০৪:৫৫ পি.এম
জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের স্বপ্ন এখনো পূরণ হয়নি, এমন মন্তব্য করেছেন তার বাবা মকবুল হোসেন। শনিবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন এবং ছেলের নামে একটি স্টেডিয়াম নির্মাণের দাবি জানান।
মকবুল হোসেন বলেন, "আবু সাঈদের স্বপ্ন তো এখনো পূরণ হয় নাই। এখন কবে হবে, সেটা জানি না। আমার ছেলের নামে—আবু সাঈদ নামে স্টেডিয়াম হোক, এটা আমি চাই।"
এদিন একটি স্থাপনার উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রীর উপস্থিতিতে আনন্দ প্রকাশ করে তিনি দেশের সার্বিক শান্তি ও শৃঙ্খলা কামনা করেন। মকবুল হোসেন আরও বলেন, "আজকে মন্ত্রী মহোদয় এসে উদ্বোধন করে গেলেন, এতে আমি আনন্দিত। দেশের জন্য শান্তি-শৃঙ্খলা চাই। সবাই শান্তিতে বসবাস করুক, সবাই সুখে থাক—এটাই আমি চাই।"
আরও পড়ুন: ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জু
একই অনুষ্ঠানে শহীদ আবু সাঈদের মা মনোয়ারা বেগম দেশের শান্তির আহ্বান জানিয়ে বলেন, "আমার ছেলে দেশের জন্য জীবন দিয়েছে। দেশটা যেন শান্তি হয়, কোনো ছেলেপেলেকে যেন আর জীবন দিতে না হয়। সরকার যেন দেশটা শান্তিভাবে রাখে—এটাই আমার সরকারের কাছে দাবি।"
অন্যদিকে, শহীদ আবু সাঈদের ভাই রমজান আলী জানান, শহীদ আবু সাঈদের নামে নতুন কোনো স্থাপনা নির্মাণ করে নামকরণ করা হলে তাঁদের পরিবার ও দেশবাসী আনন্দিত হবে। তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হল এবং গুরুত্বপূর্ণ মোড়ে আবু সাঈদের স্মৃতি রক্ষায় স্থাপনা নির্মাণের দাবি জানান।
দেশের সার্বিক পরিস্থিতি ও জুলাই অভ্যুত্থানের চেতনা প্রসঙ্গে রমজান আলী আরও বলেন, "বিগত সরকারের আমলের গুম, খুন ও নির্যাতন থেকে দেশ মুক্তি পেয়েছে। বাংলাদেশে এমন নৈরাজ্য আর যেন না হয় এবং একটি ইনসাফভিত্তিক বাংলাদেশ যেন গড়ে ওঠে—এটাই আমাদের চাওয়া।"
তবে জুলাইয়ের চেতনার কাঙ্ক্ষিত অগ্রগতি এখনো দেখা যাচ্ছে না উল্লেখ করে তিনি আক্ষেপ প্রকাশ করেন। তিনি বলেন, "জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারগুলো এখনো অবহেলিত রয়েছে। অনেকেই ফোন করে জানান যে তাঁদের নাম এখনো গেজেটভুক্ত হয়নি; তাঁদের বিভিন্ন সমস্যার এখনো সমাধান হয়নি।
আরও পড়ুন: ফটিকছড়িতে ছাত্রদল-যুবদলের মিছিলে হামলা, মোটরসাইকেলে আগুন লাগানো হয়েছে
#ডব্লিউএ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন