০৮:৫৬ পি.এম
ইসরায়েলের সাধারণ নির্বাচনের ঠিক আগের দিন, ২৭ অক্টোবর, দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান রোমান গফম্যান ইরানে একটি গোপন সামরিক অভিযান পরিচালনার পরিকল্পনা করেছিলেন বলে দাবি করেছে দেশটির সংবাদমাধ্যম ‘চ্যানেল ১২’। তবে একটি ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তার ভুলের কারণে যুক্তরাষ্ট্র বিষয়টি আগেভাগেই জানতে পারে এবং ওয়াশিংটনের হস্তক্ষেপে সেই পরিকল্পনা ভেস্তে যায়।
ইসরায়েলি সামরিক সেন্সরশিপের বিধিনিষেধ মেনে প্রকাশিত ওই খবরে উল্লেখ করা হয়েছে যে, প্রস্তাবিত অভিযানের পক্ষে ছিলেন না ইসরায়েলের অন্যান্য শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ও প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। তাদের উদ্বেগ ছিল যে, নির্বাচনের ঠিক আগে এমন পদক্ষেপে মধ্যপ্রাচ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হতে পারে এবং নির্ধারিত দিনে নির্বাচন অনুষ্ঠান অনিশ্চিত হয়ে পড়তে পারে। সামরিক বাহিনীর আপত্তি থাকা সত্ত্বেও পরিকল্পনা এগোচ্ছিল, কিন্তু এক নিরাপত্তা কর্মকর্তার অসাবধানতার কারণে যুক্তরাষ্ট্রের কাছে এ সংক্রান্ত স্পর্শকাতর তথ্য পৌঁছে যায় এবং হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে এটি ভেস্তে দেয়।
নেতানিয়াহুর দপ্তর (পিএমও) এই দাবি সম্পূর্ণরূপে অস্বীকার করেছে। এক বিবৃতিতে জানানো হয়েছে, "প্রধানমন্ত্রী রিয়েল-টাইমেই স্পষ্ট করে দিয়েছেন যে নির্বাচনের আগে ইরানে আক্রমণের কোনো পরিকল্পনা ছিল না।"
আরও পড়ুন: পশ্চিমবঙ্গের শেখ পেয়ার আলী 'জীবিত' প্রমাণে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন
খবরে আরও বলা হয়েছে, নির্বাচনের আগে সামরিক বাহিনী ও রাজনৈতিক নেতৃত্বের মধ্যে নজিরবিহীন মানসিক টানাপোড়েন তৈরি হয়েছিল। আইডিএফ প্রধান সেনাপতি ইয়াল জামির নেতানিয়াহু ও প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজের প্রস্তাবে তীব্র আপত্তি জানান এবং কোনো সামরিক পদক্ষেপের জন্য আইনি অনুমোদন ও লিখিত নির্দেশ দাবি করেন। সেনাপ্রধানের উদ্বেগ ছিল যে, নির্বাচনকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতেই এই সামরিক উস্কানির ছক কষা হয়েছিল।
অন্য বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যস্থতাকারী আলোচনা চলাকালীন সময়ে ইসরায়েলের এই ধরনের পদক্ষেপ দুই দেশের দীর্ঘমেয়াদী কূটনৈতিক প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করতে পারত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনে সাংবাদিকদের জানান যে তারা ইরানের সাথে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছেন এবং সেখানে সামরিক সংঘাত এড়াতে কাজ করছেন। সূত্র: চ্যানেল ১২।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন