ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

অরাজনৈতিক অনুষ্ঠানকে ভিন্ন খাতে নেওয়ার অপচেষ্টা চলছে: জবি অর্থনীতি বিভাগ অ্যালামনাই


অরাজনৈতিক অনুষ্ঠানকে ভিন্ন খাতে নেওয়ার অপচেষ্টা চলছে: জবি অর্থনীতি বিভাগ অ্যালামনাই

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) অর্থনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন অভিযোগ করেছে যে, পূর্বনির্ধারিত অনুষ্ঠানে ঘটে যাওয়া ঘটনাকে রাজনৈতিকভাবে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা চলছে।

শনিবার (১৪ নভেম্বর) রাতে, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক মিনহাজ উদ্দিন পলাশের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এই অভিযোগ উত্থাপন করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, অর্থনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠানের অংশ হিসেবে সাংস্কৃতিক অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে এশার আজান শুরুর পূর্বে বন্ধ করে দেওয়া হয়। ধর্মীয় অনুভূতি ও বিশ্ববিদ্যালয়ের পরিবেশের প্রতি সম্মান জানিয়ে আয়োজকরা স্বতঃস্ফূর্তভাবে সাংস্কৃতিক পরিবেশনা বন্ধ করেন।

আরও পড়ুন: জাতীয় উন্নয়ন পরিকল্পনায় স্থানিক পরিকল্পনা অন্তর্ভুক্তির আহ্বান বিআইপির সেমিনারে

তবে, পরিবেশনা বন্ধ হওয়ার পর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশক্তির সাধারণ সম্পাদক ফেরদৌস শেখ আকস্মিকভাবে অনুষ্ঠানে উপস্থিত হয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ও অসৌজন্যমূলক আচরণ করেন বলে অভিযোগ করা হয়েছে।

এতে আরও বলা হয়, একপর্যায়ে অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষার্থীরা তাকে অন্যত্র সরিয়ে নেন। এই ঘটনার প্রেক্ষিতে একটি মহল রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা চালাচ্ছে।

বিজ্ঞপ্তিতে সংগঠনটি স্পষ্ট করে জানায়, অর্থনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানটি ছিল সম্পূর্ণ অরাজনৈতিক, সৌহার্দ্যপূর্ণ এবং সাবেক শিক্ষার্থীদের পারস্পরিক মিলনমেলা। এর সঙ্গে কোনো রাজনৈতিক দল বা সংগঠনের বিরোধ কিংবা রাজনৈতিক উদ্দেশ্যের সংশ্লিষ্টতা নেই।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষাঙ্গনে মতপার্থক্য থাকতেই পারে। তবে কোনো অবস্থাতেই অসৌজন্যমূলক আচরণ, অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ কিংবা রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানো গ্রহণযোগ্য নয়।

আরও পড়ুন: টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় আহত পুলিশের এসআই ফরিদ আহমেদ মারা গেছেন

অ্যালামনাই অ্যাসোসিয়েশন এই ঘটনার প্রেক্ষিতে সংশ্লিষ্ট সবাইকে প্রকৃত ঘটনা বিবেচনায় নিয়ে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে অপপ্রচার বা রাজনৈতিক রং না দিয়ে ঘটনাটিকে প্রকৃত প্রেক্ষাপটে দেখার অনুরোধ করা হয়েছে।

সংগঠনটি জানায়, সৌহার্দ্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক পরিবেশ বজায় রাখার মূল্যবোধ ধারণ করেই ভবিষ্যতেও তাদের কার্যক্রম পরিচালিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিষেধাজ্ঞা এড়াতে ইরাকি তেল পাচার ও মিশ্রণ ইরানে: গোপন তথ্য ফাঁস

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

১১:২১ পি.এম


নিষেধাজ্ঞা এড়াতে ইরাকি তেল পাচার ও মিশ্রণ ইরানে: গোপন তথ্য ফাঁস

ইরাকের তেল পাচার এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়ানোর একটি গোপন ও সুসংগঠিত নেটওয়ার্কের তথ্য সম্প্রতি ফাঁস হয়েছে। একটি শীর্ষ গোপনীয় (Top Secret) গোয়েন্দা প্রতিবেদনে প্রকাশিত হয়েছে যে, ইরাকের কিরকুক ও কুর্দিস্তান অঞ্চলের অপরিশোধিত তেল এবং জ্বালানি সীমান্ত পার হয়ে ইরানে পাচার করা হচ্ছে। এরপর সেই তেল ইরানি পেট্রোলিয়াম পণ্যের সাথে মিশিয়ে ভুয়া নথিপত্রের মাধ্যমে ইরাকি পণ্য হিসেবে রপ্তানি করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যমের কাছে আসা ১৪ পৃষ্ঠার এই গোয়েন্দা প্রতিবেদনটি ইরাকের একটি ভূ-স্থানিক গোয়েন্দা ইউনিট দ্বারা তৈরি করা হয়েছে। ২০২১ সাল থেকে ২০২৬ সালের গ্রীষ্মকাল পর্যন্ত সংগৃহীত উপগ্রহ চিত্র (Satellite Imagery) বিশ্লেষণ করে দেখা গেছে যে, সীমান্তজুড়ে তেলবাহী ট্যাংকার এবং স্টোরেজ সুবিধার সংখ্যা নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। ইরাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্নেল এই নথির সত্যতা নিশ্চিত করেছেন, তবে বিষয়টির স্পর্শকাতরতার কারণে বিস্তারিত কিছু জানাতে রাজি হননি।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, তেল পাচারের দুটি প্রধান রুট রয়েছে। প্রথম রুটটি কিরকুকের উত্তর তেল কোম্পানির (North Oil Company) ক্ষেত্র থেকে শুরু হয়। সেখান থেকে সরকারি কোটায় সুলতানিয়ায় পাঠানো তেল পরবর্তীতে কুর্দিস্তানের বাসমখ ও পারওয়েজ খান সীমান্ত দিয়ে ট্যাংকারে করে ইরানে প্রবেশ করে। ইরানে পৌঁছানোর পর কম দামি ইরাকি তেল স্থানীয় জ্বালানির সাথে মিশিয়ে পুনরায় ইরাকি পণ্য হিসেবে নথিভুক্ত করা হয়। এরপর মাহিরুদ সীমান্ত দিয়ে তা আফগানিস্তানে নিয়ে যাওয়া হয়, যেখানে স্থানীয় ফিলিং স্টেশনগুলোতে অভ্যন্তরীণ ব্যবহারের জন্য বিক্রি করা হয়। উপগ্রহ চিত্রে দেখা গেছে, বাসমখ ও পারওয়েজ খান সীমান্তে গত কয়েক বছরে ট্যাংকারের দীর্ঘ লাইন এবং বিশাল ডিপো গড়ে উঠেছে।

দ্বিতীয় বা উত্তরমুখী রুটটি দিয়ে তেল তুরস্কে পাচার করা হচ্ছে। দুহুক প্রদেশের ফিশখাবুর তেলক্ষেত্রের স্টোরেজ ট্যাংকে এই তেল খালাস করা হয়, যা নরওয়েজিয়ান কোম্পানি ডিএনও (DNO) পরিচালনা করে। ফেডারেল স্টেট অয়েল মার্কেটিং অর্গানাইজেশন (SOMO)-এর আইনি এখতিয়ারের বাইরে গিয়ে স্থানীয় ক্রেতাদের কাছে এই তেল বিক্রি করার অভিযোগ রয়েছে কোম্পানিটির বিরুদ্ধে। ফিশখাবুরকে এই রুটের মূল লজিস্টিক হাব হিসেবে ব্যবহার করে নথিপত্র জালিয়াতির মাধ্যমে তেল তুরস্কে পাঠানো হয়।

এই বিশাল দুর্নীতি এবং তেল পাচারের ঘটনায় বাগদাদে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ইরাকি সংসদের স্পিকার হাইবাত আল-হাউবুসি এই অবৈধ কার্যক্রমের তদন্তের জন্য একটি অস্থায়ী সংসদীয় কমিটি গঠন করেছেন। প্রতিবেদনে তেল পাচার রোধে দুর্নীতির সাথে জড়িতদের চিহ্নিত করতে আর্থিক অডিট এবং দুহুক, ইরবিল, সুলতানিয়া ও কিরকুকের সমস্ত তেল ট্যাংকারকে তেল মন্ত্রণালয়ের জিপিএস ট্র্যাকিং সিস্টেমের আওতায় আনার জোরালো সুপারিশ করা হয়েছে। সূত্র: এমবিএন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৫ কেজি স্বর্ণ-হীরা চুরি করে পালাল ইউটিউবার, বাবা ও প্রেমিকা গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

১১:২১ পি.এম


৫ কেজি স্বর্ণ-হীরা চুরি করে পালাল ইউটিউবার, বাবা ও প্রেমিকা গ্রেপ্তার

পুলিশ একটি স্বর্ণালংকারের দোকান থেকে প্রায় ১৫ কোটি রুপির স্বর্ণ ও হীরার গয়না চুরির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে পলাতক ইউটিউবার নিশান্তের বাবা সুরেশ এবং তার প্রেমিকা মীনাক্ষী রয়েছেন। এই ঘটনায় প্রায় ৫ কেজি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। তবে পুলিশ এখনো মূল অভিযুক্ত নিশান্তকে গ্রেপ্তার করতে পারেনি। ঘটনাটি ভারতের তামিলনাড়ুর মাদুরাইয়ে তানিষ্কে ঘটেছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত বৃহস্পতিবার সকালে মাদুরাইয়ের বাইপাস সড়কে অবস্থিত তানিষ্কের নতুন শোরুমে কর্মীরা চুরির বিষয়টি জানতে পারেন। আগের রাতে এক ব্যক্তি দোকানে ঢুকে বিপুল পরিমাণ স্বর্ণ ও হীরার গয়না নিয়ে পালিয়ে যায়। উল্লেখ্য, ১৪ অক্টোবর শোরুমটির উদ্বোধন করা হয়েছিল।

প্রাথমিক হিসাব অনুযায়ী, দোকানে বিক্রির জন্য প্রদর্শিত অলংকারের প্রায় ৩০ শতাংশ চুরি হয়েছে। সিসিটিভি ফুটেজে কালো পোশাক ও মুখোশ পরা একজন ব্যক্তিকে দোকানের ভেতরে দেখা যায়। পুলিশ জানিয়েছে, চুরির ঘটনার মূল অভিযুক্ত নিশান্ত একজন ইউটিউবার এবং তিনি এখনো পলাতক রয়েছেন। নিশান্তের বিরুদ্ধে প্রেমিকা মীনাক্ষীর সঙ্গে মিলে চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। তবে পুলিশ তাকে এখনো গ্রেপ্তার করতে পারেনি।

তদন্তকারীরা ধারণা করছেন, ভবনটির লিফট স্থাপনের কাজ চলার কারণে তৈরি হওয়া একটি ফাঁকা স্থান ব্যবহার করে চোর ভেতরে প্রবেশ করেছে। এজন্য লিফটের কাজে ব্যবহৃত দড়ি এবং ভবনের পেছনে থাকা লোহার কাঠামোও পরীক্ষা করা হচ্ছে।

চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ এর আগে নয়টি বিশেষ দল গঠন করেছে। শোরুমের সাবেক কর্মী, নির্মাণকাজে যুক্ত শ্রমিক এবং সাজসজ্জার কাজে নিয়োজিত ব্যক্তিদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তদন্তকারীরা চুরির ঘটনায় দোকানের ভেতরের কারও সংশ্লিষ্টতা ছিল কি না, তা খতিয়ে দেখছেন।

এদিকে, চুরির ঘটনায় এক ক্রেতা বিপাকে পড়েছেন। পান্ডি নামের ওই ব্যক্তি বন্ধুর বিয়ের জন্য অলংকার কিনে মূল্য পরিশোধ করেছিলেন। পরদিন সেগুলো সংগ্রহ করতে গিয়ে জানতে পারেন, তার কেনা গয়না চুরি হয়েছে। শোরুম কর্তৃপক্ষ তাকে অন্য শাখা থেকে একই ধরনের অলংকার দেয়ার আশ্বাস দিয়েছে।

এ ঘটনার প্রেক্ষিতে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দল এআইএডিএমকের নেতা এদাপ্পাদি কে পালানিস্বামী। তিনি চুরির ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় আহত পুলিশের এসআই ফরিদ আহমেদ মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

১১:২২ পি.এম


টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় আহত পুলিশের এসআই ফরিদ আহমেদ মারা গেছেন

টাঙ্গাইলের বাসাইলে একটি মোটরসাইকেল ও পিকআপভ্যানের সংঘর্ষের ফলে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ফরিদ আহমেদ নামের পুলিশের এসআই মারা গেছেন।

শনিবার (১৪ নভেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

ফরিদ আহমেদ বাসাইল থানায় সেকেন্ড অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তিনি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুর ইউনিয়নের রুদ্রপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। তার পরিবারে এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।

জানা গেছে, গত ১ নভেম্বর সকালে ফরিদ আহমেদ মোটরসাইকেলযোগে টাঙ্গাইল থেকে মহেরা পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) ফায়ারিংয়ে অংশ নিতে যাচ্ছিলেন। পথে মোটরসাইকেলটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নগরজলফৈ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পিকআপভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় তিনি গুরুতর আহত হন। পরে খবর পেয়ে বাসাইল থানা পুলিশসহ সংশ্লিষ্ট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) স্থানান্তর করা হয়। সর্বশেষ তিনি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন। আজ শনিবার বিকেল সোয়া ৫টার দিকে তার মৃত্যু ঘটে।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তার মরদেহ সরাসরি নিজ গ্রামে নেওয়া হবে। ফরিদ আহমেদ একজন দক্ষ ও চৌকস পুলিশ অফিসার ছিলেন। তার মৃত্যুতে থানার সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেতানিয়াহু গোপনে আরব দলগুলোর সহায়তা চেয়েছেন: তিবির অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৪৭ পি.এম


নেতানিয়াহু গোপনে আরব দলগুলোর সহায়তা চেয়েছেন: তিবির অভিযোগ

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রকাশ্যে আরব রাজনৈতিক দলগুলোর সঙ্গে সহযোগিতার বিরোধিতা করলেও, আড়ালে তাদের আইনপ্রণেতাদের সহযোগিতা চাওয়ার অভিযোগ করেছেন আরব জয়েন্ট লিস্টের এমপি আহমাদ তিবি। এই দাবির সমর্থনে তিনি নেতানিয়াহুর দীর্ঘদিনের সহযোগী নাতান এশেলের পাঠানো কিছু বার্তাও প্রকাশ করেছেন।

শুক্রবার (১৩ নভেম্বর) চ্যানেল ১২-কে দেওয়া সাক্ষাৎকারে তিবি জানান, বিরোধী দল ইয়াশারের চেয়ারম্যান গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন জোটের সরকার গঠনের উদ্যোগ ঠেকাতে নেতানিয়াহুর পক্ষ থেকে আরব আইনপ্রণেতাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। অথচ প্রকাশ্যে নেতানিয়াহু আরব দলগুলোর সঙ্গে যেকোনো ধরনের সহযোগিতার বিরোধিতা করছেন।

তিবি বলেন, নির্বাচনের এক সপ্তাহ আগে, ভোটগ্রহণ শেষ হওয়ার পরদিন এবং নির্বাচনের ফল প্রকাশের পরও এশেল তাকে বার্তা পাঠিয়েছিলেন। সাক্ষাৎকারে তিনি নিজের ফোন ক্যামেরার সামনে কয়েকটি বার্তা তুলে ধরেন। তবে ছবির মান স্পষ্ট না হওয়ায় দর্শকদের পক্ষে সেগুলো পড়া সম্ভব হয়নি।

তিবির দাবি, এসব বার্তা নেতানিয়াহুর দ্বিমুখী অবস্থানকে তুলে ধরেছে। তার ভাষায়, প্রকাশ্যে আরব দলগুলোর সঙ্গে সহযোগিতাকে অবৈধ বা অগ্রহণযোগ্য হিসেবে তুলে ধরলেও, প্রয়োজনের সময় তাদের সমর্থন পাওয়ার চেষ্টা করেছে লিকুদ পার্টি।

সাধারণত ব্যক্তিগত কথোপকথন প্রকাশ করেন না জানিয়ে তিবি বলেন, নেসেটে নেতানিয়াহুর সাম্প্রতিক বক্তব্য শোনার পর তিনি সিদ্ধান্ত বদলেছেন। ওই বক্তব্যে প্রধানমন্ত্রী আরব দলগুলোর বিরুদ্ধে নির্বাচনে ‘কারচুপির’ সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলেছিলেন।

গত ১০ নভেম্বর শপথ নেওয়া নতুন নেসেটে দেওয়া উত্তপ্ত ভাষণে নেতানিয়াহু জাতীয় ঐক্যের সরকার গঠনের দাবি জানান। একই সঙ্গে রা’আম বা জয়েন্ট লিস্টের ওপর নির্ভরশীল কোনো জোট গঠনের বিরুদ্ধে সতর্ক করেন তিনি। আরব আইনপ্রণেতাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদে সমর্থন এবং ইসরাইলের ধ্বংস চাওয়ার অভিযোগও তোলেন। এর প্রতিবাদে আইজেনকট তার বক্তব্যকে ‘ঘৃণায় ভরা’ বলে নিন্দা করেন। আরব দলগুলোও একে বর্ণবাদী ও উসকানিমূলক বলে আখ্যা দেয়।

চ্যানেল ১২-কে তিবি বলেন, ‘আপনি ভণ্ড। নির্বাচনের এক সপ্তাহ আগে, নির্বাচনের পরদিন এবং ফল প্রকাশের পরও আপনি আপনার ব্যক্তিগত উপদেষ্টাকে আমার কাছে পাঠিয়েছেন।’

তিনি আরও জানান, নেতানিয়াহু সরকারের একজন মন্ত্রীও চলতি সপ্তাহে তার সঙ্গে যোগাযোগ করেন। ওই মন্ত্রী তাকে আইজেনকটের নেতৃত্বে সরকার গঠনের পক্ষে ভোট না দিতে এবং নতুন নির্বাচন আয়োজনের পক্ষে অবস্থান নিতে বলেন।

তিবির ভাষ্য অনুযায়ী, ওই মন্ত্রী তাকে বলেছিলেন, ‘তাদের বিশ্বাস করবেন না, তারা আপনাদের নেবে না। বরং আমাদের আবার নির্বাচনে যাওয়াই ভালো।’

এর জবাবে তিবি মন্ত্রীকে বলেন, জয়েন্ট লিস্ট নতুন নির্বাচন চায় না। তারা নেতানিয়াহু এবং কট্টর ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভিরকে ক্ষমতা থেকে সরাতে চায়। তিবির অভিযোগ, ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতের প্রধান ডেভিড জিনির সহায়তায় বেন গভির দেশটির ২০ লাখ আরব নাগরিকের বিরুদ্ধে উসকানি দিচ্ছেন।

অভিযোগ অস্বীকার লিকুদের

তিবির অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে লিকুদ পার্টি। দলটি একে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে অভিহিত করেছে। একই সঙ্গে আরব দলগুলো নিজেদের গ্রহণযোগ্যতা প্রতিষ্ঠার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে।

চ্যানেল ১২-কে দেওয়া এক প্রতিক্রিয়ায় লিকুদ বলেছে, ‘যেসব দল জাতীয় সংগীতের প্রতি অসম্মান দেখায় এবং ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সেনাদের ক্ষতি করে, তাদের সঙ্গে লিকুদ সহযোগিতা করে না।’

নির্বাচনে কারচুপির মাধ্যমে জয় ছিনিয়ে নেওয়ার অভিযোগও প্রত্যাখ্যান করেছেন তিবি। তিনি বলেন, ‘শুধু একজন চোরই অন্যদের চোর বলতে পারে।’

তার ভাষায়, ‘একজন প্রধানমন্ত্রীর দায়িত্বশীল আচরণ করা উচিত। এটি আরব জনগণের নেতৃত্ব এবং ২০ লাখ আরব নাগরিককে অগ্রহণযোগ্য প্রমাণ করার চেষ্টা।’ সূত্র: টাইমস অব ইসরাইল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%