০৫:০৪ পি.এম
ইরাকের কুর্দিস্তান অঞ্চলে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ভিসার মেয়াদ শেষ হওয়া কিংবা রেসিডেন্সি পারমিটের মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণে ধার্য করা জরিমানা ৭৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় সরকার। এই সুবিধা গ্রহণের জন্য আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট রেসিডেন্সি অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করতে হবে।
বুধবার (২১ অক্টোবর) কুর্দিস্তান অঞ্চলের সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি ঘোষণার বরাত দিয়ে এই তথ্য জানায় ইরাকে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
দূতাবাসের তথ্য অনুযায়ী, কুর্দিস্তান অঞ্চলের স্বরাষ্ট্রমন্ত্রী রেবার আহমেদের নির্দেশে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আদেশ নম্বর ৩২৫৫৭-এর আওতায় নির্ধারিত শর্ত পূরণকারী বিদেশি নাগরিকদের বিলম্বজনিত জরিমানার ৭৫ শতাংশ মওকুফ করা হবে। ফলে, তাদের মোট জরিমানার মাত্র ২৫ শতাংশ পরিশোধ করতে হবে।
আরও পড়ুন: রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজনের প্রাণহানি
ঘোষণায় উল্লেখ করা হয়েছে, যেসব বিদেশি নাগরিক বৈধ ভিসা নিয়ে কুর্দিস্তান অঞ্চলে প্রবেশ করেছেন, কিন্তু কোনো কারণে ভিসার মেয়াদ বাড়াতে পারেননি অথবা ভিসাকে রেসিডেন্সি পারমিটে রূপান্তর করতে পারেননি, তারা এই সুবিধার আওতায় আসবেন।
একইভাবে, যাদের রেসিডেন্সি পারমিটের মেয়াদ ইতোমধ্যে শেষ হয়ে গেছে, তারাও নির্ধারিত শর্তে এই ছাড় পাবেন। এ ক্ষেত্রে ২০১১ সালের নির্দেশনা নম্বর ১-এ উল্লেখিত বিলম্বজনিত জরিমানার ওপর ছাড় কার্যকর হবে।
জরিমানায় ছাড় পেতে আগ্রহী বিদেশি নাগরিকদের আগামী ৩১ ডিসেম্বর ২০২৬-এর মধ্যে কুর্দিস্তান অঞ্চলের যেকোনো একটি রেসিডেন্সি অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে তারা এই সুবিধা গ্রহণ করতে পারবেন।
আরও পড়ুন: চট্টগ্রামে বাবা-মেয়ের মৃত্যুর পর পুলিশের গাড়িতে হামলা ও বাসে আগুন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন