ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের ভগ্নিপতি ডা. সেলিম চৌধুরী গ্রেপ্তার


সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের ভগ্নিপতি ডা. সেলিম চৌধুরী গ্রেপ্তার

পুলিশ সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ভগ্নিপতি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম চৌধুরীকে গ্রেপ্তার করেছে।

রোববার (২৯ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রামের খুলশী থানাধীন ভিআইপি আবাসিক এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

খুলশী থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। তবে, কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। পুলিশের দাবি, সাম্প্রতিক নাশকতায় ডা. সেলিম চৌধুরীর হাত থাকতে পারে।

আরও পড়ুন: নোয়াখালীর হাতিয়ায় ৩ কোটি টাকার সুপারিসহ ২৫ পাচারকারী আটক

গ্রেপ্তার সেলিম আকতার চৌধুরী বেশ কয়েক বছর চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন। এই সময়ের মধ্যে তার বিরুদ্ধে বহু অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছিল। তিনি প্রয়াত সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর বড় মেয়ের স্বামী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাটমোহরে ট্রাক-অটোভ্যান সংঘর্ষে নিহত ২, আহত ২

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

১০:১৯ পি.এম


চাটমোহরে ট্রাক-অটোভ্যান সংঘর্ষে নিহত ২, আহত ২

পাবনার চাটমোহরে একটি বালু বোঝাই ট্রাকের সঙ্গে অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ২ জন নিহত এবং ২ জন আহত হয়েছেন। এই দুর্ঘটনাটি ঘটে রোববার (২৯ নভেম্বর) ভোরের দিকে, আনুমানিক ৬টার সময়, উপজেলার মথুরাপুর ইউনিয়নের ভাদড়া বাইপাস এলাকায়।

নিহতদের মধ্যে রয়েছেন, চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের শুকুরভাঙ্গা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে, ভ্যান চালক আব্দুল মমিন (৩০) এবং মহেলা গ্রামের ইয়াসিন আলীর ছেলে নজরুল হোসেন (৭০)।

এই ঘটনায় আহত নজরুল ইসলামের ছেলে হাফিজুল ইসলাম (৪০) এবং আজগার আলীর ছেলে মোজাম আলী (৪৫) কে গুরুতর অবস্থায় উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য পাবনা ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, সকালে চাটমোহর রেলবাজার (অমৃত কুন্ডা) হাটে যাওয়ার উদ্দেশ্যে কৃষি পণ্য বোঝাই অটোভ্যানে রওনা দেন নজরুল ইসলামসহ অন্যান্যরা। পথিমধ্যে ভাদরা বাইপাস এলাকায় পৌঁছালে ব্যাটারি চালিত অটো ভ্যানের শ্যাপ ভেঙে যায় এবং বালি বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট- (১৮-২০৪১)) এর চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু ঘটে।

চাটমোহর থানার অফিসার ইনচার্জ মোহা. অলিউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাক এবং ক্ষতিগ্রস্ত ভ্যান জব্দ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএমইউ’তে পূবালী ব্যাংকের উদ্যোগে ‘স্বাস্থ্যসেবায় ডিজিটাল ছোঁয়া’ উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

১০:২০ পি.এম


বিএমইউ’তে পূবালী ব্যাংকের উদ্যোগে ‘স্বাস্থ্যসেবায় ডিজিটাল ছোঁয়া’ উদ্বোধন

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) স্বাস্থ্যসেবাকে আধুনিক, সহজ ও গতিশীল করার উদ্দেশ্যে পূবালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে ‘স্বাস্থ্যসেবায় ডিজিটাল ছোঁয়া’ শীর্ষক একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৯ নভেম্বর) অনুষ্ঠিত এই অনুষ্ঠানে রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের সেবা অটোমেশন কার্যক্রমের উদ্বোধন, বিশ্ববিদ্যালয়ের জন্য একটি বাস উপহার হিসেবে হস্তান্তর এবং পূবালী ব্যাংকের ‘সেলফ সার্ভিস সেন্টার’-এর শুভ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিএমইউর ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী।

অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী প্রধান অতিথির বক্তব্যে বলেন, "স্বাস্থ্যসেবায় ডিজিটাল প্রযুক্তির সংযোজন সময়ের দাবি।" তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, বিএমইউর রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের সেবা অটোমেশন কার্যক্রম চালু হওয়ায় চিকিৎসাসেবা সহজ, দ্রুত ও আধুনিক হবে। তিনি উল্লেখ করেন, এতে রোগীদের ভোগান্তি কমবে এবং আলট্রানোসগ্রামসহ অন্যান্য সেবা পাওয়ার জন্য আর দীর্ঘ লাইন ধরে অপেক্ষা করতে হবে না। তিনি আরও বলেন, "দেশের দরিদ্র ও সাধারণ রোগীদেরও অনলাইন সেবা পাওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে।"

অধ্যাপক সিদ্দিকী বিশ্ববিদ্যালয়ের জন্য বাস উপহার এবং পূবালী ব্যাংকের সেলফ সার্ভিস সেন্টার চালুর উদ্যোগকে প্রশংসনীয় বলে উল্লেখ করেন। তিনি বলেন, "ব্যাংকগুলো সোশ্যাল রেসপনসিবিলিটি দায়িত্ব পালনের পাশাপাশি মানবতার সেবায় বিরাট অবদান রাখতে পারে।"

বিশেষ অতিথি মোহাম্মদ আলী বলেন, "পূবালী ব্যাংক সব সময় গ্রাহকবান্ধব ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সম্প্রসারণে কাজ করে যাচ্ছে।" তিনি বিএমইউর রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের সেবা অটোমেশন, বাস উপহার এবং সেলফ সার্ভিস সেন্টার চালুর মাধ্যমে স্বাস্থ্যসেবা ও প্রাতিষ্ঠানিক উন্নয়নে অংশীদার হতে পেরে আনন্দিত। তিনি বিশ্বাস করেন, "প্রযুক্তির সঠিক ব্যবহার চিকিৎসাসেবাকে আরও সহজ, স্বচ্ছ ও গতিশীল করবে।" তিনি ভবিষ্যতে দেশের শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে পূবালী ব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. মোস্তফা কামালের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন প্রো-ভিসি (একাডেমিক) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. ইরতেকা রহমান, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ডা. এ. কে. এম. আখতারুজ্জামান, পরিচালক (অর্থ ও হিসাব) খন্দকার শফিকুল হাসান রতন, পূবালী ব্যাংকের মহাব্যবস্থাপক ও ঢাকা কেন্দ্রীয় অঞ্চলের অঞ্চল প্রধান আবু লাইস মো. শামসুজ্জামান, উপ-মহাব্যবস্থাপক ও অলটারনেটিভ ডেলিভারি চ্যানেল ডিভিশন প্রধান মো. রবিউল আলম, শাহবাগ শাখা ব্যবস্থাপক ও উপ-মহাব্যবস্থাপক মোছা. মাসুমা খানম, বিএমইউর অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) নাছির উদ্দিন ভূঁঞা, পূবালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ মিজানুর রহমান সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউপি নির্বাচনে প্রশাসনের নিরপেক্ষতা ও সমান সুযোগের দাবি বাসদের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

১০:২০ পি.এম


ইউপি নির্বাচনে প্রশাসনের নিরপেক্ষতা ও সমান সুযোগের দাবি বাসদের

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে রাষ্ট্র ও প্রশাসনের নিরপেক্ষতা, জনগণের স্বাধীন ভোটাধিকার এবং সকল প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করার দাবি তুলেছে। এই সঙ্গে প্রার্থীদের জামানত বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল, নির্বাচনে কালোটাকা ও পেশিশক্তির ব্যবহার বন্ধ এবং সাম্প্রদায়িক প্রচারণা নিষিদ্ধ করারও দাবি জানানো হয়েছে দলটির পক্ষ থেকে।

রবিবার (২৯ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে আসন্ন ইউপি নির্বাচন ২০২৭ উপলক্ষে নির্বাচন কমিশনের সঙ্গে মতবিনিময়সভায় এসব দাবি তুলে ধরে বাসদ। সভায় দলের পক্ষে উপস্থিত ছিলেন সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন এবং সম্পাদকমণ্ডলীর সদস্য নিখিল দাস।

বাসদের দেওয়া লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, গণতান্ত্রিক সমাজ গঠনে স্থানীয় সরকার নির্বাচন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তবে এর জন্য অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা আবশ্যক। নির্বাচনী পরিবেশে কালোটাকা, পেশিশক্তি, মব সন্ত্রাস, সাম্প্রদায়িক উসকানি ও প্রশাসনিক পক্ষপাত কার্যকরভাবে প্রতিহত করতে হবে।

দলটির দাবির মধ্যে রয়েছে, সাধারণ মানুষের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ সংকুচিত করে এমন প্রার্থীর জামানত বৃদ্ধির পদক্ষেপ বাতিল করা। শ্রমিক, কৃষক, নারী, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু এবং আদিবাসীসহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য নিরাপদ ও পক্ষপাতহীন ভোটের পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। ভয়ভীতি, হামলা, হুমকি ও প্রতিপক্ষকে দমনের চেষ্টা কঠোরভাবে দমনেরও দাবি করেছে দলটি।

নির্বাচনে কালো টাকা ও পেশিশক্তির ব্যবহার বন্ধে প্রার্থীদের ব্যয় নিয়মিত নিরীক্ষা এবং ব্যয়সীমা ও আচরণবিধি লঙ্ঘনের দায়ে প্রার্থিতা বাতিলসহ কার্যকর শাস্তির বিধান করার প্রস্তাব দিয়েছে বাসদ। দলটি নির্বাচন কমিশন, নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রশাসনের সদস্যদের নিরপেক্ষতা নিশ্চিত করার দাবি করেছে।

লিখিত বক্তব্যে বলা হয়, আচরণবিধি লঙ্ঘনকারী প্রার্থীর বিরুদ্ধে অভিযোগের অপেক্ষা না করে নির্বাচন কমিশনকে স্বতঃপ্রণোদিত হয়ে ব্যবস্থা নিতে হবে। নির্বাচনী দায়িত্বে থাকা কোনো কর্মকর্তা পক্ষপাতমূলক আচরণ করলে তাকে তাৎক্ষণিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার পাশাপাশি প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নিতে হবে।

নির্বাচনী প্রচারণায় সাম্প্রদায়িক বক্তব্য, ঘৃণা, উসকানি ও বিভাজনমূলক প্রচার নিষিদ্ধ করে তা আচরণবিধিতে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে বাসদ। নির্বাচিত হলে জনগণের কাছে দায়বদ্ধ থাকা এবং নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে প্রার্থীদের লিখিত প্রতিশ্রুতি নেওয়ার প্রস্তাবও দিয়েছে দলটি।

স্থানীয় সরকারকে প্রকৃত অর্থে জনগণের সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে এর স্বায়ত্তশাসন নিশ্চিত ও শক্তিশালী করার দাবি জানিয়েছে বাসদ। এই প্রেক্ষাপটে স্থানীয় সরকার সম্পর্কে রাষ্ট্র ও সরকারের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের পাশাপাশি সংবিধানে ইংরেজিতে ‘লোকাল গভর্নমেন্ট’ এবং বাংলায় ‘স্থানীয় শাসন’ ব্যবহারের অসংগতি দূর করার প্রস্তাবও এসেছে দলটির পক্ষ থেকে।

বাসদের বক্তব্যে আরো বলা হয়, মুক্তিযুদ্ধের চেতনা ও জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নির্বাচন হতে হবে এমন, যেখানে রাষ্ট্র কোনো প্রার্থীর পক্ষ নেবে না, প্রশাসন কোনো দল বা প্রার্থীর হাতিয়ার হবে না এবং কালো টাকা, পেশিশক্তি, মব সন্ত্রাস ও সাম্প্রদায়িক উসকানি জনগণের ভোটাধিকারকে প্রভাবিত করতে পারবে না। এসব দাবি বাস্তবায়নে প্রয়োজনীয় আইনগত, প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে দলটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রূপগঞ্জে অর্ধশত প্রাথমিক বিদ্যালয়ে খেলার মাঠের অভাব, জমি বেদখল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

১০:২১ পি.এম


রূপগঞ্জে অর্ধশত প্রাথমিক বিদ্যালয়ে খেলার মাঠের অভাব, জমি বেদখল

শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম। তবে নারায়ণগঞ্জের রূপগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় অর্ধশত শিক্ষাপ্রতিষ্ঠানে খেলার উপযোগী মাঠের অভাব রয়েছে। কিছু বিদ্যালয়ে মাঠের জন্য পর্যাপ্ত জায়গা নেই, আবার কোথাও বিদ্যালয়ের নিজস্ব জমি দখল ও বিরোধের কারণে মাঠ ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিয়মিত খেলাধুলা ও বিনোদনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। অভিভাবক ও এলাকাবাসী মাঠ উদ্ধার, সীমানা নির্ধারণ এবং বিদ্যালয়গুলোতে খেলার পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

সরেজমিনে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে দেখা যায়, অনেক বিদ্যালয়ে শিক্ষার্থীদের খেলাধুলার জন্য পর্যাপ্ত জায়গা নেই। কোথাও বিদ্যালয় ভবনের সামনের সামান্য জায়গাটুকুতে পাঠদান ও চলাচল চলছে, আবার কোথাও বিদ্যালয়ের জমি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের দখলে রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিশেষ করে পানি উন্নয়ন বোর্ড, সড়ক ও জনপথ বিভাগের অধিগ্রহণ এবং প্রভাবশালীদের দখল নিয়ে কয়েকটি বিদ্যালয়ের জমিতে জটিলতা তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

রূপগঞ্জ উপজেলার দুটি পৌরসভা ও সাতটি ইউনিয়নে ১১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। সরেজমিনে প্রায় ৫০টি বিদ্যালয়ে খেলার উপযোগী মাঠের অভাব দেখা গেলেও উপজেলা শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, ২৩টি বিদ্যালয়ে কোনো খেলার মাঠ নেই। মাঠের অভাবে টিফিনের বিরতিতেও শিক্ষার্থীরা স্বাভাবিকভাবে খেলাধুলা করতে পারছে না।

একাধিক শিক্ষার্থী জানায়, বিদ্যালয়ে পর্যাপ্ত জায়গা না থাকায় তারা বন্ধুদের সঙ্গে নিয়মিত খেলাধুলা করতে পারে না। মাঠ থাকলে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার সুযোগ পেত তারা।

শিক্ষকরা বলছেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু জায়গার সংকট ও জমি নিয়ে বিরোধের কারণে শিক্ষার্থীদের জন্য খেলাধুলার পরিবেশ তৈরি করা সম্ভব হচ্ছে না। বিদ্যালয়ের নিজস্ব জমি উদ্ধার করে মাঠের ব্যবস্থা করা জরুরি।

এদিকে বিদ্যালয়ের জমি দখলমুক্ত করা, সীমানা নির্ধারণ এবং প্রয়োজনীয় জায়গায় খেলার মাঠ নির্মাণের দাবি জানিয়েছেন অভিভাবক ও সচেতন নাগরিকরা। তারা এ দাবিতে আন্দোলনের প্রস্তুতিও নিচ্ছেন।

শিক্ষাবিদ ও সচেতন মহলের মতে, শিশুদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। সুস্থ, মেধাবী ও মানবিক প্রজন্ম গড়ে তুলতে প্রতিটি বিদ্যালয়ে খেলাধুলার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা জরুরি। তাই দ্রুত বিদ্যালয়ের জমি উদ্ধার করে শিক্ষার্থীদের জন্য খেলার মাঠ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ চান তারা।

এ বিষয়ে রূপগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজমুন নাহার বলেন, উপজেলায় ১১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ২৩টিতে খেলার মাঠ নেই। যেসব বিদ্যালয়ে মাঠের সমস্যা রয়েছে, সেগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, বিদ্যালয়ের জমি কেউ অবৈধভাবে দখল করে থাকলে তা চিহ্নিত করা প্রয়োজন। সংশ্লিষ্ট দফতরের সঙ্গে সমন্বয় করে জমি উদ্ধারের উদ্যোগ নেওয়া হবে। শিশুদের খেলাধুলার সুযোগ নিশ্চিত করা আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০৩
জোহর ১১:৪৮
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%