০৮:৪৯ এম
ইসরাইলে নির্বাচনের পর প্রথমবারের মতো জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি একইসাথে বিরোধী দলগুলো আরব ও ইসলামপন্থি দলগুলোর সমর্থনে সরকার গঠনের চেষ্টা করছে বলে অভিযোগ করে হুঁশিয়ারি দিয়েছেন।
শনিবার (৭ নভেম্বর) দেয়া বক্তব্যে নেতানিয়াহু বলেন, ‘এখন ঐক্যের সময়। জনগণের ইচ্ছা এটাই, সময়েরও এটাই দাবি। সন্ত্রাসের সমর্থকদের ওপর নির্ভরশীল কোনো সরকার সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করতে পারবে না।’
তিনি উল্লেখ করেন, বিরোধী দলের নেতারা আরব দলগুলোর সমর্থনে সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছেন। নেতানিয়াহুর মতে, এসব দল হামাসকে সমর্থন করে এবং ইসরাইলের অস্তিত্ব দুর্বল করতে চায়।
আরও পড়ুন: কলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় তিন সেনা নিহত
নেতানিয়াহু আরও বলেন, এই সপ্তাহের শুরুতেই কেউ কেউ তড়িঘড়ি করে সন্ত্রাসের সমর্থকদের নিয়ে সরকার গঠনের চেষ্টা করছেন। তিনি সতর্ক করেন যে, এমন একটি সরকার ইসরাইল রাষ্ট্রকে ধ্বংস করতে চাওয়া এবং এর ধ্বংসস্তূপের ওপর ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষের লোকদের ওপর নির্ভরশীল হবে।
এ ধরনের সরকার ইরানের হুমকি এবং গাজা ও লেবাননে চলমান সংঘাতসহ ইসরাইলের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।
নেতানিয়াহু বলেন, এমন সরকার ইরানের অস্তিত্বগত হুমকি দূর করতে সক্ষম হবে না। গাজা ও লেবাননে দায়িত্ব পালন করা ইসরাইলি সেনাদের সুরক্ষা দিতে পারবে না। কারণ, সম্ভাব্য ওই সরকারের এক-তৃতীয়াংশ সদস্য ইসরাইলি সেনাদের যুদ্ধাপরাধী বলে আখ্যা দেন এবং হামাসের নুখবা ইউনিট ও হিজবুল্লাহর যোদ্ধাদের প্রশংসা করেন।
এদিকে, নেতানিয়াহুর এই মন্তব্যের পরপরই বিরোধী নেতা গাদি আইজেনকট সরকার গঠনের দায়িত্ব পেয়েছেন। প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের এই সিদ্ধান্ত নেতানিয়াহুর দীর্ঘ রাজনৈতিক আধিপত্যের অবসানের সম্ভাবনা তৈরি করেছে। শনিবার সন্ধ্যায় তাকে দায়িত্ব দেয়ার সিদ্ধান্ত জানান দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ।
আরও পড়ুন: সানায় হামলার জবাবে সৌদিতে দফায় দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা
গত ২৭ অক্টোবরের নির্বাচনে কোনো পক্ষই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। আইজেনকোটের চার দলের জোট পেয়েছে ৪৮ আসন, নেতানিয়াহুর ডানপন্থি ও ধর্মীয় জোটের ঝুলিতে ৫৩ আসন রয়েছে। তবে প্রেসিডেন্টের সঙ্গে পরামর্শে ৬৭ আইনপ্রণেতা আইজেনকটের পক্ষে সমর্থন জানান, নেতানিয়াহুর পক্ষে ছিলেন ৪৬ জন। আরব দলগুলো পেয়েছে রেকর্ড ১৯ আসন।
সরকার গঠনে আইজেনকটের হাতে সময় ২৮ দিন, প্রয়োজনে আরও ১৪ দিন বাড়ানোর সুযোগ রয়েছে। সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে অন্তত ৬১ আসন প্রয়োজন। তবে আইজেনকোট আরব দলগুলোর সমর্থন নিলেও তাদের নিয়ে সরকার গঠনে অনিচ্ছার কথা জানিয়েছেন।
আইজেনকট সরকার গঠনে ব্যর্থ হলে দ্বিতীয় কাউকে দায়িত্ব দেবেন প্রেসিডেন্ট। সেই চেষ্টাও ব্যর্থ হলে পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থনে তৃতীয় প্রার্থীকে শেষ ১৪ দিনের সুযোগ দেয়া হবে। সব প্রচেষ্টা ব্যর্থ হলে ৯০ দিনের মধ্যে আবারও নির্বাচন আয়োজন করতে হবে। ততদিন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বে থাকবেন নেতানিয়াহু।
সূত্র: জেরুজালেম পোস্ট
আরও পড়ুন: সৌদিতে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, ৩৩ নিহতের দাবি রিয়াদের
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন