ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বিএনপির সতর্কতা, আওয়ামী লীগকে নিয়ে মাঠে সক্রিয় থাকার নির্দেশ


বিএনপির সতর্কতা, আওয়ামী লীগকে নিয়ে মাঠে সক্রিয় থাকার নির্দেশ

ক্ষমতাসীন বিএনপি তৃণমূল পর্যায়ে নির্দেশনা দিয়েছে আওয়ামী লীগের কর্মকাণ্ডের বিষয়ে সতর্ক থাকার জন্য। একই সঙ্গে, ডিসেম্বর মাসে বিজয়ের মাস উপলক্ষে রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে সক্রিয় থাকার সিদ্ধান্ত গ্রহণ করেছে দলটি। তবে তারা কোনো পাল্টা কর্মসূচি নিয়ে মাঠে নামবে না।

দলের নেতাকর্মীদের স্থানীয় পর্যায়ে পরিস্থিতির ওপর নজর রাখতে, অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য প্রশাসনকে জানাতে এবং সামাজিক মাধ্যমে সক্রিয় থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আইন নিজের হাতে তুলে না নেওয়ার বিষয়েও সতর্ক করা হয়েছে। অপরাধে জড়ালে দলের পরিচয়েও ছাড় না দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত রয়েছে।

বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলও মাসজুড়ে পৃথক কর্মসূচি পালন করবে। এর মাধ্যমে দল ও অঙ্গসংগঠনগুলোকে সাংগঠনিকভাবে চাঙ্গা রাখতে চান শীর্ষ নেতৃত্ব। গতকাল রোববার সংসদ ভবনে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে শীর্ষ নেতাদের প্রায় দুই ঘণ্টার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন: হোটেল ও পর্যটন খাতে ফ্রি প্রশিক্ষণ, শেষে ভাতা ও চাকরির সুযোগ

বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এবং পাঁচ যুগ্ম মহাসচিব– শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, খায়রুল কবীর খোকন, হাবিব-উন-নবী খান সোহেল, এমরান সালেহ প্রিন্স ও আবদুস সালাম উপস্থিত ছিলেন। এ ছাড়া ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবরাও বৈঠকে যোগ দেন।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সমকালকে জানান, ডিসেম্বরে বিএনপির নেতৃত্বে ঢাকাসহ সারাদেশে এবং ক্যাম্পাসে ছাত্রদল আলাদাভাবে বিজয় উৎসব করবে। আগামী ২৮ ডিসেম্বর খালেদা জিয়ার স্মরণে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নাগরিক সভা অনুষ্ঠিত হবে। এটি কর্মসূচি-সংক্রান্ত কোনো বৈঠক ছিল না বলেও জানান তিনি।

বৈঠক সূত্র জানায়, তারেক রহমান বিএনপি ও অঙ্গসংগঠনগুলোকে পৃথক কর্মসূচি দিয়ে মাঠে থাকার নির্দেশ দিয়েছেন। তবে তা অন্য কারও পাল্টা কর্মসূচি হবে না। অতীতে আওয়ামী লীগ যেভাবে পাড়া-মহল্লায় পাহারা বসিয়ে বিএনপির কর্মসূচি ঠেকাত, তেমন কিছুও করা হবে না। পরিকল্পনা অনুযায়ী বিক্ষোভ মিছিল, শোভাযাত্রা, অবস্থান ও সাংস্কৃতিক কর্মসূচি পালন করা হবে। বিএনপিপন্থি পেশাজীবী সংগঠনগুলো পৃথকভাবে এসব কর্মসূচি ঘোষণা করবে।

বিএনপি নেতাকর্মীরা মনে করছেন, কিছুদিন ধরে গার্মেন্ট শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মীরা শ্রমিকবেশে মাঠে নামেন। তারা আন্দোলনকে সহিংস রূপ দিতে ভূমিকা রাখেন। আন্দোলনের আড়ালে নাশকতা ও ভাঙচুরে জড়িত থাকার অভিযোগে এরই মধ্যে কয়েকশ আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন: বেতাগীতে আ. লীগের সাংগঠনিক সম্পাদক সংগ্রাম আমিনুল ইসলাম গ্রেপ্তার

এর আগে অটোরিকশা শ্রমিক আন্দোলনেও আওয়ামী লীগের নেতাকর্মীরা সম্পৃক্ত হয়ে সহিংসতায় জড়িয়েছিলেন বলে অভিযোগ বিএনপি নেতাদের। এসব বিষয় বিবেচনায় নিয়ে সতর্ক অবস্থানে থাকতে দলের শীর্ষ পর্যায় থেকে নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে।

বিএনপির কয়েকজন জ্যেষ্ঠ নেতা জানান, ক্ষমতায় আসার পর থেকেই বিএনপি সহনশীল রাজনীতির চর্চায় মনোযোগী হয়েছে। তবে সেটিকে দুর্বলতা মনে করছে কোনো কোনো মহল। দেশের স্বার্থে ও জনগণের নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যেমন কঠোর হতে বলা হয়েছে, তেমনি দলের নেতাকর্মীদেরও মাঠে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

নেতারা বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। এটি সামনে রেখে কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মীরা সক্রিয় ও সহিংস হয়ে উঠতে পারেন। তারা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে নানা অঘটন ঘটাতে পারেন। এ ধরনের পরিস্থিতি এড়াতে বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীকে সতর্ক থাকতে বলা হয়েছে। দলের প্রতিটি সাংগঠনিক ইউনিটকে মাঠে থাকার বার্তা দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে শুধু আওয়ামী লীগের নেতাকর্মী নন, তাদের বিভিন্নভাবে সহায়তাকারী, তাদের পক্ষে কাজ করছেন বা ইন্ধন দিচ্ছেন– এমন ব্যক্তিদেরও চিহ্নিত করা হচ্ছে।

জানা গেছে, গত মঙ্গলবার থেকে দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সর্বোচ্চ পর্যায় থেকে যোগাযোগ শুরু করা হয়েছে। প্রতিটি ইউনিট কমিটির নেতাকর্মীদের সক্রিয় করার নির্দেশনা দেওয়া হয়েছে। মাঠে থাকার পাশাপাশি সামাজিক মাধ্যমে আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের বার্তাও দেওয়া হয়েছে। বিশেষ করে জাতীয় ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ যে কোনো চলমান ইস্যুতে সামাজিক মাধ্যমে সক্রিয় থাকতে বলা হয়েছে। এ ক্ষেত্রে কেউ ইচ্ছাকৃতভাবে দায়িত্ব পালনে নিষ্ক্রিয় থাকলে, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার বিষয়টিও জানানো হয়েছে।

আরও পড়ুন: ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,৭২৪ মামলা

দলের হাইকমান্ডের এক নির্দেশনায় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ নেতাকর্মীদের উদ্দেশে বলা হয়েছে, ‘আমাদের পক্ষ থেকে চলমান বিভিন্ন ইস্যুতে যেসব সংবাদ, তথ্য, বিবৃতি কিংবা প্রয়োজনীয় লিংক শেয়ার করা হবে, সেগুলো যাচাই-বাছাই করে নিজ নিজ সামাজিক মাধ্যমে শেয়ার করবেন। একই সঙ্গে গঠনমূলক মতামত ও দায়িত্বশীল বক্তব্যের মাধ্যমে জনমত গঠনে ভূমিকা রাখবেন।’

নির্দেশনায় বলা হয়েছে, বর্তমান সময়ে সামাজিক মাধ্যমও রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। তাই প্রত্যেককে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্বশীলতা ও সক্রিয়তার পরিচয় দিতে হবে।

ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ফারুক হোসেন সমকালকে বলেন, তাদের সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে দলের সর্বোচ্চ পর্যায় থেকে যোগাযোগ করে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, আগামী ডিসেম্বর সামনে রেখে পতিত আওয়ামী লীগ সরকারের নেতাকর্মীরা দেশের রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা চালাতে পারে– এমন আশঙ্কার পরিপ্রেক্ষিতে দলীয়ভাবে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে।

ফারুক হোসেন আরও বলেন, প্রত্যেক নেতাকর্মীকে নিজ নিজ এলাকায় সক্রিয় থাকতে বলা হয়েছে, যাতে কোনো আওয়ামী লীগ নেতাকর্মী অপকর্ম করলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যায়। আবার সংগঠনের জেলা পর্যায়ের নেতাকর্মীদের আওয়ামী লীগের নেতাকর্মীদের বিষয়ে খোঁজ নিতে বলা হয়েছে। যারা এলাকা ত্যাগ করে ছদ্মবেশে ঢাকায় অবস্থান নিয়ে বিভিন্ন নাশকতা করছে, তাদের তথ্য দিয়ে সহায়তা করতে বলা হয়েছে।

আরও পড়ুন: চট্টগ্রামে বাসের ধাক্কায় প্রবাসী তরুণ নিহত, আহত একজন

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা সাহাবুদ্দিন আহমদ সমকালকে বলেন, সম্প্রতি বিএনপির শীর্ষ পর্যায় থেকে নির্দেশনার পরপরই ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের নিয়ে বৈঠক করে নির্দেশনা দেওয়া হয়েছে। ডিসেম্বরকে টার্গেট করে যাতে আওয়ামী লীগ নেতাকর্মীরা কোনো অপকর্ম করতে না পারে, সেজন্য সবাইকে মাঠে থাকতে বলা হয়েছে। পরিস্থিতি ঘোলাটে করতে নানা ইস্যু সৃষ্টি করার চেষ্টা হতে পারে বলেও সংগঠনের নেতাকর্মীদের সতর্ক করা হয়।

সাহাবুদ্দিন আহমদ বলেন, নারী ও শিশু ছাড়াও বিভিন্ন স্পর্শকাতর ইস্যুকে কাজে লাগিয়ে আওয়ামী লীগ যাতে কোনো রকমের সুবিধা নিতে না পারে, সেজন্য আগাম প্রস্তুতি রাখতে বলা হয়েছে। প্রয়োজনে যে কোনো তথ্য কেন্দ্রকে তাৎক্ষণিক জানাতে বলা হয়েছে। তিনি জানান, সারাদেশের স্বেচ্ছাসেবক দলের সব ইউনিট কমিটিকে সক্রিয় ও মাঠে থাকতে কেন্দ্র থেকে বলা হয়েছে। যেসব কমিটি এই নির্দেশনা পালনে ব্যর্থ হবে, সেসব কমিটির বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল সমকালকে বলেন, বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী লীগ গুপ্ত রাজনীতি শুরু করেছে। তাদের নেতাকর্মীরা ছদ্মবেশে নানা অপকর্ম করছে। কখনও অটোরিকশা শ্রমিক, কখনও গার্মেন্ট শ্রমিক সেজে আন্দোলনের মাঠে নামছেন। শ্রমিক কিংবা বিভিন্ন পেশাজীবীর ব্যানারে তারা ইস্যু সৃষ্টি করে অরাজকতা করছে। আইনশৃঙ্খলা বাহিনীকে আক্রমণ করছে, সাংবাদিক পেটাচ্ছে। সাধারণ মানুষও তাদের হিংস্রতা থেকে রক্ষা পাচ্ছে না। তাদের নির্মম আক্রমণে একজন গার্মেন্ট শ্রমিক নিহত হয়েছেন।

মোয়াজ্জেম হোসেন বলেন, পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। যেটা আবার তারাই সামাজিক মাধ্যমে স্বীকার করে ভিডিও ছেড়েছে। এসব ঘটনায় শুধু বিএনপি নয়, সবাইকে সতর্ক থাকা দরকার। এখনই তাদের নিয়ন্ত্রণ না করতে পারলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

আরও পড়ুন: গোপালগঞ্জে আওয়ামী লীগের তাণ্ডব ও সহিংসতা দেখা গেল: সাদিক কায়েম

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী সমকালকে বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল। তারা এখন জনগণের নির্বাচিত সরকারে আছে। জনগণের জানমালের নিরাপত্তার দায়িত্ব এই সরকারের। আর এটার জন্য যা যা করার দরকার, তাই তারা করবেন।

ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘শ্রমিকদের নানা ধরনের উস্কানি দিয়ে রাস্তায় নামানোর চেষ্টা করা হচ্ছে। এর পেছনে পতিত শক্তির ইন্ধন রয়েছে। সামনে যাতে এই শক্তির উত্থান না ঘটে, সে ব্যাপারে আমরা সতর্ক আছি।’

অপরাধে জড়ালে দলীয় পরিচয়েও ছাড় নয়

জনস্বার্থ ও শান্তি-শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়ালে কিংবা দলের নাম ভাঙিয়ে অনৈতিক কাজে যুক্ত হলে কাউকে ছাড় না দেওয়ার কঠোর সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। সম্প্রতি নিজের অস্ত্র উঁচিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনার ঘটনায় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন পদত্যাগ করতে বাধ্য হন। এর আগে রাজধানীর মিরপুরে রাড্ডা মা ও শিশুকেন্দ্রে হামলা, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর এবং হকার উচ্ছেদকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনায়ও কঠোর অবস্থান নেয় বিএনপি। এসব ঘটনার দায় এড়াতে পারে না– এমন অবস্থান থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপি, উত্তর যুবদল ও পশ্চিম ছাত্রদলের কমিটি বিলুপ্ত করা হয়। একই সঙ্গে ১৪ পদধারী নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। এ ছাড়া ভাঙচুরের ঘটনায় সমালোচনার মুখে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সংরক্ষিত আসনের সংসদ সদস্য পদ ছাড়তে হয় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে।

আরও পড়ুন: কুমিল্লায় ৩৩ বছর পর ৫০ কোটি টাকার জমি উদ্ধার

শুধু রাজধানী নয়, তৃণমূলেও শৃঙ্খলা ভঙ্গের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বিএনপি। সম্প্রতি চট্টগ্রাম মহানগর কৃষক দলের কমিটি বিলুপ্ত করা হয়েছে। এ ছাড়া দলের শৃঙ্খলা ভঙ্গ কিংবা দলীয় পরিচয় ব্যবহার করে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কুড়িগ্রামের চিলমারী, লালমনিরহাটের পাটগ্রাম, কুমিল্লা ও ঢাকার বিভিন্ন এলাকার ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নজির রয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সমকালকে বলেন, জাতীয়তাবাদী আদর্শের প্রকৃত কর্মীরা কখনও চাঁদাবাজি বা জমি দখলের সঙ্গে জড়িত হতে পারেন না। দলের নাম ব্যবহার করে যারা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হবে, বিএনপি তাদের কাউকে ছাড়বে না। তাদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনি ব্যবস্থাও নেওয়া হবে।

দলের স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সমকালকে বলেন, ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থে দলের পরিচয় ব্যবহার করার সুযোগ কাউকে দেওয়া হবে না। একই সঙ্গে রাজনৈতিক উদ্দেশ্যে দলের বিরুদ্ধে আনা মিথ্যা বা উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগও যাচাই করে মোকাবিলা করা হবে।

দলের শীর্ষ নেতারা জানান, গুরুতর ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত রয়েছে। অভিযোগের সত্যতা যাচাই করে দলীয় পদ বা প্রভাব বিবেচনা না করে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থাও নেওয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। যে কোনো ধরনের নাশকতা ও সন্ত্রাস প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দৃঢ়প্রতিজ্ঞ।

গতকাল রোববার জাতীয় সংসদে অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির ষষ্ঠ বৈঠকে এ কথা বলেন তিনি। মন্ত্রী আরও বলেন, মাদক প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার বর্ডার ফেন্সিং নির্মাণ ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি জয়নুল আবেদীন এমপি। অংশ নেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, কামরুজ্জামান, মনোয়ার হোসেন, এবং শিরীন সুলতানা। বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশ মহাপরিদর্শক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন অধিদপ্তরগুলোর মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার টেস্টের দ্বিতীয় দিন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:০৮ এম


টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার টেস্টের দ্বিতীয় দিন

আজ বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে টেস্ট সিরিজের দ্বিতীয় দিনের খেলা অনুষ্ঠিত হচ্ছে জোহানেসবার্গে। আজ রাতে নেশন্স লিগের একটি ম্যাচে জার্মানি এবং নেদারল্যান্ডস মুখোমুখি হবে।

ক্রিকেট

জোহানেসবার্গ টেস্ট: ২য় দিন

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা

বেলা ২টা, টি স্পোর্টস

জাতীয় ক্রিকেট লিগ

সিলেট-বরিশাল

সকাল ৯-৩০ মি., বিসিবি ইউটিউব

ময়মনসিংহ-রাজশাহী

সকাল ৯-৩০ মি., বিসিবি ইউটিউব

ঢাকা-চট্টগ্রাম

সকাল ৯-৩০ মি., বিসিবি ইউটিউব

রংপুর-খুলনা

সকাল ৯-৩০ মি., বিসিবি ইউটিউব

শারজা টেস্ট: ৪র্থ দিন

আফগানিস্তান-জিম্বাবুয়ে

বেলা ১২টা, ট্যাপম্যাড

ফুটবল

উয়েফা নেশন্স লিগ

জার্মানি-নেদারল্যান্ডস

রাত ১-৪৫ মি., সনি স্পোর্টস ২

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দূষণের শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান তৃতীয়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:০৯ এম


দূষণের শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান তৃতীয়

জলবায়ু পরিবর্তন এবং অন্যান্য কারণে বিশ্বব্যাপী দূষণের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশও এই প্রভাব থেকে মুক্ত নয়।

সোমবার (১৬ নভেম্বর) সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সূচকের তথ্য অনুযায়ী, ঢাকার অবস্থান বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয়। ঢাকার বায়ুমানের স্কোর ছিল ২২৩। তবে বেলা বাড়ার সাথে সাথে বায়ুমান ওঠানামা করতে পারে।

পাকিস্তানের লাহোর সোমবার বায়ুদূষণের তালিকার শীর্ষে রয়েছে। এই শহরের বায়ুমান সূচক (একিউআই) ছিল ৩১৬, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হচ্ছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা শহর, যার স্কোর ২৪৬।

একিউআইয়ের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অনেক ভালো’ বলে ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে বায়ুর মান ‘মাঝারি বা সহনীয়’ হিসেবে বিবেচিত হয়।

আর ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়। অন্যদিকে, ১৫১ থেকে ২০০ স্কোর ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তা ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। এছাড়া, স্কোর ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে গণ্য করা হয়।

ঢাকার বায়ুদূষণের পেছনে অপরিকল্পিত নির্মাণকাজ, যানবাহনের ধোঁয়া এবং ধুলাবালির মতো বিভিন্ন কারণকে দায়ী করা হচ্ছে। এসব দূষণকারী উপাদান বায়ুর মানের অবনতি ঘটিয়ে নগরবাসীর স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ কেমন থাকবে আবহাওয়া, বলছে অধিদপ্তর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:০৯ এম


আজ কেমন থাকবে আবহাওয়া, বলছে অধিদপ্তর

রাজধানী ঢাকা এবং দেশের অন্যান্য স্থানের আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়া অধিদপ্তর জানায়, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এ ছাড়া, তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনাও রয়েছে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য প্রদান করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

তাপমাত্রার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ আজ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:১১ এম


বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ আজ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে

দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি বর্তমানে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এটি সোমবার (১৬ নভেম্বর) নাগাদ আরও ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

আজ আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি নম্বর-০৪-এ জানানো হয়েছে, গভীর নিম্নচাপটি গতকাল রোববার দিবাগত মধ্যরাতে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৪২০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১৩৫০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১৩৬৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১৩৪০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি ১০.৫° উত্তর অক্ষাংশ এবং ৮৬.৭° পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছে। এটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘণীভূত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে।

পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ১ (এক) নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে নির্দেশ দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%