০১:০০ পি.এম
কলকাতা চলচ্চিত্র উৎসব আগামী ডিসেম্বরে শুরু হতে যাচ্ছে। এই উৎসবের জন্য কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন টালিউডের ‘বুম্বাদা’ খ্যাত অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী মুখ্য উপদেষ্টার দায়িত্বে থাকবেন। চলচ্চিত্র উৎসবের সকল পরিকল্পনা মিঠুনের নেতৃত্বে সম্পন্ন হবে বলে জানা গেছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) চলচ্চিত্র উৎসবের প্রাক-প্রস্তুতির বৈঠকে উপস্থিত ছিলেন মিঠুন চক্রবর্তী, অগ্নিমিত্রা পাল, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, হিরণ চট্টোপাধ্যায় এবং শর্বরী মুখোপাধ্যায়। বৈঠক শেষে মিঠুন চক্রবর্তী জানান, চলচ্চিত্র উৎসব উপলক্ষে কলকাতা শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোকে সাজানো হবে। বিগত সরকারের সময় থেকে কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে বিশেষ অতিথিদের তালিকায় সবসময়ই থাকে আকর্ষণীয় চমক।
এবারও সেই ধারাবাহিকতা বজায় থাকবে। উদ্বোধনে উপস্থিত থাকবেন বলিউডের ঠোঁটকাটা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত, বাহুবলী খ্যাত নায়ক প্রভাস এবং দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্ত। কলকাতা চলচ্চিত্র উৎসবের আয়োজনে গঠিত সরকারি কমিটির বৈঠকের পর এ তথ্য জানা গেছে।
আরও পড়ুন: কৃতি শ্যানন: ইনস্টাগ্রামে এআই দ্বারা তৈরি ছবি সরানোর সুযোগ নেই
মিঠুন চক্রবর্তী বলেন, ‘এবার রজনীকান্ত, প্রভাস, অনুপম খের আসছেন। কথাবার্তা চলছে কঙ্গনা ও পরেশ রাওয়ালের সঙ্গেও। বেশি ভিড় বাড়াতে চাই না। এতেই হয়ে যাবে। বিদেশের কয়েকজন তারকাকে আনারও চেষ্টা করছি।’
নতুন সরকারের অধীনে উদ্বোধনী অনুষ্ঠান কোথায় হবে, তা নিয়েও কৌতূহল তৈরি হয়েছে। এ প্রসঙ্গে ‘ফাটাকেষ্ট’ খ্যাত অভিনেতা বলেন, ‘এবার সম্ভবত ভিক্টোরিয়ায় উদ্বোধন হবে।’ উদ্বোধনে নানা চমক থাকবে বলেও তিনি ইঙ্গিত দেন। ১৬ ডিসেম্বর থেকে চলচ্চিত্র উৎসব শুরু হবে এবং এটি চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত।
গত বছর বলিউড থেকে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শত্রুঘ্ন সিনহা, সুজয় ঘোষ এবং তিলোত্তমা সোম। এর আগে উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সালমান খান, জাভেদ আখতার, শাবানা আজমি, বিদ্যা বালান, রানি মুখার্জি, আনুশকা শর্মা এবং ক্যাটরিনা কাইফের মতো তারকারা। সেই ধারাবাহিকতায় এবার বলিউডের পাশাপাশি দক্ষিণের ইন্ডাস্ট্রি থেকেও আসছেন রজনীকান্ত ও প্রভাস।
আরও পড়ুন: যৌবন ধরে রাখতে রেড লাইট থেরাপি নিচ্ছেন সানিয়া মির্জা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন