১২:৩৮ পি.এম
মুক্তির প্রথম দিনে সিনেমাটির আয় ছিল ১০ লাখ রুপিরও কম। প্রথম সপ্তাহে এটি মাত্র ৬০টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়েছিল। তবে সীমিত আয়োজন ও প্রচারের বিভিন্ন বাধা অতিক্রম করে ছবিটি এখন বক্স অফিসে বড় সাফল্যের নজির স্থাপন করেছে। কন্নড় সিনেমা ‘প্রেমাদা ওরালি’ বিশ্বজুড়ে আয় করেছে ১১৪ কোটি রুপি।
পরিচালক মনোজ কুমারের নির্মিত এই সিনেমাটির বাজেট ছিল তিন কোটি রুপিরও কম। গত সেপ্টেম্বরের শেষ দিকে এটি সীমিতসংখ্যক প্রেক্ষাগৃহে মুক্তি পায়। শুরুতে ব্যবসা আশানুরূপ না হলেও দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়ায় ধীরে ধীরে সিনেমাটির জনপ্রিয়তা বৃদ্ধি পেতে থাকে।
কন্নড় সংবাদমাধ্যম নিউজ কর্ণাটক ও বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম পিংকভিলার প্রতিবেদনের ভিত্তিতে, মুক্তির প্রথম সপ্তাহে সিনেমাটি ভারতের বাজারে আয় করে ৬ কোটি ২৫ লাখ রুপি। দ্বিতীয় সপ্তাহে আয় বেড়ে দাঁড়ায় ২৭ কোটি ৭৫ লাখ রুপিতে। তৃতীয় সপ্তাহে সিনেমাটির আয় ৩৯ কোটি রুপি হয়। মুক্তির ২২তম থেকে ২৯তম দিন পর্যন্ত আট দিনে আয় হয় আরও ৩০ কোটি ৫০ লাখ রুপি। সব মিলিয়ে ২৯ দিনে বিশ্বব্যাপী ছবিটির আয় দাঁড়ায় ১১৪ কোটি রুপিতে।
আরও পড়ুন: কণ্ঠশিল্পী কনকচাঁপা সুশীল সমাজকে ধর্মীয় বিশ্বাস ও মানবতার বার্তা দিলেন
সিনেমাটির সাফল্যের পেছনে রয়েছে ব্যতিক্রমী প্রচারকৌশল। আর্থিক সংকটে পড়ায় নির্মাতাদের বড় বাজেটের ছবির মতো প্রচার চালানোর সুযোগ ছিল না। তাই অভিনেতা ও কলাকুশলীরা নিজেরাই রাস্তায় নেমে প্রচারপত্র ও আমন্ত্রণপত্র বিলি করেন। এমনকি বাসে যাত্রীদের কাছে গিয়ে সিনেমাটি দেখার অনুরোধ জানান তাঁরা। পরে দর্শকদের মুখে মুখে ছবির খবর ছড়িয়ে পড়লে প্রদর্শনীর সংখ্যা ও আয় বৃদ্ধি পেতে থাকে।
গ্রামীণ জীবনের প্রেক্ষাপটে নির্মিত সিনেমাটির গল্পে প্রেম, পারিবারিক সম্পর্ক ও দাম্পত্য জীবনের নানা টানাপোড়েন উঠে এসেছে। কৃষক নাগান্না স্ত্রীকে হারানোর পর একাই ছেলেকে বড় করেন। ছেলের বিয়ে নিয়ে বাবার প্রত্যাশা এবং তার ব্যক্তিগত সম্পর্ক ঘিরেই এগিয়েছে কাহিনি। গল্পনির্ভর এই সিনেমার সাফল্যে প্রশংসা করেছেন কন্নড় চলচ্চিত্রের পরিচিত মুখ যশ ও ঋষভ শেঠিও।
তবে ১১৪ কোটি রুপি আয় মানেই নির্মাতাদের সমপরিমাণ মুনাফা নয়। প্রেক্ষাগৃহের অংশ, পরিবেশনা খরচসহ অন্যান্য ব্যয় বাদ দেওয়ার পর প্রকৃত লাভের হিসাব পাওয়া যাবে। এরপরও স্বল্প বাজেট ও সীমিত প্রচার নিয়ে ‘প্রেমাদা ওরালি’র এই সাফল্য কন্নড় চলচ্চিত্রশিল্পে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
আরও পড়ুন: বিচ্ছেদের পর জাস্টিন ট্রুডোর প্রেমে কেটি পেরি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন