ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

রাষ্ট্রপতির আগমনে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ


রাষ্ট্রপতির আগমনে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ

ঠাকুরগাঁও শহরের কোলাহলে কাটানো তাঁর শৈশব ও কৈশোর। শহরের প্রাণকেন্দ্র বড়মাঠ তাঁর বাড়ির পাশেই অবস্থিত। যে শহরের অলিগলি, বাজার-পাড়া এবং রাস্তাঘাট তাঁর চেনা, সেই শহর এখন ব্যস্ত হয়ে উঠেছে তাঁকে ঘিরে। রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামীকাল রোববার প্রথমবারের মতো নিজ মাটি ঠাকুরগাঁও আসছেন। তাঁর আগমন উপলক্ষে ঠাকুরগাঁও জুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে।

এদিকে, কোথাও তোরণ নির্মাণ করা হচ্ছে, কোথাও চলছে আলোকসজ্জার কাজ। রাষ্ট্রপতিকে বরণ করে নিতে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের ব্যস্ততা বেড়ে গেছে। রাজনৈতিক নেতাকর্মীদের যেন দম ফেলারও সময় নেই। পৌরসভার কর্মীরা শহরকে পরিচ্ছন্ন ও পরিপাটি করে তুলতে দিন-রাত কাজ করে চলেছেন। সব মিলিয়ে এলাকার প্রিয় সন্তানকে রাষ্ট্রপতি হিসেবে প্রথমবারের মতো নিজ শহরে বরণ করে নিতে প্রস্তুত ঠাকুরগাঁও। শহরের পথে পথে এখন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আগমনের প্রতীক্ষা। প্রশাসনিক প্রস্তুতির পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও বাড়তি কৌতূহল ও উচ্ছ্বাস দেখা দিয়েছে।

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আগামী রবি ও সোমবার সরকারি সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আসছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রীয় এই সফর ঘিরে প্রশাসনের নানা প্রস্তুতির সঙ্গে সাধারণ মানুষের আগ্রহ যেন এর চেয়েও বেশি, এর চেয়েও বেশি আবেগের।

আরও পড়ুন: রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন মাভাবিপ্রবি উপাচার্য

মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় রাজনীতির সুপরিচিত মুখ হিসেবে পরিচিত, আবার অনেকের কাছে তিনি দীর্ঘদিনের রাজনৈতিক নেতা। ঠাকুরগাঁওয়ের অনেকের কাছে তিনি আজও সেই পরিচিত ‘আলমগীর স্যার’-নিজ শহরের আপনজন। রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর নিজ শেকড়ের টানে নিজ মাটিতে আসা ঠাকুরগাঁওবাসীর কাছে কেবল একটি রাষ্ট্রীয় সফর নয়, এটি একই সঙ্গে গর্ব, আনন্দ, ভালোবাসা এবং গভীর আবেগের ক্ষণ।

রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো: লুৎফর রহমান স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী, প্রথম দিন রোববার সকাল ১০টায় হেলিকপ্টারযোগে ঠাকুরগাঁওয়ের উদ্দেশে রওনা হবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল ১১টা ৪০ মিনিটে ঠাকুরগাঁও মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে তাঁর অবতরণের কথা রয়েছে। সেখান থেকে তিনি যাবেন জেলা সার্কিট হাউসে। রাষ্ট্রপতি সেখানে গার্ড অব অনার গ্রহণ করবেন।

এরপর রাষ্ট্রপতি শহরের সেনুয়া পাড়ায় পারিবারিক কবরস্থানে তাঁর বাবা সাবেক মন্ত্রী মরহুম মির্জা রুহুল আমীন (চোখামিয়া) ও মা ফাতেমা বেগমের কবর জিয়ারত করবেন।

কবর জিয়ারত শেষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শহরের কালীবাড়িতে তাঁর নিজ বাসভবনে যাবেন। সেখানে দুপুরের খাবার ও বিশ্রামের পর বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে নাগরিক কমিটি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। অনুষ্ঠানে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন: ক্ষমতা হারালেই কি গ্রেফতার হবেন নেতানিয়াহু?

সংবর্ধনা শেষে রাষ্ট্রপতি নিজ বাসভবনে ফিরে গণ্যমান্য ব্যক্তি, আত্মীয়স্বজন ও স্থানীয়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সেখানেই তাঁর রাত্রিযাপনের কথা রয়েছে।

সফরের দ্বিতীয় দিন রাষ্ট্রপতি ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের পাশে সদর উপজেলার জামালপুর এলাকায় প্রস্তাবিত ‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে রাষ্ট্রপতি নিজ বাসভবনে ফিরে দুপুরের খাবার গ্রহণ ও বিশ্রাম করবেন। পরে তিনি সার্কিট হাউসে যাবেন। এরপর হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে ঠাকুরগাঁও ছাড়ার কথা রয়েছে তাঁর।

এদিকে, রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রাষ্ট্রপতির নিরাপত্তায় নিয়োজিত স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা মাঠপর্যায়ে কাজ করছেন। সফরের সম্ভাব্য স্থান, যাতায়াতের পথ ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।

রাষ্ট্রপতির সংবর্ধনা কমিটির আহ্বায়ক ডা. আবু মো. খয়রুল কবির বলেন, ‘তিনি শুধু রাষ্ট্রপতি নন, তিনি আমাদের ঠাকুরগাঁওয়ের সন্তান। দীর্ঘদিন পর রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে থেকে তিনি নিজের মানুষের কাছে ফিরছেন। এটি আমাদের জন্য অত্যন্ত গর্ব ও আবেগের মুহূর্ত। আমরা চাই, ঠাকুরগাঁওয়ের মানুষ ভালোবাসা ও সম্মানের সঙ্গে তাঁকে স্বাগত জানাক।’

আরও পড়ুন: হাসিনার পতনের আগে ইউনূসকে দায়িত্ব নেওয়ার আহ্বান করেন শফিকুল আলম

জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন বলেন, রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজ জেলা ঠাকুরগাঁওয়ে প্রথম আগমন জেলার মানুষের জন্য আনন্দ, গর্ব ও আবেগের বিষয়। ঠাকুরগাঁওয়ের মানুষের সঙ্গে তাঁর দীর্ঘদিনের আত্মিক সম্পর্ক রয়েছে। রাষ্ট্রপতির সফরকে ঘিরে জেলার সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে বলেও জানান তিনি।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিকুল হক বলেন, ৬ ও ৭ সেপ্টেম্বর মহামান্য রাষ্ট্রপতির দুই দিনের সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। সফরের প্রতিটি কর্মসূচি সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট দপ্তর, সংস্থা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।

ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার (এসপি) মো. বেলাল হোসেন বলেন, ‘রাষ্ট্রপতির দুই দিনের সফরকে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাষ্ট্রপতির সফরের প্রতিটি কর্মসূচি, যাতায়াতের পথ ও গুরুত্বপূর্ণ স্থানগুলোকে নিরাপত্তার আওতায় আনা হয়েছে।’

তিনি আরও বলেন, এসব এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রয়োজনীয় সংখ্যক সদস্য মোতায়েনের পাশাপাশি সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। রাষ্ট্রপতির নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাঁর সফরকে কেন্দ্র করে সাধারণ মানুষের চলাচল ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট সব বাহিনী ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

আরও পড়ুন: ঠাকুরগাঁও -১ আসনে উপনির্বাচন সরকারি দলকে সমর্থন, গভীর রাতে প্রত্যাহার হলেন ৯ জন ভোটগ্রহণ কর্মকর্তা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দ. কোরিয়ার রকেট লঞ্চার কিনবে ক্রোয়েশিয়া, ব্যয় ৬৩২ মিলিয়ন ডলার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:০৩ পি.এম


দ. কোরিয়ার রকেট লঞ্চার কিনবে ক্রোয়েশিয়া, ব্যয় ৬৩২ মিলিয়ন ডলার

ক্রোয়েশিয়া দক্ষিণ কোরিয়ার তৈরি কে২৩৯ চুনমু মাল্টিপল রকেট লঞ্চার ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য দেশটি ৫৪৪ মিলিয়ন ইউরো ব্যয় করবে, যা মার্কিন ডলারে প্রায় ৬৩২ মিলিয়ন।

ক্রোয়েশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রকেট লঞ্চারগুলোর পাশাপাশি প্রয়োজনীয় সরঞ্জাম ও অন্যান্য সামরিক ব্যবস্থা সংগ্রহ করা হবে। এসব সরঞ্জাম ২০২৯ সালের মধ্যে ক্রোয়েশিয়ার হাতে পৌঁছানোর কথা রয়েছে।

এ বিষয়ে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা হিনা জানায়, ক্রোয়েশিয়া মোট ১৮টি রকেট লঞ্চার ক্রয় করবে।

কে২৩৯ চুনমু একটি আধুনিক ও মডুলার মাল্টিপল রকেট লঞ্চার ব্যবস্থা হিসেবে পরিচিত। এই ব্যবস্থায় বিভিন্ন ধরনের রকেট ব্যবহার করা সম্ভব, যার মধ্যে ১৩০ মিলিমিটার ও ২৩৯ মিলিমিটার ক্যালিবারের রকেটও রয়েছে।

ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচ মন্তব্য করেছেন, ২০২১ সালে ১২টি ফরাসি রাফাল যুদ্ধবিমান কেনার পর, এটি ১৯৯০-এর দশকে স্বাধীনতার যুদ্ধের পর দেশের সেনাবাহিনী আধুনিকায়নে একটি বড় ও গুরুত্বপূর্ণ বিনিয়োগ।

তিনি আরো বলেন, “প্রথমবারের মতো আমরা অনেক দূরের লক্ষ্যবস্তুতে দ্রুত ও নিখুঁতভাবে আঘাত হানার সক্ষমতা অর্জন করছি।”

প্লেনকোভিচ জানান, ক্রোয়েশিয়া কারও জন্য হুমকি তৈরি করতে চায় না, বরং সম্ভাব্য হুমকি মোকাবিলা ও প্রতিরোধ, দেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত এবং ইউরোপের সম্মিলিত নিরাপত্তা ও প্রতিরক্ষায় অবদান রাখার জন্য সামরিক সক্ষমতা বৃদ্ধি করছে।

এর আগে, ক্রোয়েশিয়া যুক্তরাষ্ট্রের তৈরি আটটি এইচআইএমএআরএস বা হিমার্স রকেট লঞ্চার কেনার চুক্তি করেছে, যেগুলোর সরবরাহ ২০২৮ সালে হওয়ার কথা রয়েছে।

ক্রোয়েশিয়া ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের সদস্য।

২০২৫ সালে দেশটি প্রতিরক্ষা খাতে তার মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২ দশমিক ০৮ শতাংশ ব্যয় করবে। ওই বছর প্রতিরক্ষা খাতে ব্যয়ের পরিমাণ ছিল ১ দশমিক ৯৩ বিলিয়ন ইউরো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘সরকার উৎখাতের কোনো আন্দোলন করছি না’

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:০৭ পি.এম


‘সরকার উৎখাতের কোনো আন্দোলন করছি না’

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার কথা বলছেন। 

মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন, "আমরা এই সরকারকে আন্দোলন করে আগামীকালকেই পতন করতে চাই না।" তিনি উল্লেখ করেছেন যে, "উৎখাতের কোনো আন্দোলন আমরা করছি না।"

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ১১ দলীয় ঐক্যের এক বৈঠক শেষে লংমার্চের সর্বশেষ প্রস্তুতি জানাতে তিনি বিফ্রিংয়ে এই মন্তব্য করেন।

গোলাম পরওয়ার জানিয়েছেন, একটি পথসভা চলাকালীন অগ্রবর্তী একটি টিম পরবর্তী স্পটে চলে যাবে। তিনি বলেন, "সেখানে তারা বক্তব্য দিয়ে আবার পরবর্তী স্পটে চলে যাবে।" মূল শীর্ষ নেতারা পরে ওই স্পটে গিয়ে যোগ দেবেন। এভাবে সময় সাশ্রয় করা হবে।

 

লং মার্চের সম্ভাব্য পথসভাগুলোর স্থান উল্লেখ করে তিনি বলেন, "চিটাগাং রোডের কাচপুর ব্রিজের পাশের ট্রাকস্ট্যান্ডে প্রথম পথসভা হবে।" এরপর পদুয়া বাজার বিশ্বরোড, কুমিল্লার নুরজান হোটেলের সামনে, চৌদ্দগ্রাম, মহিপাল ও মিরসরাইয়ে পথসভা অনুষ্ঠিত হবে। পরে গাড়িবহর চট্টগ্রামের লালদীঘির উদ্দেশ্যে যাত্রা করবে।

জামায়াতের এই সেক্রেটারি আশা প্রকাশ করেছেন যে, "যানজট কিংবা গাড়ির কোনো কারিগরি সমস্যার মতো স্বাভাবিক কিছু ব্যতিক্রম ছাড়া সন্ধ্যা ৭টার দিকে লংমার্চের বহর লালদীঘিতে পৌঁছাবে।"

তিনি আরও জানিয়েছেন, লং মার্চে অংশ নেওয়া প্রত্যেককে ডেলিগেট কার্ড দেওয়া হবে। প্রতিটি গাড়ির সামনে ও পেছনে থাকবে নির্দিষ্ট স্টিকার ও নম্বর। এ ছাড়া শীর্ষ নেতাদের নিরাপত্তা, অ্যাম্বুলেন্স, সাংস্কৃতিক বিভাগ, আইটি ও মেডিকেল বিভাগের গাড়িগুলো নির্দিষ্ট ক্রমে গাড়িবহরে থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় অংশ নেবেন তারেক রহমান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:০৯ পি.এম


বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় অংশ নেবেন তারেক রহমান

রাজধানীতে আলোচনা সভার আয়োজন করবে ক্ষমতাসীন দল বিএনপি, যা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

এই সভাটি শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় রাজধানীর খামারবাড়ী কৃষিবিদ ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হবে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত থাকবেন কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা।

 

দলীয় সূত্র জানিয়েছে যে, অনুষ্ঠানের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।

এর আগে, গত ৩০ আগস্ট বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এই কর্মসূচির ঘোষণা দেন।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘মাটি কাটার কাজ করতে নারীদের লজ্জা পাওয়ার কিছু নেই’

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:১৩ পি.এম


‘মাটি কাটার কাজ করতে নারীদের লজ্জা পাওয়ার কিছু নেই’

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা আহমেদ কথা বলছেন।

ঢাকার ধামরাইকে একটি পরিকল্পিত ও মডেল টাউন হিসেবে গড়ে তোলার জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা আহমেদ।

তিনি মন্তব্য করেন, নারীরা ঘর সামলানোর পাশাপাশি রাস্তার কাজ, মাটি ভরাটসহ বিভিন্ন কাজ করতে সক্ষম। এতে লজ্জা পাওয়ার কিছু নেই; বরং এটি গর্বের বিষয়।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে ধামরাইয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা আহমেদ।

 

তিনি আরও বলেন, নারীদের উন্নয়নের জন্য আমি প্রথম রাস্তার কাজ দিয়েছি। তাদের বলেছি, তোমরা মাটি ভরাটের কাজ করো, ইটের কাজ করো। কোনো কাজই ছোট নয়। আমাদের প্রধানমন্ত্রীও বলেছেন, কোনো কাজ ছোট নয়।

নারীদের বিভিন্ন ক্ষেত্রে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে সুলতানা আহমেদ বলেন, মহিলারা রান্না করবেন, ঘর সামলাবেন, সন্তান সামলাবেন, আবার মাটি কাটার কাজও করবেন—এতে অসুবিধা কী আছে? এখানে কোনো লজ্জা-শরমের ব্যাপার নেই। আমি মনে করি, এটি আমাদের গর্বের বিষয়।

ধামরাইয়ের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে এই সংসদ সদস্য বলেন, ধামরাইকে আরও পরিকল্পিতভাবে গড়ে তুলতে সকলের একসঙ্গে কাজ করা প্রয়োজন। তাহলেই আগামী দিনে এটি একটি মডেল টাউন হিসেবে গড়ে উঠবে।

অনুষ্ঠানে বিএনপির রাজনীতি ও সরকারের বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করেন সুলতানা আহমেদ। তিনি বলেন, জাতীয়তাবাদী দল ঐক্যের দল এবং জনগণের পক্ষে কাজ করতে দলীয় নেতৃত্ব নির্দেশনা দিয়েছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে এই সংসদ সদস্য বলেন, আমাদের প্রধানমন্ত্রী নারীবান্ধব প্রধানমন্ত্রী। তিনি জনগণের প্রধানমন্ত্রী। ফ্যামিলি কার্ডের মাধ্যমে সারা বাংলাদেশের নারীদের গর্বিত করেছেন।

তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও হেলথ কার্ডসহ বিভিন্ন উদ্যোগের পাশাপাশি শিশুদের শিক্ষার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য ও যোগাযোগব্যবস্থার উন্নয়নকে দেশের অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।

ধামরাইয়ের উন্নয়ন প্রসঙ্গে সুলতানা আহমেদ বলেন, এলাকায় দুইজন সংসদ সদস্য রয়েছেন এবং তারা সমানভাবে উন্নয়নকাজ করে যাচ্ছেন।

তিনি বলেন, ইতোমধ্যে ধামরাইয়ে অনেক রাস্তার কাজ সম্পন্ন হয়েছে। বিভিন্ন বরাদ্দ ও অনুদানও সমন্বয়ের মাধ্যমে উন্নয়নকাজে ব্যয় করা হচ্ছে।

দেশের পরিবেশ ও সবুজায়ন নিয়েও কথা বলেন সুলতানা আহমেদ। তিনি বলেন, বাংলাদেশকে সবুজ করতে বিভিন্ন জায়গায় গাছ লাগানো হচ্ছে। ভবিষ্যতে বাংলাদেশ বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আরও এগিয়ে যাবে এবং দেশকে আরও সুন্দরভাবে বিশ্বের সামনে তুলে ধরা সম্ভব হবে।

এ সময় ঢাকা জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা খন্দকার, ধামরাই উপজেলা মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক লিপা আক্তার, পৌর মহিলাদলের সুমাইয়াসহ বিএনপি, মহিলাদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%