১০:২৮ পি.এম
দেশে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্যে দুর্বলতা ও ফাটল সৃষ্টি হওয়ায় ফ্যাসিবাদীরা সেই সুযোগ নিচ্ছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি দেশের বৃহত্তর স্বার্থে সকলকে আবারও ঐক্যে ফিরে আসার আহ্বান জানান।
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি উল্লেখ করেন, ‘এই সংসদ প্রত্যাশার একটি সংসদ। দুটি নির্বাচনের মধ্য দিয়ে আমরা এখানে এসেছি। একটি নির্বাচনের বাস্তবায়ন হয়েছে, আরেকটি হয়নি। আমরা মনে করি যে, সমস্যা এখন ফ্যাসিবাদীদের আস্ফালন, এটি হওয়ার একটি কারণ। আমাদের ঐক্যের জায়গায় দুর্বলতা তৈরি হওয়ার কারণে, ফাটল সৃষ্টি হওয়ার কারণে তারা সুযোগ নিচ্ছে। আমরা তো সকলেই নির্বাচনের আগ পর্যন্ত একই কাতারে ছিলাম, একই লাইনে ছিলাম, একই দর্শনে ছিলাম। আমি বিনয়ের সাথে অনুরোধ করব, দেশের বৃহত্তর স্বার্থে এই জায়গাটায় ফিরে আসুন।’
বিরোধী দলীয় নেতা আরও বলেন, ‘ক্ষমতা কারো জন্য চিরস্থায়ী নয়, এটি অদল-বদলের বিষয়। আল্লাহ নিজেও বলেছেন যে, আমি মানুষের মধ্যে ক্ষমতাকে আবর্তিত করি। এটি আবর্তিত হয়। এই আবর্তনের বিষয়টি যদি আমরা মেনে নিই, তাহলে কোনো সংস্কার, কোনো সংশোধন— সেটা হোক জাতির জন্য, আমাদের কারো ব্যক্তিগত অথবা দলগত কোনো সুবিধার জন্য না হোক। আমরা প্রত্যাশা করব শহীদদের আমানত, যোদ্ধাদের আমানত, শহীদ পরিবারের আকাঙ্ক্ষা— এই সব কিছুর আলোকে গণভোটের গণরায় এবং জুলাই সনদটা মানুষের প্রত্যাশার আলোকে যেন বাস্তবায়ন হয়। যত তাড়াতাড়ি হবে, তত তাড়াতাড়ি ফ্যাসিবাদ এবং আধিপত্যবাদবিরোধী আমাদের ঐক্য ইনশাআল্লাহ ইস্পাত কঠিন হয়ে উঠবে।’
আরও পড়ুন: সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও জেলা আ.লীগ কার্যালয়ে আগুন
তিনি বলেন, ‘আমাদের ঐক্যের সামনে ফ্যাসিবাদ আবার ফিরে আসবে, আমি এটা বিশ্বাস করি না। এই ঐক্যের জায়গা যদি আমরা সঠিক করতে পারি— ফুসফাস, কাপুরুষতা, নাশকতা, অগ্নিসংযোগ এই সবকিছুকে মোকাবিলা করে ইনশাআল্লাহ জাতি তার প্রত্যাশার বন্দরে গিয়ে ভিড়বে। আমরা সেই জায়গাটা দেখতে চাই।’
ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা বারবারই বলে আসছি যে, এটি একটি সম্পূর্ণ ভিন্নধর্মী সংসদ। এটি মজলুমদের সংসদ, মজলুমের পক্ষের সংসদ। এটি ফ্যাসিবাদবিরোধী সংসদ, এটি সন্ত্রাসবিরোধী সংসদ, এটি আধিপত্যবাদবিরোধী সংসদ। এই সংসদের প্রতিষ্ঠা কমপক্ষে ১৪০০ শহীদের তাজা রক্তের উপরে এবং সংখ্যা প্রকৃতপক্ষে আরও বেশি। সাড়ে ১৫ বছরের আগে হাজার হাজার নেতাকর্মীকে খুন করা হয়েছে, জুডিশিয়াল কিলিংয়ের শিকার হতে হয়েছে, কাস্টোডিয়াল টর্চারের শিকার হতে হয়েছে, আয়নাঘরের সঙ্গী হতে হয়েছে। অজানা লোকগুলো ওই অবস্থা থেকে এখনো ফিরে আসেননি। তার ক্ষতচিহ্ন নিয়ে আমরা এই সংসদে বসেছি।’
তিনি বলেন, ‘এমন একটি প্রেক্ষাপটে আজকের এই সংসদ। এই সংসদ অধিবেশন যখন চলছে, তখন বিগত কয়েকদিন ধরে সারা বাংলাদেশে আমরা ব্যাপক নাশকতা অতীত ও পলাতক ফ্যাসিস্টের দোসরদের পক্ষ থেকে প্রত্যক্ষ করছি। এই সংসদে আমরা আশা করেছিলাম, এই ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে সংসদের মাধ্যমে দেশ এবং জাতিকে অবহিত করা হবে যে, এই ব্যাপারে সরকার এ পর্যন্ত কী কী পদক্ষেপ নিয়েছে, তার দৃশ্যমান অগ্রগতি কী এবং ভবিষ্যতে কী করবেন। কিন্তু সেই ব্যাপারে, যদিও মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটি বক্তব্য দিয়েছেন, এটি জাতির সামনে— অন্তত আমার সামনে স্পষ্ট হয়নি। আমরা বুঝতে পারছি না যে আসলে আমাদের নীতি-কৌশল কী।’
প্রধানমন্ত্রীর জাপান সফরের প্রসঙ্গ তুলে জামায়াতের আমির বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী সম্প্রতি জাপান সফর করেছেন। এই সফরে এটি অন্তর্ভুক্ত ছিল কি না আলোচনায় এবং এরকম কোনো চুক্তি কোনো পর্যায়ে হয়েছে কি না, এটি আজকে আমি এখানে চাচ্ছি না। কিন্তু আমি চাচ্ছি, যদি হয়ে থাকে কিছু, তাহলে আগামী সংসদে সেটা যেন স্পষ্টভাবে আসে। এটা নিয়ে অনেক অস্পষ্টতা, মিডিয়ায় অনেক লেখালেখি। মিডিয়াকে আমরা পুরোপুরি ধারণ করতে পারি না। মিডিয়া কোনো অফিসিয়াল বক্তব্য দেয় না। মিডিয়া কেবল কিছু রেফারেন্স আর তার সঙ্গে তাদের কিছু স্টাডি, আন্দাজ-অনুমান— এই সবকিছু মিলিয়েই তারা রিপোর্ট করে। মাতারবাড়ী সংক্রান্ত কোনো চুক্তি যদি অতীতেও হয়ে থাকে, সেটাও জাতি জানে না।’
আরও পড়ুন: খেলাফত মজলিসের আহ্বান: পতিত ফ্যাসিস্ট অপশক্তির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিক সরকার
তিনি বলেন, ‘আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটা প্রত্যাশা করব যে আগামী সংসদে এই সংক্রান্ত যাবতীয় বিষয়গুলো তুলে আনা হোক। এখানে অর্থনৈতিক বিষয় রয়েছে, ফিজিবিলিটির প্রশ্ন আছে এবং আমাদের অভ্যন্তরীণ আঞ্চলিক নিরাপত্তার বিষয় আছে। এই সবগুলো বিবেচনা করে জাতির জন্য যা উপকারী, সেটা যেন এই সংসদ পারস্পরিক আলোচনার মাধ্যমে, খোলামেলা আলোচনার মাধ্যমে এই সংসদে একটা দিকনির্দেশনা বের হয়ে আসে, যা নিয়ে জাতি আশ্বস্ত হবে এবং আমরা ভবিষ্যতে আশা করব যে এই ধরনের যত চুক্তি হবে, সবগুলো সংসদে যেন পেশ করা হয়। এটা দ্বিপাক্ষিক হোক, বহুপাক্ষিক হোক। আমাদের দেশ, আমাদের সম্পদ, আমাদের দেশ নিরাপত্তাও আমাদের। আমাদের নিরাপত্তা অন্য কেউ দেবে না, আমাদের নিরাপত্তা আমাদেরকেই নিশ্চিত করতে হবে। আমাদের অর্থনীতিকে আমাদেরই এগিয়ে নিতে হবে। এজন্য এই সংসদের একটা কালেক্টিভ রেসপন্সিবিলিটি আছে। সেই রেসপন্সিবিলিটির জায়গা থেকে আগামীতে যেন এই সংসদ এই সুযোগ পায়, এটিই হচ্ছে এই সংক্রান্ত আমার কথা।’
দ্রব্যমূল্যের বিষয় তুলে ধরে তিনি বলেন, ‘বর্তমানে দেশের দ্রব্যমূল্যের যে বিষয়টি আমরা যখন সবাই বিরোধী দলে ছিলাম, তখন তৎকালীন ফ্যাসিস্ট সরকারকে আমরা দায়ী করতাম সিন্ডিকেশনের কারণে দ্রব্যের মূল্য বৃদ্ধি পায় ক্রেতা পর্যায়ে এসে। কিন্তু যারা উৎপাদক, তারা তাদের দ্রব্যের ন্যায্য মূল্যটা পান না। দুই দিকেই সমস্যা। একদিকে যারা উৎপাদন করছেন, তারা তাদের ন্যায্য মূল্য পাচ্ছেন না; আরেক দিকে ভোক্তা পর্যায়ে যারা আছেন, তারা অসহনীয় দামে কিনতে বাধ্য হচ্ছেন। হ্যাঁ, এটা ঠিক তুলনামূলকভাবে হয়তো দেখা যাবে যে অতীতের চাইতে দ্রব্যের মূল্য কিছু কমবেশি মোটামুটি একটা স্থিতিশীল অবস্থায় আছে। কিন্তু ওই পর্যায়ে এসেছিল কেন? ওটা তো সিন্ডিকেশনের কারণেই এসেছিল, ম্যানিপুলেশন করে এসেছিল। সেটা আমরা তাহলে ভাঙতে পারছি না কেন? এখনো সেই কালো ছায়া যদি থেকেই যায়, তাহলে গণতান্ত্রিক সরকার এবং সংসদের সেখানে অগ্রগতিটা কী, ভূমিকাটা কী? আমরা এই বিষয়ে সরকারকে আহ্বান জানাব যে যেখানে যেখানে সিন্ডিকেশন আছে, সবগুলোকে ভেঙে দেওয়া উচিত।’
ডা. শফিকুর রহমান বলেন, ‘এটা শুধুমাত্র আমাদের আমদানি ক্ষেত্রে নয়, অভ্যন্তরীণ সরবরাহ ক্ষেত্রে নয়, এমনকি রপ্তানি ক্ষেত্রেও এই ধরনের সিন্ডিকেশনের বহু কথা শোনা যায়। তো এমনিই আমাদের দেশ রপ্তানিতে খুবই লিমিটেড। অল্প কিছু আইটেম আমরা বিদেশে রপ্তানি করতে পারি। বাকি যেগুলো করি, সেগুলো উল্লেখযোগ্য কিছু নয়। এর মূল রপ্তানি খাত আবার বিভিন্ন ষড়যন্ত্রের কারণে— অভ্যন্তরীণ, আঞ্চলিক ষড়যন্ত্রের কারণে এখন ঝুঁকির মুখে।’
গার্মেন্টস শিল্পের আন্দোলনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘আমরা দেখছি যে বর্তমান আন্দোলনে— যদি গার্মেন্টস সেক্টরে যারা আছেন, তাদের মজুরি এবং সুবিধার ব্যাপারটাই যদি আন্দোলনের বিষয়বস্তু হয়ে থাকে, তাহলে লেদার ফ্যাক্টরি কেন আক্রান্ত হচ্ছে? তাহলে সিরামিক ফ্যাক্টরি কেন আক্রান্ত হচ্ছে? তাহলে বিদ্যুৎ অফিসে কেন হামলা করা হচ্ছে? কেন আগুন দেওয়া হচ্ছে? এর পিছনে একেবারেই পরিষ্কার একটা তৃতীয় অপশক্তি পিছন থেকে আমাদের সমস্ত কিছুকে তছনছ করে দিতে চাচ্ছে। আমরা সরকারি দল থেকেও বলতেছি, বিরোধী দল থেকেও বলতেছি— আমাদের সুস্পষ্ট দাবি হচ্ছে, এদেরকে চিহ্নিত করে পাকড়াও করা উচিত। আমরা এটা বিশ্বাস করি, কোনো শ্রমিক তার ফ্যাক্টরি ধ্বংস করতে যাবে না, আগুন দিতে যাবে না, ভাঙচুর করতে যাবে না। কারণ এটা তার রিজিকের ঠিকানা। নিঃসন্দেহে এরা হচ্ছে দুষ্কৃতিকারী, যারা এগুলোতে উস্কানি দেয়। আমরা লক্ষ্য করেছি, এই আন্দোলনে ব্যাকপ্যাক নিয়ে চলে আসে মিছিলে। এরা কারা? এরা কি স্কুলে গেছে না কলেজে গেছে? না অফিসে গেছে? ব্যাকপ্যাক কেন? এটা থেকেই বোঝা যায় এরা কারা।’
আরও পড়ুন: কালীগঞ্জে বিএনপির মোটরসাইকেল মহড়া ও প্রতিবাদ সভা, ষড়যন্ত্র প্রতিহতের ঘোষণা বাবলুর
বিরোধী দলীয় নেতা বলেন, ‘এই বিষয়ে আমাদেরকে সুস্পষ্ট অবস্থান নিতে হবে। এখানে সরকারি দল, বিরোধী দল কিছু নেই। এখানে দেশ আমাদের কাছে সাবজেক্ট। আমাদের ইন্ডাস্ট্রি আমাদের কাছে সাবজেক্ট। ছোট্ট একটি দেশ, বিপুল সংখ্যক মানুষ। এই ল্যান্ড টেনে আমরা বড় করতে পারব না। আমরা ল্যান্ডে বহু সংখ্যক মানুষকে কর্মে নিয়োগ করতে পারব না, এই সামর্থ্য আমাদের নাই। কিন্তু যদি ইন্ডাস্ট্রিটা বেঁচে থাকে এবং এগিয়ে যায়, তাহলে বিপুল সম্ভাবনার এই দেশের ডেমোগ্রাফিক যে ডিভিডেন্ড, সেটার বেনিফিট আমরা নিতে পারব। না হলে বেকারের মিছিল বাড়বে।’
তিনি বলেন, ‘আমাদের এই শিল্পগুলাকে টিকিয়ে রাখার জন্য বিগত সেশনে আহ্বান জানিয়েছিলাম যে অন্য ক্ষেত্র থেকে কাট করে হলেও শিল্পে যেন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, গ্যাস এবং জ্বালানি সরবরাহ নিশ্চিত করা যায়। এটাকে বাঁচাতেই হবে। যেখানে বৈদেশিক মুদ্রার রপ্তানির আশীর্বাদ এই খাত থেকে আসে, এটার বড় ধরনের কোনো ক্ষতি হলে গোটা দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়বে। এজন্য আমাদের কর্মচারীদের, শ্রমিকদের পাশেও আমাদেরকে দাঁড়াতে হবে, আবার আমাদের শিল্পকেও আমাদের বাঁচাতে হবে।’
তিনি বলেন, ‘এই শিল্পে ৪০ লক্ষের মতো কাজ করেন এবং পরোক্ষভাবে আরো ৪০ লাখ লোক এই শিল্পের সঙ্গে সম্পৃক্ত। ধরে নেব আমরা যে ৮০ লাখ ফ্যামিলি এই শিল্পের উপর নির্ভরশীল। যদি প্রতি পরিবারে আমরা চারজন করেও জনসংখ্যা ধরি, তাহলে ৩ কোটি ২০ লক্ষ মানুষ এর উপর নির্ভরশীল। এই যে শ্রমিক যারা আছে, তারা তাদের জীবন চালাবে কীভাবে? তাদের স্টার্টিং স্যালারি যেটা ধরা হয়েছে ১২,০০০ টাকা। একটা ঘরভাড়া নিতেও তো এই পয়সা চলে যাবে। তারপরে খাবার, তার বাচ্চাকাচ্চার লেখাপড়া, অসুস্থ হলে চিকিৎসা, অন্যান্য প্রয়োজন পূরণ কীভাবে করবে সে? কিন্তু শিল্প যদি না বাঁচে, মালিকরা যদি পর্যাপ্ত উৎপাদন করে লাভ না করতে পারেন, তাহলে তারা কোথা থেকে এটার যোগান দেবেন? এজন্য দুই দিকেই আমাদেরকে অ্যাটেনশন দিতে হবে।’
তিনি বলেন, ‘কী করা যায়? এর জন্য কিছু শর্ট-টার্ম স্ট্র্যাটেজি নিতে হবে, কিছু মিড-টার্ম নিতে হবে, কিছু লং-টার্ম নিতে হবে। কালকে আমাদের মাননীয় কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিনিস্টার বলেছেন যে মিনিমাম আরও তিন দশক এটার বেনিফিট আমরা নিতে পারি, এই সুযোগ আমাদের রয়েছে। এই সুযোগকে সামনে রেখেই আমাদের প্ল্যানে যাওয়া দরকার। প্ল্যানে গিয়ে সেটাকে ওইভাবে সাজানো উচিত। শ্রমিকদের জন্য ন্যায্য মজুরি এতটুকু অন্তত হোক যে সাদামাটাভাবে তারা বেঁচে থাকতে পারবে। তাদের জন্য ছয়টি হাসপাতাল নির্মাণের যে ঘোষণা মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন, আমরা আশ্বস্ত হতে চাই। কিন্তু এখানেই ঘোষণা দেওয়া অনেক জিনিস আবার বাস্তবায়িত হচ্ছে না। প্রথম সংসদে অনেক বিষয়ে ঘোষণা দেওয়া হয়েছে, আজকে চতুর্থ সংসদ পর্যন্ত এর বাস্তবায়ন হয়নি।’
আরও পড়ুন: সাত মাসের ব্যবধানে পুরোনো কর্মস্থলে ফিরে আসা পেশকার আইয়ুবের বিরুদ্ধে সিন্ডিকেটের অভিযোগ
তিনি আরও বলেন, ‘আমরা আশা করব, অগ্রাধিকারের ভিত্তিতে এর বাস্তবায়নটা যেন নিশ্চিত হয়। যদি শ্রমিকরা দেখতে পায় দৃশ্যমানভাবে যে এই সমাজ তাদেরকে ধারণ করে, সম্মান করে, উপলব্ধি করে, তাদের সমস্যা সমাধানে অ্যাটেনশন দিতে রাজি— তাহলে শ্রমিকদের আস্থা বেড়ে যাবে, কাজের স্পৃহা বাড়বে, প্রোডাক্টিভিটি বাড়বে, মালিকরা উপকৃত হবেন, দেশ উপকৃত হবে। তো এই ধরনের যে সমস্ত উদ্যোগ নেওয়া হবে, যেগুলো ঘোষণা দেওয়া হবে, সেটা যেন বাস্তবের মুখ দেখে এবং যথাসময়ে দেখে, সেটা আমরা আশা করব।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন