আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং
০৭:১০ পি.এম
টাঙ্গাইল জেলার পুলিশের বিভিন্ন ক্যাটাগরিতে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন মধুপুর সার্কেলের তিন পুলিশ কর্মকর্তা। জেলার শ্রেষ্ঠ সার্কেল হিসেবে নির্বাচিত হয়েছেন মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আরিফুল ইসলাম। একই সঙ্গে জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন মধুপুর থানার এসআই মো. আমিনুল ইসলাম এবং শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী এসআই নির্বাচিত হয়েছেন এসআই খন্দকার জিয়াউল হক।
পেশাগত দক্ষতা, দায়িত্বশীলতা, নিষ্ঠা ও কর্মক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁরা এ সম্মাননা অর্জন করেছেন। তাঁদের এ সাফল্যে মধুপুরের পুলিশ বিভাগসহ সর্বস্তরের মানুষের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, এ অর্জন মধুপুর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং মাদকবিরোধী অভিযান পরিচালনায় পুলিশ সদস্যদের আরও উৎসাহিত ও অনুপ্রাণিত করবে। বিশেষ করে মাদক নির্মূলে তাঁদের দায়িত্বশীল ভূমিকা সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
কৃতিত্বপূর্ণ এ অর্জনে মধুপুর উপজেলাবাসীর পক্ষ থেকে তিন পুলিশ কর্মকর্তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। পাশাপাশি তাঁদের পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করে জননিরাপত্তা ও জনসেবায় এ ধরনের ইতিবাচক ভূমিকা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দক্ষিণ জাপান থেকে শুরু করে তাইওয়ান হয়ে ফিলিপাইনের উপকূল পর্যন্ত বিস্তৃত সমুদ্র অঞ্চলে চীনের ৫০টিরও বেশি সরকারি ও নৌবাহিনীর জাহাজ চলাচল করছে। এই তথ্যটি জানিয়েছেন তাইওয়ানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা।
তিনি উল্লেখ করেছেন, এই কার্যক্রম থেকে উদ্ভূত হুমকি স্পষ্ট। চীন তাইওয়ানকে নিজেদের অংশ বলে দাবি করে থাকে। এই পরিস্থিতিতে চীনা যুদ্ধজাহাজ ও উপকূলরক্ষী বাহিনীর জাহাজগুলোর চলাচলের বিষয়ে বিস্তারিত তথ্য ও মানচিত্র প্রকাশের উদ্যোগ জোরদার করেছে তাইওয়ান।
তাইওয়ানের জাতীয় নিরাপত্তা পরিষদের মহাসচিব জোসেফ উ বলেছেন, “আমরা তাদের তৎপরতার ওপর সতর্ক নজর রাখছি। তাইওয়ান, জাপান ও ফিলিপাইনের জন্য একই সঙ্গে যে হুমকি তৈরি হয়েছে, তা স্পষ্ট।”
বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টের মাধ্যমে তিনি একটি মানচিত্র প্রকাশ করেন। ওই মানচিত্রে চীনের ৫৩টি জাহাজের অবস্থান চিত্রিত হয়েছে। এর মধ্যে ৩৪টি ছিল নৌবাহিনীর যুদ্ধজাহাজ। এই জাহাজগুলোর মধ্যে চীনের বিমানবাহী রণতরি ‘লিয়াওনিং’ও অন্তর্ভুক্ত ছিল।
মানচিত্র অনুযায়ী, লিয়াওনিং ও এর সাথে থাকা যুদ্ধজাহাজগুলো ফিলিপাইনের পূর্বে অবস্থান করছিল। এছাড়া, তাইওয়ানের পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিকে কয়েকটি জাহাজের দল এবং জাপানের দক্ষিণ উপকূলের কাছে আরো তিনটি দলও ছিল। গত মে মাসে জোসেফ উ এক্সে একই ধরনের একটি মানচিত্র প্রকাশ করেছিলেন।
বৃহস্পতিবার চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাং জিয়াওগ্যাং বলেন, পশ্চিম প্রশান্ত মহাসাগরে বিমানবাহী রণতরি ‘লিয়াওনিং’-এর প্রশিক্ষণ একটি নিয়মিত বার্ষিক কার্যক্রম। এর মাধ্যমে দূর সমুদ্রে যুদ্ধ পরিচালনার সক্ষমতা পরীক্ষা করা হয়।
তিনি দাবি করেন, এই মহড়া কোনো নির্দিষ্ট দেশকে লক্ষ্য করে পরিচালিত হচ্ছে না। ফিলিপাইন ও জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে মন্তব্য জানতে চাওয়া হলেও তারা তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি।
চীনা যুদ্ধজাহাজের চলাচল
বুধবার জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, মঙ্গলবার কিউশু দ্বীপের কাছে সরু ওসুমি প্রণালি দিয়ে প্রশান্ত মহাসাগরে প্রবেশের সময় তারা চীনের তিনটি যুদ্ধজাহাজ ও একটি উপকূলরক্ষী বাহিনীর জাহাজের চলাচল পর্যবেক্ষণ করেছে। চলতি মাসের শুরুতে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও জানিয়েছিল, লিয়াওনিং একটি নিয়মিত প্রশিক্ষণ মহড়ায় অংশ নিচ্ছে। এই মহড়া কোনো নির্দিষ্ট দেশকে লক্ষ্য করে পরিচালিত হচ্ছে না।
সাম্প্রতিক মাসগুলোতে জাপান ও ফিলিপাইনের সঙ্গে চীনের সম্পর্কের অবনতি ঘটেছে। তাইওয়ানের প্রতি জাপানের সমর্থনে অসন্তুষ্ট বেইজিং। অন্যদিকে, দক্ষিণ চীন সাগরে ফিলিপাইনের সঙ্গে চীনের বিরোধও ক্রমেই তীব্র হচ্ছে।
বৃহস্পতিবার তাইপেতে সংসদ ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী ওয়েলিংটন কু। তিনি বলেন, “ইন্দো-প্যাসিফিক অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট হতে পারে, এমন কোনো পদক্ষেপ নেওয়ার চেষ্টা আমরা সমর্থন করি না।”
তাইওয়ানের একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, ফিলিপাইন সাগরে সামরিক মহড়া শেষ হওয়ার পর চীনের বিমানবাহী রণতরি ‘লিয়াওনিং’ ও এর সাথে থাকা যুদ্ধজাহাজগুলো জাপানের দিকে উত্তরমুখী যাত্রা চালিয়ে যায় কি না, তা পর্যবেক্ষণ করা হবে।
ওই কর্মকর্তা বলেন, “যদি জাহাজগুলো উত্তর দিকে এগোতে থাকে, তাহলে তা জাপানের প্রতিরক্ষা ব্যবস্থার ওপর আরো চাপ সৃষ্টির ইঙ্গিত দেবে।”
প্রয়োজনে শক্তি প্রয়োগের পথ খোলা রেখেছে চীন। তাইওয়ানকে নিজেদের নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনে শক্তি প্রয়োগের পথ কখনোই পুরোপুরি বন্ধ করেনি চীন। তবে বেইজিং বলছে, তারা সামরিক পদক্ষেপের বদলে শান্তিপূর্ণ পুনর্মিলনকেই বেশি গুরুত্ব দেয়।
মার্কিন সামরিক সংবাদমাধ্যম ‘দ্য স্টারস অ্যান্ড স্ট্রাইপস’-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন বাহিনী এই আশঙ্কা মাথায় রেখে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে প্রস্তুতি নিচ্ছে যে, আগামী বছরের শুরুতেই চীন তাইওয়ানে হামলা চালাতে পারে।
প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন বাহিনীর কমান্ডার রোনাল্ড ক্লার্ক মঙ্গলবার হাওয়াইয়ের একটি ফোরামে এ কথা বলেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ক্লার্কের মন্তব্যের বিষয়ে জানতে চাইলে তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী ওয়েলিংটন কু বলেন, নিজেদের প্রতিরক্ষা ও হামলা প্রতিরোধের সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে তাইওয়ান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ফরিদপুরের আলফাডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজার পুনর্মিলনী ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে আলফাডাঙ্গা কেন্দ্রীয় শ্রী শ্রী হরি মন্দির প্রাঙ্গণে উপজেলা পূজা উদযাপন পরিষদ ও পূজা উদযাপন ফ্রন্টের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রবীর কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পরিষদের সাধারণ সম্পাদক প্রকাশ কুমার কুণ্ডু ও উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি মানবেন্দ্র সাহা প্রমুখ।
সভাপতির বক্তব্যে প্রবীর কুমার বিশ্বাস বলেন, শারদীয় দুর্গোৎসব শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের এক অনন্য বন্ধন। দুর্গাপূজাকে ঘিরে প্রতিবছর বিভিন্ন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে নতুন প্রজন্মের মধ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করা হয়। এ ধরনের পুনর্মিলনী আয়োজনের মাধ্যমে পূজার আনন্দ ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে। তিনি অনুষ্ঠানে অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ৩০ অক্টোবর, ২০২৬ : ব্যবসায়ী নেতারা মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সম্পাদনের ওপর গুরুত্ব আরোপ করেছেন, যা স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজনীয় সংস্কার দ্রুত সম্পন্ন করতে সহায়ক হবে।
জাতিসংঘ সাধারণ পরিষদের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তারা, যা বাংলাদেশকে এলডিসি থেকে উত্তরণের প্রস্তুতির জন্য আরও তিন বছর সময় দিয়েছে। এই সময়কে কাজে লাগিয়ে দ্রুত পরবর্তী কর্মপরিকল্পনা গ্রহণ ও প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করার তাগিদ দিয়েছেন ব্যবসায়ী নেতারা।
বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম বাসস’কে জানিয়েছেন, এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণের সময় পিছিয়ে যাওয়ার বিষয়টি ব্যবসায়ীদের জন্য প্রত্যাশিত ছিল। তিনি বর্তমান সরকারের উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন, যারা ক্ষমতা গ্রহণের পরপরই বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেছেন।
তিনি বলেন, "হাতে সময় সীমিত। তাই এখনই পরবর্তী কর্মপরিকল্পনা গ্রহণ এবং প্রয়োজনীয় সংস্কার দ্রুত সম্পন্ন করতে হবে।"
মোহাম্মদ হাতেম আরও জানিয়েছেন, বর্তমানে বাংলাদেশ যেসব শুল্ক সুবিধা পাচ্ছে, সেগুলোই বহাল থাকবে। তিনি উল্লেখ করেন, নতুন করে অতিরিক্ত কোনো সুবিধা যুক্ত না হলেও বিদ্যমান শুল্ক কাঠামোর স্থিতিশীলতা বজায় থাকবে।
এলডিসি উত্তরণের পরও বাণিজ্য সুবিধা ধরে রাখতে জরুরি ভিত্তিতে এফটিএ সম্পাদনের ওপর জোর দেন তিনি। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে এফটিএ করা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন।
মোহাম্মদ হাতেম বলেন, বাংলাদেশের প্রধান প্রতিযোগী দেশ ভিয়েতনাম ও ভারতের সঙ্গে ইউরোপের বিভিন্ন দেশের এফটিএ রয়েছে। তিনি উল্লেখ করেন, "আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক সক্ষমতা ধরে রাখতে বাংলাদেশকেও দ্রুত এ ধরনের চুক্তি সম্পাদনে এগিয়ে যেতে হবে।"
তিনি আরও বলেন, এফটিএ সম্পাদনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ অনুযায়ী কাজ এগিয়ে নিতে হবে। একই সঙ্গে ইতোমধ্যে অর্জিত বিভিন্ন মানদণ্ড ও সক্ষমতা ধরে রেখে ভবিষ্যৎ বাণিজ্য কৌশল বাস্তবায়ন করতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দীর্ঘ তিন বছর পর আবারও ফুটবল ফিরছে আর্জেন্টিনার লা প্লাতার ঐতিহ্যবাহী এস্তাদিও উনিকো ত্রিকাম্পেওনেস দেল মুন্দো-দিয়েগো আরমান্দো ম্যারাডোনা স্টেডিয়ামে। আগামী ২৯ নভেম্বর আর্জেন্টিনা ও জার্মানির নারী ফুটবল দলের মধ্যকার প্রীতি ম্যাচের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে স্টেডিয়ামটি খুলে দেওয়া হবে। ২০২৭ ব্রাজিল নারী বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে মাঠে নামবে দুই দল।
বুয়েনেস এইরেস প্রদেশের রাজধানী লা প্লাতায় অবস্থিত স্টেডিয়ামটি সংস্কারকাজের জন্য ২০২৩ সালে বন্ধ করে দেওয়া হয়েছিল। এরপর থেকে সেখানে কোনো ধরনের ক্রীড়া আয়োজন হয়নি। যদিও সংস্কারকাজ এখনো চলমান, আর্জেন্টিনা-জার্মানি ম্যাচের মাধ্যমে আবারও প্রাণ ফিরে আসবে এই ফুটবল ভেন্যুতে।
স্টেডিয়ামের পরিচালক এবং আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) অনুষ্ঠান ও প্রটোকল কমিটির সভাপতি ফার্নান্দো ইসলাস কাসারেস জানিয়েছেন, সংস্কারকাজের প্রায় ২৫ শতাংশ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তার প্রত্যাশা, ২০৩০ বিশ্বকাপের অন্যতম ভেন্যু হিসেবে ব্যবহৃত হবে স্টেডিয়ামটি।
কাসারেস বলেন, "সংস্কারকাজের এক-চতুর্থাংশ শেষ হয়েছে।" তাদের বিশ্বাস, ২০৩০ বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ভেন্যুর মর্যাদা পাবে এই স্টেডিয়াম।
মাঠের লড়াইয়েও ম্যাচটি বিশেষ গুরুত্ব বহন করছে। এর আগে আর্জেন্টিনা ও জার্মানির নারী দল দুবার মুখোমুখি হয়েছে। প্রথম সাক্ষাৎ হয়েছিল ২০০৩ সালে। এরপর ২০০৭ সালের ফিফা নারী বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে লড়েছিল দল দুটি। আগামী ২৯ নভেম্বরের ম্যাচটি হবে তাদের তৃতীয় মুখোমুখি হওয়া।
বর্তমান ফিফা র্যাঙ্কিংয়ে তৃতীয় অবস্থানে রয়েছে জার্মানি। ফলে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে এই ম্যাচ আর্জেন্টিনার জন্য বড় পরীক্ষা হতে যাচ্ছে। আর্জেন্টিনার কোচ হেরমান পোর্তানোভাও ম্যাচটিকে বিশ্বকাপ প্রস্তুতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছেন।
তার মতে, "জার্মানির মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলার সুযোগ নিজেদের সামর্থ্য যাচাই এবং প্রতিযোগিতামূলক মান বাড়ানোর ক্ষেত্রে সহায়ক হবে।" একই সঙ্গে সংস্কারের পর স্টেডিয়ামটির পুনরায় উদ্বোধনের দিনে উপস্থিত থাকতে পারাকেও বিশেষ অভিজ্ঞতা হিসেবে দেখছেন তিনি।
অন্যদিকে জার্মানির নারী দলের কোচ ক্রিশ্চিয়ান ভুকের কাছে ম্যাচটির গুরুত্ব অনেক। তিনি মনে করেন, শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে এমন ম্যাচ খেললে নতুন চ্যালেঞ্জ মোকাবিলার পাশাপাশি আন্তর্জাতিক ফুটবলে প্রয়োজনীয় অভিজ্ঞতা অর্জন করা যায়। এই অভিজ্ঞতা ভবিষ্যতে দলের উন্নতিতে কাজে আসবে বলেও আশাবাদী তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ