সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৫:১৮ পি.এম
ঢাকা, ৭ সেপ্টেম্বর, ২০২৬ : সাম্প্রতিক দিনগুলোতে ইরান-সমর্থিত হিজবুল্লাহ বারবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে বলে সোমবার অভিযোগ করেছে ইসরাইল।
এদিকে লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলের একটি গ্রামে গত রাতে ইসরাইলি হামলায় ১১ জন নিহত হয়েছেন।
জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে লিখেছে, বেসামরিক এলাকায় স্থাপিত কমান্ড সেন্টার, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ তার সামরিক সক্ষমতা পুনর্গঠনের চেষ্টা অব্যাহত রেখেছে। এসব লঙ্ঘন মেনে নেওয়া হবে না।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নওগাঁর বদলগাছী উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে মেধা মূল্যায়ন পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সনদপত্র ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।সোমবার দুপুর ১২টায় উপজেলা অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
হাফিজার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান ছনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাইদুর রহমান, বদলগাছী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রুহুল আমিন, বদলগাছী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাদী চৌধুরী টিপু এবং বদলগাছী সদর ইউনিয়নের বিএনপি সভাপতি মোঃ রবিউল ইসলাম।
বক্তারা শিক্ষার্থীদের পড়ালেখার মানোন্নয়ন ও মেধার বিকাশে এমন উদ্যোগের প্রশংসা করেন এবং শিশু শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
উল্লেখ্য, এবারের মেধা মূল্যায়ন পরীক্ষায় বদলগাছী উপজেলার মোট ১৯টি কিন্ডারগার্টেন স্কুলের ৪০১ জন শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ গ্রহণ করে। অনুষ্ঠান শেষে বিজয়ী ও উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে সনদ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কাবার্ডিনো-বাল্কারিয়া অঞ্চলে, যা রাশিয়ার উত্তর ককেশাসের অন্তর্গত, সেখানে তুষারধসে অন্তত ১১ জন পর্বতারোহীর মৃত্যু হয়েছে। স্থানীয় জরুরি পরিষেবা জানিয়েছে, এই ঘটনার ফলে আরও ছয়জন আহত হয়েছেন।
স্থানীয় সময় বিকেল ৫টার দিকে, মিঝিরগি পর্বতের শৃঙ্গ থেকে তুষারধস নেমে আসে। এই সময় ৩৩ জন পর্বতারোহীর একটি দল আটকা পড়ে যায়।
জরুরি পরিষেবা জানিয়েছে, সোমবার সকাল ৯টা পর্যন্ত ১০ জন পর্বতারোহী নিজেদের উদ্যোগে পাহাড় থেকে নিরাপদে নেমে আসতে সক্ষম হন। তবে, অন্য ছয়জনের অবস্থান ও নিরাপত্তা সম্পর্কে তখনও নিশ্চিত হওয়া যায়নি।
তুষারধসের পর ৫০ জনেরও বেশি জরুরি উদ্ধারকর্মী অনুসন্ধান ও উদ্ধার অভিযানে অংশগ্রহণ করেন। তবে, দুর্গম পাহাড়ি এলাকা এবং নতুন করে তুষারধসের সম্ভাবনার কারণে উদ্ধার কার্যক্রমে বাধা সৃষ্টি হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ৭ সেপ্টেম্বর, ২০২৬ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের নামে ব্যাংকের সিএসআর তহবিল থেকে ২৭৬ কোটি ৩৪ লাখ টাকা নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৯ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।
আজ ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. শাহজাহান কবির মামলার এজাহার গ্রহণ করে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য এ দিন ধার্য করেন।
এ মামলার তৃতীয় আসামি হলেন- বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)-এর সাবেক সভাপতি এবং এক্সিম ব্যাংক পিএলসির সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার।
এর আগে ৩ সেপ্টেম্বর দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এ মামলাটি দায়ের করা হয়। মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি, ১৮৬০-এর ৪০৯ ও ১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।
দুদকের অনুসন্ধান অনুযায়ী, ১৯৯৪ সালের ৬ সেপ্টেম্বর নিবন্ধিত দলিলের মাধ্যমে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট’ গঠন করা হয়। দলিল অনুযায়ী, শেখ হাসিনা ট্রাস্টটির আজীবন সভাপতি এবং তার অনুপস্থিতিতে শেখ রেহানা সভাপতির দায়িত্ব পালন করবেন বলে উল্লেখ রয়েছে।
দুদকের অভিযোগ, সমাজসেবা অধিদপ্তর ও এনজিও বিষয়ক ব্যুরোর প্রয়োজনীয় অনুমোদন না থাকা সত্ত্বেও দেশের ৪১টি তফসিলি ব্যাংকের সিএসআর তহবিল থেকে ট্রাস্টটির নামে মোট ২৭৬ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা সংগ্রহ করা হয়।
অনুসন্ধানে আরও অভিযোগ করা হয়, তৎকালীন বিএবি সভাপতি মো. নজরুল ইসলাম মজুমদার নির্বাহী কমিটির সভার নির্ধারিত আলোচ্যসূচিতে বিষয়টি না থাকা সত্ত্বেও তা ‘বিবিধ’ আলোচনায় উপস্থাপন করেন। পরে বিভিন্ন নির্বাহী কমিটির সিদ্ধান্তের মাধ্যমে ৪১টি ব্যাংকের সিএসআর তহবিল থেকে ট্রাস্টের অনুকূলে অর্থ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বিভিন্ন ব্যাংকে চিঠি দেওয়া হয় এবং ব্যাংকগুলোর সিএসআর তহবিল থেকে ট্রাস্টের অনুকূলে অর্থ সংগ্রহ করা হয় বলে দুদকের অনুসন্ধানে উঠে এসেছে।
দুদকের ভাষ্য অনুযায়ী, আসামিরা পরস্পর যোগসাজশে অপরাধমূলক অসদাচরণ, ক্ষমতার অপব্যবহার ও অবৈধ প্রভাব খাটিয়ে বিভিন্ন ব্যাংকের সিএসআর তহবিল থেকে ট্রাস্টের নামে অর্থ সংগ্রহ করেন। এর মাধ্যমে অপরাধজনক বিশ্বাসভঙ্গ করে রাষ্ট্রের আর্থিক ক্ষতি করা হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
মামলায় উল্লেখ করা ঘটনাকাল ২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায়, অফিসার ইনচার্জ মান্দার নেতৃত্বে মান্দা থানার অভিযানে ০৬/৯/২৬ খ্রিঃ ২২.৩০ ঘটিকার সময় গনেশপুর ইউনিয়নের কাঞ্চন সাকিনস্থ গ্রেফতারকৃত আসামি মোহাম্মদ আরমান আলী (৩১),পিতা মোহাম্মদ আফজাল হোসেন এর বসতবাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।
অভিযানে ৭০ পিস টাপেন্ডা ডল ট্যাবলেট উদ্ধার করে জব্দ তালিকা মোতাবেক জব্দ করা হয় সেই সাথে আসামি ১। আরমান আলী(৩১),সাং কাঞ্চন,২। মোঃ আইজুল ইসলাম(৪২),পিতা মৃত আয়েস উদ্দিন,সাং মীরপুর,থানা মান্দাদ্বয় কে গ্রেফতার করা হয়। অতঃপর আসামি আরমান আলীর বসতঘরে তল্লাশি করে ০৬/৯/২৬ খ্রিঃ ২২.৫৫ ঘটিকায় ১। ১ (এক) টি ধারালো রামদা,যাহার উভয় পাশে ধারালো, যাহা বাটসহ লম্বা ৬৯ সেমি, বাট ছাড়া লম্বা ৫২ সেমি, যাহার হাতলে পুরাতন কাপড় পেচানো, যাহার প্রস্থ কোন স্থানে ৭ সেমি,কোন স্থানে ৬ সেমি,কোন স্হানে ৫ সেমি, ২। ১(এক) টি চাইনিজ কুড়াল, যাহার বাট এসএস পাইপের, যাহার বাটসহ লম্বা ৩০ সেমি,প্রস্হ ১৪ সেমি,যাহার ধারালো অংশ ১২ সেমি, যাহার হাতলে পুরাতন কাপড় পেচানো উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় মাদক ব্যবসার সাথে তারা বিভিন্ন স্থানে সন্ত্রাসী কার্যকলাপ করত। উভয়ের নামে ৪/৫টি মাদকের মামলা রয়েছে। তাদের সাথে আরো ২/৩ জন এই কাজে জড়িত থাকতে পারে। তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য গ্রেফতার অভিযান অব্যাহত আছে। উল্লেখিত আসামীদের বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা সহ মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ