ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

ভারত-বাংলাদেশ পাইপলাইনের মাধ্যমে পার্বতীপুরে পৌঁছাল ৪ হাজার মেট্রিক টন ডিজেল


ভারত-বাংলাদেশ পাইপলাইনের মাধ্যমে পার্বতীপুরে পৌঁছাল ৪ হাজার মেট্রিক টন ডিজেল

দিনাজপুর, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ : ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে প্রায় ৪ হাজার মেট্রিক টন বা ৪৭ লাখ লিটার ডিজেল দিনাজপুরের পার্বতীপুর রিসিভিং টার্মিনাল ডিপোতে এসে পৌঁছেছে।

এই ডিজেল আমদানি করা হয়েছে পাইপলাইনের ৭২তম চালানের অংশ হিসেবে। দিনাজপুরের পার্বতীপুর রেল ডিপোর অপারেশন ম্যানেজার মো. রবিউল আলম বাসসকে জানান, গত রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টায় ডিজেল হস্তান্তরের এই প্রক্রিয়া শুরু হয়। মঙ্গলবার বিকেলে তা সম্পন্ন হয়।

২০১৮ সালের দ্বিপক্ষীয় চুক্তির আওতায়, বাংলাদেশ ও ভারত ১৫ বছরের মধ্যে প্রায় ২০ লাখ টন ডিজেল আমদানির বিষয়ে সম্মত হয়েছে। ২০২৩ সালের মার্চ মাসে পাইপলাইনটি উদ্বোধনের পর থেকে বাংলাদেশ এ লাইনের মাধ্যমে ৩ লাখ ৩০ হাজার ৮৭ টন ডিজেল আমদানি করেছে।

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু

আমদানিকৃত এই জ্বালানি রাষ্ট্রায়ত্ত তিনটি প্রতিষ্ঠান-পদ্মা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম এবং যমুনা অয়েল কোম্পানির মধ্যে প্রায় সমপরিমাণে বিতরণ করা হয়।

উল্লেখ্য, পাইপলাইনের বাংলাদেশ অংশটি ১২৬ দশমিক ৫৭ কিলোমিটার দীর্ঘ। এটি পঞ্চগড়, নীলফামারী ও দিনাজপুরের বিভিন্ন এলাকার ওপর দিয়ে পার্বতীপুরে পৌঁছেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মানবপাচার ও সীমান্তপারের অপরাধ রোধে মালয়েশিয়ার নতুন উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:২৮ পি.এম


মানবপাচার ও সীমান্তপারের অপরাধ রোধে মালয়েশিয়ার নতুন উদ্যোগ

মালয়েশিয়া নতুন উদ্যোগ গ্রহণ করেছে সীমান্তপারের ক্রমবর্ধমান অপরাধ, অনলাইন প্রতারণা, মানবপাচার, জাল নথি ও পরিচয় অপব্যবহার ঠেকানোর জন্য। এই উদ্দেশ্যে দেশটির ইমিগ্রেশন বিভাগ এবং যোগাযোগ ও মাল্টিমিডিয়া কমিশনের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) পুত্রজায়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত অনুষ্ঠানে মালয়েশিয়ার যোগাযোগমন্ত্রী ফাহমি ফাদজিল এবং স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইলের উপস্থিতিতে দুই প্রতিষ্ঠানের মধ্যে এই সমঝোতা স্মারক সই হয়।

সমঝোতার মূল উদ্দেশ্য হলো সীমান্তপারের অপরাধ মোকাবিলায় দেশটির আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সক্ষমতা বৃদ্ধি করা। প্রযুক্তিনির্ভর অপরাধ ও অনলাইন প্রতারণার ধরন দ্রুত পরিবর্তিত হওয়ায় অপরাধ শনাক্ত, প্রতিরোধ ও দমনে দুই প্রতিষ্ঠানের মধ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণের সুযোগ তৈরি হবে।

সমঝোতার অধীনে, সীমান্তপারের অপরাধী কর্মকাণ্ড শনাক্ত ও বাধাগ্রস্ত করার পাশাপাশি মানবপাচার, অভিবাসী পাচার, জাল নথি তৈরি ও ব্যবহার এবং পরিচয় চুরির মতো অপরাধের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের সক্ষমতা জোরদার করা হবে।

মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানাচ্ছে, প্রযুক্তি ও ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে সংঘটিত অপরাধ ক্রমেই জটিল হয়ে উঠছে। এ ধরনের অপরাধ দমনে তথ্য ও প্রযুক্তিগত সক্ষমতার সমন্বিত ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন সহযোগিতা কাঠামোর মাধ্যমে অপরাধ শনাক্তকরণ ও দমনে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সক্ষমতা আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া, অনলাইন প্রতারণা, পরিচয় অপব্যবহার এবং ডিজিটাল প্রযুক্তিকে ব্যবহার করে পরিচালিত অন্যান্য অপরাধ থেকে সাধারণ মানুষকে সুরক্ষা দেওয়ার বিষয়টিও এই সহযোগিতার অন্যতম লক্ষ্য।

অনুষ্ঠানে মালয়েশিয়ার স্বরাষ্ট্র উপমন্ত্রী ড. শামসুল আনুয়ার নাসারাহ, যোগাযোগ মন্ত্রণালয়ের মহাসচিব আবদুল হালিম হামজা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মহাসচিব আওয়াং আলিক জেমান, মালয়েশিয়ার যোগাযোগ ও মাল্টিমিডিয়া কমিশনের (এমসিএমসি) চেয়ারম্যান তান শ্রী মোহাম্মদ সালিম ফাতেহ দিন এবং দেশটির ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক জাকারিয়া শাবানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নতুন এই সমঝোতার ফলে ইমিগ্রেশন ও ডিজিটাল যোগাযোগ খাতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় আরও জোরদার হবে। এর মাধ্যমে সীমান্তপারের অপরাধের পাশাপাশি প্রযুক্তিনির্ভর প্রতারণা ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে মালয়েশিয়ার আইন প্রয়োগকারী সংস্থাগুলোর নজরদারি ও ব্যবস্থা গ্রহণের সক্ষমতা বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিউইয়র্কে অ্যাপার্টমেন্ট লটারির আবেদন শেষ তারিখ ২৯ সেপ্টেম্বর, জানুন যেভাবে করবেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:২৮ পি.এম


নিউইয়র্কে অ্যাপার্টমেন্ট লটারির আবেদন শেষ তারিখ ২৯ সেপ্টেম্বর, জানুন যেভাবে করবেন

নিউইয়র্কের ব্রুকলিনের কনি আইল্যান্ডে ২৪টি অ্যাফোর্ডেবল অ্যাপার্টমেন্টের জন্য লটারি অনুষ্ঠিত হচ্ছে। ২৯০৫ ওয়েস্ট ১৭তম স্ট্রিটের নতুন আবাসিক ভবনে অবস্থিত এই অ্যাপার্টমেন্টগুলোর মাসিক ভাড়া শুরু হচ্ছে ১ হাজার ৬৮১ ডলার থেকে। যোগ্য আবেদনকারীদের জন্য আবেদন জমা দেওয়ার শেষ সময় ২৯ সেপ্টেম্বর ২০২৬। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করলে, আয় ও পরিবারের সদস্যসংখ্যার শর্ত পূরণ করা আবেদনকারীরা লটারির জন্য বিবেচিত হবেন।

এই আটতলা মিশ্র-ব্যবহারের ভবনে মোট ৭৭টি আবাসিক ইউনিট রয়েছে। এর মধ্যে ২৪টি ইউনিট অ্যাফোর্ডেবল হাউজিং লটারির মাধ্যমে বিতরণ করা হচ্ছে। এসব ইউনিটের জন্য যোগ্য পরিবারের বার্ষিক আয় ৬৩ হাজার ২৫৮ ডলার থেকে ২ লাখ ৩৮ হাজার ১৬০ ডলারের মধ্যে হতে হবে। পরিবারের সদস্যসংখ্যা এবং নির্দিষ্ট ইউনিটের উপর ভিত্তি করে আয়সীমা পরিবর্তিত হবে। এই লটারিতে মোট ২১টি এক-বেডরুম এবং তিনটি দুই-বেডরুম অ্যাপার্টমেন্ট অন্তর্ভুক্ত রয়েছে।

৮০ শতাংশ এরিয়া মিডিয়ান ইনকাম বা এএমআই শ্রেণিতে ১৫টি ইউনিট রয়েছে। এর মধ্যে ১৩টি এক-বেডরুম অ্যাপার্টমেন্টের মাসিক ভাড়া ১ হাজার ৬৮১ ডলার। এসব ইউনিটের জন্য যোগ্য পরিবারের আয় ৬৩ হাজার ২৫৮ থেকে ১ লাখ ২২ হাজার ১৬০ ডলার পর্যন্ত হতে হবে। এছাড়া, ৮০ শতাংশ এএমআই শ্রেণিতে দুটি দুই-বেডরুম ইউনিট রয়েছে, যার মাসিক ভাড়া ২ হাজার ২ ডলার এবং আয়সীমা ৭৬ হাজার ১৮৩ থেকে ১ লাখ ৪৬ হাজার ৫৬০ ডলার।

বাকি নয়টি ইউনিট ১৩০ শতাংশ এএমআই শ্রেণির অন্তর্ভুক্ত। এর মধ্যে আটটি এক-বেডরুম অ্যাপার্টমেন্টের মাসিক ভাড়া ২ হাজার ৫০০ ডলার। এসব ইউনিটের জন্য পরিবারের বার্ষিক আয় ৯১ হাজার ৩৩৮ থেকে ১ লাখ ৯৮ হাজার ৫১০ ডলার পর্যন্ত হতে পারে। একটি দুই-বেডরুম ইউনিটের মাসিক ভাড়া ২ হাজার ৮৫০ ডলার এবং এর জন্য আয়সীমা ১ লাখ ৫ হাজার ২৫৮ থেকে ২ লাখ ৩৮ হাজার ১৬০ ডলার।

ভবনটিতে বাসিন্দাদের জন্য নির্ধারিত পার্কিং স্পেসসহ গ্যারেজ, বাইক স্টোরেজ লকার, পার্সেল লকার, লিফট এবং রুফটপ টেরেস সুবিধা রয়েছে। অ্যাপার্টমেন্টগুলোতে ওয়াশার ও ড্রায়ার, ইন্টারকম, এয়ার কন্ডিশনিং এবং আধুনিক কিচেন অ্যাপ্লায়েন্স ও ফিনিশিং রয়েছে। তবে বাসিন্দাদের বিদ্যুৎ বিল নিজেদের বহন করতে হবে। এর মধ্যে ইলেকট্রিক স্টোভ ও হিটিংয়ের খরচও অন্তর্ভুক্ত থাকবে। গরম পানির খরচ ভাড়ার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে।

আবেদন করার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, পরিবারের মোট বার্ষিক আয় ও সদস্যসংখ্যা অনুযায়ী কোন ইউনিটের জন্য যোগ্যতা রয়েছে তা যাচাই করা। আবেদন করার সময় শুধুমাত্র সর্বনিম্ন ১ হাজার ৬৮১ ডলারের ভাড়া দেখেই আবেদন করা যাবে না। ওই ইউনিটের জন্য নির্ধারিত আয়সীমা এবং পরিবারের আকারের শর্তও পূরণ করতে হবে।

আবেদন করতে হবে নিউইয়র্ক সিটির অফিসিয়াল NYC Housing Connect প্ল্যাটফর্মের মাধ্যমে। প্রথমবারের আবেদনকারীদের Housing Connect-এ অ্যাকাউন্ট তৈরি করে পরিবারের সদস্যসংখ্যা, বর্তমান ঠিকানা ও আয়সংক্রান্ত তথ্যসহ প্রয়োজনীয় প্রোফাইল সম্পন্ন করতে হবে। এরপর ২৯০৫ ওয়েস্ট ১৭তম স্ট্রিটের লটারি খুঁজে যোগ্য ইউনিটের জন্য আবেদন জমা দিতে হবে। আবেদন করার জন্য কোনো ফি নেই।

এই লটারির আবেদন ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে খোলা হয়েছে এবং শেষ হবে ২৯ সেপ্টেম্বর। অনলাইনে আবেদন করলে ওই তারিখের মধ্যে আবেদন জমা দিতে হবে। ডাকযোগে আবেদন করলে আবেদনপত্র ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে পোস্টমার্ক হতে হবে।

আবেদন শেষ হওয়ার পর যোগ্য আবেদনকারীদের মধ্য থেকে লটারির নিয়ম অনুযায়ী নির্বাচন প্রক্রিয়া শুরু হবে। লটারিতে নির্বাচিত হওয়া মানে সরাসরি অ্যাপার্টমেন্ট পাওয়া নয়। নির্বাচিত আবেদনকারীদের আয়, পরিবারের সদস্যসংখ্যা এবং অন্যান্য যোগ্যতার প্রমাণপত্র যাচাই করা হবে। সব শর্ত পূরণ হওয়ার পরই অ্যাপার্টমেন্ট দেওয়ার প্রক্রিয়া এগিয়ে যাবে।

তাহলে আগ্রহী আবেদনকারীদের শেষ দিনের জন্য অপেক্ষা না করে নির্ধারিত আয়সীমা ও পরিবারের আকারের শর্ত যাচাই করে দ্রুত আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে। ২৯ সেপ্টেম্বরের পর এই লটারির জন্য নতুন আবেদন গ্রহণ করা হবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রী মানবিক রাষ্ট্র গড়তে চান: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:২৯ পি.এম


প্রধানমন্ত্রী মানবিক রাষ্ট্র গড়তে চান: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

নাটোর, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিষ্টার ফারজানা শারমীন জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক রাষ্ট্র হিসেবে দেশের উন্নয়ন করতে চান। নতুন বাংলাদেশ গঠনে সকলের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন।

আজ মঙ্গলবার বিকেলে লালপুরের পদ্মার চরে বন্যায় ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবারের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা প্রদানকালে তিনি এই মন্তব্য করেন।

উপজেলার নওশারা সুলতানপুরে ২১৪ পরিবার এবং দিয়ার শংকরপুরে ১৮৬ পরিবারের মাঝে ৩০ কেজি করে চাল, ডাল, ভোজ্য তেল, চিনি, চিড়া-মুড়ি, ওষুধ ও নগদ অর্থ বিতরণ করেন প্রতিমন্ত্রী।

ফারজানা শারমীন উল্লেখ করেন, বর্তমান সরকার অসহায় মানুষের পাশে রয়েছে। আমাদের লক্ষ্য হচ্ছে, দেশের যে কোন প্রান্তে যে কোন মানুষের অসুবিধা দূর করা, তাদের দুঃখ-দুর্দশা লাঘব করা।

তিনি বলেন, অসহায় মানুষের ভাগ্য উন্নয়নের মাধ্যমে দেশের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করবে সরকার। এ দেশে আর কেউ ভাগ্যহত থাকবে না।

প্রতিমন্ত্রী আরও বলেন, বিগত ফ্যাসিবাদী সরকার পদ্মার চরে বসবাসকারী মানুষের জীবন ও জীবিকার উন্নয়নে কোন পদক্ষেপ গ্রহণ করেনি। আমরা চরের মানুষের জীবনমান উন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠান তৈরি, যাতায়াত ব্যবস্থা সহজ করা এবং দুর্যোগ আশ্রয়কেন্দ্র নির্মাণ করতে চাই। চরে কোন অপশক্তিকে সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে মানুষের জীবনকে অনিশ্চয়তার মুখে নিয়ে যেতে দেওয়া হবে না, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। অপার সম্ভাবনাময় চরের অর্থনৈতিক কার্যক্রমে গতি সঞ্চার করতেও আমরা পদক্ষেপ গ্রহণ করবো।

প্রতিমন্ত্রী আরও বলেন, দুর্যোগকালে সরকারের সহযোগিতা নিয়ে আপনাদের পাশে থাকতে চাই। দুর্যোগ পরবর্তী পুনর্বাসন কার্যক্রমেও আপনাদের পাশে থাকতে চাই। কোন ব্যক্তি বা পরিবার আর অনিশ্চতায় থাকবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যশোরে আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার একটি ইজিবাইক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:২৯ পি.এম


যশোরে আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার একটি ইজিবাইক

যশোর, সাতক্ষীরা ও পিরোজপুরে পৃথক অভিযান পরিচালনা করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), যশোর আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে। এই অভিযানের সময় খুলনার ডুমুরিয়া থেকে চুরি করা একটি ইজিবাইক উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন যশোর শহরের শংকরপুর চোপদারপাড়া এলাকার টিপু সুলতানের ছেলে দিদারুল ইসলাম (২৫), সাতক্ষীরার পাটকেলঘাটা উপজেলার মির্জাপুর এলাকার আতিয়ার সরদারের ছেলে ফিরোজ সরদার (২১) এবং একই উপজেলার কেশা এলাকার রুহুল আমিন সরদারের ছেলে শাহাদাত হোসেন, যিনি নাইস নামেও পরিচিত (২৩)।

পিবিআই সূত্র জানায়, গত ২ জুলাই সকাল ৮টার দিকে ইজিবাইক চালক শাকিল হোসেন ডেকোরেশনের মালামাল নিয়ে যশোর শহরের হোটেল ওরিয়ন ইন্টারন্যাশনালে যান। তিনি চার খাম্বা মোড়ে হোটেলের সামনে পাকা রাস্তার ওপর ইজিবাইকটি রেখে তৃতীয় তলায় কাজে চলে যান। বেলা সাড়ে ১১টার দিকে কাজ শেষে নিচে নেমে এসে তিনি ইজিবাইকটি আর দেখতে পাননি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে তিনি কোতোয়ালি মডেল থানায় অভিযোগ করেন। পরে ১১ আগস্ট এ ঘটনায় মামলা দায়ের করা হয়।

মামলাটির তদন্তভার গ্রহণ করেন পিবিআই যশোরের এসআই মিলন মিয়া। যশোর পিবিআইয়ের পুলিশ সুপার ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মো. কামরুজ্জামানের নির্দেশনায় তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চক্রের সদস্যদের অবস্থান সনাক্ত করা হয়।

পিবিআই জানায়, ১৪ সেপ্টেম্বর গভীর রাতে পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে দিদারুল ইসলামকে তাঁর ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ভোরে সাতক্ষীরার পাটকেলঘাটা উপজেলার মির্জাপুর এলাকা থেকে ফিরোজ সরদারকে গ্রেপ্তার করা হয়। পরে ফিরোজের দেওয়া তথ্যের ভিত্তিতে একই উপজেলার কেশা এলাকা থেকে শাহাদাত হোসেন, যিনি নাইস নামে পরিচিত, গ্রেপ্তার হন।

পিবিআইয়ের দাবি, শাহাদাতের দেওয়া তথ্য ও দেখানো মতে ওই দিন দুপুর সোয়া ২টার দিকে খুলনার ডুমুরিয়া থানার খর্ণিয়া বাজারে ‘মেসার্স তানিয়া অটো গ্যারেজ’ থেকে বাদীর চুরি হওয়া ইজিবাইকটি উদ্ধার করা হয়। পিবিআই জানিয়েছে, এ চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি চোরাই ইজিবাইক কেনাবেচার সঙ্গে জড়িত সিন্ডিকেটের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%