ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

একাধিক অভিনেতার সঙ্গে সম্পর্কের কথা বললেন সুরভি জ্যোতি


একাধিক অভিনেতার সঙ্গে সম্পর্কের কথা বললেন সুরভি জ্যোতি

ভারতীয় টেলিভিশন ও চলচ্চিত্রের অভিনেত্রী, মডেল এবং নৃত্যশিল্পী সুরভি জ্যোতি মূলত পাঞ্জাবি সিনেমা এবং হিন্দি ধারাবাহিকের জন্য পরিচিত। ২০১২ সালে জিটিভির জনপ্রিয় ধারাবাহিক ‘কুবুল হ্যায়’-এ ‘জোয়া ফারুকী’ চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন এবং তারকাখ্যাতি লাভ করেন।

২০১০ সালে পাঞ্জাবি সিনেমার মাধ্যমে সুরভির বড়পর্দায় অভিষেক ঘটে। সেই সময়ে গুঞ্জন শুরু হয় যে, তিনি পাঞ্জাবি অভিনেতা ও গায়ক জোরাবর সিংয়ের সঙ্গে সম্পর্কে রয়েছেন। তবে, মুম্বাই চলে যাওয়ার পর তাদের মধ্যে দূরত্ব তৈরি হয় এবং সেই দূরত্বের ফলে তাদের বিচ্ছেদ ঘটে।

এরপর ‘কবুল হ্যায়’ ধারাবাহিক নাটকের শুটিংয়ের সময় টেলি অভিনেতা বরুণ তুর্কির সঙ্গে সুরভির আলাপ হয়। তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে এবং একসময় তারা সম্পর্কে জড়িয়ে পড়েন। যদিও অভিনেত্রী গণমাধ্যমে সেই সম্পর্কের কথা অস্বীকার করেন। এছাড়াও, ‘কবুল হ্যায়’ ধারাবাহিকে সুরভি জ্যোতি ও করণ সিং গ্রোভারের জুটি দর্শকদের মধ্যে জনপ্রিয়তা পায়। তাদের ঘনিষ্ঠতা বাড়তে থাকে। করণ, যিনি বর্তমানে বলিউড অভিনেত্রী বিপাশা বসুর স্বামী, সঙ্গেও সুরভির নাম জড়িয়ে পড়ে।

আরও পড়ুন: গোলাপি স্যাটিনে জয়া আহসানের মায়াবী লুকের নতুন ফটোশুট

২০১৪ সালে ‘অ্যালোন’ নামে একটি হরর সিনেমার শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়েন করণ গ্রোভার। এই সিনেমায় বিপাশার সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে, যা সুরভির সঙ্গে তার প্রেমের সম্পর্ক ভেঙে দেয়।

‘পবিত্র রিস্তা’ ধারাবাহিকের অভিনেতা হৃতিক ধঞ্জানির সঙ্গেও সুরভি জ্যোতির নাম জড়িয়েছে। তারা একসঙ্গে ইস্তানবুল ভ্রমণ করেন। জানা গেছে, হৃতিকের সঙ্গে সুরভির সম্পর্ক ছিল, তবে সুরভি জানিয়েছেন যে, তাদের মধ্যে ভালো বন্ধুত্ব রয়েছে।

সুরভি জ্যোতি ব্যক্তিগত জীবনে একাধিক অভিনেতার সঙ্গে সম্পর্কের মধ্যে রয়েছেন। এই তালিকায় আরও এক বাঙালি অভিনেত্রীর স্বামীও রয়েছেন, যা নিয়ে তিনি বিতর্কের মুখে পড়েন। বর্তমানে সুমিত সুরির সঙ্গে তার সম্পর্ক রয়েছে।

সুমিত সুরি ও সুরভি জ্যোতির পরিচয় হয় একটি মিউজিক ভিডিওতে একসঙ্গে অভিনয় করার মাধ্যমে। তারা দীর্ঘদিন ধরে সম্পর্কে রয়েছেন এবং সামাজিক মাধ্যমে গুঞ্জন রয়েছে যে, তারা শিগগিরই বিয়ের পিঁড়িতে বসবেন।

আরও পড়ুন: নেটফ্লিক্স থেকে সরানো হচ্ছে কাল্ট ক্লাসিক থ্রিলার ‘নাইটক্রলার’

সম্প্রতি এক সাক্ষাৎকারে সুরভি জানিয়েছেন যে, বিনোদন জগতের অনেকেই তার সম্পর্কে ভুল ধারণা পোষণ করেন। এমনকি তার সম্পর্কে খারাপ মন্তব্য করতেও তারা পিছপা হননি। সুরভি বলেন, "আমাকে অনেকে কথা শুনিয়েছিলেন— কম পয়সায় নতুন নতুন মেয়েকে উঠিয়ে নিয়ে আসা হয়। তাদের কোনো গুণ নেই।"

উল্লেখ্য, সুরভি জ্যোতির জন্ম ১৯৮৮ সালের ২৯ মে পাঞ্জাবের জালন্ধরে। তিনি বাবা-মা ও ভাইয়ের সঙ্গে থাকতেন। সেখান থেকেই স্কুল ও কলেজের পড়াশোনা শেষ করেন। অর্থনীতি নিয়ে স্নাতক স্তরের পড়াশোনা শেষ করার পর ইংরেজি বিষয় নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর রেডিও জকি হিসেবে তার ক্যারিয়ার শুরু হয় এবং তিনি মঞ্চনাটকেও অভিনয় করেন।

বর্তমানে ধারাবাহিকের প্রতিটি পর্বে অভিনয় করে সুরভি জ্যোতি ৭০-৭৫ লাখ টাকা উপার্জন করেন। শুধু ধারাবাহিকেই নয়, শ্রেয়া ঘোষাল, দর্শন রাভাল, সুনিধি চৌহানের মতো বহু গায়ক-গায়িকার মিউজিক ভিডিওতেও তাকে অভিনয় করতে দেখা যায়।

আরও পড়ুন: অভিনেতা শিমুলের বিয়ে ৯৯৯ টাকা দেনমোহরে, জীবনযাত্রার বিশেষ তাৎপর্য

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফিলিপিন্সে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ৪ পাইলট নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫৭ পি.এম


ফিলিপিন্সে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ৪ পাইলট নিহত

দক্ষিণ-পূর্ব এশিয়ার ফিলিপিন্সে সামরিক বাহিনীর দুটি যুদ্ধবিমানের মধ্যে একটি মারাত্মক সংঘর্ষের ঘটনা ঘটেছে প্রশিক্ষণের সময়। এই ঘটনায় চারজন পাইলট নিহত হয়েছেন।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির বিমানবাহিনীর সূত্র অনুযায়ী, শুক্রবার স্থানীয় সময় বিকেলে ম্যানিলার দক্ষিণে অবস্থিত ফার্নান্দো বিমানঘাঁটিতে এসএফ-২৬০ মডেলের একক প্রপেলারযুক্ত দুটি বিমান বিধ্বস্ত হয়।

বিমানবাহিনীর মুখপাত্র কর্নেল আলভিন ক্যাপিনগুইয়ান জানিয়েছেন, উভয় বিমানই বিমানঘাঁটির সীমানার ভেতরে বিধ্বস্ত হয়েছে। এছাড়া, অন্য কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য তদন্ত শুরু করা হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির সামরিক বাহিনীর বিমানে বেশ কিছু প্রাণঘাতী দুর্ঘটনার ঘটনা ঘটেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ময়মনসিংহ অঞ্চলে পাঁচ সাংবাদিক হত্যা, বিচার না পেয়ে উৎকণ্ঠায় পরিবার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫৯ পি.এম


ময়মনসিংহ অঞ্চলে পাঁচ সাংবাদিক হত্যা, বিচার না পেয়ে উৎকণ্ঠায় পরিবার

ময়মনসিংহ অঞ্চলে পাঁচ সাংবাদিক হত্যার শিকার হয়েছেন, যাদের মধ্যে বিভিন্ন সময় হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সংবাদ প্রকাশ ও পেশাগত দায়িত্ব পালনের কারণে। তাদের মধ্যে কেউ গুলিতে নিহত হয়েছেন, কেউ ধারালো অস্ত্রের আঘাতে, আবার কেউ সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়ে দীর্ঘদিনের শারীরিক যন্ত্রণার পর মারা গেছেন। এসব হত্যাকাণ্ডের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নিহত সাংবাদিকদের পরিবারের সদস্যরা বিচার নিয়ে অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন।

নিহত সাংবাদিকদের মধ্যে রয়েছেন নেত্রকোনার দুর্গাপুরের লুৎফুজ্জামান আলিফ ফকির, ময়মনসিংহের ফুলবাড়িয়ার আসাদুজ্জামান তুহিন, জামালপুরের বকশীগঞ্জের গোলাম রব্বানী নাদিম, ময়মনসিংহের স্বপন কুমার ভদ্র এবং জামালপুরের শেলু আকন্দ।

সাংবাদিকদের ওপর হামলা, হত্যা ও নির্যাতনের ঘটনায় বিচার নিশ্চিত করার দাবিতে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ সক্রিয় হয়েছে। সংগঠনটির নেতারা বলছেন, এসব হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে নিহত সাংবাদিকদের পরিবারকে আইনি সহায়তা দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। এ দাবিতে রাজপথে আন্দোলনেরও ঘোষণা দিয়েছেন তারা।

আলিফ ফকির

লুৎফুজ্জামান আলিফ ফকির বেসরকারি টেলিভিশন চ্যানেল রূপসী বাংলার প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা করতেন। তিনি অনুসন্ধানী ফেসবুক পেজ ‘ডিটেকটিভ আর্টিকেল’ পরিচালনা করতেন। দুর্গাপুরের সোমেশ্বরী নদীর বালুঘাটসহ স্থানীয় বিভিন্ন অনিয়ম নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করতেন আলিফ।

গত ১৫ অক্টোবর রাতে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের তেলনজিয়া বাজারের একটি চায়ের দোকানের সামনে তাকে গুলি করে হত্যা করা হয়। মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে উপর্যুপরি গুলি ছুড়ে পালিয়ে যায়। স্থানীয় অনিয়ম নিয়ে প্রতিবেদন প্রকাশের কারণে পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে অভিযোগ রয়েছে।

তুহিন

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার ছিলেন। ২০২৫ সালের ৭ আগস্ট রাতে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় তাকে কুপিয়ে হত্যা করা হয়।

ঘটনার রাতে একটি মারধরের ঘটনা মোবাইল ফোনে ধারণ করেছিলেন তুহিন। স্থানীয় সন্ত্রাসীরা তাকে ভিডিওটি মুছে ফেলতে বলেছিল। কিন্তু সাংবাদিক পরিচয় দিয়ে ভিডিও মুছতে অস্বীকৃতি জানান তিনি। এরপর তাকে ধাওয়া করে একটি চায়ের দোকানে অবরুদ্ধ করা হয়। সেখানে চাপাতি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়।

নাদিম

অনলাইন সংবাদমাধ্যম বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর জেলা প্রতিনিধি ছিলেন গোলাম রব্বানী নাদিম। জামালপুরের বকশীগঞ্জে স্থানীয় এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের দুর্নীতি ও বিভিন্ন অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ করেছিলেন তিনি।

২০২৩ সালের ১৪ জুন রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জ উপজেলার পাটহাটি এলাকায় হামলার শিকার হন নাদিম। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। পরদিন ১৫ জুন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যান ও তার অনুসারীদের বিরুদ্ধে হামলায় জড়িত থাকার অভিযোগ ওঠে।

স্বপন ভদ্র

প্রবীণ সাংবাদিক স্বপন কুমার ভদ্র স্থানীয় একটি পত্রিকায় কাজ করতেন। ময়মনসিংহের শম্ভুগঞ্জ ও রঘুরামপুর এলাকায় মাদক ব্যবসা ও চোরাচালান নিয়ে নিয়মিত লিখতেন তিনি।

২০২৪ সালের ১২ অক্টোবর বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহের শম্ভুগঞ্জ বাজারের মাঝিপাড়া এলাকায় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। মাদক ব্যবসায়ী ও অপরাধী চক্রের বিরুদ্ধে লেখালেখির কারণে তিনি ক্ষুব্ধ ব্যক্তিদের আক্রোশের শিকার হয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।

শেলু আকন্দ

জামালপুরের সাংবাদিক শেলু আকন্দ দৈনিক বাংলাবাজার পত্রিকার জেলা প্রতিনিধি এবং জামালপুর পল্লীকণ্ঠ প্রতিদিনের স্টাফ রিপোর্টার ছিলেন। স্থানীয় ভূমিদস্যু ও দুর্নীতির সঙ্গে জড়িত একটি চক্রের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করেছিলেন তিনি।

২০১৯ সালের ১৮ ডিসেম্বর রাতে জামালপুর শহরের দেওয়ানপাড়া এলাকায় তার ওপর হামলা হয়। হামলাকারীরা লোহার রড দিয়ে পিটিয়ে তার দুই পা গুরুতরভাবে জখম করে। এরপর দীর্ঘ পাঁচ বছর পঙ্গুত্ব ও শারীরিক-মানসিক যন্ত্রণা ভোগ করেন তিনি। ২০২৪ সালের ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়।

বাংলাদেশ সাংবাদিক সমিতির (বাসাস) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবুল ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের চেয়ারম্যান খায়রুল আলম রফিক বলেন, ময়মনসিংহ অঞ্চলের গণমাধ্যম বর্তমানে কঠিন সময় পার করছে। সাংবাদিক তুহিন, আলিফ, নাদিম, স্বপন ভদ্র ও শেলু আকন্দের হত্যাকাণ্ড স্বাধীন সাংবাদিকতার ওপর আঘাত।

তারা বলেন, ‘আমরা এই পাঁচ সাংবাদিক হত্যার দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিষ্পত্তি চাই।’

সাংবাদিক নেতারা এসব হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করার পাশাপাশি নিহত সাংবাদিকদের পরিবারের নিরাপত্তা ও আইনি সহায়তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কলম্বিয়ায় ৭.৬ টন কোকেন জব্দ, নেদারল্যান্ডসে পাচারের চেষ্টা ব্যর্থ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:০০ পি.এম


কলম্বিয়ায় ৭.৬ টন কোকেন জব্দ, নেদারল্যান্ডসে পাচারের চেষ্টা ব্যর্থ

দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার কার্তাগেনা বন্দরে একটি বৃহৎ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মার্কিন মাদক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (ডিইএ) সহযোগিতায় এই অভিযানে নেদারল্যান্ডসে পাচারের উদ্দেশ্যে ৭ দশমিক ৬ টন (৭,৬০০ কেজি) কোকেন জব্দ করা হয়েছে। কলম্বিয়ার প্রেসিডেন্ট নিশ্চিত করেছেন যে, গত এক দশকের মধ্যে এটি দেশের প্রধান এই বন্দরে সবচেয়ে বড় মাদক আটকের ঘটনা।

স্থানীয় সময় মঙ্গলবার (২১ অক্টোবর) প্রেসিডেন্ট আবেলাদো দে লা এসপ্রিয়েলা সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ একটি পোস্টে এই তথ্য প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, কলম্বিয়ার ন্যাশনাল পুলিশ কার্তাগেনা বন্দরে গত ১০ বছরের মধ্যে সবচেয়ে বড় কোকেন চালানটি আটক করেছে।

পুলিশের সূত্রে জানা গেছে, জব্দ করা বিপুল পরিমাণ কোকেন অত্যন্ত সুকৌশলে প্রক্রিয়াজাত আখ থেকে তৈরি এক ধরনের গুঁড়ো মিষ্টি বা 'পানেলা'-র ভেতরে লুকিয়ে রাখা হয়েছিল। আন্তর্জাতিক মাদক চক্রের নজর এড়াতে এই অভিনব পদ্ধতি ব্যবহার করা হয়েছিল।

বর্তমান সরকারের প্রথম ৭৫ দিনের কার্যকালে মোট ১৩২ টন কোকেন জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬.১ বিলিয়ন মার্কিন ডলার। প্রেসিডেন্ট এসপ্রিয়েলা মাদক পাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "নার্কো-সন্ত্রাসবাদের বিরুদ্ধে কোনো শান্তিচুক্তি বা ছাড় দেওয়া হবে না! আমরা প্রতিটি ডোজকে রাস্তায় পৌঁছাতে বাধা দিয়ে জীবন বাঁচাচ্ছি এবং মাদক চক্রগুলোর অপরাধমূলক সাম্রাজ্যকে দুর্বল করে দিচ্ছি।"

এদিকে, নেদারল্যান্ডসের প্রসিকিউশন সার্ভিসের অনুরোধে কলম্বিয়ায় রনি ও উলরিখ নামের দুই ডাচ নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে বলে নেদারল্যান্ডসের দৈনিক ‘এডি’ সংবাদমাধ্যম নিশ্চিত করেছে। তবে মাদক জব্দের এই বিশাল চালানের সাথে তাদের সরাসরি কোনো সংযোগ রয়েছে কি না, তা এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। ইউরোপীয় ইউনিয়নের মাদক সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ইইউভুক্ত দেশগুলোতে ৩৩০ টন কোকেন জব্দ করা হয়েছিল, যা ২০২৩ সালে ছিল ৪১৯ টন। সূত্র: ইউরোনিউজ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাদপন্থিদের ইজতেমা মাঠ ব্যবহারের অনুমতি না দেওয়ার দাবি শীর্ষ আলেমদের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:০০ পি.এম


সাদপন্থিদের ইজতেমা মাঠ ব্যবহারের অনুমতি না দেওয়ার দাবি শীর্ষ আলেমদের

বিশ্ব ইজতেমা-২০২৭ এর প্রেক্ষাপটে টঙ্গীর ইজতেমা মাঠে সাদপন্থিদের ব্যবহারের অনুমতি না দেওয়ার দাবি জানানো হয়েছে। এছাড়া ২০১৮ ও ২০২৪ সালের হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলাগুলোর তদন্ত দ্রুত সম্পন্ন করে অভিযোগপত্র দাখিলের দাবি করেছেন দেশের শীর্ষস্থানীয় আলেমরা।

শনিবার (২৪ অক্টোবর) টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত এক পরামর্শ সভা শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব দাবি উপস্থাপন করা হয়।

দেশের শীর্ষ মুরুব্বি আলেম ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীর আহ্বানে টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানের টিনশেডের শবগুজারি পয়েন্টে এ পরামর্শ সভাটি অনুষ্ঠিত হয়। এতে দেশের ৬৪ জেলা থেকে আগত শীর্ষ আলেম-ওলামা ও ধর্মীয় নেতারা অংশগ্রহণ করেন।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, সরকারের গুরুত্বপূর্ণ মহল থেকে আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীর সঙ্গে যোগাযোগ করে সাদপন্থীদের এবারের ইজতেমার জন্য তিন দিনের জন্য টঙ্গীর মাঠ ব্যবহারের অনুমতি দেওয়ার বিষয়ে তার মতামত জানতে চাওয়া হয়। তিনি দেশের শীর্ষস্থানীয় আলেমদের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত জানানোর কথা বলেন। এ পরিপ্রেক্ষিতে এ পরামর্শ সভার আয়োজন করা হয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।

সভায় উপস্থিত আলেম-ওলামা ও ধর্মীয় নেতাদের মতামতের ভিত্তিতে সরকারের কাছে দুটি দাবি জানানো হয়। প্রথমত, ২০২৫ সালের পর সাদপন্থীদের টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠ ব্যবহারের অনুমতি না দেওয়ার বিষয়ে সরকারের পূর্বের সিদ্ধান্ত বজায় রাখতে হবে। দ্বিতীয়ত, ২০১৮ ও ২০২৪ সালে টঙ্গীতে সংঘটিত ঘটনাবলী সম্পর্কিত দুটি হত্যা মামলার তদন্ত দ্রুত শেষ করে অভিযোগপত্র দাখিলের ব্যবস্থা গ্রহণ করতে হবে।

আয়োজকদের মতে, মামলাগুলি বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্তাধীন রয়েছে।

এছাড়া সাদপন্থীদের ইজতেমা আয়োজনের প্রেক্ষিতে দেশের বিভিন্ন জেলার মাদরাসা, মারকাজ ও অন্যান্য দ্বীনি প্রতিষ্ঠানে দোয়ার আয়োজনের জন্য আলেম-ওলামা ও সংশ্লিষ্ট দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানানো হয়।

প্রেস ব্রিফিংয়ে আরও বলা হয়, যদি এ বিষয়ে সরকারের ওপর চাপ সৃষ্টি করা হয় অথবা কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়, তাহলে ঢাকার কেন্দ্রীয় সিদ্ধান্ত পাওয়ার পর নিজ নিজ জেলায় কঠোর কর্মসূচি পালন করা হবে।

সভায় হেফাজত আমিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা নুরুল ইসলাম ওলিপুরী, হেফাজত মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, মাওলানা আব্দুল হামিদ মধুপুরী, জমিয়ত সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, বেফাক মহাসচিব মাওলানা মাহফুজুল হক, মুফতি খিজিরুল্লাহ হাটহাজারী, মাওলানা ইকরাম হোসাইন ওয়াদুদী, মাওলানা সালাহ উদ্দিন, মাওলানা হিফজুর রহমান, মুফতি আরশাদ রহমানী, মুফতি দেলাওয়ার হোসাইন, মাওলানা রশিদুর রহমান ফারুক, মাওলানা আব্দুল আউয়াল, মুফতি মুবারকুল্লাহ, মাওলানা শফিকুর আহমেদ রশীদ, মাওলানা মুশতাক আহমেদ, মুফতি জাফর আহমদ, মাওলানা মহিউদ্দিন রব্বানী, মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, মাওলানা নাজমুল হাসান কাসেমি, মাওলানা আলাওয়ালুল করীম, মাওলানা ফজলুল্লাহ মাদানীনগরী, মাওলানা নিয়ামতুল্লাহ আল ফারুকী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা যুবায়ের বিন তৈয়ব, মাওলানা আনাস, মাওলানা মনির হুসাইন কাসেমী, মাওলানা সাখাওয়াত হোসাইন রাজী, মুফতি মুহাম্মদ আলী আকাতাবনগরী, মাওলানা আফজালুর রহমান, মাওলানা নিয়ামুদ্দিন, মুফতি আতাউল্লাহ জিন্নাহ, মাওলানা লোকমান মাযহারী, মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, মাওলানা মাহফুজুর রহমান মাহমুদ, মুফতি ফিকহিয়ারুল্লাহ আহমদী ও মাওলানা আনিসুর রহমানসহ বিভিন্ন জেলার আলেম ও ধর্মীয় নেতারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%