১০:৩৭ পি.এম
ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি গোষ্ঠী সৌদি আরবের রাজধানী রিয়াদ এবং দক্ষিণাঞ্চলে দুটি ড্রোন হামলার চেষ্টা করেছে। তবে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট দাবি করেছে, মাঝ আকাশে ড্রোন দুটি প্রতিহত করে ধ্বংস করা হয়েছে। শনিবার এই তথ্য জানিয়েছেন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি।
তুর্কি আল-মালিকি যুক্তরাষ্ট্রভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি বিবৃতিতে উল্লেখ করেছেন, হুতি মিলিশিয়াদের দ্বারা ছোড়া ড্রোন দুটি রিয়াদ ও সৌদি আরবের দক্ষিণাঞ্চলে ধ্বংস করা হয়েছে।
এ ঘটনার ফলে কোনো হতাহত বা সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে বিবৃতিতে কিছু জানানো হয়নি।
আরও পড়ুন: ৫ কেজি স্বর্ণ-হীরা নিয়ে পালিয়েছে ইউটিউবার নিশান্ত, বাবা ও প্রেমিকা গ্রেপ্তার
এই ঘটনা হুতি বিদ্রোহী ও সৌদি আরবের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে ঘটেছে। সাম্প্রতিক সময়ে সৌদি নেতৃত্বাধীন জোট দেশটিকে লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার একাধিক খবর প্রকাশ করেছে।
২০১৪ সালে হুতিরা ইয়েমেনের রাজধানী সানা এবং দেশের কয়েকটি প্রদেশের নিয়ন্ত্রণ গ্রহণ করার পর থেকে সেখানে সংঘাত চলছে। এর পরিপ্রেক্ষিতে ২০১৫ সালে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিতে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট দেশটিতে হস্তক্ষেপ করে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন