ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ইরানের হিট লিষ্টে ট্রাম্পপুত্র: ভয়ে নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন, যান না বাইরেও


ইরানের হিট লিষ্টে ট্রাম্পপুত্র: ভয়ে নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন, যান না বাইরেও

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ বছর বয়সী ছেলে ব্যারন ট্রাম্প নিরাপত্তা শঙ্কায় অনেকটাই আড়ালে জীবন কাটাচ্ছেন বলে জানিয়েছে নিউইয়র্ক পোস্ট। দুই বছরে ট্রাম্পের ওপর তিনটি হত্যাচেষ্টার পর তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। এর মধ্যেই ব্যারনকে লক্ষ্য করে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে হুমকিমূলক ভিডিও প্রচারের খবর সামনে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বর্ষের পড়াশোনা শেষ করেছেন ব্যারন। তবে জনসমাগম এড়িয়ে চলছেন তিনি। গ্রীষ্মকালীন ছুটির বেশিরভাগ সময় মা ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে নিউ জার্সির ট্রাম্প ন্যাশনাল গলফ ক্লাব বেডমিনস্টারে কাটিয়েছেন।

ট্রাম্প পরিবারের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, ব্যারন খুব একটা বাইরে বের হন না। তিনি আলোচনার কেন্দ্রে থাকাও পছন্দ করেন না। বাইরে গেলেও দ্রুত নিজের ব্যক্তিগত বাসস্থানে ফিরে যান বলে সূত্রগুলো জানিয়েছে।

আরও পড়ুন: ১২৪ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা ট্রাম্পের বিরুদ্ধে

প্রতিবেদনে বলা হয়, রক্ষণশীল কর্মী চার্লি কার্কের সঙ্গে ব্যারনের ঘনিষ্ঠতা ছিল। কার্কের হত্যাকাণ্ড তাকে গভীরভাবে প্রভাবিত করে। বাবাকে বিষয়টি জানাতে ফোন করে ব্যারন বলেছিলেন, ‘বাইরে বের হলে এটাই ঘটে।’

ব্যারনের নিরাপত্তা ও ব্যক্তিগত জীবন নিয়ে মেলানিয়ার কার্যালয়ও উদ্বেগ প্রকাশ করেছে। সাম্প্রতিক হুমকির বিষয়টি বিবেচনায় নিয়ে ব্যারনের ব্যক্তিগত জীবনসংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ না করার অনুরোধ জানানো হয়েছে। ছেলের গোপনীয়তা রক্ষার বিষয়েও মেলানিয়া অত্যন্ত সতর্ক বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে হুমকি

চলতি সপ্তাহের শুরুতে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে ব্যারন ট্রাম্পকে নিয়ে একটি হুমকিমূলক ভিডিও প্রচার করা হয়। ভিডিওতে ব্যারনের কাছে পৌঁছানোর উপায় দেখানোর পাশাপাশি তাকে হত্যার জন্য ১ কোটি মার্কিন ডলার পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

আরও পড়ুন: সরকারকে সেলিম উদ্দিনের আহ্বান, গণরায়ের বিরুদ্ধে না গিয়ে জনগণের পক্ষে দাঁড়ান

ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনের একটি চ্যানেলে প্রচারিত ভিডিওটির শিরোনাম ছিল ‘ব্যারন ট্রাম্পকে কোথায় হত্যা করা যায়’। এতে ব্যারনের চলাচল ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিভিন্ন তথ্য দেখানো হয়। ভিডিওতে দাবি করা হয়, তিনি সম্পূর্ণ নজরদারির মধ্যে রয়েছেন।

এর আগে গত মাসেও ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে মেলানিয়া ট্রাম্পকে লক্ষ্য করে একটি ভিডিও প্রচার করা হয়েছিল। ভিডিওটির শেষ দিকে ব্যারনকে উদ্দেশ করে সতর্কবার্তা দেওয়া হয়।

হুমকির বিষয়ে সচেতন মার্কিন নিরাপত্তা সংস্থা

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ব্যারনকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রচারিত ভিডিওটির বিষয়ে মার্কিন গোপন নিরাপত্তা সংস্থা অবগত রয়েছে।

আরও পড়ুন: স্বাস্থ্য খাত ধ্বংস করেছে ফ্যাসিস্ট সরকার: স্বাস্থ্যমন্ত্রী

সংস্থাটির মুখপাত্র নেট হেরিং জানান, ভিডিওটি সম্পর্কে তারা জানেন এবং সুরক্ষাধীন ব্যক্তিদের প্রতি হুমকি হিসেবে বিবেচিত হতে পারে—এমন যেকোনো বিষয় তদন্ত করা হয়। তবে নিরাপত্তার স্বার্থে সুরক্ষা সংক্রান্ত গোয়েন্দা তথ্য প্রকাশ করা হয় না বলেও জানান তিনি।

অন্যদিকে, বৃহস্পতিবার (২৭ আগস্ট) লেবাননের আল মানার টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের নিরাপত্তা কর্মকর্তা মহসিন রেজাই ব্যারনকে হত্যার পরিকল্পনার খবরকে সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন।

আগেও ব্যারনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

ট্রাম্পের প্রথম মেয়াদ শেষ হওয়ার সময় ব্যারনের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্যোগ নিয়েছিল মেলানিয়ার কার্যালয়। সে সময় ব্যারনের গোপন নিরাপত্তা সুবিধার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। পরে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের কাছে নিরাপত্তার মেয়াদ বাড়ানোর অনুরোধ করা হলে তা অনুমোদন করা হয়।

আরও পড়ুন: জনগণের বিরুদ্ধে অবৈধ সাম্রাজ্য রক্ষার দায়িত্ব পুলিশের নয়: হাসনাত আবদুল্লাহ

২০২৫ সালের জানুয়ারিতে মেলানিয়া ট্রাম্পকে নিয়ে তৈরি একটি প্রামাণ্যচিত্রের অংশে ব্যারনের বাইরে না যাওয়ার সিদ্ধান্তের কথা বলতে দেখা যায়। ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের সময় পরিবারের সদস্যদের প্রকাশ্যে চলাচলের পরিকল্পনা থাকলেও তীব্র শীতের কারণে পরে অনুষ্ঠানসূচিতে পরিবর্তন আনা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অটোরিকশা ছিনিয়ে নিতে চালককে কুপিয়ে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৩:২৬ পি.এম


অটোরিকশা ছিনিয়ে নিতে চালককে কুপিয়ে হত্যা

রংপুরের গঙ্গাচড়ায় মোখলেসুর রহমান (৫৫) নামে এক অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২৮ আগস্ট) রাতে উপজেলার শান্তিধারা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত মোখলেসুর রহমানের বাড়ি ওই উপজেলার নবনীদাস এলাকায়। তার বাবা মৃত হামিদুর রহমান।

পুলিশের ধারণা, অটোরিকশা ছিনিয়ে নিতে তাকে গলাকেটে হত্যা করা হয়েছে।

গংগাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সবুর বলেন, অটোরিকশা নিয়ে যাওয়ার পথে কয়েকজন দুর্বৃত্ত মোখলেসুরের পথরোধ করে। ধারালো অস্ত্র দিয়ে তার গলা ও কোমরে আঘাত করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।

তিনি জানান, স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে থানায় জানালে পুলিশ মরদেহটি উদ্ধার করে। আমরা তদন্ত শুরু করেছি। ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘জ্বালানি সংকট নিরসন দাবির লংমার্চেও এক লাখ লিটার তেল খরচ করবে বিরোধীদল’

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৩:৩৪ পি.এম


‘জ্বালানি সংকট নিরসন দাবির লংমার্চেও এক লাখ লিটার তেল খরচ করবে বিরোধীদল’

বিরোধীদল দেশে জ্বালানি সংকটের কথা বলে জনগণকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

জ্বালানি সংকট নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা যে লংমার্চ করবে, তাতে খরচ হবে এক লাখ লিটার জ্বালানি তেল।  

শনিবার (২৯ আগস্ট) প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রতিমন্ত্রী। পরে তারা দোয়া ও মোনাজাত করেন।  

চলতি (২০২৬-২৭) অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এ নির্বাচনে কোনো ধরনের দলীয় প্রভাব থাকবে না এবং দলীয়ভাবে কোনো প্রার্থীও দেওয়া হবে না। তবে দলের ত্যাগী ও যোগ্য ব্যক্তিদের প্রতি বিএনপির সমর্থন থাকবে।

মীর শাহে আলম বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় অর্থ ছাড় দিতে সরকার প্রস্তুত রয়েছে। নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী এ নির্বাচনের জন্য অর্থের ব্যবস্থা করা হবে।  

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী সমর্থনের বিষয়ে তিনি বলেন, ভোটে জিতে আসার সম্ভাবনা আছে, কিন্তু বিগত সময়ে আন্দোলন-সংগ্রামে মাঠে দেখা যায়নি— এমন প্রার্থীকে সমর্থন দেবে না বিএনপি। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রভাব বিস্তার না করতে প্রধানমন্ত্রীর অনুশাসন রয়েছে বলেও জানান তিনি। 

প্রতিমন্ত্রী বলেন, পাঁচটি স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সব ধরনের সহযোগিতা করবে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে প্রতিমন্ত্রী জিয়া উদ্যানে পৌঁছালে শিবগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। 

শ্রদ্ধা নিবেদনের সময় শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এস এম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, উপজেলা যুবদল সভাপতি খালিদ হাসান আরমানসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লেবানন-ইসরাইল চুক্তি আবারও প্রত্যাখ্যান হিজবুল্লাহ প্রধানের, ‘আত্মসমর্পণ নয়’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৩:৩৪ পি.এম


লেবানন-ইসরাইল চুক্তি আবারও প্রত্যাখ্যান হিজবুল্লাহ প্রধানের, ‘আত্মসমর্পণ নয়’

হিজবুল্লাহর প্রধান নাঈম কাসেম আবারও লেবানন ও ইসরাইলের মধ্যে সম্পাদিত চুক্তিটি প্রত্যাখ্যান করেছেন। তিনি সতর্ক করে বলেছেন, এই গোষ্ঠী ‘আত্মসমর্পণ করবে না’। শুক্রবার, ইসরাইলের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার প্রায় ছয় মাস পর তিনি এই মন্তব্য করেন।

হিজবুল্লাহর আল-মানার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে কাসেম উল্লেখ করেন, ‘আমরা কাঠামোগত চুক্তির বিরোধিতা করছি এবং এটি বাতিলের আহ্বান জানাচ্ছি।’

বার্তা সংস্থা এএফপি’র খবর অনুযায়ী, গত ২ মার্চ হিজবুল্লাহ ইসরাইলে হামলা চালানোর পর লেবাননকে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে জড়িয়ে ফেলে। এর প্রতিক্রিয়ায় ইসরাইল ব্যাপক বিমান হামলা ও স্থল অভিযান শুরু করে। লেবাননের কর্তৃপক্ষ জানায়, এতে এ পর্যন্ত ৪ হাজার ৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইল ও লেবানন সরাসরি আলোচনা শুরু করে। গত জুনের শেষ দিকে অনুষ্ঠিত আলোচনায় দুই দেশ একটি কাঠামোগত চুক্তিতে স্বাক্ষর করে।

চুক্তিতে উল্লেখ করা হয়েছে, হিজবুল্লাহকে নিরস্ত্র করা, দক্ষিণ লেবানন থেকে ধাপে ধাপে ইসরাইলি সেনা প্রত্যাহার এবং ওই এলাকায় লেবাননের সেনাবাহিনী মোতায়েন করা হবে। প্রাথমিকভাবে নির্দিষ্ট কিছু ‘পরীক্ষামূলক এলাকায়’ এই প্রক্রিয়া শুরু করার কথা রয়েছে।

কিন্তু কাসেম চুক্তিটিকে ‘অবৈধ, বেআইনি, অপমানজনক এবং লেবাননের সার্বভৌমত্বের জন্য ধ্বংসাত্মক’ বলে অভিহিত করেন। তিনি বলেন, ‘আমরা ‘পরীক্ষামূলক এলাকা’ বা সেখান থেকে উদ্ভূত কোনো ব্যবস্থায় সম্মত নই।’ তিনি প্রস্তাবিত কোনো যাচাইব্যবস্থাও প্রত্যাখ্যান করেন।

চলতি মাসের শুরুতে রোমে অনুষ্ঠিত আলোচনার পর লেবাননের এক কর্মকর্তা এএফপিকে জানান, ‘পরীক্ষামূলক এলাকা’ প্রক্রিয়ার বাস্তবায়ন তদারকির জন্য কয়েকটি সম্ভাব্য দেশের একটি ‘সংক্ষিপ্ত তালিকা’ নিয়ে সমঝোতা হয়েছে। এসব এলাকায় হিজবুল্লাহর অবকাঠামো লেবাননের সেনাবাহিনী অপসারণ করবে বলে পরিকল্পনা রয়েছে।

সেপ্টেম্বরের শুরুতে নতুন দফা আলোচনা হওয়ার কথা রয়েছে, তবে এর জন্য এখনও কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি।

জুনে বৃহত্তর সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতার স্মারক এবং একই মাসে ইসরাইল-লেবানন কাঠামোগত চুক্তির পর সহিংসতা কিছুটা কমেছে। তবে দক্ষিণ লেবাননের বিভিন্ন গ্রাম ও শহরে ইসরাইলি বিমান হামলা, গোলাবর্ষণ এবং বেসামরিক স্থাপনা ও ভবন ধ্বংসের ঘটনা নিয়মিত ঘটছে বলে জানায় লেবানন।

ইসরাইলি সেনারা সীমান্তসংলগ্ন লেবাননের ভূখণ্ডের প্রায় ১০ কিলোমিটার গভীর পর্যন্ত নিজেদের ঘোষিত ‘নিরাপত্তা অঞ্চলে’ অবস্থান করছে।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি শুক্রবার জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলে কয়েকটি ইসরাইলি বিমান হামলা হয়েছে। এর মধ্যে নাবাতিয়েহ এলাকাতেও হামলা চালানো হয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে ওই এলাকায় ইসরাইল হামলা বৃদ্ধি করেছে।

নাঈম কাসেম বলেন, ২০২৪ সালের নভেম্বরে ইসরাইলের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি বাস্তবায়নে তার গোষ্ঠী সমর্থন দিয়েছিল। ওই যুদ্ধবিরতির লক্ষ্য ছিল আগের যুদ্ধের অবসান ঘটানো।

তিনি দৃঢ়ভাবে উল্লেখ করেন, ‘আমরা মাথা উঁচু করে থাকব এবং আত্মসমর্পণ করব না।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেপাল ও চীনের সীমান্তে ভ-য়া-বহ বন্যায় নিখোঁজ প্রায় ৩ হাজার, প্রাণহানি ৬৩৩

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৩:৩৫ পি.এম


নেপাল ও চীনের সীমান্তে ভ-য়া-বহ বন্যায় নিখোঁজ প্রায় ৩ হাজার, প্রাণহানি ৬৩৩

নেপাল ও চীনের সীমান্তবর্তী হিমালয় অঞ্চলে ভয়াবহ বন্যা এবং ভূমিধসের পরিপ্রেক্ষিতে শনিবার হাজার হাজার নিখোঁজ মানুষের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। সুনামির মতো প্রবল স্রোত, কাদা এবং ধ্বংসাবশেষের ঢলে একাধিক গ্রাম তলিয়ে গেছে।

এএফপি’র খবর অনুযায়ী, দুই দেশের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, শনিবার নিখোঁজ মানুষের সংখ্যা প্রায় ৩ হাজারে পৌঁছেছে। এ পর্যন্ত ৬৩৩টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া, কিছু মরদেহ নেপালের নদীর স্রোতে ভেসে ভারতের অনেক দূর পর্যন্ত চলে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

এই অঞ্চলে বিপুলসংখ্যক জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামো প্রকল্পের উপস্থিতিতে, নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ নতুন করে নিখোঁজের তালিকায় ৯৩৩ জন জলবিদ্যুৎকর্মীর নাম যুক্ত করেছে। এর আগে ওই তালিকায় ট্রেকার এবং তিব্বতের পবিত্র কৈলাস পর্বতে তীর্থযাত্রায় যাওয়া ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত ছিল।

যারা এই দুর্যোগ থেকে প্রাণে বেঁচে ফিরেছেন, তারা জানিয়েছেন যে, তারা প্রায় সবকিছু হারিয়েছেন। এখন তারা নিখোঁজ স্বজনদের ভাগ্যে কী ঘটেছে, সেই উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। একই সঙ্গে, শূন্য থেকে নতুন করে জীবন শুরু করার কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছেন তারা।

বন্যায় বেঁচে যাওয়া বুদ্ধি রাম দাঙ্গোল এএফপিকে বলেন, ‘নদীর কাছের সব বসতি ভেসে গেছে। সেখানে এখন আর কিছুই নেই।’

সামঝানা থিং জানান, নিখোঁজ ভাইয়ের কোনো খবর পাওয়ার আশায় তিনি তিন দিন ধরে অপেক্ষা করছেন। তিনি বলেন, ‘আমরা কিছুই জানি না। আশা করছি, সে নিরাপদ কোনো জায়গায় আছে।’

‘ভয়াবহ’ মানসিক আঘাত

রেড ক্রস জানিয়েছে, বুধবারের এই ভয়াবহ দুর্যোগে মানুষের ওপর ব্যাপক মানসিক ও শারীরিক আঘাত নেমে এসেছে। এতে ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে জীবিতদের উদ্ধারে উদ্ধারকারী দলগুলো দ্রুত কাজ করছে। তবে ব্যাপক ধ্বংসযজ্ঞের কারণে অনেক এলাকায় খাবার ও পানির সরবরাহ ফুরিয়ে আসছে।

নিখোঁজদের উদ্ধারে তৎপরতার মধ্যেই নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। প্রচণ্ড স্রোতে বরফ ও কাদা জমে বিভিন্ন স্থানে বিশাল জলাধারের মতো পানি জমেছে। এর মধ্যে একটি জলাধার এখন সেখানে নিখোঁজদের সন্ধানে কাজ করা উদ্ধারকর্মীদের জন্য সরাসরি হুমকি হয়ে দাঁড়িয়েছে।

নেপালের পুলিশ সব উদ্ধারকর্মীকে ‘অবিলম্বে নিরাপদ স্থানে সরে যাওয়ার’ আহ্বান জানিয়েছে। তারা জানিয়েছে, তিব্বত প্রান্তে আবারও একটি বাঁধ ভেঙে যাওয়ার তথ্য পাওয়া গেছে।

তিব্বতে বিদেশি সাংবাদিকদের প্রবেশাধিকার অত্যন্ত সীমিত এবং সেখানে চীনা কর্তৃপক্ষই মূলত তথ্য দিচ্ছে। নতুন করে বন্যার আশঙ্কায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত গিরং এলাকায় চীনের উদ্ধার অভিযান সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। পরে কর্তৃপক্ষ জানায়, পরিস্থিতির ঝুঁকি কিছুটা কমেছে।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া শনিবার ভোরে জানিয়েছে, ওই এলাকায় দুই গ্রামবাসীকে জীবিত উদ্ধার করা হয়েছে।

নেপাল সীমান্তের দিকে ত্রিশূলী-৩ এ জলবিদ্যুৎ প্রকল্পের একটি সুড়ঙ্গে কয়েকজন মানুষ আটকা পড়েছেন বলে শনাক্ত করেছে দেশটির সেনাবাহিনী। তাদের উদ্ধারে সুড়ঙ্গে প্রবেশের পথ খুঁজে বের করার চেষ্টা চলছে।

নেপালি সেনাবাহিনীর মুখপাত্র রাজা রাম বাসনেত এএফপিকে বলেন, ‘দুটি হেলিকপ্টার পাঠানো হয়েছে। তবে উদ্ধারকাজ কঠিন হয়ে পড়েছে, কারণ সুড়ঙ্গের প্রবেশপথগুলোই ঠিকমতো শনাক্ত করা কঠিন।’

তিনি জানান, ওই এলাকা থেকে প্রায় ৩৫০ জন শ্রমিক ও স্থানীয় বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তবে একই এলাকায় আটকা পড়া আরও শতাধিক মানুষকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

ত্রিশূলী উপত্যকার অন্যান্য বাঁধ ও জলবিদ্যুৎ প্রকল্প থেকে উদ্ধার হওয়া শ্রমিকরা জানিয়েছেন, খুব অল্প সময়ের মধ্যেই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়।

বুদ্ধ তামাং এএফপিকে বলেন, বন্যার সময় তিনি কর্মস্থলের একটি সুড়ঙ্গের ভেতরে থাকায় প্রাণে বেঁচে যান। ২৪ ঘণ্টার বেশি সময় সেখানে আটকা থাকার পর বৃহস্পতিবার হেলিকপ্টারে করে তাকে উদ্ধার করা হয়। তামাং বলেন, ‘অন্য পাশে কাজ করা ঊর্ধ্বতন কর্মকর্তারা সবাই ভেসে গেছেন।’

শুক্রবার নেপাল জানিয়েছে, দেশটিতে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৫৭৯ জনে দাঁড়িয়েছে।

নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটিতে ১ হাজার ৯২৪ জনের সঙ্গে কোনো যোগাযোগ করা যাচ্ছে না। তাদের মধ্যে ৫১৭ জন বিদেশি নাগরিক। এর আগে নিখোঁজের সংখ্যা ছিল ৯৭৭।

ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, নেপাল থেকে প্রবাহিত নদীগুলো থেকে তারা সাতটি মরদেহ উদ্ধার করেছে। এসব মরদেহ বন্যায় ভেসে যাওয়া ব্যক্তিদের বলে ধারণা করা হচ্ছে।

কৈলাস তীর্থযাত্রার পথে বিপর্যয়

নেপাল-চীন সীমান্তে নিখোঁজদের মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা বহু হিন্দু তীর্থযাত্রীও রয়েছেন। তাদের অনেকেই তিব্বতের পবিত্র কৈলাস পর্বতে তীর্থযাত্রায় যাচ্ছিলেন।

৪৬ বছর বয়সী শিবরঞ্জনী মুথুনাথান ৫৬ জনের সঙ্গে একটি বাসে করে চীনের সীমান্তের দিকে যাচ্ছিলেন। একপর্যায়ে তারা যানজটে আটকে পড়েছেন বলে মনে করেছিলেন।

মুথুনাথান শুক্রবার এএফপিকে বলেন, ‘এরপর কুয়াশা, ধোঁয়া—এমন কিছু একটা আমাদের হঠাৎ ঘিরে ফেলল।’ এ সময় তিনি নিজের মোবাইলে ধারণ করা পানির প্রবল স্রোত তাদের দিকে ধেয়ে আসার একটি ভিডিওও দেখান।

তাদের চারপাশে গাড়িগুলো পানির স্রোতে ভেসে যাচ্ছিল এবং কাদার নিচে চাপা পড়ছিল।

তিনি বলেন, ‘একজন একজন করে আমরাও চালকের পাশের দরজা দিয়ে বেরিয়ে আসি। এরপর দৌড়ে একটি পাহাড়ের ওপর উঠে যাই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%