১০:০৯ পি.এম
আইন প্রণয়ন, চুক্তি সম্পাদন, আন্তর্জাতিক নেগোসিয়েশন এবং বিরোধ নিষ্পত্তি বিষয়ে দক্ষ জনবল গড়ে তোলার লক্ষ্যে ‘লেজিসলেটিভ প্রশিক্ষণ ও গবেষণা ইনস্টিটিউট’-এর কার্যক্রমকে আরও শক্তিশালী করার নির্দেশনা দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
রোববার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের আওতাধীন এই ইনস্টিটিউটের উপদেষ্টা বোর্ডের প্রথম সভায় সভাপতিত্বকালে তিনি এই নির্দেশনা প্রদান করেন।
সভায় ইনস্টিটিউটের সার্বিক অবস্থা, ইতিমধ্যে গৃহীত কার্যক্রম এবং প্রশিক্ষণ কার্যক্রমকে আরও দক্ষ ও কার্যকরভাবে পরিচালনার জন্য ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে উপদেষ্টা বোর্ডকে অবহিত করা হয়। এ সময় আইনমন্ত্রী ইনস্টিটিউটের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য বাস্তবায়নে প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেন। পাশাপাশি সরকারি কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাসও প্রদান করেন তিনি।
আরও পড়ুন: চাটমোহরে ট্রাক-অটোভ্যান সংঘর্ষে নিহত ২, আহত ২
সভায় উপদেষ্টা বোর্ডের সদস্য এবং লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী, আইন কমিশনের সাবেক পরামর্শক (সচিব পদমর্যাদা) এ কে মোহাম্মদ হোসেন এবং বোর্ডের সদস্যসচিব ও ইনস্টিটিউটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এস. এম. শাফায়েত হোসেন উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশে আইন ও চুক্তি প্রণয়ন, আন্তর্জাতিক চুক্তি (ট্রিটি), নেগোসিয়েশন এবং আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তি ও সালিশ (আরবিট্রেশন) বিষয়ে দক্ষ জনবল তৈরি ও গবেষণার উদ্দেশ্যে ২০২৫ সালে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের অধীনে এই ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়।
প্রতিষ্ঠানটির অন্যতম উদ্দেশ্য হলো সরকারি কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের আন্তর্জাতিক মান অনুসরণ করে আইন ও চুক্তির খসড়া প্রণয়ন, লেজিসলেটিভ ড্রাফটিং ও এডিটিংয়ের উৎকর্ষ সাধন এবং দক্ষ নেগোশিয়েটর ও আরবিট্রেটর তৈরি করা। এছাড়া আন্তর্জাতিক চুক্তি পর্যালোচনার সক্ষমতা বৃদ্ধিতে বিদেশি ভাষা শিক্ষা, প্রণীতব্য আইনের সম্ভাব্য ফলাফল বিশ্লেষণ ও নীতি প্রণয়নে সহায়তা, ট্রিটি হ্যান্ডবুক প্রণয়ন এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কর্মশালা, সেমিনার ও সম্মেলন আয়োজনের মাধ্যমে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতেও কাজ করছে ইনস্টিটিউটটি।
প্রতিষ্ঠার পর থেকে ইনস্টিটিউটটি ইতিমধ্যে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার প্রায় এক হাজার কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে প্রশিক্ষণ প্রদান করেছে।
আরও পড়ুন: সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের ভগ্নিপতি ডা. সেলিম চৌধুরী গ্রেপ্তার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন