ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

প্রযুক্তিনির্ভর নজরদারির মাধ্যমে অপরাধ প্রতিরোধের পরিকল্পনা : ববি হাজ্জাজ


প্রযুক্তিনির্ভর নজরদারির মাধ্যমে অপরাধ প্রতিরোধের পরিকল্পনা : ববি হাজ্জাজ

প্রযুক্তির কার্যকর ব্যবহার, পরিকল্পিত নজরদারি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে অপরাধ প্রতিরোধ ও নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ।

শনিবার (১৪ নভেম্বর) বিকালে রাজধানীর মোহাম্মদপুরে একটি কমিউনিটি সেন্টারে মোহাম্মদপুর ও ঢাকা-১৩ এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, সিসিটিভি নজরদারি এবং আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

ববি হাজ্জাজ উল্লেখ করেন, মোহাম্মদপুর ও ঢাকা-১৩ সংসদীয় এলাকাকে নিরাপদ, সুশৃঙ্খল ও নাগরিকবান্ধব হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে উচ্চক্ষমতাসম্পন্ন সিসিটিভি নজরদারি নেটওয়ার্ক স্থাপন করা হয়েছে। বর্তমানে ১৫টি কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানে মোট ৮০টি উচ্চ রেজল্যুশন ও জুম সুবিধাসম্পন্ন সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। বসিলা চৌরাস্তা, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড, আসাদগেটসহ গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও জনসমাগমস্থল এই নজরদারি নেটওয়ার্কের আওতায় রয়েছে। আগামী এক বছরের মধ্যে এই ক্যামেরার সংখ্যা কয়েকশতে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন: জাতীয় উন্নয়ন পরিকল্পনায় স্থানিক পরিকল্পনা অন্তর্ভুক্তির আহ্বান বিআইপির সেমিনারে

প্রতিমন্ত্রী বলেন, কোন এলাকায় অপরাধের প্রবণতা বেশি এবং কোথায় অপরাধ সংঘটিত হওয়ার আশঙ্কা রয়েছে—সেসব বিষয় চিহ্নিত করতে সংশ্লিষ্ট থানা পুলিশের সহযোগিতায় অপরাধপ্রবণ স্থানগুলোর তালিকা তৈরি করা হয়েছে। মোহাম্মদপুর, আদাবর ও আশপাশের থানা থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এসব স্থানে ক্যামেরা স্থাপন করা হয়েছে। জেনেভা ক্যাম্পের প্রবেশপথগুলোতেও বিশেষায়িত গোপন ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জুলাই স্মৃতি জাদুঘরে ককটেল নিক্ষেপের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সহায়তা পেয়েছে।

তিনি আরও বলেন, এই নজরদারি ব্যবস্থার আওতা আরও সম্প্রসারণ করা হবে। শুধু পুলিশ বা ট্রাফিক বিভাগের সঙ্গে নয়, এলাকার দায়িত্বশীল ব্যক্তিদের সম্পৃক্ত করেও একটি সমন্বিত নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। এ লক্ষ্যে ঢাকা-১৩ সংসদীয় এলাকাকে ৭০টি মহল্লায় ভাগ করে মহল্লাভিত্তিক কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। মসজিদ ও মন্দির কমিটি, মার্কেট কমিটি, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের এসব কমিটিতে সম্পৃক্ত করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, সিসিটিভি ক্যামেরার ফুটেজ সবার জন্য উন্মুক্ত করা হবে না। নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট থানা, ট্রাফিক বিভাগ এবং দায়িত্বপ্রাপ্ত মহল্লা কমিটির নির্ধারিত প্রতিনিধিরাই প্রয়োজন অনুযায়ী এসব ফুটেজ ব্যবহারের সুযোগ পাবেন। পাশাপাশি প্রতিটি বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান, অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে সিসিটিভি ক্যামেরা ও পর্যাপ্ত আলোকসজ্জার ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের উৎসাহিত করা হচ্ছে। এসব ক্যামেরার সঙ্গে সমন্বিত নজরদারি ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে।

ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, বিপুলসংখ্যক ক্যামেরার ফুটেজ একসঙ্গে পর্যবেক্ষণ করা পুলিশের জন্য কঠিন হয়ে উঠতে পারে। এ কারণে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-নির্ভর প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে অস্বাভাবিক ও সন্দেহজনক কর্মকাণ্ড দ্রুত শনাক্ত করে সংশ্লিষ্ট থানা ও দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের কাছে সতর্কবার্তা পৌঁছে দেওয়ার ব্যবস্থা গড়ে তোলা হবে।

আরও পড়ুন: টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় আহত পুলিশের এসআই ফরিদ আহমেদ মারা গেছেন

মোহাম্মদপুর ও ঢাকা-১৩ এলাকায় ছিনতাই নিয়ন্ত্রণে অগ্রগতি তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, সমন্বিত সিসিটিভি নজরদারি, পর্যাপ্ত সড়কবাতি স্থাপন এবং পুলিশের নিয়মিত তৎপরতার ফলে কয়েকটি অপরাধপ্রবণ স্থানে ছিনতাইয়ের ঘটনা শূন্যের কোঠায় নেমে এসেছে। তবে বিচ্ছিন্ন কিছু স্থানে এখনো অপরাধের প্রবণতা রয়েছে। সেসব স্থান চিহ্নিত করে অপরাধ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট থানাগুলোকে আরও সক্রিয়ভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, শুধু ক্যামেরা স্থাপন করলেই অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব নয়। পুলিশের টহল বৃদ্ধি, জনবল ও লজিস্টিক সক্ষমতা বাড়ানো এবং থানা পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল করাও জরুরি। মোহাম্মদপুর থানার বিস্তীর্ণ এলাকার কারণে এক স্থান থেকে অন্য স্থানে পুলিশের দ্রুত পৌঁছাতে সময় লাগে। এ সমস্যা সমাধানে অতিরিক্ত টহল গাড়ি ও প্রয়োজনীয় পুলিশি সক্ষমতা বৃদ্ধির বিষয়ে ডিএমপি কমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে। পাশাপাশি এলাকার বড় ব্যবসাপ্রতিষ্ঠান, শিল্পকারখানা, হাসপাতাল ও মার্কেট কর্তৃপক্ষের সহযোগিতায় স্থানীয় নিরাপত্তাব্যবস্থাকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, নাগরিকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং যানজট কমাতে প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। শিয়া মসজিদ, আসাদগেট এবং ধানমন্ডি ২৭ নম্বর আই হসপিটাল সংলগ্ন গুরুত্বপূর্ণ স্থানে আধুনিক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা চালু রয়েছে। আগামী দুই মাসের মধ্যে ডিআরএমসি স্কুলের পশ্চিম গেট, নূরজাহান রোড এবং শম্পা মার্কেটের প্রবেশপথসহ আরও তিনটি গুরুত্বপূর্ণ স্থানে আধুনিক ট্রাফিক নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনের পরিকল্পনা রয়েছে।

তিনি জানান, ঢাকা-১৩ এলাকায় স্থাপিত সিসিটিভি ক্যামেরার মাধ্যমে ডিএমপি ট্রাফিক বিভাগ নিয়মিত সড়ক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। সলিমুল্লাহ রোড থেকে শিয়া মসজিদ, শম্পা মার্কেট থেকে স্কয়ার হাসপাতাল, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড ও বসিলা চৌরাস্তার মতো গুরুত্বপূর্ণ পয়েন্টে যানজট নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ নেওয়া সম্ভব হচ্ছে। অবৈধ পার্কিং, যত্রতত্র যানবাহন থামানো এবং ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ভিডিও প্রসিকিউশন কার্যক্রমও পরিচালিত হচ্ছে।

আরও পড়ুন: ঢাকা তেজগাঁও বিভাগের অভিযানে ৭০ জন গ্রেফতার

কিশোর গ্যাং ও মাদক নিয়ন্ত্রণ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, অপরাধ সংঘটনের পর অপরাধীদের গ্রেপ্তারের পাশাপাশি অপরাধ সৃষ্টির সামাজিক ও অর্থনৈতিক কারণগুলোও দূর করতে হবে। তরুণদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান এবং নতুন ব্যবসায়িক উদ্যোগের সুযোগ সৃষ্টি করা জরুরি। এ লক্ষ্যে বসিলা ও বিহারি ক্যাম্পসহ বিভিন্ন এলাকার উন্নয়ন ও পুনর্বাসন নিয়ে বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংকসহ উন্নয়ন সহযোগীদের সঙ্গে আলোচনা চলছে। পাশাপাশি বিজিএমইএ, এফবিসিসিআইসহ বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের সঙ্গে কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে আলোচনা করা হচ্ছে। বসিলা পলিটেকনিক এবং জাতীয় বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক শিক্ষাগত ও দক্ষতা উন্নয়ন উদ্যোগ নিয়েও পরিকল্পনা এগিয়ে চলছে।

বিহারি ক্যাম্পের মাদক সমস্যার বিষয়ে তিনি বলেন, ক্যাম্পের প্রবেশ ও বহির্গমন পথগুলো সিসিটিভি নজরদারির আওতায় আনা হয়েছে এবং সংশ্লিষ্ট থানা পুলিশকে বিশেষভাবে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি দীর্ঘমেয়াদি পুনর্বাসন ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে এসব এলাকার সামাজিক ও অর্থনৈতিক সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, নিরাপদ মোহাম্মদপুর ও সুশৃঙ্খল ঢাকা-১৩ গড়ে তুলতে জনপ্রতিনিধি, পুলিশ, স্থানীয় জনগণ, ব্যবসায়ী, শিক্ষাপ্রতিষ্ঠান এবং গণমাধ্যমের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। এ ক্ষেত্রে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, আমাদের অঙ্গীকার, নিরাপদ মোহাম্মদপুর, সুশৃঙ্খল ঢাকা-১৩। নাগরিকের নিরাপত্তা ও স্বস্তিই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আধুনিক প্রযুক্তির ব্যবহার, পরিকল্পিত নজরদারি, কার্যকর সমন্বয় এবং নাগরিক অংশগ্রহণের মাধ্যমে আমরা এই এলাকাকে আরও নিরাপদ করে তুলতে চাই।

আরও পড়ুন: দুর্নীতি দমন কমিশনের মামলায় ২৫ বছর পর খালাস পেলেন সাবেক উপমন্ত্রী সিরাজুল হক

প্রেস ব্রিফিংয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক-তেজগাঁও বিভাগ, মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর থানা এবং স্পেশাল রেসপন্স ব্যাটিলিয়ন (এসআরবি) প্রতিনিধিসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কই এলাকার মানুষ, আগে থেকেই পরিচয় অথচ একসঙ্গে পথচলার সুযোগ হয়নি কখনো!

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১২:০৮ এম


কই এলাকার মানুষ, আগে থেকেই পরিচয় অথচ একসঙ্গে পথচলার সুযোগ হয়নি কখনো!

গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের উত্তর পাটোয়া ধানখুনিয়া পাড়ার মিজানুর রহমানের সঙ্গে আমার পরিচয় আগে থেকেই। দেখা হলে কথা হতো, কুশল বিনিময় হতো, কিন্তু কখনো একসঙ্গে পথচলার সুযোগ হয়ে ওঠেনি।
অবশেষে ভাগ্যের কী সুন্দর মিলন! মিজানুর একটি গাড়ির সুপারভাইজার হিসেবে কর্মরত, আর সেই গাড়িতেই আমি একজন যাত্রী। এভাবেই দীর্ঘদিনের পরিচিত মানুষটির সঙ্গে হলো একসঙ্গে পথচলা।
এই এক রাতের সফরে মিজানুরের যে আন্তরিকতা, অতিথিপরায়ণতা, বারবার খোঁজখবর নেওয়া এবং আপন করে নেওয়ার মানসিকতা দেখেছি, তা সত্যিই আমাকে মুগ্ধ করেছে।
কিছু মানুষ শুধু পরিচিত হয় না, নিজেদের সুন্দর ব্যবহার দিয়ে হৃদয়ে স্থায়ী জায়গা করে নেয়। মিজানুর ঠিক তেমনই একজন মানুষ।
আমাকে পেয়ে তার আনন্দ, আপ্যায়ন আর ভালোবাসা দেখে মনে হয়েছে, মানুষের প্রতি ভালোবাসা প্রকাশ করতে যে বড়লোক হতে হয় না, তার প্রমাণ মিজানুর।
আমি সত্যিই আনন্দিত, এমন একজন আন্তরিক মানুষ আমার পরিচিত ও আপনজনের তালিকায় আছেন। আমিও তাকে অত্যন্ত স্নেহ করি।
মহান আল্লাহর কাছে দোয়া করি, মিজানুরের প্রতিটি পথচলা নিরাপদ হোক, জীবন সুন্দর হোক, রিজিকে বরকত আসুক এবং জীবনের প্রতিটি মুহূর্ত কাটুক সুখ ও শান্তিতে।
ভালো থেকো প্রিয় মিজানুর। হয়তো পথচলা এক রাতের, কিন্তু তোমার আন্তরিকতা ও ভালোবাসার স্মৃতি অনেক দিন হৃদয়ে রয়ে যাবে। ❤️

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাবিপ্রবিতে বিজ্ঞানী খোঁজার প্রতিযোগিতা, জাতীয় পর্বে ১১ প্রকল্প

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০১:০১ এম


শাবিপ্রবিতে বিজ্ঞানী খোঁজার প্রতিযোগিতা, জাতীয় পর্বে ১১ প্রকল্প

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজ’ প্রতিযোগিতার সিলেট বিভাগীয় পর্ব অনুষ্ঠিত হয়েছে। তরুণ শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও গবেষণায় উৎসাহিত করার উদ্দেশ্যে আয়োজিত এই প্রতিযোগিতায় বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের ৫৬টি উদ্ভাবনী প্রকল্প থেকে ১১টি প্রকল্প জাতীয় পর্বের জন্য নির্বাচিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে দিনব্যাপী এই প্রতিযোগিতার আয়োজন করে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সিলেট বিভাগীয় আয়োজক কমিটির আহ্বায়ক ও শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিক, সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, জিয়াউর রহমান ফাউন্ডেশনের বিজ্ঞান মেলা-২০২৬ আয়োজক কমিটির কেন্দ্রীয় আহ্বায়ক প্রকৌশলী অধ্যাপক মোহাম্মদ ইকবাল, সিলেট বিভাগীয় আয়োজক কমিটির সদস্যসচিব মোহাম্মদ আবু নাছের, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. মোজাম্মেল হকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির প্রধান অতিথির বক্তব্যে বলেন, "গবেষণা ও উন্নয়ন খাতে বিনিয়োগ ছাড়া প্রযুক্তিনির্ভর বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন।" তিনি তরুণ শিক্ষার্থীদের গবেষণায় সম্পৃক্ত করার গুরুত্ব তুলে ধরেন এবং বলেন, "তাদের উদ্ভাবনী শক্তির পৃষ্ঠপোষকতা না দিলে সময়ের সঙ্গে বাংলাদেশ পিছিয়ে পড়বে।"

মন্ত্রী আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার শাসনামলে মেধাবী শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের কৃতী শিক্ষার্থীদের নিয়ে বঙ্গোপসাগরে ‘হিজবুল বাহার’ জাহাজে ভ্রমণের আয়োজন করেছিলেন। এর উদ্দেশ্য ছিল তরুণদের মধ্যে ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন ও সম্ভাবনার বোধ জাগিয়ে তোলা।

গবেষণায় বিনিয়োগের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বিশ্বের উন্নত দেশগুলো গবেষণা ও উন্নয়ন খাতে উল্লেখযোগ্য বিনিয়োগ করছে। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোর বিকাশও দেশটির জ্ঞান-বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে সম্পর্কিত। তাই বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরো বেশি সম্পৃক্ত হতে হবে।

শিক্ষার্থীদের উদ্ভাবনী ধারণা বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, "কোনো শিক্ষার্থী তার উদ্ভাবন বাণিজ্যিকভাবে বাস্তবায়নের জন্য উপযুক্ত পৃষ্ঠপোষক না পেলে উপাচার্যের সঙ্গে যোগাযোগ করতে পারেন।" তাদের উদ্যোগ এগিয়ে নিতে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

সভাপতির বক্তব্যে জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার বলেন, "প্রতিষ্ঠালগ্ন থেকেই জিয়াউর রহমান ফাউন্ডেশন দেশের মেধাবী তরুণদের বিকাশে কাজ করছে।" তিনি জানান, ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজ’ আয়োজনের মূল লক্ষ্য হলো তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান তরুণ বিজ্ঞানীদের খুঁজে বের করা এবং তাদের গবেষণার উপযুক্ত প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া। তিনি আশা প্রকাশ করেন, "আজকের ক্ষুদে বিজ্ঞানীরাই ভবিষ্যতে বিশ্বদরবারে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে।"

দিনব্যাপী প্রকল্প প্রদর্শনী ও মূল্যায়ন শেষে বিকেলে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রবিবার ৭ ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে শরীয়তপুরের কিছু এলাকা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০১:০১ এম


রবিবার ৭ ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে শরীয়তপুরের কিছু এলাকা

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য রোববার (১৫ নভেম্বর) শরীয়তপুরের কিছু এলাকায় টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে। শনিবার (১৪ নভেম্বর) শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি থেকে একটি পৃথক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, লাইনের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে ঝুঁকিপূর্ণ গাছপালা ও ডালপালা কর্তন কাজের জন্য রোববার শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির পালং-২ (১০ এমভিএ) উপকেন্দ্রের ৩সি নম্বর (টুমচর) ফিডার এবং নড়িয়া-১ উপকেন্দ্রের ৭ নম্বর গোলার বাজার ফিডারের আওতাধীন কিছু এলাকায় ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।

রোববার সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট ৭ ঘণ্টা টুমচর ফিডারের কাশিপুর, টুমচর, টেকেরহাট ও ঝাউচর এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মোট ৭ ঘণ্টা নাড়িয়া-১ উপকেন্দ্রের ৭ নম্বর গোলার বাজার ফিডারের পাটদল সেকশন এলাকায় বিদ্যুৎ থাকবে না।

যদি নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হয়, তবে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে সাময়িক এই অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে শরীয়তপুর পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় আহত পুলিশের এসআই ফরিদ আহমেদ মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০১:০৩ এম


টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় আহত পুলিশের এসআই ফরিদ আহমেদ মারা গেছেন

টাঙ্গাইলের বাসাইলে একটি মোটরসাইকেল ও পিকআপভ্যানের সংঘর্ষের ফলে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ফরিদ আহমেদ নামের পুলিশের এসআই মারা গেছেন।

শনিবার (১৪ নভেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

তিনি বাসাইল থানায় সেকেন্ড অফিসার হিসেবে কর্মরত ছিলেন। ফরিদ আহমেদ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুর ইউনিয়নের রুদ্রপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। তার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।

জানা গেছে, গত ১ নভেম্বর সকালে ফরিদ আহমেদ মোটরসাইকেলযোগে টাঙ্গাইল থেকে মহেরা পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) ফায়ারিংয়ে অংশ নেওয়ার জন্য যাচ্ছিলেন। পথিমধ্যে মোটরসাইকেলটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নগরজলফৈ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পিকআপভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় তিনি গুরুতর আহত হন। পরে খবর পেয়ে বাসাইল থানা পুলিশসহ সংশ্লিষ্ট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) স্থানান্তর করা হয়। সর্বশেষ তিনি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন। আজ শনিবার বিকেল সোয়া ৫টার দিকে তার মৃত্যু ঘটে।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তার মরদেহ সরাসরি নিজ গ্রামে নেওয়া হবে। ফরিদ আহমেদ একজন দক্ষ ও চৌকস পুলিশ অফিসার ছিলেন। তার মৃত্যুতে থানার সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%