১১:০২ পি.এম
মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রগতিশীল প্রার্থী ড. আব্দুল এল-সাইয়েদের পক্ষে ভোটের প্রচারণায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সক্রিয় হয়েছেন। নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণার অংশ হিসেবে ভোটারদের কাছে বারাক ওবামার কণ্ঠে রেকর্ড করা একটি বিশেষ ফোন বার্তা বা 'রোবোকল' (Robocall) পাঠানো শুরু হয়েছে।
সিএনএন-এর হাতে পাওয়া ওই অডিও বার্তায় সাবেক প্রেসিডেন্ট ওবামাকে ড. আব্দুল এল-সাইয়েদের পক্ষে ভোট প্রার্থনা করতে শোনা যায়।
বার্তায় ওবামা বলেন, “আমি আপনাদের কাছে যুক্তরাষ্ট্রের সিনেট পদে আব্দুল এল-সাইয়েদকে সমর্থন করার জন্য অনুরোধ করছি। আব্দুল একজন পেশাদার চিকিৎসক। তিনি মানুষের কর্মসংস্থান সৃষ্টি, উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং জীবনযাত্রার খরচ কমানোর লড়াইয়ে বড় বড় স্বার্থান্বেষী গোষ্ঠীর মুখোমুখি হয়েছেন। আব্দুল কখনোই কোনো কর্পোরেট অর্থ গ্রহণ করেননি। তিনি অনুধাবন করতে পেরেছেন যে স্বাস্থ্যসেবা কোনো বিলাসিতা নয়, এটি মানুষের মৌলিক অধিকার। অহেতুক দীর্ঘস্থায়ী যুদ্ধে অর্থ অপচয়ের বদলে নিজের দেশে ও জনগণের পেছনে বিনিয়োগ করার নীতিতে তিনি বিশ্বাসী।”
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হতে পারেন হাকিম জেফ্রিস
এল-সাইয়েদের নির্বাচনী প্রচার দল ওবামার এই রোবোকল বার্তা পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে।
মিশিগানের ভোটারদের টানতে এবং ডেমোক্র্যাটদের শেষ মুহূর্তের প্রচার জোরদার করতে শুধু ওবামাই নন, সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও প্রগতিশীল এই চিকিৎসকের সমর্থনে ধারাবাহিকভাবে রোবোকল করে যাচ্ছেন। সূত্র: সিএনএন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন