০৯:৫১ পি.এম
রাজধানীর উত্তরার আজমপুর ৬ নম্বর সেক্টরে অবস্থিত রাজউক কলেজের সামনে সড়ক ও ফুটপাত বর্তমানে সম্পূর্ণরূপে হকারদের দখলে চলে গেছে। ফুটপাতটি পান-সিগারেট, চায়ের দোকান, সবজি ও ফলের দোকানে ভরে গেছে।
আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের পূর্ব দিক থেকে শুরু করে রাজউক উত্তরা মডেল কলেজের সামনের সড়কের ফুটপাত এখন হকারদের নিয়ন্ত্রণে রয়েছে। ফুটপাত দখল করার পাশাপাশি, হকাররা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মূল সড়কের একটি অংশও দখল করে রাখে। সড়কের অন্য অংশে গাড়ির সারির কারণে প্রায়ই যানজট সৃষ্টি হয়। অফিস টাইমে এই সড়কে চলাচল করা বেশ কঠিন হয়ে পড়ে।
পথচারীরা জানান, সকালবেলা উচ্ছেদ করা হলেও বিকালে আবার দোকান বসে। এটি যেন একটি লুকোচুরি খেলা হয়ে দাঁড়িয়েছে। সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ অর্থ ও সময় ব্যয় করে অভিযানের মাধ্যমে ফুটপাত মুক্ত করার চেষ্টা করছে, তবে কিছু অসাধু লোকজনের সহযোগিতায় বিকালে আবার ফুটপাত দখল হয়ে যায়।
আরও পড়ুন: পাকিস্তানের হাইকমিশনার ‘দ্য ফেস্টিভ ঢাকা এডিট’ প্রদর্শনী পরিদর্শন করেন
পথচারীরা এই সমস্যা থেকে মুক্তি চাচ্ছেন।
সরেজমিনে দেখা যায়, রাজউক কলেজের ঠিক উল্টো দিকে অবস্থিত সমবায় বাজার, যা ‘বিডিআর মার্কেট’ নামে পরিচিত। এখানে সুলভ মূল্যে মাছ, মাংস ও কাঁচাবাজারসহ নিত্যপ্রয়োজনীয় সব পণ্য পাওয়া যায়, কিন্তু এর সামনের সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে চলছে হকারদের ব্যবসা। এর ফলে বিডিআর মার্কেটের সাধারণ ও বৈধ ব্যবসায়ীরা চরম ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
মার্কেটের ব্যবসায়ীরা অভিযোগ করেন, রাস্তার ওপর ভাসমান হকারদের কাছ থেকে হাতের নাগালে কাঁচাবাজার পেয়ে যাওয়ায় ক্রেতারা আর মূল বাজারের ভেতরে প্রবেশ করছেন না। এর ফলে মার্কেটের ভেতরে ক্রেতার অভাব দেখা দিয়েছে এবং স্থায়ী ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
এই বিষয়ে সমবায় কাঁচাবাজারের সভাপতি মো. মিরাজুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, “এখানে এত বড় একটি সুনির্দিষ্ট কাঁচাবাজার থাকতে কেন তারা ফুটপাত দখল করে ব্যবসা করবে? এর ফলে আমাদের মার্কেটের ব্যবসায়ীদের ওপর ব্যাপক নেতিবাচক প্রভাব পড়ছে।”
আরও পড়ুন: ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এনআইসিইউতে নবজাতকের শরীর পুড়েছে
তিনি অবিলম্বে এই সমস্যার সমাধান চেয়ে বলেন, “আমি স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যেন দ্রুততম সময়ের মধ্যে এই ফুটপাত দখলকারীদের উচ্ছেদ করে আমাদের মতো সাধারণ ব্যবসায়ীদের রক্ষা করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন