ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

দুবাই থেকে আসা দুই যাত্রীর প্যান্ট ও অন্তর্বাসে ১২ কেজি স্বর্ণের পেস্ট উদ্ধার


দুবাই থেকে আসা দুই যাত্রীর প্যান্ট ও অন্তর্বাসে ১২ কেজি স্বর্ণের পেস্ট উদ্ধার

ঢাকা কাস্টমস হাউস কর্তৃক উদ্ধার করা হয়েছে ১২ কেজি স্বর্ণের পেস্ট, যা জিন্সের প্যান্ট ও অন্তর্বাসের ভেতরে কাপড় দিয়ে সেলাই করে লুকানো ছিল। এই স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ২৪ কোটি টাকা, যা দুবাই থেকে আসা দুই যাত্রীর কাছ থেকে উদ্ধার করা হয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে আসা ওই দুই যাত্রীর কাছ থেকে স্বর্ণের পেস্টটি উদ্ধার করা হয়।

সূত্রে জানা গেছে, বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৫টা ১৫ মিনিটে দুবাই থেকে আসা এমিরেটসের ইকে-৫৮৬ ফ্লাইটে স্বর্ণ চোরাচালানের বিষয়ে গোপন তথ্য পায় কাস্টমস কর্তৃপক্ষ। এরপর বিমানবন্দরের বিভিন্ন স্থানে নজরদারি শুরু করে ঢাকা কাস্টমস হাউসের প্রতিরোধ দল।

আরও পড়ুন: রাজধানীতে মদ-বিয়ার ও ইয়াবা জব্দ, গ্রেপ্তার ৩

এক পর্যায়ে, ইমিগ্রেশন শেষে ব্যাগেজ বেল্ট-২ এলাকায় আসেন দুই যাত্রী চেন লিউইউন (CHEN LIYUN) ও মো শিয়াওইউ (MO XIAOYU)। তাদের তল্লাশি করার পর জিন্সের প্যান্ট ও অন্তর্বাসের মধ্যে কাপড় দিয়ে সেলাই করে লুকানো নরম হলুদ রঙের স্বর্ণের পেস্ট পাওয়া যায়।

কাস্টমস কর্তৃপক্ষ জানায়, উদ্ধার করা স্বর্ণের পেস্টের মোট ওজন ভেজা অবস্থায় ১২ কেজি। প্রাথমিক বিশুদ্ধতা পরীক্ষায় এটি ২৪ ক্যারেটের স্বর্ণ বলে নিশ্চিত হওয়া গেছে। এর আনুমানিক বাজারমূল্য প্রায় ২৪ কোটি টাকা।

এ ঘটনায় আটক স্বর্ণ ও দুই যাত্রীর বিরুদ্ধে কাস্টমস আইন, ২০২৩ এবং ফৌজদারি আইনে মামলা দায়েরের কার্যক্রম চলছে বলে জানিয়েছে ঢাকা কাস্টমস হাউস।

আরও পড়ুন: সাইদুলের মহৎ উদ্যোগে অভিভূত সমাজকল্যাণমন্ত্রী, প্রশংসা করলেন দৃষ্টিপ্রতিবন্ধীদের কল্যাণে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফেনীতে সাংবাদিককে মারধর ও হত্যার হুমকির অভিযোগে সাবেক কাউন্সিলর আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

১২:৫৬ এম


ফেনীতে সাংবাদিককে মারধর ও হত্যার হুমকির অভিযোগে সাবেক কাউন্সিলর আটক

পুলিশ ফেনীতে এক সাংবাদিকের ওপর হামলা, পিস্তল দেখিয়ে হত্যার হুমকি এবং গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধের চেষ্টা করার অভিযোগে সাবেক পৌর কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা খালেদ খানকে আটক করেছে।

এই ঘটনা ঘটে বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় শহরের পাঠানবাড়ি সড়ক এলাকায়।

জানা গেছে, খালেদ খান মহিপালে ছাত্র-জনতার ওপর গুলির ঘটনায় দায়ের করা হত্যা মামলার আসামি। বর্তমানে তিনি জামিনে আছেন। আহত সাংবাদিক জসিম ফরায়েজি জিটিভির ফেনী জেলা প্রতিনিধি, দৈনিক আলোকিত গণমাধ্যমের যুগ্ম সম্পাদক এবং সাংবাদিক ইউনিয়ন ফেনীর সাধারণ সম্পাদক। বর্তমানে তিনি ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জসিম ফরায়েজির অভিযোগ, বুধবার সন্ধ্যায় সাংবাদিক ইউনিয়ন ফেনী ও প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন। সন্ধ্যা ৬টার দিকে পাঠানবাড়ি সড়কে মোমিন জাহান মসজিদ অতিক্রম করার সময় শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে প্রবেশের আগে একটি প্রাইভেট কার দিয়ে তাঁর মোটরসাইকেলের গতিরোধ করা হয়। এরপর গাড়ি থেকে সাবেক কাউন্সিলর খালেদ খান, এমরান হোসেন, চালক ও তাঁদের আরেক সহযোগী নেমে তাঁকে মারধর করেন। পরে তাঁকে টেনেহিঁচড়ে পাশের একটি গলির ভেতরে নিয়ে একটি কক্ষে আটকে রাখা হয়। সেখানে তাঁকে ‘ভুয়া সাংবাদিক’ আখ্যা দিয়ে পুনরায় মারধর করা হয়। একপর্যায়ে খালেদ খান পিস্তল উঁচিয়ে গুলি করে হত্যার হুমকি দেন বলে অভিযোগ করেন তিনি।

অভিযোগে আরো বলা হয়েছে, একপর্যায়ে খালেদ খান তার গলা চেপে ধরেন এবং এমরান হোসেন একটি রশি এনে তাঁর গলায় পেঁচিয়ে হত্যার চেষ্টা করেন। এতে শ্বাস নিতে কষ্ট হয় এবং প্রাণনাশের আশঙ্কা তৈরি হয়। পরে সহকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করেন। জসিম ফরায়েজি জানান, খবর পেয়ে পুলিশও সেখানে আসে।

জসিম ফরায়েজি সাংবাদিকতার দায়িত্ব পালনের অংশ হিসেবে ফেনীর বিভিন্ন অপরাধ, সহিংসতা, অস্ত্র প্রদর্শন ও চাঁদাবাজির অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশ করে আসছেন। তিনি বলেন, খালেদ খানের বিরুদ্ধে মহিপালে ছাত্র হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। এসব বিষয়ে সংবাদ প্রকাশের জেরে ক্ষুব্ধ হয়ে পরিকল্পিতভাবে তাঁর ওপর হামলা চালানো হয়ে থাকতে পারে বলে তিনি ধারণা করছেন।

এই সাংবাদিক নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তার, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযোগে উল্লেখ করা পিস্তল, প্রাইভেট কার ও রশি উদ্ধারের দাবি জানিয়েছেন তিনি। এ ব্যাপারে জসিম ফরায়েজী ফেনী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম খালেদ খানকে আটকের বিষয়টি নিশ্চিত করে কালের কণ্ঠকে জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তি মহিপালের ছাত্রহত্যা মামলাসহ একাধিক মামলার আসামি। অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রতিবন্ধীদের জন্য অন্তর্ভুক্তিমূলক কর্মপরিকল্পনা ঘোষণা করলেন সমাজকল্যাণমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

১২:৫৬ এম


প্রতিবন্ধীদের জন্য অন্তর্ভুক্তিমূলক কর্মপরিকল্পনা ঘোষণা করলেন সমাজকল্যাণমন্ত্রী

ঢাকা, ২৮ অক্টোবর, ২০২৬ : প্রতিবন্ধী ব্যক্তিদের যদি উপযুক্ত দক্ষতা, প্রয়োজনীয় উপকরণ ও আর্থিক সহায়তা প্রদান করা হয়, তবে তারা সমাজের মূলধারায় যুক্ত হয়ে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন বলে মন্তব্য করেছেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

মন্ত্রী এই মন্তব্যটি করেছেন আজ রাজধানীর মিরপুরে ব্লাইন্ড এডুকেশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বার্ডো) আয়োজিত বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে।

তিনি উল্লেখ করেন, প্রতিবন্ধী ব্যক্তিরা যেন কোনোভাবেই পিছিয়ে না থাকেন, সেই লক্ষ্যে সরকারের একটি সুনির্দিষ্ট ও অন্তর্ভুক্তিমূলক কর্মপরিকল্পনা রয়েছে।

মন্ত্রী বলেন, ‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ শুধুমাত্র একটি স্লোগান নয়; সরকার এ লক্ষ্য বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। সরকারের উন্নয়ন পরিকল্পনায় সমাজের কোনো শ্রেণিকে বাদ রাখা হয়নি। অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা সরকারের মূল লক্ষ্য।

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষার সুযোগ সম্প্রসারণের বিষয়ে মন্ত্রী বলেন, এসব শিক্ষার্থীর উপযুক্ত শিক্ষা নিশ্চিত করতে বিশেষায়িত শিক্ষকের সংখ্যা বৃদ্ধি, শিক্ষকদের পেশাগত মানোন্নয়নে প্রশিক্ষণ এবং প্রশিক্ষণকেন্দ্রের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। তিনি আরও জানান, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সঠিকভাবে লালন-পালনে অভিভাবকদের জন্যও বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

কর্মশালার মুক্ত আলোচনায় প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি এবং দেশে আধুনিক প্রযুক্তিনির্ভর ‘স্মার্ট সাদাছড়ি’ উৎপাদনের দাবি জানানো হয়। মন্ত্রী এ বিষয়ে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন।

উল্লেখ্য, ১৯৬৪ সাল থেকে প্রতিবছর ১৫ অক্টোবর বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত হয়ে আসছে। বাংলাদেশে বর্তমানে প্রায় ৪১ লাখ প্রতিবন্ধী নাগরিক রয়েছেন, যাদের মধ্যে প্রায় ৫ লাখ দৃষ্টিপ্রতিবন্ধী রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

কর্মশালা শেষে মন্ত্রী উপস্থিত দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে সাদাছড়ি বিতরণ করেন।

বার্ডোর নির্বাহী পরিচালক মো. সাইদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো. কামরুজ্জামান দুলাল। এসময় ইউএনডিপি, সাইটসেভারসসহ বিভিন্ন আন্তর্জাতিক ও জাতীয় উন্নয়ন সহযোগী সংস্থা এবং এনজিওর প্রতিনিধি, বার্ডোর কর্মকর্তা-কর্মচারী, সদস্য ও দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাবুই শিশুসাহিত্য উৎসব ২০২৬: ২৪ জন লেখক পেলেন সেরা সম্মাননা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

১২:৫৭ এম


বাবুই শিশুসাহিত্য উৎসব ২০২৬: ২৪ জন লেখক পেলেন সেরা সম্মাননা

‘বাবুই শিশুসাহিত্য উৎসব ২০২৬’ জাঁকজমকপূর্ণ আয়োজন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৪ অক্টোবর রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে দিনব্যাপী এই উৎসবের কার্যক্রম সম্পন্ন হয়। সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত তিন শতাধিক শিশুসাহিত্যিক, লেখক, কবি ও শিশুদের কলকাকলিতে মুখর হয়ে ওঠে একাডেমি প্রাঙ্গণ, যা সাহিত্যপ্রেমীদের জন্য এক মিলনমেলায় পরিণত হয়।

জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া এই উৎসবের উদ্বোধন করেন একুশে পদক ও বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট ছড়াকার আবু সালেহ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ভাষাবিজ্ঞানী, গবেষক ও বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক অধ্যাপক মনসুর মুসা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক ও জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন অরুণ কুমার বিশ্বাস। বিশিষ্ট ছড়াকার জুলফিকার শাহাদাতের সভাপতিত্বে অনুষ্ঠানে সূচনা বক্তব্য প্রদান করেন উৎসব উদযাপন কমিটির সদস্য-সচিব কাদের বাবু।

উদ্বোধকের বক্তব্যে ছড়াকার আবু সালেহ বলেন, ‘শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য যেমন উন্মুক্ত মাঠ প্রয়োজন, তেমনি তাদের সুস্থ মনন গঠনে শৈশব থেকেই সাহিত্যের আস্বাদন অপরিহার্য।’

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মনসুর মুসা শিশুদের উপযোগী মানসম্মত ভাষা প্রয়োগ এবং বর্তমান ডিজিটাল যুগে শিশুসাহিত্যের প্রাসঙ্গিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ অতিথি হাসান হাফিজ বলেন, ‘সাহিত্যের আলো ছাড়া মানবিক প্রজন্ম গড়ে তোলা সম্ভব নয়; তাই সংবাদপত্র ও প্রকাশনা সংস্থাগুলোকে শিশুসাহিত্য চর্চায় আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’ অন্যদিকে শিশুদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করার প্রতি গুরুত্ব দেন অরুণ কুমার বিশ্বাস।

অনুষ্ঠানের যুগ্ম-আহ্বায়ক খালেদুর রহমান জুয়েল ও বাচিকশিল্পী শাহারিয়া সিদ্দিকী সূচনার সঞ্চালনায় ‘বাংলাদেশের শিশুসাহিত্য: সংকট ও সম্ভাবনা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন কবি ও শিশুসাহিত্যিক ইমরুল ইউসুফ।

দিনব্যাপী এই আয়োজনে শিশুদের জন্য ছবি আঁকা এবং গল্প ও ছড়া লেখার সৃজনশীল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মধ্যাহ্নবিরতির আগে দেশবরেণ্য ও তরুণ লেখকদের অংশগ্রহণে শিশুতোষ ছড়া ও কবিতা পাঠের আসর বসে। এছাড়া ছিল শিশুসাহিত্যিক খায়রুননেসা রিমির মনোমুগ্ধকর জাদু প্রদর্শনী।

উৎসবের সমাপনী পর্বে সৃজনশীল অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে ২৪ জন লেখক ও সাহিত্যিকের হাতে তুলে দেওয়া হয় ‘বাবুই সেরা লেখক সম্মাননা ২০২৬’।

সম্মাননাপ্রাপ্ত ২৪ জন লেখক হলেন—জগলুল হায়দার, প্রিন্স আশরাফ, বিশ্বজিৎ দাস, রেজাউল করিম খোকন, রণজিৎ সরকার, খায়রুল বাবুই, আশিক মুস্তাফা, সফুরা খাতুন, আবুল কালাম আজাদ, আশরাফুজ্জামান বাবু, এনামূল হক পলাশ, কাজী তাহমিনা, তরুন ইউসুফ, সৈয়দা আঁখি হক, দীপ্তি সরকার, ফজলুল পলাশ, মুনীরুল ইসলাম, মিনহাজ ফয়সল, মোকাদ্দেস-এ-রাব্বী, রকিবুল ইসলাম, অপু বড়ুয়া, আপন অপু, শাম্মী তুলতুল, সাফওয়ান সামি দৃক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাজিলের বলসোনারো পরিবার ক্ষমতা ও নির্বাসনের দ্বন্দ্বে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

১২:৫৮ এম


ব্রাজিলের বলসোনারো পরিবার ক্ষমতা ও নির্বাসনের দ্বন্দ্বে

ঢাকা, ২৮ অক্টোবর, ২০২৬ : পরিবারের প্রধান গৃহবন্দি অবস্থায় রয়েছেন, স্ত্রী সিনেটর, দুই ছেলে কংগ্রেস সদস্য এবং তৃতীয় ছেলে প্রেসিডেন্ট নির্বাচনে হেরে বুধবার থেকে যুক্তরাষ্ট্রে স্বেচ্ছানির্বাসন শুরু করেছেন। ব্রাজিলের বলসোনারো পরিবার বর্তমানে ক্ষমতার লড়াই, পারিবারিক দ্বন্দ্ব ও রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার কারণে এমন এক পরিস্থিতির সম্মুখীন হয়েছে, যা দেশটির জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিকের নাটকীয় ঘটনাপ্রবাহকেও হার মানায়।

সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারো ২০২২ সালের নির্বাচনে লুইজ ইনাসিও লুলা দা সিলভার কাছে পরাজিত হয়ে ক্ষমতা ধরে রাখতে ব্যর্থ হন এবং অভ্যুত্থানের ষড়যন্ত্রের দায়ে দোষী সাব্যস্ত হন। অনেকেই ধারণা করেছিলেন, এই ঘটনার ফলে ব্রাজিলে বলসোনারো-সমর্থিত রাজনৈতিক ধারার অবসান ঘটবে।

কিন্তু পরিবারের রাজনৈতিক ভাগ্য আবারও পরিবর্তিত হয়। জাইরের ছেলে ফ্লাভিও বলসোনারো একসময় ব্রাজিলের প্রেসিডেন্ট হওয়ার সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচিত হন। পরিবারের আরও চার সদস্য কংগ্রেসে নির্বাচিত হন।

তবে শেষ পর্যন্ত দ্বিতীয় দফার ভোটে লুলা দা সিলভার কাছে পরাজিত হন ফ্লাভিও। পরবর্তীতে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগের কারণে তিনি ব্রাজিল ছেড়ে যুক্তরাষ্ট্রে স্বেচ্ছানির্বাসনে চলে যান।

পরিবারের প্রধান ও অভ্যুত্থানের ষড়যন্ত্রের অভিযোগে জাইর বলসোনারো বর্তমানে গৃহবন্দি রয়েছেন। ৭১ বছর বয়সী এই রাজনীতিবিদ আক্রমণাত্মক রাজনৈতিক বক্তব্য এবং ‘ঈশ্বর, মাতৃভূমি ও পরিবার’ এই আদর্শের পক্ষে অবস্থান নেওয়ার কারণে রক্ষণশীলদের মধ্যে ব্যাপক সমর্থন লাভ করেছেন। তবে সমকামীদের নিয়ে অবমাননাকর মন্তব্য এবং নারীদের হেয় করার বক্তব্যের জন্যও তিনি সমালোচিত হয়েছেন।

সাবেক সেনা কর্মকর্তা জাইর ২০২৩ সালের জানুয়ারিতে লুলাকে ক্ষমতা গ্রহণে বাধা দেওয়ার ষড়যন্ত্রের দায়ে ২৭ বছরের কারাদণ্ড ভোগ করছেন। বর্তমানে তিনি গৃহবন্দি অবস্থায় রয়েছেন। ফ্লাভিও নির্বাচনে জয়ী হলে বাবাকে মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে নির্বাচনে পরাজয়ের পর জাইরের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

ফ্লাভিও : ‘মধ্যপন্থী’ ভাবমূর্তি থেকে নির্বাসনে

জাইরের পাঁচ সন্তানের মধ্যে বড় ফ্লাভিওর বয়স ৪৫ বছর। বাবার রক্ষণশীল সমর্থকদের পাশাপাশি রাজনৈতিক মতাদর্শে কম কঠোর ভোটারদেরও আকৃষ্ট করতে তিনি নিজেকে বাবার তুলনায় অপেক্ষাকৃত মধ্যপন্থী হিসেবে তুলে ধরেন। প্রথম দফার ভোটে জয়ী হওয়ার পর দ্বিতীয় দফার আগে তাঁকে সম্ভাব্য বিজয়ী হিসেবে বিবেচনা করা হচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত প্রেসিডেন্ট লুলা দা সিলভার কাছে বড় ব্যবধানে পরাজিত হন তিনি।

বাবাকে নিয়ে নির্মিত ‘ডার্ক হর্স’ নামের একটি জীবনীভিত্তিক চলচ্চিত্রের অর্থায়ন-সংশ্লিষ্ট দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগসহ একাধিক ঘটনায় ফ্লাভিওর বিরুদ্ধে তদন্ত চলছে। বিতর্কিত ব্যাংকার ড্যানিয়েল ভোরকারো চলচ্চিত্রটির অর্থায়ন করেছিলেন।

ভোরকারোর সঙ্গে যোগাযোগ থাকার কথা প্রথমে অস্বীকার করেছিলেন ফ্লাভিও। তবে ব্যাংকারকে বকেয়া অর্থ পরিশোধের জন্য অনুরোধ করে তাঁর দেওয়া অডিও ফাঁস হওয়ার পর তিনি আগের অবস্থান থেকে সরে আসতে বাধ্য হন। ব্রাজিলের কর্তৃপক্ষ তার পাসপোর্ট চেয়েছিল। তবে তাঁদের এড়িয়ে বুধবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পৌঁছান ফ্লাভিও।

মিশেল : সৎমা থেকে সিনেটর

৪৪ বছর বয়সী মিশেল বলসোনারো জাইর বলসোনারোর স্ত্রী। তাঁর সৎছেলেদের তিনজনের বয়সও তার কাছাকাছি। ধর্মপ্রাণ ইভানজেলিক্যাল খ্রিষ্টান ও স্বামীর প্রতি নিবেদিত মিশেল নিজস্ব রাজনৈতিক অবস্থান তৈরি করেছেন। তিনি রাজধানী ব্রাসিলিয়ার প্রতিনিধিত্বকারী সিনেটর নির্বাচিত হয়েছেন।

দারিদ্র্যের মধ্যে মাদক পাচারকারীদের পরিবেশে বেড়ে ওঠা মিশেল কংগ্রেসে একটি চাকরির সুযোগ পাওয়ার পর জাইরের সঙ্গে পরিচিত হন। নির্বাচনী প্রচারণার সময় ফ্লাভিওর সঙ্গে তাঁর প্রকাশ্য বিরোধ দেখা দেয়। মিশেল তার বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ আনেন।

ফেব্রুয়ারিতে জাইরের আরেক ছেলে এদুয়ার্দো বলসোনারো ফ্লাভিওর প্রচারণায় যথেষ্ট সমর্থন না দেওয়ার জন্য মিশেলের সমালোচনা করেন। এর জবাবে মিশেল স্বামীর জন্য ভাজা কলা তৈরির একটি ছবি প্রকাশ করেন। এটিকে এদুয়ার্দের প্রতি কটাক্ষ হিসেবে দেখা হয়। তাঁকে বিদ্রূপ করে ‘ছোট কলা’ নামে ডাকা হয়।

এরপর এদুয়ার্দো এক সমর্থকের পোস্ট শেয়ার করেন, যেখানে বলা হয়েছিল, তিনি ও ফ্লাভিও যখন ‘দেশকে উদ্ধার’ করার কাজে ব্যস্ত, তখন মিশেলের ভাজা কলা তৈরি করাই উচিত।

এদুয়ার্দো : অস্ত্র ও ট্রাম্পের সঙ্গে যোগাযোগ

৪২ বছর বয়সী এদুয়ার্দো ২০২৫ সালের মার্চে যুক্তরাষ্ট্রে চলে যান। সেখানে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন এবং ব্রাসিলিয়ার ওপর যুক্তরাষ্ট্রের চাপ বাড়ানোর প্রচেষ্টার অংশ হিসেবে রক্ষণশীল রাজনৈতিক সম্মেলনগুলোতে বক্তব্য দেন।

দীর্ঘদিন অনুপস্থিত থাকায় আইনপ্রণেতা হিসেবে তাঁর আসন হারান তিনি। ব্রাজিলের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপের পক্ষে তদবির করার দায়ে জুনে অনুপস্থিতিতেই তাকে চার বছর দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়।

জাইর বলসোনারোর ছেলেদের মধ্যে এদুয়ার্দোকে সবচেয়ে কট্টরপন্থী হিসেবে দেখা হয়। ব্রাজিলে অস্ত্র আইন শিথিল করার পক্ষে যুক্তি তুলে ধরে তিনি নিজের কেনা রাইফেল ও আগ্নেয়াস্ত্রের ভিডিও প্রকাশ করেছেন।

পরিবারের ‘পিটবুল’ ও অন্য সদস্যরা

জাইর তার দ্বিতীয় ছেলে ৪৩ বছর বয়সী কার্লোসকে পরিবারের ‘পিটবুল’ বলে ডাকেন। বাবার উদ্যোগেই ১৭ বছর বয়সে রাজনীতিতে কার্লোসের প্রবেশ ঘটে। মা রোজেরিয়ার বিরুদ্ধে রিও ডি জেনেইরো নগর পরিষদের নির্বাচনে তাঁকে দাঁড় করান জাইর। এর এক বছর আগে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়েছিল।

কার্লোস ওই নির্বাচনে জয়ী হন। পরে তিনি ঘটনাটিকে ‘মানসিকভাবে আঘাতকর’ বলে বর্ণনা করেন। পরবর্তী সময়ে বাবার সামাজিক যোগাযোগমাধ্যমবিষয়ক কৌশল নির্ধারণের দায়িত্ব পালন করেন তিনি।

এ বছর দক্ষিণাঞ্চলীয় সান্তা কাতারিনা রাজ্য থেকে সিনেটর নির্বাচিত হয়েছেন কার্লোস। তার ছোট ভাই ২৮ বছর বয়সী জাইর রেনানও একই রাজ্য থেকে আইনপ্রণেতা নির্বাচিত হয়েছেন।

জাইর বলসোনারোর ৬২ বছর বয়সী ভাই রেনাতো বলসোনারো অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা। তিনিও সাও পাওলো রাজ্য থেকে ডেপুটি নির্বাচিত হয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%