১২:৫৯ পি.এম
কুমিল্লার বাঙ্গরায় এক স্কুলছাত্রীর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপনের পর বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে এবং ভুক্তভোগীকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ইয়াছিন আরাফাত নামে এক তরুণের বিরুদ্ধে।
গত (২৫ অক্টোবর) ন্যায়বিচার চেয়ে অভিযুক্ত তরুণ এবং তার পরিবারের সাত সদস্যের বিরুদ্ধে বাঙ্গরা বাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই কিশোরী।
অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, উপজেলার শ্রীকাইল ইউনিয়নের চারিপাড়া গ্রামের স্থানীয় এক স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থীর সঙ্গে প্রতিবেশী ইয়াছিন আরাফাতের প্রেমের সম্পর্ক প্রায় এক বছর ধরে চলছিল। সম্পর্কের একপর্যায়ে ইয়াছিন বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন। সর্বশেষ ১৮ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে ইয়াছিন ওই কিশোরীর ঘরে গিয়ে আবারও শারীরিক সম্পর্ক স্থাপন করেন।
আরও পড়ুন: ঈশ্বরদীতে জমি বিরোধে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, বিচার দাবি
ভুক্তভোগী কিশোরী গণমাধ্যমকে জানান, ঘটনার রাতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি জানতে পেরে উভয়পক্ষকে ডেকে সামাজিকভাবে বিয়ে করানোর আশ্বাস দেন। কিন্তু পরবর্তীতে সালিশদাররা ইয়াছিনকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে উল্টো ভুক্তভোগী পরিবারকে ৪ লাখ টাকা দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন এবং মুখ বন্ধ রাখতে বাধ্য করেন।
এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে ভুক্তভোগী কিশোরী বলেন, "আমি টাকা চাই না, ইয়াছিনকে আমার স্বামী হিসেবে চাই।"
এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল আলম জানান, "আমি ছুটি শেষে আজই ফিরলাম, তাই এ বিষয়টি আমি জানি না। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হবে। ঘটনার সত্যতা তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।"
আরও পড়ুন: চৌহালীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় অপরাধ দমন ও নিরাপত্তা নিয়ে আলোচনা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন