ে সংবাদ শিরোনামে এসেছে। সিরিজে ডক্টর ‘রবি রবিনাভিচের’ চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য নোয়া ওয়াইল টানা দ্বিতীয়বারের মতো সেরা ড্রামা অভিনেতার এমি জিতে নিয়েছেন। পুরস্কার হাতে নিয়ে আবেগাপ্লুত ওয়াইল বলেন, “আমি সবসময় এই একটি ক্লাবেই যোগ দিতে চেয়েছি। আমাকে গ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ।”
এছাড়া সিরিজটির লেখক, কলাকুশলী ও পার্শ্ব চরিত্রদের ঝুলিতেও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সম্মাননা এসেছে। সিরিজটির নির্মাতা আর. স্কট জেমিল বিজয়ী মঞ্চে স্বাস্থ্যসেবায় যুক্ত বাস্তব জীবনের নায়কদের প্রতি এই সাফল্য উৎসর্গ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দীর্ঘকাল ধরে পাকিস্তানের আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও ক্রিকেট দলের অধিনায়ক ইমরান খান। ১৯৯২ সালের ওয়ানডে বিশ্বকাপজয়ী অধিনায়কের শারীরিক অবস্থার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে তার পরিবার।
সম্প্রতি ইমরানের সুচিকিৎসার দাবিতে অনেক কিংবদন্তি ক্রিকেটার সক্রিয় হয়েছেন। এবার অস্ট্রেলিয়ার ৭ জন সাবেক অধিনায়ক ইমরানের পাশে দাঁড়িয়েছেন। তারা পাকিস্তানের সাবেক অলরাউন্ডারের বন্দিজীবন নিয়ে মানবিক উদ্বেগ প্রকাশ করে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওংয়ের কাছে একটি চিঠি পাঠিয়েছেন।
চিঠিতে স্বাক্ষরকারী ৭ সাবেক অধিনায়ক হলেন—অ্যালান বোর্ডার, গ্রেগ চ্যাপেল, ইয়ান চ্যাপেল, বেলিন্ডা ক্লার্ক, কিম হিউজ, মার্ক টেলর ও স্টিভ ওয়াহ। তারা চিঠিতে উল্লেখ করেছেন যে, ‘কূটনীতিক বা রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে নয়; বরং সাবেক অধিনায়ক হিসেবে কথা বলার তাগিদ অনুভব করেই এই চিঠি লেখা হয়েছে’।
চিঠিতে আরো উল্লেখ করা হয়েছে, ‘জনাব খানের বিরুদ্ধে চলমান আইনি বা রাজনৈতিক মামলার বিষয়ে কোনো পক্ষ নিচ্ছে না এই (সাবেক অধিনায়কদের) দল। রাজনীতি যাই হোক, এটি মানবতার মৌলিক বিষয়’।
এর আগে, গত ২৩ আগস্ট, ইমরানের উন্নত চিকিৎসার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে চিঠি লেখেন ২২ জন সাবেক আন্তর্জাতিক অধিনায়ক। তাদের মধ্যে রয়েছেন—মাইকেল আথারটন, অ্যালান বোর্ডার, মাইক ব্রিয়ারলি, গ্রেগ চ্যাপেল, ইয়ান চ্যাপেল, অ্যালিস্টার কুক, মাইক গ্যাটিং, সুনীল গাভাস্কার, অ্যাডাম গিলক্রিস্ট, ডেভিড গাওয়ার, নাসের হুসেইন, ক্লাইভ লয়েড, কপিল দেব, অর্জুনা রানাতুঙ্গা, অ্যান্ড্রু স্ট্রাউস, দিলীপ ভেংসরকার, স্টিভ ওয়াহ ও জন রাইট। এছাড়া, নারী ক্রিকেটের কিংবদন্তি বেলিন্ডা ক্লার্ক ও অ্যালেক্স ব্ল্যাকওয়েলও ছিলেন।
শরিফকে লেখা চিঠির কিছুদিন পর, ইমরানের পাশে দাঁড়িয়েছেন অস্ট্রেলিয়ার বর্তমান অধিনায়ক প্যাট কামিন্স, পাকিস্তানের কিংবদন্তি জাভেদ মিয়াঁদাদ, ওয়াসিম আকরাম, মঈন খানসহ আরও অনেকে। ৭৩ বছর বয়সী ইমরানের পক্ষে অবস্থান নিয়েছেন ক্যারিবিয়ান লিজেন্ড ব্রায়ান লারা ও মাইকেল হোল্ডিংও।
খেলোয়াড়ি ক্যারিয়ার শেষে রাজনীতিতে প্রবেশ করেন ইমরান। মাঠের মতো রাজনীতিতে তিনি নেতৃত্বের ক্ষেত্রে সফলতা অর্জন করেন। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন তেহরিক-ইনসাফ পার্টির নেতা। ক্ষমতা হারানোর পর দুর্নীতি ও অন্যান্য মামলায় তিনি বর্তমানে জেলে রয়েছেন। সময়ের হিসাবে তার বন্দিজীবন প্রায় সাড়ে তিন বছর।
তালাশ বিডি/মিডিয়া লিঃ