ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

কাঁঠালিয়ায় বিরোধীয় জমিতে রাতের আঁধারে পাকা ভবন নির্মাণের অভিযোগ।


কাঁঠালিয়ায় বিরোধীয় জমিতে রাতের আঁধারে পাকা ভবন নির্মাণের অভিযোগ।

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার ব্যস্ততম আমুয়া জিরো পয়েন্ট এলাকায় একটি বিরোধপূর্ণ জমিতে রাতের আঁধারে জবরদখল করে পাকা ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। প্রতিপক্ষের বিরুদ্ধে সামনের অংশে টিনের বেড়া দিয়ে অত্যন্ত গোপনে ও কৌশলে নির্মাণকাজ চালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এমনকি নিরাপত্তা নিশ্চিত করতে এবং বাধা এড়াতে ওই টিনের বেড়ায় বৈদ্যুতিক সংযোগ দিয়ে রাখা হয়েছে বলেও অভিযোগ ভুক্তভোগীর।

এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি উত্তেজনা ও অসন্তোষ বিরাজ করায় স্থানীয় লোকজনের মধ্যে থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে।

ভুক্তভোগী জমির মালিক দাবিদার মিলন সরদার জানান, সম্প্রতি এই জমির মালিকানা নিয়ে বিরোধ দেখা দিলে প্রতিপক্ষ জোরপূর্বক দখলের চেষ্টা চালান।

আরও পড়ুন: ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

তিনি বলেন, “আমার বৈধভাবে ক্রয়কৃত জমি সালমা বেগম সম্পূর্ণ অবৈধভাবে দখল করে জোরপূর্বক বিল্ডিং নির্মাণ করছেন। আমি বাধা দিতে গেলে তিনি ও তাঁর লোকজন আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দেন।”

এদিকে নিজের পক্ষে সাফাই গেয়ে অভিযুক্ত সালমা বেগম বলেন, “আগে আমি এই জমি কিনেছি। এটি আমার ক্রয়কৃত সম্পত্তি, তাই আমার জমিতে আমি বিল্ডিং নির্মাণ করছি।”

এ বিষয়ে কাঁঠালিয়া থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, উভয় পক্ষের কাছ থেকেই লিখিত ও মৌখিক অভিযোগ পাওয়া গেছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শৃঙ্খলা বজায় রাখতে উভয় পক্ষকেই নির্মাণকাজ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। যেহেতু এটি একটি জমি সংক্রান্ত দেওয়ানি বিরোধ, তাই পুলিশি হস্তক্ষেপে এর স্থায়ী সমাধান না করে উভয় পক্ষকেই দ্রুত আদালতের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: কুলিয়ারচরে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তানের হাইকমিশনার ‘দ্য ফেস্টিভ ঢাকা এডিট’ প্রদর্শনী পরিদর্শন করেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫৭ পি.এম


পাকিস্তানের হাইকমিশনার ‘দ্য ফেস্টিভ ঢাকা এডিট’ প্রদর্শনী পরিদর্শন করেন

ঢাকা শহরে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ব্যবসায়িক সম্পর্ককে আরও শক্তিশালী করার জন্য এবং দুই দেশের মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি করতে যৌথ উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন। তিনি মন্তব্য করেন যে, এ ধরনের উদ্যোগ দুই দেশের ব্যবসায়িক অংশীদারত্বকে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি শনিবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে আয়োজিত ‘দ্য ফেস্টিভ ঢাকা এডিট’ শীর্ষক প্রদর্শনীর সময় এ আশাবাদ প্রকাশ করেন। প্রদর্শনীর আয়োজন করেছে ‘এসএস এডিট’ ও ‘অরা এক্সিবিট’ যৌথভাবে।

প্রদর্শনী চলাকালীন, পাকিস্তানের হাইকমিশনার বাংলাদেশের এবং পাকিস্তানের স্বনামধন্য ডিজাইনারদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি দুই দেশের ডিজাইনারদের সৃজনশীলতা ও নিপুণ কারুশিল্পের ভূয়সী প্রশংসা করেন এবং প্রদর্শনীতে অংশগ্রহণকারী সবার প্রতি শুভকামনা জানান।

ঢাকায় অবস্থিত পাকিস্তান হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, হাইকমিশনার আশা প্রকাশ করেছেন যে, দুই দেশের ডিজাইনার ও উদ্যোক্তাদের এই যৌথ উদ্যোগ ভবিষ্যতে আরও বিস্তৃত হবে। তাঁর মতে, এ ধরনের আয়োজন শুধু বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে সহায়ক নয়, বরং দুই দেশের সাধারণ মানুষের মধ্যে মেলবন্ধন ও পারস্পরিক হৃদ্যতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, শনিবার সন্ধ্যা সাতটা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত ছিল এই দিনব্যাপী আয়োজিত প্রদর্শনীটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে বিএনপির কর্মসূচিতে বেজে উঠল শেখ হাসিনাকে নিয়ে গান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫৭ পি.এম


চট্টগ্রামে বিএনপির কর্মসূচিতে বেজে উঠল শেখ হাসিনাকে নিয়ে গান

চট্টগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের উপলক্ষে নগরের আগ্রাবাদে বিএনপির একটি কর্মসূচিতে বেজে উঠেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে লেখা একটি গান, যা গণ-অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার প্রসঙ্গে। গানটির শিরোনাম ‘বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলাদেশের নেতা’ এবং এর ৩৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।

এটি ঘটেছিল শনিবার (৭ নভেম্বর) দুপুরে। আয়োজকদের দাবি, বিএনপির দলীয় গান ইউটিউবে প্রচারিত হওয়ার সময় স্বয়ংক্রিয়ভাবে গানটি চালু হয়ে যায়। বিষয়টি তারা বুঝতে পেরে দ্রুত গানটি বন্ধ করে দেন।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ ফয়সল জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে আয়োজকদের সঙ্গে কথা বলেছেন। আয়োজকেরা পুলিশকে জানিয়েছেন, ইউটিউবে একের পর এক গান স্বয়ংক্রিয়ভাবে চলার সময় অসতর্কতার কারণে গানটি বেজে ওঠে। তারা দাবি করেছেন, এটি ইচ্ছাকৃতভাবে করা হয়নি এবং বিষয়টি দ্রুত বন্ধ করে দেওয়া হয়।

জানা গেছে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার সকাল থেকে চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে বিএনপির দলীয় গান ও ভাষণ মাইকে প্রচার করা হচ্ছিল। এরই ধারাবাহিকতায় আগ্রাবাদের একটি কর্মসূচিতে হঠাৎ করে শেখ হাসিনাকে নিয়ে লেখা গানটি বেজে ওঠে।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম নগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান বলেন, সারাদিন দলীয় কর্মসূচিতে ব্যস্ত থাকার কারণে তিনি বিষয়টি সম্পর্কে কিছু জানতেন না। কিভাবে ঘটনাটি ঘটেছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় ক্রিকেট লিগে সিলেট-ময়মনসিংহের ব্যাটারদের রাজত্বের দিন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫৮ পি.এম


জাতীয় ক্রিকেট লিগে সিলেট-ময়মনসিংহের ব্যাটারদের রাজত্বের দিন

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ষষ্ঠ রাউন্ডের প্রথম দিনে ব্যাটারদের আধিপত্য দেখা গেছে। ময়মনসিংহের পক্ষ থেকে বরিশালের বিরুদ্ধে ২৪৭ রানের সংগ্রহ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন খালিদ হাসান। অন্যদিকে, রাজশাহীর বিপক্ষে সিলেটের বড় সংগ্রহের ভিত্তি স্থাপন করেছেন আশরাফুল হাসান এবং অধিনায়ক জাকির হাসান।

টস জিতে ব্যাটিং শুরু করা ময়মনসিংহ প্রথম থেকেই চাপে পড়ে যায়। ২৬ রানে প্রথম উইকেট হারানোর পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। তবে এক প্রান্তে অবিচল থেকে খালিদ হাসান ১৭৪ বলে ছয়টি চার ও একটি ছক্কা হাঁকিয়ে ৭৪ রান করেন। আবদুল মাজিদের ৩৭ রানের পর আল আমিন জুনিয়র ৫৪ এবং মোসাদ্দেক হোসেন ৪৭ রান করে দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখেন। শেষদিকে ফাহিমের অপরাজিত ২৫ রানের সাহায্যে ৮২.৩ ওভারে ছয় উইকেটে ২৪৭ রান নিয়ে দিন শেষ করে ময়মনসিংহ। বরিশালের তানভীর ইসলাম ৫৫ রানে তিন উইকেট দখল করেন।

রাজশাহীর বিপক্ষে সিলেটের ইনিংস আরও সমৃদ্ধ ছিল। মজহারুল হক মাজেদের ৫০ রানের পর অধিনায়ক জাকির ১০৬ বলে ৬৫ রান করেন। তবে দিনের সবচেয়ে উজ্জ্বল ইনিংসটি ছিল আশরাফুলের, যিনি ১২৩ বলে ৯টি চার এবং একটি ছক্কা হাঁকিয়ে ৮৩ রান করেন। তোফায়েল আহমেদ ৪২ এবং নাসুম আহমেদ অপরাজিত ২৪ রান করে দলের জন্য অবদান রেখেছেন। দিন শেষে ৭৯ ওভারে আট উইকেটে সিলেট ৩২৯ রান সংগ্রহ করেছে। রাজশাহীর নিহাদ উজ জামান ৫১ রানে তিন উইকেট নিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুক্তি দিতে না চাওয়া সিনেমা 'পাইরে' জিতল ১৮ পুরস্কার

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫৮ পি.এম


মুক্তি দিতে না চাওয়া সিনেমা

একটি বৃদ্ধ দম্পতির ৬৫ বছরের দীর্ঘ সংসার। জীবনের শেষ প্রান্তে এসে তারা একে অপরের সঙ্গ উপভোগ করছেন এবং দূরদেশে কাজের সন্ধানে যাওয়া তাদের ছেলের প্রত্যাবর্তনের অপেক্ষায় রয়েছেন। চারপাশের পাহাড়ি গ্রামগুলো ক্রমশ জনশূন্য হয়ে পড়ছে, প্রতিবেশীরা একে একে তাদের ভিটেমাটি ত্যাগ করছেন। এই নিঃসঙ্গতা, ভালোবাসা এবং অপেক্ষার গল্প নিয়ে নির্মিত হয়েছে ভারতীয় সিনেমা ‘পাইরে’। নির্মাণ শেষ হওয়ার পর দুই বছর পেরিয়ে গেলেও ছবিটি মুক্তির জন্য পরিবেশক পাওয়া যায়নি। অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়ে দর্শক ও সমালোচকদের প্রশংসায় ভাসছে সিনেমাটি। উল্লেখযোগ্যভাবে, এরই মধ্যে ছবিটি ১৮টি পুরস্কারও অর্জন করেছে।

১১১ মিনিটের এই ছবিটি পরিচালনা করেছেন বিনোদ কাপরি, যিনি টেলিভিশন সাংবাদিক থেকে চলচ্চিত্র নির্মাতা হিসেবে পরিচিত। ছবিটি উত্তর ভারতের উত্তরাখণ্ডের পাহাড়ি অঞ্চলের প্রেক্ষাপটে নির্মিত, যেখানে উঠে এসেছে এক বৃদ্ধ দম্পতির জীবনের শেষ অধ্যায়ের গল্প। পাশাপাশি, কর্মসংস্থানের অভাবে মানুষ গ্রাম ছেড়ে শহরে চলে যাওয়ার প্রবণতা, জনশূন্য হয়ে পড়া পাহাড়ি জনপদ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবও এখানে গুরুত্ব পেয়েছে।

ছবির কেন্দ্রীয় দুই চরিত্র পদম সিং ও তুলসি। স্থানীয় ভাষায় তাদের ডাকা হয় ‘বুবু’ ও ‘আমা’। পদম সিং চরিত্রে অভিনয় করেছেন পরিচালকের চাচা পদম সিং এবং তুলসি হয়েছেন হীরা দেবী। বাস্তব জীবনে তারা সাধারণ গ্রামবাসী এবং এর আগে কখনো ক্যামেরার সামনে অভিনয় করেননি।

পাহাড়ের একটি ছোট্ট বাড়িতে বসবাস করেন এই দম্পতি। তাদের ছেলে হারিয়া ২৮ বছর আগে কাজের সন্ধানে মুম্বাইয়ে চলে গেছেন। এরপর থেকেই বাবা-মায়ের দিন কাটছে তার ফেরার অপেক্ষায়। পরিচালক বিনোদ কাপরির ভাষায়, ‘তারা ৬৫ বছর ধরে একসঙ্গে জীবন কাটিয়েছেন এবং গত ২৮ বছর ধরে তাদের ছেলে হারিয়ার ফেরার অপেক্ষা করছেন। কাজের সন্ধানে সে মুম্বাইয়ে গেছে। এটি সঙ্গ, নিঃসঙ্গতা আর অপেক্ষার গল্প।’

ছবিতে তাদের চারপাশের গ্রামগুলো জনশূন্য হয়ে পড়ার বাস্তবতাও তুলে ধরা হয়েছে। প্রতিবেশীরা একে একে কাজের সন্ধানে গ্রাম ছাড়ছেন। একপর্যায়ে, সাহায্য করার মতো কেউ না থাকায় পদম সিং নিজের বাড়ির সামনে দুটি চিতা তৈরি করেন—একটি স্ত্রীর জন্য এবং অন্যটি নিজের জন্য। তুলসি কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘তুমি মারা গেলে আমি তোমাকে পাহাড় থেকে নিচে নামাব কীভাবে?’

বিষণ্নতার গল্প হলেও ‘পাইরে’তে হাস্যরস ও দাম্পত্যের মিষ্টি খুনসুটিও রয়েছে। ২০১৮ সালে উত্তরাখণ্ডের মুন্সিয়ারিতে এক বৃদ্ধ দম্পতির সঙ্গে দেখা হওয়ার পর ছবিটির ভাবনা আসে পরিচালকের মাথায়। তাদের কাছে জীবনের সবচেয়ে বড় দুশ্চিন্তার কথা জানতে চেয়েছিলেন তিনি। বৃদ্ধ স্বামী বলেছিলেন, ‘আমার সবচেয়ে বড় চিন্তা হলো, আমি যদি আগে মারা যাই, তাহলে ওর দেখাশোনা কে করবে?’ আর তার স্ত্রী বলেছিলেন, ‘সে তো রান্না করতেও জানে না। তাই আমি যদি আগে মারা যাই, তাহলে ওর জন্য কে রান্না করবে, তা নিয়ে আমার চিন্তা হয়।’

প্রথমে ওই বাস্তব দম্পতিকে নিয়েই সিনেমাটি নির্মাণের পরিকল্পনা করেছিলেন কাপরি। পরে নাসিরুদ্দিন শাহ ও রত্না পাঠককে প্রধান চরিত্রে নেওয়ার কথা ভাবেন। চিত্রনাট্য পছন্দ হলেও তারা মনে করেছিলেন, ওই অঞ্চলের মানুষের চরিত্রে অভিনয় করা তাদের জন্য কঠিন হতে পারে। শেষ পর্যন্ত নিজের চাচা পদম সিং ও গ্রামের হীরা দেবীকে নিয়ে ছবিটি নির্মাণ করেন পরিচালক।

২০২৪ সাল থেকে বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ‘পাইরে’। পরিচালকের দাবি, সেরা চলচ্চিত্রের তিনটি পুরস্কারসহ মোট ১৮টি সম্মাননা পেয়েছে ছবিটি। এর মধ্যে দর্শক ভোটে সেরা চলচ্চিত্র হওয়ার ১২টি পুরস্কার রয়েছে।

উৎসবে প্রশংসা পেলেও দুই বছর ধরে পরিবেশক না পাওয়ায় ছবিটির মুক্তি অনিশ্চিত হয়ে পড়ে। অবশেষে পরিচালকের এক প্রযোজক বন্ধু এগিয়ে আসেন। গত ৩০ অক্টোবর মাত্র ৭০টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। দর্শকদের মুখে মুখে প্রশংসা ছড়িয়ে পড়ার পর বাড়তে থাকে টিকিটের চাহিদা ও প্রদর্শনীর সংখ্যা।

ছবিটি মুক্তির পর দর্শকের ভালোবাসায় আপ্লুত পদম সিং ও হীরা দেবী। বিভিন্ন প্রদর্শনীতে তাদের সঙ্গে দেখা করতে এসেছেন আবেগাপ্লুত দর্শকেরা। অনেকে জানিয়েছেন, ছবিটি তাদের নিজেদের মা-বাবা কিংবা দাদা-দাদির কথা মনে করিয়ে দিয়েছে। হীরা দেবীর কথায়, ‘বাস্তবে আমাদের গ্রামটিও ঠিক এমনই।’

পদম সিংয়ের কাছে সবচেয়ে স্মরণীয় অভিজ্ঞতা ছিল নাসিরুদ্দিন শাহের সঙ্গে দেখা হওয়া। তিনি বলেন, ‘তিনি পুরো সিনেমাটি দেখেছেন এবং তার চোখে পানি ছিল। তিনি আমাকে জড়িয়ে ধরেছিলেন। তিনি বলেছিলেন, ‘বুবু, তুমি যে চরিত্রে অভিনয় করেছ, সাত জন্মেও আমি তা করতে পারব না।’

ছবিটির গল্পের মধ্য দিয়ে তরুণ প্রজন্মের উদ্দেশেও বার্তা দিয়েছেন পদম সিং। তার কথায়, ‘আমি তাদের বলতে চাই, নিজেদের মাতৃভূমি, যে মাটিতে তাদের জন্ম, তা যেন তাঁরা পরিত্যাগ না করেন।’ পাশাপাশি মানুষের বসবাসের এলাকাতেই শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ তৈরির জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%