০৫:২৬ পি.এম
গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুর কারণে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন করে ১ হাজার ৬০৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মারা যাওয়া ছয় জনের মধ্যে দুই জন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার বাসিন্দা।
শনিবার (৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এই তথ্য প্রকাশ করা হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে ডেঙ্গুর কারণে মোট ২৪৯ জনের মৃত্যু ঘটেছে। এর মধ্যে সেপ্টেম্বর মাসেই মারা গেছেন ১৪৮ জন। আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে
বুলেটিনে জানানো হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৬০৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। এর ফলে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৮৪ হাজার ৩৬৯ জনে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড় পেয়েছেন ১ হাজার ৬২১ জন। মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৮ হাজার ৪৮২ জন।
গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৫২৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। খুলনা বিভাগে ২৭৬ জন, বরিশালে ২১৫ জন, চট্টগ্রামে ৩১৯ জন, ময়মনসিংহে ৭৯ জন, রংপুরে ৬২ জন এবং রাজশাহী বিভাগে ১৩২ জন রোগী ভর্তি হয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন