ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বরগুনায় জলবায়ু ন্যায্যতা ও টেকসই বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন


বরগুনায় জলবায়ু ন্যায্যতা ও টেকসই বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন

জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে উপকূলীয় জনপদ। প্রাকৃতিক দুর্যোগ, নদীভাঙন, লবণাক্ততা, জলোচ্ছ্বাস এবং বসতভিটা হারানোর ঝুঁকি প্রতিনিয়ত বাড়ছে। উপকূলের মানুষই এর সবচেয়ে বড় ভুক্তভোগী। তবে জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী দেশগুলোর কাছ থেকে ক্ষতিগ্রস্ত জনগণের ন্যায্য ক্ষতিপূরণ এবং নিরাপদ জীবনযাপনের অধিকার এখনও নিশ্চিত হয়নি। এই বাস্তবতায় জলবায়ু ন্যায়বিচার, ক্ষতিপূরণ, টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং উপকূলীয় জনগণের অধিকার সুরক্ষার দাবিতে বরগুনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় বরগুনা শহরের খাকদোন নদীর পাড়ে নদীবন্দর এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বরগুনা জেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের আয়োজনে এবং লিডার্সের সহযোগিতায় এই কর্মসূচিতে উপকূলীয় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ, তরুণ-তরুণী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। তাঁদের হাতে ছিল জলবায়ু ন্যায্যতা, পরিবেশ সংরক্ষণ এবং উপকূলীয় মানুষের অধিকার আদায়ের দাবিসংবলিত ব্যানার ও স্লোগান।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, জলবায়ু পরিবর্তনের জন্য সাধারণ উপকূলবাসীরা দায়ী নয়, কিন্তু তাঁদেরই ভোগান্তির শিকার হতে হচ্ছে। বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, অস্বাভাবিক জোয়ার, নদীভাঙন এবং লবণাক্ততার প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। কৃষিজমি, মৎস্যসম্পদ, বসতবাড়ি এবং জীবিকার উৎস ক্ষতিগ্রস্ত হচ্ছে। একের পর এক দুর্যোগে নিঃস্ব হয়ে পড়ছে অসংখ্য পরিবার। বিশেষ করে নারীদের পানি সংগ্রহ, খাদ্যনিরাপত্তা, সন্তানদের লালন-পালন এবং দুর্যোগকালীন নিরাপত্তা নিশ্চিত করতে বাড়তি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে।

আরও পড়ুন: চট্টগ্রামে বাসের ধাক্কায় প্রবাসী তরুণ নিহত, আহত একজন

তাঁদের মতে, জলবায়ু সংকট এখন আর শুধুমাত্র পরিবেশগত সমস্যা নয়, এটি উপকূলীয় মানুষের জীবন, জীবিকা, মানবাধিকার এবং অস্তিত্বের প্রশ্ন। তাই জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় স্থানীয় জনগণের মতামতকে গুরুত্ব দিতে হবে। উন্নয়ন পরিকল্পনা ও জলবায়ু তহবিল ব্যবহারে উপকূলের ক্ষতিগ্রস্ত মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের জন্য অধিক দায়ী দেশগুলোর কাছ থেকে ক্ষতিগ্রস্ত দেশ ও জনগণের ন্যায্য ক্ষতিপূরণ আদায়ের কার্যকর উদ্যোগ নিতে হবে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, ‘প্রকৃতি বাঁচলে বাঁচবে প্রাণ, জলবায়ু ন্যাযতাই হোক সমাধান’, ‘টেকসই বেড়িবাঁধ চাই, নিরাপদ জীবন চাই’, ‘সবুজ পৃথিবী সবার অধিকার, মানবে না আর জলবায়ু অবিচার’, ‘কার্বন কমাও, সবুজ বাড়াও, জলবায়ু ন্যায্যতা ফিরিয়ে দাও’ এবং ‘প্রকৃতি ধ্বংস বন্ধ হোক, জলবায়ু ন্যায্যতায় জাগুক লোক’।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান। সভাপতিত্ব করেন জেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভাপতি ও সাংবাদিক মনির হোসেন কামাল। বক্তব্য রাখেন বরগুনা প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও দৈনিক ইনকিলাবের বরগুনা জেলা সংবাদদাতা জাহাঙ্গীর কবীর মৃধা, তারুণ্যের শেকড় সংগঠনের সদস্য মো. বনি আমিন, যুব রেডক্রিসেন্টের প্রধান মো. সজিব হোসেন, সংগঠনটির সদস্য ফারজানা আফরিন তানিয়াসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের সাধারণ সম্পাদক সাংবাদিক আবু জাফর সালেহ।

বক্তারা উল্লেখ করেন, উপকূলীয় অঞ্চলে টেকসই ও মানসম্মত বেড়িবাঁধ নির্মাণ এখন সময়ের দাবি। অনেক স্থানে দুর্বল ও ঝুঁকিপূর্ণ বাঁধের কারণে স্বাভাবিক জোয়ার কিংবা সামান্য দুর্যোগে জনপদ প্লাবিত হওয়ার আশঙ্কা থাকে। কোথাও কোথাও নদীভাঙনে বসতভিটা ও আবাদি জমি বিলীন হচ্ছে। ফলে মানুষকে বারবার নতুন করে ঘরবাড়ি নির্মাণ ও জীবিকা গড়ে তোলার সংগ্রাম করতে হচ্ছে। এ অবস্থায় অপরিকল্পিত ও সাময়িক সংস্কারের পরিবর্তে দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ, নদীভাঙন প্রতিরোধ এবং দুর্যোগ সহনশীল অবকাঠামো গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

আরও পড়ুন: অনুপ্রবেশ ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকায় বিজিবির নিরাপত্তা জোরদার

তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা জনগণের মধ্যে উপকূলের নারীরা অন্যতম। দুর্যোগের সময় নিরাপদ আশ্রয়, বিশুদ্ধ পানি, স্বাস্থ্যসেবা, স্যানিটেশন এবং জীবিকার সংকট তাঁদের দুর্ভোগ বাড়িয়ে দেয়। তাই জলবায়ু অভিযোজন ও দুর্যোগ ব্যবস্থাপনার প্রতিটি পর্যায়ে নারীদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন। নারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি, বিকল্প কর্মসংস্থান সৃষ্টি এবং নিরাপদ পানির ব্যবস্থা করাও জরুরি।

আসন্ন কপ-৩১ জলবায়ু সম্মেলনে উপকূলীয় জনগণের এসব দাবি, সংকট এবং বাস্তব অভিজ্ঞতা আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার আহ্বান জানান বক্তারা। তাঁদের বক্তব্য, জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত মানুষের কণ্ঠ আন্তর্জাতিক আলোচনায় যথাযথ গুরুত্ব পেতে হবে। শুধু প্রতিশ্রুতি নয়, জলবায়ু তহবিল, অভিযোজন কার্যক্রম এবং ক্ষয়ক্ষতি মোকাবিলায় বাস্তবসম্মত অর্থায়ন নিশ্চিত করতে হবে। জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী দেশগুলোর কাছ থেকে ন্যায্য ক্ষতিপূরণ আদায়ের পাশাপাশি সেই অর্থের স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবহার নিশ্চিত করাও প্রয়োজন।

মানববন্ধন থেকে জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠা, প্রকৃতি ও পরিবেশ রক্ষা, উপকূলীয় জনগণের অধিকার সুরক্ষা এবং নিরাপদ জীবনযাপনের পরিবেশ নিশ্চিত করতে সরকার, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানানো হয়। বক্তারা বলেন, উপকূলের মানুষের জীবন ও জীবিকা রক্ষায় এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় জলবায়ু পরিবর্তনের অভিঘাত ভবিষ্যতে আরও ভয়াবহ মানবিক ও পরিবেশগত সংকট তৈরি করবে।

আরও পড়ুন: নামাজের পরামর্শ দেওয়ায় বৃদ্ধ নানাশ্বশুরকে লাঞ্ছিতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৩১ পি.এম


আজ সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী

আজ সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। তিনি ২০২৪ সালের ১৬ নভেম্বর মৃত্যুবরণ করেন।

মোহাম্মদ ফজলুল করিমের জন্ম ১৯৪৩ সালের ৩০ সেপ্টেম্বর চট্টগ্রামে। তিনি বিচার বিভাগে দীর্ঘ কর্মজীবন অতিবাহিত করেছেন, যেখানে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ২০১০ সালের ৮ ফেব্রুয়ারি, তিনি বাংলাদেশের ১৮তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালনের পূর্বে, তিনি হাইকোর্ট বিভাগের বিচারপতি এবং আপিল বিভাগের বিচারপতি হিসেবে কর্মরত ছিলেন। বিচার বিভাগে তার দীর্ঘ কর্মজীবন সততা, নিষ্ঠা ও দক্ষতার পরিচয় দিয়েছে।

তার শুভাকাঙ্ক্ষীরা জানান, ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন একজন নিরহংকার মানুষ। বিচারিক দায়িত্ব পালনের পাশাপাশি, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে তার অবদানও ছিল উল্লেখযোগ্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোবেল শান্তি পুরস্কার জয়ে আশাবাদী ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৩১ পি.এম


নোবেল শান্তি পুরস্কার জয়ে আশাবাদী ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা নোবেল শান্তি পুরস্কার জয়ের ব্যাপারে আশাবাদ প্রকাশ করেছেন। দেশটির সংবাদমাধ্যম ‘এস্তাদাও’ এই তথ্য জানায়।

লুলা ক্ষুধা ও দারিদ্র্য মোকাবিলা, জলবায়ু পরিবর্তনের প্রভাব রোধ এবং বনভূমি সুরক্ষায় সমন্বিত আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান জানিয়ে আসছেন। তিনি ইউক্রেন সংঘাতের সমাধানে আলোচনার গুরুত্ব তুলে ধরেছেন এবং মধ্যস্থতাকারী হিসেবে কাজ করার প্রস্তাবও দিয়েছেন।

সংবাদপত্রের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, এই লক্ষ্য অর্জনের জন্য লুলা বর্তমান পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরার অভিজ্ঞতা ও আন্তর্জাতিক অঙ্গনে প্রভাবকে কাজে লাগাতে চান। ধারণা করা হচ্ছে, আগামী সরকারেও ভিয়েরা একই দায়িত্বে বহাল থাকতে পারেন।

লুলা অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনে পুনর্নির্বাচিত হন। তিনি ১৬ নভেম্বর থেকে স্পেন সফর শুরু করবেন। সফর শেষে নতুন মন্ত্রিসভা গঠনের প্রক্রিয়া শুরু করবেন বলে ধারণা করা হচ্ছে।

সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনে লুলা ডানপন্থি বিরোধী প্রার্থী ফ্লাভিও বলসোনারোকে পরাজিত করেন। নির্বাচনের ফল ঘোষণার পর বলসোনারো যুক্তরাষ্ট্রে পালিয়ে যান।

এদিকে, আগামী ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে জি-২০ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনের ফাঁকে ব্রাজিলের প্রেসিডেন্টের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিপক্ষীয় বৈঠক হতে পারে।

সূত্র: বার্তা সংস্থা তাস

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাদুর প্রভাবে তালাক: ইসলামের বিধান ব্যাখ্যা করলেন মুফতি তাওহীদুল ইসলাম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৩২ পি.এম


জাদুর প্রভাবে তালাক: ইসলামের বিধান ব্যাখ্যা করলেন মুফতি তাওহীদুল ইসলাম

কালো জাদুর প্রভাবে যদি কেউ নামাজ বা কুরআন তিলাওয়াত থেকে বিরত থাকে, পরিবারের সদস্যদের সঙ্গে অশান্তি সৃষ্টি করে অথবা স্ত্রীকে তালাক দেয়, তাহলে এই পরিস্থিতিতে দায়ভার কার ওপর বর্তাবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। এমনকি জাদুর প্রভাবে আত্মহত্যা করার ক্ষেত্রেও গুনাহ হবে কি না, এই বিষয়েও অনেকের মনে সন্দেহ রয়েছে।

এই বিষয়ে ইসলামি শরিয়তের ব্যাখ্যা প্রদান করেছেন ঢাকার মুহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়ার ফতোয়া বিভাগের নায়েবে মুফতি মুফতি তাওহীদুল ইসলাম। তিনি উল্লেখ করেন, যদি কোনো ব্যক্তি জাদুর প্রভাবে সম্পূর্ণ জ্ঞানশূন্য হয়ে যান এবং নিজের কথাবার্তা ও কাজের ওপর নিয়ন্ত্রণ হারান, তাহলে ওই অবস্থায় তার দেওয়া তালাক কার্যকর হবে না। একইভাবে, ওই সময়ের কথাবার্তা ও অন্যান্য কাজের শরয়ি বিধানও স্বাভাবিক অবস্থার মতো প্রযোজ্য হবে না।

ফতোয়ায় আরও বলা হয়েছে, এমন অবস্থায় যদি কেউ নামাজ বা কুরআন তিলাওয়াত করতে না পারেন, তাহলে তিনি গুনাহগার হবেন না। জাদুর কারণে যদি কেউ ছয় ওয়াক্ত নামাজ ছুটে যায়, তবে সুস্থ হওয়ার পর সেগুলোর কাজা আদায় করতে হবে না। কিন্তু ছয় ওয়াক্তের কম নামাজ ছুটলে সুস্থ হওয়ার পর তা কাজা করতে হবে।

এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিকে শপথ করে বলতে হবে যে, তিনি জাদুর প্রভাবে নিজের নিয়ন্ত্রণ হারিয়েছিলেন এবং ওই সময়ের ঘটনা তার মনে নেই। তবে যদি কেউ জাদুর কারণে মানসিক অস্থিরতা, কষ্ট বা চাপের মধ্যে থাকেন কিন্তু তার জ্ঞান ও বিচারবুদ্ধি ঠিক থাকে, তাহলে বিষয়টি ভিন্ন। এমন অবস্থায় নিজের ইচ্ছায় স্ত্রীকে তালাক দিলে তা কার্যকর হবে। একইভাবে, নামাজ ছেড়ে দিলে তার জন্য জবাবদিহি করতে হবে এবং ছুটে যাওয়া নামাজ কাজা আদায় করতে হবে।

আত্মহত্যার ক্ষেত্রেও একই বিধান প্রযোজ্য বলে ফতোয়ায় উল্লেখ করা হয়েছে। যদি কেউ সম্পূর্ণ জ্ঞানশূন্য অবস্থায় আত্মহত্যা করেন, তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন বলে আশা করা যায়। তবে যদি জ্ঞান ও বিচারবুদ্ধি ঠিক থাকা অবস্থায় আত্মহত্যা করেন, তাহলে তা কবিরা গুনাহ হিসেবে গণ্য হবে। এই ক্ষেত্রে কাজটির দায়ভার সংশ্লিষ্ট ব্যক্তির ওপরই বর্তাবে।

ফতোয়ায় ফাতাওয়া শামি ও ফাতাওয়া হিন্দিয়া গ্রন্থের উল্লেখ রয়েছে। সেখানে মানসিক ভারসাম্যহীনতা, অচেতন অবস্থা এবং নিজের কথা ও কাজের ওপর নিয়ন্ত্রণ হারানোর ক্ষেত্রে তালাক ও নামাজের বিধান ব্যাখ্যা করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চবির হীরকজয়ন্তী: বর্ণিল সাজে ক্যাম্পাস, বাড়তি নিরাপত্তা থাকবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৩২ পি.এম


চবির হীরকজয়ন্তী: বর্ণিল সাজে ক্যাম্পাস, বাড়তি নিরাপত্তা থাকবে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রতিষ্ঠার ৬০ বছর পূর্তি উপলক্ষে বুধবার (১৮ নভেম্বর) দিনব্যাপী হীরকজয়ন্তী উদযাপন করবে। এই উদযাপনের প্রস্তুতি হিসেবে কেন্দ্রীয় খেলার মাঠে মঞ্চ ও প্যান্ডেল নির্মাণের কাজ চলছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনুষ্ঠানস্থল ও তার আশপাশে সিসিটিভি ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে নজরদারির ব্যবস্থা গ্রহণ করেছে।

ক্যাম্পাসের বিভিন্ন অংশে প্রস্তুতি চলছে মাঠের পাশাপাশি। সড়কে নতুন রং করা হচ্ছে এবং গাছগুলোও সাজানো হচ্ছে। দর্শকদের জন্য প্যান্ডেলের দুই পাশে দুটি বড় স্ক্রিন স্থাপনের পরিকল্পনা করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুল হোসেন।

প্রক্টর জানান, নিরাপত্তার জন্য প্রায় ৩০০ পুলিশ সদস্য এবং ৫০ থেকে ১০০ জন এসআরবি সদস্য উপস্থিত থাকবেন। তাদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তাকর্মী, স্বেচ্ছাসেবক ও প্রক্টরিয়াল টিমও দায়িত্ব পালন করবে। বিশৃঙ্খলা সৃষ্টি হলে বিশ্ববিদ্যালয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলেও তিনি উল্লেখ করেন।

হীরকজয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান জানান, ‘প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। বিভিন্ন উপকমিটি তাদের কাজ সম্পন্ন করছে। বিশ্ববিদ্যালয়ের অতীত এবং বর্তমান নিয়ে আলোচনা হবে, পাশাপাশি ভবিষ্যতের রূপরেখা নিয়েও কথা হবে এ আয়োজনে।’

বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত সূচি অনুযায়ী, সকাল ১০টায় উদ্বোধনের পর শহীদ মিনার চত্বর থেকে আনন্দ র‍্যালি বের হয়ে কেন্দ্রীয় খেলার মাঠে যাবে। কর্মসূচির মধ্যে থাকবে কেক কাটা, আলোচনা সভা, স্মৃতিচারণ এবং মেলা। বিকেল ৩টায় কেন্দ্রীয় খেলার মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। এই পর্বে গান পরিবেশন করবেন নগর বাউলখ্যাত সংগীতশিল্পী জেমস।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন উপস্থিত থাকবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%