০৪:০৭ পি.এম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট ভূগর্ভস্থ ‘পিক্যাক্স মাউন্টেন’ স্থাপনায় হামলা চালানোর হুমকি দিয়েছেন। তিনি জানান, তেহরান যাতে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, তা নিশ্চিত করতে তিনি সামরিক পদক্ষেপের কথা বিবেচনা করছেন। তবে ট্রাম্প নিশ্চিত করেছেন যে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে মার্কিন সংবাদমাধ্যম নিউজম্যাক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব মন্তব্য করেন। শুক্রবার (১৬ অক্টোবর) রয়টার্সের প্রতিবেদনে সাক্ষাৎকারের তথ্য প্রকাশিত হয়। মার্কিন প্রেসিডেন্ট ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া যুদ্ধ নিয়েও আলোচনা করেন।
ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের লক্ষ্য হলো ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে না দেওয়া। তিনি দাবি করেন, ইরানের হাতে এমন অস্ত্র থাকলে দেশটি তা ব্যবহার করবে।
আরও পড়ুন: চীন ‘গ্রে জোন’ কৌশল ব্যবহার করে প্রতিপক্ষকে চাপে রাখছে
তিনি ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পাহাড়ের গভীরে অবস্থিত উল্লেখ করে বলেন, ‘তাদের পারমাণবিক স্থাপনাগুলো লাখ লাখ টন পাহাড়ের নিচে চাপা পড়ে আছে। এখন আমরা পিক্যাক্স মাউন্টেনের দিকে নজর দিচ্ছি। সেখানে আমাদের যেতে হতে পারে। আমরা ওই স্থাপনাটিতে হামলা চালাব। দ্রুতই সেটিকে ধ্বংস করে দেব।’
পিক্যাক্স মাউন্টেন ইরানের নাতাঞ্জ পারমাণবিক স্থাপনার কাছাকাছি অবস্থিত একটি সুরক্ষিত ভূগর্ভস্থ স্থাপনা। এটি অত্যন্ত গভীরে নির্মিত হওয়ায় সেখানে কী ধরনের কার্যক্রম পরিচালিত হচ্ছে, তা নিয়ে উদ্বেগ রয়েছে। ইরান এর আগে স্থাপনাটিকে সেন্ট্রিফিউজ সংযোজনকেন্দ্র হিসেবে বর্ণনা করেছে।
ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি পারমাণবিক অস্ত্র ব্যবহার করব না। এর কোনো প্রয়োজন নেই।’
তিনি ইরানে স্থলবাহিনী পাঠানোর বিষয়টিও বিবেচনা করছেন না বলে আবারও জানান। তবে দেশটির জ্বালানি অবকাঠামো ও পারমাণবিক স্থাপনায় হামলার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের শক্তিশালী প্রচলিত বোমা ব্যবহারের সম্ভাবনা নিয়ে স্পষ্ট কোনো সিদ্ধান্তের কথা জানাননি মার্কিন প্রেসিডেন্ট।
আরও পড়ুন: ইরান সম্পর্কে ভুল ধারণার বিপজ্জনক পরিণতি ও শান্তিপূর্ণ চুক্তির সম্ভাবনা
সাক্ষাৎকারে আলোচনায় আসে জিবিইউ-৪৩/বি ম্যাসিভ অর্ডন্যান্স এয়ার ব্লাস্ট (এমওএবি) বোমার বিষয়টিও। এটি ‘মাদার অব অল বম্বস’ নামে পরিচিত। ইরানের জ্বালানি অবকাঠামো ও পারমাণবিক স্থাপনায় এ বোমা ব্যবহারের অনুমোদন দিয়েছেন কি না, সে প্রশ্নের সরাসরি উত্তর দেননি ট্রাম্প। তবে তিনি বলেন, এমওএবি একটি প্রচলিত বোমা, পারমাণবিক অস্ত্র নয়। তথ্যসূত্র: রয়টার্স, এনডিটিভি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন