০৪:০৭ পি.এম
কলম্বিয়া সীমান্তের কাছে ন্যাশনাল লিবারেশন আর্মির (ইএলএন) একটি শিবিরে ভেনেজুয়েলার সামরিক বাহিনীর বিরুদ্ধে বোমা হামলার অভিযোগ উঠেছে। কলম্বিয়ার রেডিও স্টেশন ব্লু রেডিও জানায়, এই হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন।
শুক্রবার (৩১ অক্টোবর) সীমান্তবর্তী আপুরে রাজ্যের বুয়েনা ভিস্তা দেল মেতা এলাকায় এই হামলার ঘটনা ঘটে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
মানবাধিকার সংস্থা ‘ফান্ডারেদেস’-এর কার্যক্রম সমন্বয়কারী গার্সিয়া এসকালোনা জানিয়েছেন, তিনি ওই অঞ্চলে একটি সামরিক অভিযানের বিষয়ে তথ্য পেয়েছেন।
আরও পড়ুন: যুদ্ধ বন্ধের শর্তে সৌদির কাছে ৫১ বিলিয়ন ডলার দাবি হুথিদের
প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে নয়জনের মরদেহ ফরেনসিক পরীক্ষার জন্য রাজ্যের রাজধানী সান ফার্নান্দো দে আপুরেতে পাঠানো হয়েছে। অন্যদিকে, আরও ১০ জনের মরদেহ ঘটনাস্থলে পড়ে থাকার খবর পাওয়া গেছে। আহতদের সংখ্যা নিশ্চিত না হলেও, কয়েকজন আহত ব্যক্তি সীমান্ত পেরিয়ে কলম্বিয়ার ভূখণ্ডে প্রবেশ করেছেন বলে জানা গেছে।
ব্লু রেডিও জানায়, পুয়ের্তো পায়েজ এলাকার বাসিন্দারা ঘটনাস্থলে পাওয়া কয়েকজনের নাম ও পরিচয় সম্পর্কে তথ্য দিয়েছেন। তবে নিহতদের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
ভেনেজুয়েলার মানবাধিকারকর্মী ও সামরিক বিষয়ক বিশেষজ্ঞ রোসিও সান মিগেল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে বুয়েনা ভিস্তা দেল মেটায় ইএলএনের শিবিরে কথিত বোমা হামলার খবর উল্লেখ করেছেন।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভেনেজুয়েলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় সশস্ত্র সংঘর্ষের খবরের মধ্যে এই অভিযানের অভিযোগ সামনে এসেছে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে ক্ষমতার পালাবদলে সম্পর্ক পুনর্গঠনের আশা জেলেনস্কির
গার্সিয়া এসকালোনা জানিয়েছেন, পশ্চিম বলিভার রাজ্যের লস পিহিহুয়াওস এবং মেটা-ওরিনোকো নদীসংলগ্ন সীমান্ত এলাকার পাসো দেল বুরোর কাছে সংঘর্ষের খবর স্থানীয় বাসিন্দা ও আদিবাসী জনগণের সদস্যরা দিয়েছেন। তার দাবি, এসব সংঘর্ষের পেছনে বক্সাইট ও কোলটানের মতো খনিজ সম্পদ আহরণের এলাকাগুলোর নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ থাকতে পারে।
এদিকে, কথিত এই বোমা হামলার অভিযোগের বিষয়ে ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন সরকার এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।
সূত্র: আনাদোলু এজেন্সি
আরও পড়ুন: জাপান ভারতের ব্যবসায় ১০-এ ১০ করতে চায়
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন