বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৭:৩৭ পি.এম
বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে অব্যাহত রয়েছে। তবে ভারত সরকারের কাছ থেকে এখনো কোনো সুনির্দিষ্ট জবাব আসেনি। তাদের পক্ষ থেকেও একটি আইনি প্রক্রিয়া চলছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এসব তথ্য জানান।
প্রতিমন্ত্রী উল্লেখ করেন, ‘সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনা একটি চলমান প্রক্রিয়া।’ তিনি আইনি বিষয়ে মন্তব্য করতে চাননি এবং বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব হলো— প্রচলিত আইন ও কূটনৈতিক প্রক্রিয়া অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া।’
তিনি আরও বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং জুলাই গণ-অভ্যুত্থানে হত্যাকাণ্ডের ঘটনায় ভারতে অবস্থানরত আসামিদের দেশে ফিরিয়ে আনার জন্য বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী কাজ চলছে। এ বিষয়ে চিঠিপত্রের আদান-প্রদানও চলছে।’
সম্প্রতি আওয়ামী লীগের সাত নেতার বিরুদ্ধে আদালতের দেওয়া রায় নিয়ে এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, ‘রায়টি যেহেতু সদ্য হয়েছে, তাই আদালতের আনুষ্ঠানিক সব কাগজপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে পাওয়ার পর যথাযথ প্রক্রিয়ায় ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করা হবে। আসামিদের দেশে ফিরিয়ে এনে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
ভারতে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরাতে এর আগে পাঠানো চিঠির অগ্রগতি জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ চলছে। ভারত সরকারের কাছ থেকে এখনো কোনো সুনির্দিষ্ট উত্তর পাওয়া যায়নি। তবে ভারতীয় কর্তৃপক্ষের দিক থেকেও একটি আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে বাংলাদেশ জানতে পেরেছে। এই কার্যক্রম চলমান থাকবে, যতক্ষণ না তাদের বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় শফিকুল আজিম ওরফে সুমন (৪৬) নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে উপজেলার জয়নাল আবেদীন স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন হাজী সফি মঞ্জিলের সামনের চৌমুহনী- মাইজদী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুমন উপজেলার উত্তর কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ছিলেন এবং উপজেলার কাদিরপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের ঘাটলা গ্রামের ওয়ালী বেপারী বাড়িরে মাস্টার আবুল খায়েরের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে সুমন চৌমুনহী পৌরসভার চৌরাস্তা এলাকা থেকে মোটরসাইকেল যোগে জেলা শহর মাইজদীর উদ্দেশ্যে রওয়ানা দেন। যাত্রা পথে তিনি জয়নাল আবেদীন স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন হাজী সফি মঞ্জিলের সামনের চৌমুহনী- মাইজদী আঞ্চলিক মহাসড়কে পৌঁছলে অজ্ঞাত বেপরোয়া গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তাকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শামসুজ্জামান বলেন, বিষয়টি আমি শুনেছি। এখন ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন শেষে বিস্তারিত জানা যাবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)-এর প্রশিক্ষণ প্রতিষ্ঠান বিসিক ট্রেনিং ইনস্টিটিউট (বিটিআই)-এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘উদ্যোক্তা উন্নয়ন’ শীর্ষক পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ এ অনুষ্ঠিত হয়েছে। সমাপনী অনুষ্ঠানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহ্মিনা আখতার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুস সোবাহান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিসিক জেলা কার্যালয়, সিরাজগঞ্জের সহকারী মহাব্যবস্থাপক মোঃ মাহবুবুল ইসলাম; রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান জান্নাতুল মাওয়া মুন, বাংলা বিভাগের চেয়ারম্যান মো. জাবেদ ইকবাল, ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক (সিএসই) মো. তারেকুল ইসলাম, সংগীত বিভাগের প্রভাষক বাবুল হোসেন এবং অর্থনীতি বিভাগের প্রভাষক একরামুল হাসান।
পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ব্যবসায় পরিকল্পনা প্রণয়ন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ ব্যবস্থাপনা, বিপণন কৌশল, আর্থিক ব্যবস্থাপনা, নেতৃত্ব উন্নয়ন, সাপ্লাই চেইন ব্যবস্থাপনা, উৎপাদনশীলতা এবং সফল উদ্যোক্তা হওয়ার বিভিন্ন ব্যবহারিক ও কারিগরি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণের অংশ হিসেবে শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক ব্যবসায়িক ধারণা প্রণয়ন ও উপস্থাপনের সুযোগ দেওয়া হয়। সমাপনী পর্বে প্রশিক্ষণার্থীরা তিনটি গ্রুপে বিভক্ত হয়ে তিনটি ব্যবসায়িক ধারণা (Business Idea) উপস্থাপন করেন। বিচারকমণ্ডলীর নির্ধারিত মূল্যায়ন মানদণ্ডের ভিত্তিতে উপস্থাপনাগুলো মূল্যায়ন করা হয়। মূল্যায়নের ফলাফলের ভিত্তিতে একটি গ্রুপকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় এবং বিজয়ী দলের সদস্যদের পুরস্কার প্রদান করা হয়।
প্রশিক্ষণ কর্মসূচিতে কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন বিসিক ট্রেনিং ইনস্টিটিউটের (বিটিআই) সহযোগী অনুষদ সদস্য মোঃ তানজিম হোসেন। কোর্স সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন বিসিক ট্রেনিং ইনস্টিটিউটের সহকারী অনুষদ সদস্য মিফতাহুল জান্নাত রিপা এবং সহকারী অনুষদ সদস্য মোঃ জুবায়ের ইসলাম।
সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক বাস্তবতায় টেকসই উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে উদ্যোক্তা উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা মানসিকতা, উদ্ভাবনী চিন্তাশক্তি ও ব্যবসায়িক দক্ষতা বিকাশের মাধ্যমে একটি সক্ষম, আত্মনির্ভরশীল ও কর্মসংস্থান সৃষ্টিকারী তরুণ প্রজন্ম গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্যে বিসিক দীর্ঘদিন ধরে দেশব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। বক্তারা আরও বলেন, ‘চাকরি খোঁজার পাশাপাশি চাকরি সৃষ্টির মানসিকতা’ গড়ে তোলার মাধ্যমে শিক্ষার্থীদের সম্ভাবনাময় উদ্যোক্তা হিসেবে প্রস্তুত করা এ প্রশিক্ষণ কর্মসূচির অন্যতম প্রধান লক্ষ্য।
পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা সংস্কৃতির বিকাশ, উদ্ভাবনী চিন্তার প্রসার এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে একটি কার্যকর ভিত্তি তৈরি হয়েছে। বিসিক ট্রেনিং ইনস্টিটিউট (বিটিআই) ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের এ যৌথ উদ্যোগ ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ