১০:৪০ পি.এম
বৈশ্বিক দক্ষিণের নাগরিক সমাজের প্রতিনিধিরা দাবি করেছেন, জলবায়ু সংকটের জন্য দায়ী উন্নত দেশগুলোকেই ক্ষতিগ্রস্ত উন্নয়নশীল দেশগুলোর জলবায়ু কার্যক্রমে অর্থায়নের দায়িত্ব নিতে হবে।
তারা উল্লেখ করেছেন, জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি প্রদান নয়, বরং এখন প্রয়োজন সুনির্দিষ্ট রোডম্যাপ, পর্যাপ্ত অর্থ ছাড় এবং জবাবদিহি নিশ্চিত করা।
শনিবার তুরস্কের আনতালিয়ায় কপ-৩১ সম্মেলনস্থলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। কোস্ট ফাউন্ডেশন বাংলাদেশ, ভারতের মৌসম ও লিডার্স বাংলাদেশ যৌথভাবে সংবাদ সম্মেলনটির আয়োজন করে।
আরও পড়ুন: জাতীয় উন্নয়ন পরিকল্পনায় স্থানিক পরিকল্পনা অন্তর্ভুক্তির আহ্বান বিআইপির সেমিনারে
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, অভিযোজন অর্থায়ন তিন গুণ করার প্রস্তাব কপ-৩১-এর পৃথক আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হলেও দেশগুলোর মধ্যে ঐকমত্যের অভাবের কারণে তা সম্ভব হয়নি। এই অঙ্গীকার বাস্তবায়নের জন্য সম্মেলন থেকেই পরিমাপযোগ্য লক্ষ্যমাত্রা, স্বচ্ছ অর্থায়ন ব্যবস্থা ও জবাবদিহির কাঠামো নির্ধারণ করা প্রয়োজন।
কোস্ট ফাউন্ডেশনের এমএ হাসান বলেন, "প্যারিস চুক্তির ৯.১ অনুচ্ছেদ অনুযায়ী উন্নত দেশগুলোর ওপর উন্নয়নশীল দেশগুলোর জলবায়ু কার্যক্রমে অর্থায়নের বাধ্যবাধকতা রয়েছে। এটি কোনো দয়া বা স্বেচ্ছামূলক সহায়তা নয়, বরং আন্তর্জাতিক চুক্তিতে স্বীকৃত দায়িত্ব। বেসরকারি অর্থায়নের মাধ্যমে উন্নত দেশগুলোর এই বাধ্যবাধকতা প্রতিস্থাপন করা যাবে না।"
ভারতের সৌম্য দত্ত বলেন, "দক্ষিণ এশিয়ার দেশগুলো বন্যাসহ বিভিন্ন জলবায়ু দুর্যোগে কয়েক বিলিয়ন ডলারের ক্ষতির মুখে পড়ছে। অথচ ঘোষিত অনুদান প্রয়োজনের তুলনায় নগণ্য। এ পরিস্থিতিতে আঞ্চলিক সংহতি ও পর্যাপ্ত অর্থায়ন জরুরি।"
নেপালের প্রয়াস অধিকারী বলেন, "জলবায়ু অর্থায়নের বর্তমান ব্যবস্থায় জটিল আবেদন, অনুমোদন ও অর্থ ছাড়ের প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য বড় বাধা। এসব প্রক্রিয়া সহজ করে সরাসরি অর্থায়ন নিশ্চিত করতে হবে।"
আরও পড়ুন: প্রযুক্তিনির্ভর নজরদারির মাধ্যমে অপরাধ প্রতিরোধের পরিকল্পনা : ববি হাজ্জাজ
ভারতের অজয় কুমার জানান, "এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জলবায়ু অর্থায়নের ঘাটতি ৮২০ বিলিয়ন ডলারের বেশি। অথচ বৈশ্বিক অর্থায়নের বড় অংশ পূর্ব এশিয়ায় কেন্দ্রীভূত, দক্ষিণ এশিয়া পাচ্ছে সীমিত অংশ।"
শ্রীলঙ্কার থিলক কারিয়াওয়াসাম বলেন, "জলবায়ু তহবিলের অর্থ প্রান্তিক ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কাছে পৌঁছাতে হবে।" অন্যদিকে, লিডার্স বাংলাদেশের মোহন কুমার মণ্ডল জলবায়ুজনিত বাস্তুচ্যুত মানুষের পুনর্বাসনে বিশেষায়িত অর্থায়ন এবং তাঁদের মানবাধিকার ও মর্যাদা নিশ্চিতের দাবি জানান।
সংবাদ সম্মেলনে ভারত, নেপাল, শ্রীলঙ্কা ও বাংলাদেশের নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: দুর্নীতি দমন কমিশনের মামলায় ২৫ বছর পর খালাস পেলেন সাবেক উপমন্ত্রী সিরাজুল হক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন