ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

গোমস্তাপুরে জোহুর আহমেদ মিঞা কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ


গোমস্তাপুরে জোহুর আহমেদ মিঞা কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালা জোহুর আহমেদ মিঞা কলেজে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ করার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকালে কলেজের প্রাঙ্গণে এই বিশেষ আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়।

এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ কামরুজ্জামান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি খুরশিদ আলম বাচ্চু। অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন সমাজকর্ম বিভাগের প্রভাষক জাহাঙ্গীর আলম, ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক ইব্রাহিম খলিল, বাংলা বিভাগের প্রভাষক শামিমারা বেগম, অর্থনীতি বিভাগের প্রভাষক মুনিরুল ইসলাম, ভূগোল বিভাগের প্রভাষক মফিজ উদ্দিন এবং শিক্ষার্থীদের মধ্যে দ্বাদশ শ্রেণির ছাত্র রায়হান, সানজিদা ও কারিমা এবং একাদশ শ্রেণির শিক্ষার্থী বৃষ্টি রানী পালসহ অনেকে।

বক্তারা নবীন শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান লেখাপড়ায় মনোযোগী হওয়ার জন্য এবং মাদক, ধূমপান ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থাকার জন্য। তারা বলেন, বন্ধুবান্ধবের প্ররোচনায় পড়ে যেন কোনো শিক্ষার্থী মাদক বা ধূমপানে জড়িয়ে না পড়ে। বক্তারা উল্লেখ করেন, মাদক শিক্ষার্থীদের শিক্ষা, জীবন ও ভবিষ্যৎকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই ভালো বন্ধু নির্বাচন করে ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত থাকার পরামর্শ দেন তারা।

আরও পড়ুন: ঢাকা রেসিডেনসিয়ালে ২৩ দেশের শিক্ষার্থীদের অংশগ্রহণে সফল ডিআরএমসি বিজনেস সামিট

এছাড়া বক্তারা আরও বলেন, শিক্ষাজীবন ভবিষ্যৎ গড়ার জন্য একটি গুরুত্বপূর্ণ সময়। এই সময়কে কাজে লাগিয়ে মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে। ভালো ফলাফলের পাশাপাশি নৈতিক মূল্যবোধ ও মানবিক গুণাবলি অর্জনের মাধ্যমে নিজেদের যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। এতে কলেজ, পরিবার ও সমাজের মুখ উজ্জ্বল হবে। অনুষ্ঠানের শেষে কলেজের প্রতিষ্ঠাতা জোহুর আহমেদ মিঞার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জার্মানিতে দক্ষ কর্মীদের জন্য ৬ লাখেরও বেশি শূন্যপদ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:১৪ পি.এম


জার্মানিতে দক্ষ কর্মীদের জন্য ৬ লাখেরও বেশি শূন্যপদ

বিদেশে ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখছেন যারা, তাদের জন্য একটি সুখবর দিয়েছেন ওয়াই-অ্যাক্সিসের পরিচালক ক্লিন্ট খান। তিনি দুবাইয়ে অনুষ্ঠিত এক বিশেষ সম্মেলনে উল্লেখ করেছেন যে, জার্মানির বাজারে দক্ষ পেশাদারদের জন্য প্রায় সাড়ে ছয় লাখ শূন্যপদ রয়েছে। ইউরোপীয় ইউনিয়নে কর্মীর যে পরিমাণ চাহিদা রয়েছে, তার প্রায় এক চতুর্থাংশই একমাত্র জার্মানির জন্য।

জার্মানিতে কাজের সুযোগ পাওয়ার জন্য একটি চমৎকার পথ হলো দেশটির ‘অপরচুনিটি কার্ড’। ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশের নাগরিকরা এই কার্ডের মাধ্যমে আগে থেকে কোনো চাকরি নিশ্চিত না করেই সরাসরি জার্মানিতে চলে যেতে পারেন। সেখানে গিয়ে চাকরি খোঁজার জন্য তাদের হাতে পুরো এক বছরের সময় থাকে।

শুরুতে এই কার্ডের মাধ্যমে খণ্ডকালীন কাজ করার সুযোগ পাওয়া যায়। পরবর্তীতে, যদি কেউ নিজের যোগ্যতার ভিত্তিতে স্থায়ী চাকরি পান এবং কোনো কোম্পানি স্পন্সর করতে রাজি হয়, তাহলে সহজেই ওয়ার্ক পারমিট নিয়ে জার্মানিতে স্থায়ীভাবে বসবাস করার সুযোগ সৃষ্টি হয়।

সূত্র: গালফ নিউজ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে পেট্রলবোমায় দোকান পুড়িয়ে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:১৪ পি.এম


রাজশাহীতে পেট্রলবোমায় দোকান পুড়িয়ে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা

রাজশাহীর মহানগরীতে এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এর আগে দোকানে পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন লাগিয়ে দেওয়া হয়। শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে নগরীর রাজপাড়া থানার বাকির মোড় এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আবদুল বারীউল ইসলাম (৪০) পেশায় একজন মুদি দোকানি ছিলেন। তিনি ওই এলাকার বদরুল সরকারের পুত্র।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও নিহতের পরিবারের সদস্যদের সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় চণ্ডীপুর এলাকার কিছু যুবক বাকির মোড়ে এসে মাদক সেবন করে। পরে তারা টাকা ভাঙানোর জন্য আবদুল বারীর দোকানে যায়। বারী টাকা ভাঙিয়ে দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে হাতাহাতিও ঘটে।

এরপর রাত পৌনে ২টার দিকে দেশীয় অস্ত্র ও পেট্রলবোমা নিয়ে ৫০ থেকে ৫৫ জনের একটি দল আবদুল বারীর দোকানে হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। প্রথমে দোকানের শাটারের তালা ভেঙে পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেওয়া হয়।

দোকানে আগুন দেখতে পেয়ে আবদুল বারী ও তার পরিবারের সদস্যরা বাইরে বেরিয়ে আসেন। এ সময় হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে বারীকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্বজন ও স্থানীয়রা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় রোববার দুপুর পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, নিহতের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শুভডাঙ্গাবাসীর সমস্যা শুনতে এমপি আব্দুল বারীর ইউনিয়ন সফর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:১৫ পি.এম


শুভডাঙ্গাবাসীর সমস্যা শুনতে এমপি আব্দুল বারীর ইউনিয়ন সফর

রাজশাহীর বাগমারা উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন গ্রামে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেছেন বাগমারা আসনের সংসদ সদস্য ডাঃ আব্দুল বারী সরদার। তিনি স্থানীয় বাসিন্দাদের সমস্যা ও প্রয়োজন সম্পর্কে খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাদের কথা শোনেন। ইউনিয়নবাসীর উন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের কাজ করার আশ্বাসও প্রদান করেন তিনি।

রোববার বিকেলে শুভডাঙ্গা ইউনিয়নের মধ্য দৌলতপুর মোড়, মচমইল বাজার, শংকরপৈ মোড়, খর্দ্দকৌড় মোড়, ধামিনকৌড়, বুজরুক কৌড়, বানাইপুর, বাইগাছা, বসন্তপুরসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন এমপি ডাঃ আব্দুল বারী সরদার। গণসংযোগকালে তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের এলাকার সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন।

স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে ডাঃ আব্দুল বারী সরদার উল্লেখ করেন, শুভডাঙ্গা ইউনিয়নের মানুষের জীবনমান উন্নয়নে পর্যায়ক্রমে প্রয়োজনীয় সব ধরনের কাজ করা হবে। তিনি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগব্যবস্থা, রাস্তাঘাটসহ এলাকার অবকাঠামোগত উন্নয়নে গুরুত্ব দেওয়ার কথা বলেন। ইউনিয়নের কোনো এলাকা যেন উন্নয়ন থেকে পিছিয়ে না থাকে, সেদিকে বিশেষ নজর দেওয়া হবে।

তিনি আরও বলেন, সাধারণ মানুষের প্রয়োজন ও এলাকার বাস্তব সমস্যাগুলো সরেজমিনে চিহ্নিত করে ধাপে ধাপে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। প্রত্যন্ত এলাকার মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে কাজ করার পরিকল্পনা রয়েছে। কৃষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশের উন্নয়ন, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং তরুণদের খেলাধুলার সুযোগ সৃষ্টিতেও গুরুত্ব দেওয়া হবে।

এমপি আরো বলেন, উন্নয়ন কোনো নির্দিষ্ট এলাকার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। শুভডাঙ্গা ইউনিয়নের প্রতিটি গ্রামের মানুষের কাছে উন্নয়নের সুফল পৌঁছে দিতে স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে। মানুষের সমস্যার কথা সরাসরি শুনে তা সমাধানের উদ্যোগ নেওয়া তাঁর অন্যতম লক্ষ্য।

গণসংযোগকালে এমপির সঙ্গে ছিলেন উপজেলা জামায়াতের আমীর বাবুল হুসাইন, সাবেক সেক্রেটারি সহকারী অধ্যাপক অহিদুল ইসলাম, আসন্ন বাগমারা উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ডাঃ আলমগীর হোসেন, ভবানীগঞ্জ পৌর জামায়াতের আমীর আশরাফুল ইসলাম আশিক, শুভডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমীর সাহার আলী, সেক্রেটারি আমিনুল ইসলামসহ ইউনিয়ন পর্যায়ের জামায়াতের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বহিষ্কৃত দুই যুবদল নেতাকে সভাপতি ঘোষণা এমপির

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:১৬ পি.এম


বহিষ্কৃত দুই যুবদল নেতাকে সভাপতি ঘোষণা এমপির

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ও পৌর যুবদলের দুই নেতাকে সভাপতি হিসেবে ঘোষণা করেছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া। কেন্দ্রীয় যুবদলের পক্ষ থেকে তাদের বহিষ্কার করার কয়েক দিনের মধ্যেই এই ঘোষণা আসে।

এ বিষয়টি নিয়ে স্থানীয় বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে আলোচনা, সমালোচনা এবং ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে মোবাশ্বের আলম ভূঁইয়াকে নাঙ্গলকোট উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আবদুল মমিনকে উপজেলা যুবদলের সভাপতি এবং পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নুর আহমদকে পৌর যুবদলের সভাপতি হিসেবে ঘোষণা করতে দেখা যায়।

এর আগে, ১৩ সেপ্টেম্বর কেন্দ্রীয় যুবদলের নির্বাহী কমিটি আবদুল মমিন ও নুর আহমদকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করে। তাদের বিরুদ্ধে পেশিশক্তি প্রদর্শন, সংগঠনের সহযোদ্ধাকে অন্যায়ভাবে রক্তাক্ত করা এবং বিভিন্ন অনাচারে জড়িত থাকার অভিযোগ ছিল।

কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রায় এক সপ্তাহ পর, ১৮ সেপ্টেম্বর, সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া নাঙ্গলকোটের বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেন। ওই সভার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে তাকে আবদুল মমিন ও নুর আহমদকে যথাক্রমে উপজেলা ও পৌর যুবদলের সভাপতি হিসেবে ঘোষণা করতে দেখা যায়।

এ ঘটনার পর স্থানীয় বিএনপির নেতাকর্মীদের একাংশ প্রশ্ন তুলেছেন, কেন্দ্রীয় যুবদলের সিদ্ধান্তে বহিষ্কৃত দুই নেতাকে কীভাবে আবার সংগঠনের গুরুত্বপূর্ণ পদে বসানোর ঘোষণা দেওয়া হলো। তাদের দাবি, যুবদলের কমিটি গঠন কিংবা কাউকে সাংগঠনিক পদ দেওয়ার নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে।

কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু বলেন, "জাতীয় নির্বাচনের আগেই যুবদলের সব কমিটি বিলুপ্ত করা হয়েছিল। ওই বিলুপ্ত কমিটির দুই সদস্যকে কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়েছে।"

তিনি আরও জানান, "স্থানীয় এমপির বহিষ্কৃত দুই নেতাকে নিয়ে সভাপতি ঘোষণা দেওয়ার ভিডিওটি দেখেছি। এ বিষয়ে আমাদের কাছে কয়েকটি স্ক্রিনশটও আছে। তারা তো বর্তমানে কোনো কমিটিতেই নেই।"

অভিযোগের বিষয়ে সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, "তারা আমার সংগঠনের একনিষ্ঠ কর্মী। তারা দলের জন্য সব সময় কাজ করেছে। আমি তাদের এই বহিষ্কার মানি না। তাই তাদেরকে সভাপতি ঘোষণা করেছি।"

তিনি আরও বলেন, "আমি ক্লিয়ার করে দিয়েছি—যেখানে বহিষ্কার, সেখানেই আবিষ্কার।"

স্থানীয় সূত্রে জানা যায়, নাঙ্গলকোটের ঢালুয়া হাইস্কুল গেট এলাকায় বিএনপি, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের একটি প্রতিবাদ মিছিলে হামলার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির অভ্যন্তরীণ বিরোধ প্রকাশ্যে আসে।

গত ১৩ আগস্টের ওই ঘটনায় অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া যায়। আহত নেতাকর্মীদের অভিযোগ, হামলাকারীরা সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার অনুসারী। অন্যদিকে আহতরা স্থানীয়ভাবে সাবেক সংসদ সদস্য আবদুল গফুর ভূঁইয়ার অনুসারী হিসেবে পরিচিত।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ, ওই দিন ছাত্রদল নেতা মাহফুজুর রহমানের নেতৃত্বে একটি মিছিলে আবদুল মমিন ও তার অনুসারীরা লাঠিসোঁটা নিয়ে হামলা করেন। এ ঘটনার পর কেন্দ্রীয় যুবদল আবদুল মমিন ও নুর আহমদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়।

কেন্দ্রীয় বহিষ্কারাদেশের পরও দুই নেতাকে নিয়ে স্থানীয় সংসদ সদস্যের এমন বক্তব্যে নাঙ্গলকোটের বিএনপির রাজনীতিতে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা ও সমালোচনা চলছে।

তবে বহিষ্কারাদেশ প্রত্যাহার কিংবা দুই নেতাকে নতুন করে সাংগঠনিক পদ দেওয়ার বিষয়ে কেন্দ্রীয় যুবদলের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো নতুন সিদ্ধান্ত বা আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%