০৪:০৮ পি.এম
বয়স ৯১ বছর। পবিত্র কোরআনের সঙ্গে দীর্ঘ সময় কাটিয়েছেন তিনি। শৈশবে কোরআন শেখা ও তিলাওয়াতের শুরু। জীবনের শেষ প্রান্তে এসেও অংশ নিয়েছেন টেলিভিশনের কোরআন তিলাওয়াত প্রতিযোগিতায়। তার সুমধুর তিলাওয়াত ও কোরআনের প্রতি ভালোবাসার গল্প শুনে আবেগে আপ্লুত হন বিচারক, অতিথি ও উপস্থিত দর্শকরা। মিসরের ধর্মবিষয়ক মন্ত্রীও চোখের পানি ধরে রাখতে পারেননি।
এই ব্যতিক্রমী ঘটনা ঘটে মিসরের জনপ্রিয় কোরআন তেলাওয়াতবিষয়ক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘দাওলাতুত তিলাওয়াহ’র দ্বিতীয় আসরের উদ্বোধনী পর্বে। ৯১ বছর বয়সী শেখ আওয়াদ আল-ফারদি এবারের আসরের সবচেয়ে বেশি বয়সী প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেন।
শেখ আওয়াদ আল-ফারদির কোরআনের সঙ্গে পথচলা শুরু হয় মাত্র ছয় বছর বয়সে। জীবনের প্রায় পুরোটা সময় তিনি কোরআন শেখা, তিলাওয়াত ও শিক্ষাদানের সঙ্গে যুক্ত ছিলেন। তার বাড়ি মিসরের আল-বুহাইরা প্রদেশের আবু হুমুস এলাকায়। দীর্ঘদিন ধরে নিজ এলাকায় একটি কোরআন শিক্ষাকেন্দ্র বা মক্তব পরিচালনা করে শিশুদের কোরআন শিক্ষা দিয়ে আসছেন তিনি।
আরও পড়ুন: মুসলিমদের সামরিক শক্তি শত্রুর মধ্যে ভীতি সৃষ্টির পর্যায়ে উন্নীত করতে হবে: আয়াতুল্লাহ শিরাজি
দুই রাত ঘুমাতে পারেননি আনন্দে
শেখ আওয়াদ প্রথমে ভেবেছিলেন, ‘দাওলাতুত তিলাওয়াহ’ অনুষ্ঠানটি মূলত শিশু-কিশোর ও তরুণ কোরআন পাঠকদের জন্য আয়োজন করা হয়েছে। তাই তার বয়সে সেখানে অংশ নেওয়ার কথা ভাবেননি। কিন্তু তার এক শিক্ষার্থী তাকে প্রতিযোগিতায় আবেদন করতে উৎসাহিত করেন। পরে সেই শিক্ষার্থীর অনুপ্রেরণায় অংশগ্রহণের সিদ্ধান্ত নেন তিনি।
জীবনের দীর্ঘদিনের একটি স্বপ্ন পূরণ হতে যাচ্ছে—এ আনন্দে অনুষ্ঠানে যাওয়ার আগে টানা দুই রাত ঘুমাতে পারেননি বলে জানান শেখ আওয়াদ। মঞ্চে দাঁড়িয়ে পবিত্র কোরআন তিলাওয়াত করার সুযোগ তার কাছে ছিল অত্যন্ত আবেগের ও আনন্দের।
অনুষ্ঠানে তার তিলাওয়াত ও জীবনকাহিনি শুনে উপস্থিত ব্যক্তিরা আবেগাপ্লুত হয়ে পড়েন। বিশেষ করে মিসরের আওকাফমন্ত্রী ড. ওসামা আল-আজহারি তার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন।
আরও পড়ুন: বিয়ের আগে ‘অবৈধ সম্পর্ক’ থাকলে আল্লাহর কাছে যেভাবে ক্ষমা চাইতে হবে
তিলাওয়াত শেষে শেখ আওয়াদ মন্ত্রীর উদ্দেশে আন্তরিক কিছু কথা ও দোয়া করেন। এরপর মন্ত্রী বিচারকদের কাছে জানতে চান, তিনি মঞ্চে গিয়ে এই প্রবীণ কোরআনপ্রেমীকে আলিঙ্গন করতে পারেন কি না। অনুমতি পেয়ে মঞ্চে উঠে তাকে বুকে জড়িয়ে ধরেন।
এ সময় মন্ত্রী তাকে বলেন, তার সঙ্গে দেখা করতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। মন্ত্রীর ভালোবাসা ও সম্মান পেয়ে আবেগ ধরে রাখতে পারেননি শেখ আওয়াদ। কান্নায় ভেঙে পড়েন তিনি।
অনুষ্ঠানের উপস্থাপক ও ইসলামি বক্তা মোস্তফা হোসনিও আবেগাপ্লুত হয়ে মঞ্চে উঠে শেখ আওয়াদের হাত ও মাথায় চুমু দেন। বিচারক ও দর্শকদের অনেককেও তখন চোখের পানি মুছতে দেখা যায়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দর্শকদের মধ্যেও ব্যাপক আবেগের সৃষ্টি করে।
প্রতিযোগিতা থেকে সম্মানিত অতিথি
আরও পড়ুন: ইসলামিক ফাউন্ডেশনকে অধিদপ্তরে রূপান্তরের প্রক্রিয়া শুরু
শেখ আওয়াদের দীর্ঘদিনের কোরআনচর্চা ও অবদানের প্রতি সম্মান জানিয়ে মিসরের আওকাফমন্ত্রী একটি বিশেষ সিদ্ধান্ত নেন। তাকে প্রতিযোগিতার মূল্যায়ন ও প্রতিদ্বন্দ্বিতা থেকে অব্যাহতি দিয়ে বাকি আসরের স্থায়ী সম্মানিত অতিথি হিসেবে রাখার ঘোষণা দেন তিনি।
এ ছাড়া মিসরের কোরআন পাঠকদের সংগঠনের প্রধান শেখ মোহাম্মদ হাশশাদ তাকে সংগঠনের সম্মানসূচক সদস্যপদ দেওয়ার ঘোষণা দেন। দেশটির সংগীতশিল্পীদের সংগঠনের প্রধান মোস্তফা কামালও তাকে পাঠক ও নাশিদশিল্পী শাখার সদস্যপদ দেওয়ার আগ্রহ প্রকাশ করেন।
৯১ বছর বয়সেও শেখ আওয়াদ আল-ফারদির পবিত্র কোরআনের প্রতি গভীর ভালোবাসা ও নিষ্ঠা নতুন করে মনে করিয়ে দিয়েছে, আল্লাহর কিতাব শেখা, পড়া ও চর্চার জন্য বয়স কোনো বাধা নয়। জীবনের শেষ প্রান্তেও কোরআনের সঙ্গে সম্পর্ক অটুট রেখে অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছেন এই প্রবীণ মিসরীয় কোরআনপ্রেমী।
সূত্র: ইন্টারন্যাশনাল কোরআন নিউজ এজেন্সি (ইকনা)
আরও পড়ুন: নাম পরিবর্তনের জন্য নতুন আকিকার প্রয়োজন নেই
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন