০৪:৫৩ পি.এম
বাংলাদেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাটা একটি বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য কৃষি গবেষণায় বিনিয়োগ বাড়ানোর প্রয়োজন।
আজ রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেছেন, কৃষিতে পড়াশোনা করা মানে সবাইকে শুধু সরকারি চাকরির দিকে যেতে হবে এমন নয়। কৃষির সঙ্গে সম্পর্কিত ব্যবসা, শিল্প ও প্রযুক্তিনির্ভর উদ্যোগের মাধ্যমে যেমন নিজস্ব কর্মসংস্থান করা উচিত, তেমনি অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে।
মন্ত্রী আরও বলেন, কৃষিতে যারা পড়ালেখা করছেন, তারা মাটির মানুষ এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ। তাঁদের শরীর থেকে মাটির গন্ধ পাওয়া যায়। চাকরি ছাড়া কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলার দিকে শিক্ষার্থীদের প্রস্তুতি নিতে বলছেন তিনি।
আরও পড়ুন: ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘটে মরদেহ পরিবহনে বিপাকে স্বজনরা, রোগীরাও ভোগান্তিতে
মন্ত্রী নতুন শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন, চাকরির পেছনে ছুটে না গিয়ে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে নিজেদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। দেশের কৃষি খাতের অপার সম্ভাবনা কাজে লাগিয়ে তরুণরা উদ্যোক্তা হলে, তা কর্মসংস্থান সৃষ্টি করতে সক্ষম হবে এবং জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।
মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, সরকারের সামনে অনেক বড় চ্যালেঞ্জ রয়েছে। অতীতে ১৫ বছর ধরে ফ্যাসিস্ট সরকারের কারণে দেশের অর্থনীতির ভিত্তি ভেঙে গেছে। প্রাতিষ্ঠানিক কাঠামো ভেঙে ফেলা হয়েছে এবং এসব সংকট থেকে উত্তরণের মাধ্যমে সরকার দেশকে মেরামত করার চেষ্টা করছে। সরকারের মূল পরিকল্পনা হলো এই ভঙ্গুর অর্থনৈতিক ও সামাজিক কাঠামো পুনর্নির্মাণ করা।
তিনি বলেন, দেশে ৪ কোটি শিক্ষিত বেকার যুবক রয়েছে, একটির পদের জন্য ৫ থেকে ৬ লাখ আবেদন করতে হচ্ছে। এই সমস্যা রাতারাতি সমাধান হওয়ার নয়। তাই পরিকল্পনা অনুযায়ী কাঠামো সাজাতে হবে, অর্থাৎ কীভাবে অর্থনৈতিকভাবে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা যায়, এসব সেক্টরে সরকার বর্তমানে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে।
মন্ত্রী আরও বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যতে সামনে যেসব চ্যালেঞ্জ আসবে, সেই সবকিছু পুনর্নির্মাণ করা হচ্ছে। আনএমপ্লয়মেন্ট সমস্যা বাড়ছে। এই কারণে কৃষিতে গুরুত্ব দিয়ে উত্তর ও দক্ষিণাঞ্চলে কৃষি হাব তৈরি করার কাজ চলছে।
আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না
তিনি আরো বলেন, সরকারের পাঁচ মাস না যেতেই অনেকে নানা কথা বলছেন, কিন্তু দেশে সংকট প্রচুর। বড় সংকট হলো গ্যাস, তেল এবং জ্বালানির অভাব রয়েছে। আমেরিকা-ইরান যুদ্ধ পরিস্থিতি জ্বালানি সংকট বাড়াচ্ছে। এদিকে, মন্ত্রী দেশের শক্তি উৎপাদনের বিষয়ে গ্রিন অ্যানার্জির দিকে অগ্রসর হওয়ার কথা বলেন। এসব পদক্ষেপের সুফল কৃষকরা পাবে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন জানান, বাংলাদেশের কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষি গবেষণায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের গুরুত্ব অপরিসীম। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে নবীন শিক্ষার্থীরা ভবিষ্যতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
শেকৃবির উপাচার্য ড. মো. আব্দুল লতিফের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলিসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন