০২:২৭ পি.এম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রামের পতেঙ্গায় অভিযান পরিচালনা করে বাংলাদেশ কোস্ট গার্ড প্রায় ১ হাজার ৪০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে।
মঙ্গলবার (২ জুন) বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রদান করেছেন।
তিনি উল্লেখ করেন, যে সোমবার (১ জুন) বিকেলে পতেঙ্গা ৯ নম্বর ঘাট এলাকা থেকে এই জ্বালানি তেলগুলো জব্দ করা হয়। জব্দ হওয়া জ্বালানি তেলের আনুমানিক বাজার মূল্য প্রায় ১ লাখ ৬১ হাজার টাকা।
কোস্ট গার্ড জানিয়েছে, সোমবার একটি বিশেষ অভিযান পরিচালনা করে দুটি ইঞ্জিনচালিত কাঠের বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে বহন করা এই সব জ্বালানি তেল জব্দ করা হয়। এ সময় অভিযানে অংশ নেওয়া দলটির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়, তাই কাউকে আটক করা সম্ভব হয়নি।
কোস্ট গার্ড পূর্ব জোনের লেফটেন্যান্ট কমান্ডার (গণমাধ্যম) সুমন আল মুকিত জানান, জব্দ হওয়া জ্বালানি তেল ও বোটগুলোর বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতে চোরাচালান রোধে এই ধরনের অভিযান অবিরত চালাবে।
সূত্র: বাসস
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার সুসান রাইল প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাতটি মঙ্গলবার (২ জুন) ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টা কার্যালয়ে অনুষ্ঠিত হয়, যেখানে সুসান রাইল তিন সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে উভয় পক্ষ পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন। বাংলাদেশের ও অস্ট্রেলিয়ার মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক, বিশেষ করে প্রতিরক্ষা সহযোগিতাকে আরও সুদৃঢ় করার বিষয়টিও আলোচনাতে উঠে আসে। দুই পক্ষ সামরিক সংক্রান্ত ভবিষ্যৎ সহযোগিতা, অভিজ্ঞতা বিনিময় এবং কার্যকর আলোচনা নিয়ে আলোচনা করেন।
উভয় পক্ষ দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক করার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনায় প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি, প্রশিক্ষণ, সক্ষমতা উন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং পারস্পরিক যোগাযোগ সম্প্রসারণের বিষয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা রক্ষায় গঠনমূলক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়টিও বিশেষভাবে আলোচিত হয়। পাশাপাশি পারস্পরিক আস্থা, শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে দুই দেশের সম্পর্ককে ভবিষ্যতে আরও কার্যকর ও ফলপ্রসূ পর্যায়ে নিয়ে যাওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়।
এই সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক আস্থা এবং কৌশলগত সহযোগিতাকে আরও সুসংহত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উভয় পক্ষ অভিমত ব্যক্ত করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাগেরহাটের ঐতিহাসিক খান জাহান আলী (রহ.) মাজার সংলগ্ন দিঘিতে কুমিরের আক্রমণে নিহত শিশু ফাতেমার (৮) দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২ জুন) দুপুরে মাজার মসজিদ এলাকায় জানাজা শেষে দিঘীরপাড় কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাহ উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) এম. শরীফ খান, মাজারের প্রধান খাদেম ফকির তারিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। এর আগে সোমবার (১ জুন) রাত সাড়ে ৮টার দিকে মাজারের দিঘির মহিলা ঘাট এলাকায় গোসল করতে নামলে একটি কুমির শিশুটিকে কামড়ে পানির নিচে টেনে নিয়ে যায়। চিৎকার শুনে স্থানীয়রা নৌকা নিয়ে উদ্ধার অভিযান শুরু করলেও তাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। পরে মঙ্গলবার ভোরে মহিলা ঘাটের অদূরে দিঘি থেকে ফাতেমার মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ফাতেমা মাজার এলাকায় বসবাসকারী এক মানসিক প্রতিবন্ধী নারীর মেয়ে। সে মায়ের সঙ্গে মাজার প্রাঙ্গণেই থাকত। প্রত্যক্ষদর্শী স্থানীয় দোকানি বিনা বেগম জানান, ফাতেমা প্রায়ই তার দোকানের আশপাশে সময় কাটাত। ঘটনার রাতে তার চোখের সামনেই কুমিরটি শিশুটিকে পানির নিচে টেনে নিয়ে যায়। পানিতে তলিয়ে যাওয়ার আগে ফাতেমা বারবার হাত উঁচু করে বাঁচার চেষ্টা করছিল। খবর পেয়ে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন, পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন জানান, মাজারে আসা দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ বলেন, মাজারের ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি দর্শনার্থীদের নিরাপত্তার বিষয়টিও সমান গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা হয়েছে। এর আগে একই দিঘি থেকে একটি অসুস্থ কুকুরকে কুমির টেনে নিয়ে যাওয়ার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় মহলে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। সর্বশেষ শিশু ফাতেমার মৃত্যু দিঘি এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি আরও জোরালো করে তুলেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রামে একটি পিকআপভ্যানের চাপায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বাবা ও ছেলে নিহত হয়েছেন। মঙ্গলবার (২ জুন) সকালে সকাল ৮টার দিকে কর্ণফুলী শাহ আমানত সেতু এলাকায় এ ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।
নিহত বিধান মল্লিক কর্ণফুলী উপজেলার দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক ছিলেন এবং তার বাবা দুর্গাপদ মল্লিক একসময় চট্টগ্রামের ফিশারি ঘাট এলাকায় ব্যবসা করতেন। তারা সপরিবারে চট্টগ্রাম নগরীর পাথরঘাটা এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি পণ্যবাহী পিকআপভ্যান সেতু এলাকায় চলন্ত একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এই সময় মোটরসাইকেল থেকে বাবা-ছেলে দুজনেই ছিটকে পড়ে যান। এতে ঘটনাস্থলেই বাবা দুর্গাপদ মল্লিক মারা যান। গুরুতর অবস্থায় বিধান মল্লিককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্গাপদ মল্লিকের আরেক ছেলে বাবলা মল্লিক জানান, বাবাকে পথে নামিয়ে দিয়ে স্কুলে যাওয়ার কথা ছিল তার ভাই দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বিধান মল্লিকের। পথে শাহ আমানত সেতুর ঢালে পেছন থেকে আসা একটি পিকআপভ্যান তাদের চাপা দেয়। বর্তমানে হাসপাতালের লাশ ঘরে তাদের মরদেহ রাখা আছে। এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন স্বজনরা।
এ বিষয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আলাউদ্দীন তালুকদার জানিয়েছেন, দুর্ঘটনায় আহত অবস্থায় বিধান মল্লিককে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া ঘটনাস্থলে নিহত তার বাবা দুর্গাপদ মল্লিকের মরদেহটিও উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে নেয়া হয়েছে।
এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ