ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ঢাকা-৫ আসনে দখলবাজি চলবে না: এমপি কামাল হোসেন


ঢাকা-৫ আসনে দখলবাজি চলবে না: এমপি কামাল হোসেন

ঢাকা-৫ সংসদীয় এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি ও মাদক কারবার কোনোভাবেই চলতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন।

বুধবার ডেমরার শাপলা চত্বর এলাকার উন্নয়নকাজ পরিদর্শনকালে স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি এ হুঁশিয়ারি দেন। এ সময় তিনি জানান, সরকারি সম্পদ কাউকে দখল করতে দেওয়া হবে না এবং পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো নব্য ফ্যাসিবাদীদের প্রতিহত করতে স্থানীয়দের প্রতি আহ্বান জানান।

জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি কামাল হোসেন বলেন, ‘ঢাকা-৫ সংসদীয় এলাকায় কোনো সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজ ও মাদক কারবার চলবে না, চলতে দেওয়া হবে না। যেখানেই সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজ ও মাদক কারবারিদের পাওয়া যাবে, তাদের আইনের আওতায় নেওয়া হবে।’

আরও পড়ুন: সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও জেলা আ.লীগ কার্যালয়ে আগুন

তিনি স্থানীয়দের সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজ ও মাদক কারবারিদের তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান।

এমপি কামাল হোসেন আরও বলেন, ‘সরকারি সম্পদের প্রকৃত মালিক জনগণ। কিন্তু কেউ যদি ক্ষমতার জোরে সরকারি সম্পদ দখল করে নিজে মালিক হওয়ার চেষ্টা করেন, তবে তাকে কোনো ছাড় দেওয়া হবে না। তিনি কোন দলের কত বড় নেতা, সেটি দেখা হবে না, দেখার সুযোগ নেই। অপরাধ করলে শাস্তি পেতেই হবে।’

এ সময় তিনি ঢাকা-৫ সংসদীয় এলাকার উন্নয়ন এবং জনগণের জানমালের সুরক্ষা নিশ্চিত করতে স্থানীয় জনসাধারণের সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুন: খেলাফত মজলিসের আহ্বান: পতিত ফ্যাসিস্ট অপশক্তির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিক সরকার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাত মাসের ব্যবধানে পুরোনো কর্মস্থলে ফিরে আসা পেশকার আইয়ুবের বিরুদ্ধে সিন্ডিকেটের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৩ পি.এম


সাত মাসের ব্যবধানে পুরোনো কর্মস্থলে ফিরে আসা পেশকার আইয়ুবের বিরুদ্ধে সিন্ডিকেটের অভিযোগ

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সাবেক সার্টিফিকেট সহকারী কাম অফিস সহকারী (পেশকার) আইয়ুব আলী ১৭ বছর ধরে একই উপজেলায় চাকরি করার পর বদলি হয়েছিলেন। কিন্তু সাত মাসের ব্যবধানে আবারও একই কার্যালয়ে বদলি হয়ে যোগদান করায় উপজেলাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, তিনি পুরোনো কর্মস্থলে ফিরে এসে আবারও আগের সিন্ডিকেট সক্রিয় করে ডিও ও ঠিকাদারি বাণিজ্য শুরু করেছেন।

সরকারি চাকরিবিধি অনুযায়ী, সার্টিফিকেট সহকারীর দায়িত্ব হলো সরকারি পাওনা আদায়সংক্রান্ত মামলা পরিচালনায় ইউএনওকে সহযোগিতা করা। তবে অভিযোগ রয়েছে, আইয়ুব আলী দায়িত্বের বাইরে গিয়ে বিগত সময়ে ডিও ও ঠিকাদারি বাণিজ্যের সিন্ডিকেট গড়ে তুলেছিলেন। গোয়েন্দা সংস্থাগুলোর কাছে তথ্য রয়েছে যে, এসব কর্মকাণ্ডের মাধ্যমে তিনি বিপুল বিত্তবৈভবের মালিক হয়েছেন।

কিশোরগঞ্জ উপজেলা প্রশাসনের নথিপত্র ও গোয়েন্দা তথ্যানুযায়ী, আইয়ুব আলী ২০০৯ সালে কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সার্টিফিকেট সহকারী কাম অফিস সহকারী (পেশকার) পদে যোগদান করেন। এরপর তিনি একই কর্মস্থলে টানা ১৭ বছর দায়িত্ব পালন করেন।

অভিযোগ রয়েছে, বিগত সরকারের ১৭ বছরে স্থানীয় আওয়ামী লীগসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যোগসাজশে ডিও ও ঠিকাদারি বাণিজ্যের সিন্ডিকেট গড়ে তোলেন আইয়ুব আলী। এর মাধ্যমে তিনি লাখ লাখ টাকা হাতিয়ে নেন। অন্তর্বর্তীকালীন সরকারের সময়েও খোলস বদলে ম্যানেজ মিশনের মাধ্যমে তার কার্যক্রম অব্যাহত ছিল।

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর আইয়ুব আলীর সিন্ডিকেট পরিচালনার বিষয়গুলো গোয়েন্দা সংস্থার নজরে আসে। এসব তথ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরেও পাঠানো হয়। সরকার গঠনের কয়েক দিনের মাথায় গত ৯ মার্চ ২০২৬ তারিখে তাকে নীলফামারীর সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বদলি করা হয়। এ-সংক্রান্ত স্মারক নম্বর ০৫.৪৭.৭৩০০.০০০.০১২.১৯.০০০৩.১৬.১২৫।

সাত মাসের মাথায় আবারও কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বদলি হয়ে গত ৩০ সেপ্টেম্বর যোগদান করেন তিনি। এ-সংক্রান্ত স্মারক নম্বর ০৫.৪৭.৭৩০০.০০০.০১২.১৯.০০০৩.১৬.৪৫৪। অভিযোগ রয়েছে, মোটা অঙ্কের অর্থের বিনিময়ে তিনি পুনরায় পুরোনো কর্মস্থলে বদলি হয়েছেন। সেখানে ফিরে আবারও আগের সিন্ডিকেট সক্রিয় করে পুরোনো ব্যবসা শুরু করেছেন। দীর্ঘদিন একই পদে দায়িত্ব পালন এবং বদলির মাত্র সাত মাসের মাথায় পুরোনো কর্মস্থলে ফিরে আসার ঘটনায় পুরো উপজেলায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সার্টিফিকেট সহকারী পদের মূল দায়িত্ব হলো সরকারি পাওনা দাবি আদায় আইন, ১৯১৩ অনুযায়ী সরকারি পাওনা আদায়সংক্রান্ত মামলাগুলো পরিচালনায় ইউএনওকে সহযোগিতা করা। কিন্তু অভিযোগ রয়েছে, সরকারি চাকরিবিধি লঙ্ঘন করে আইয়ুব আলী প্রায় দুই দশক একই পদে বহাল ছিলেন। স্থানীয় হওয়ার সুবাদে নির্ধারিত দায়িত্বের বাইরে গিয়ে তিনি ডিও বাণিজ্য ও ঠিকাদারি সিন্ডিকেট গড়ে তোলেন।

অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকারের আমলে তৎকালীন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্যের টিআর, কাবিখা ও কাবিটা প্রকল্পের বরাদ্দ ডিও লেটারের মাধ্যমে কিশোরগঞ্জে নিয়ে আসত এই সিন্ডিকেট। তবে অধিকাংশ ক্ষেত্রেই কাজ না করে স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং একটি চিহ্নিত পেশাজীবী সিন্ডিকেটের মাধ্যমে অর্থ আত্মসাৎ করা হতো। নিম্নমানের কাজ করে ঠিকাদারদের কাছ থেকে লাখ লাখ টাকা ভাগ-বাটোয়ারা এবং বিল উত্তোলনে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগও রয়েছে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা কোষাধ্যক্ষ রাশিদুল ইসলাম ছিলেন এই সিন্ডিকেটের প্রধান সমন্বয়ক। অন্যদিকে প্রধান দুই সহযোগী ছিলেন জাতীয় পার্টির উপজেলা নেতা ও দলটির সাবেক সংসদ সদস্য শওকত চৌধুরীর প্রতিনিধি রেজাউল ইসলাম ফিলিপস এবং ‘ডিও লিতু’ নামে পরিচিত লুৎফর রহমান লুতু। গোয়েন্দা সংস্থাগুলোর কাছে থাকা তথ্য অনুযায়ী, লুতু শুধু কিশোরগঞ্জেই নয়, আইয়ুব আলীকে ব্যবহার করে আওয়ামী লীগ সরকারের আমলে দেশের বিভিন্ন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্যদের কাছ থেকে ডিওর মাধ্যমে টিআর ও কাবিখা প্রকল্পের কাজ বাগিয়ে আনতেন।

একই পদে একই কর্মস্থলে প্রায় দুই দশক চাকরি করা এবং বদলির মাত্র সাত মাসের মাথায় আবারও সেখানে ফিরে আসার বিষয়ে জানতে চাইলে পেশকার আইয়ুব আলী বলেন, ‘আমাকে কেন এতদিন একই উপজেলায় প্রশাসন রেখেছিলেন, সেটা সেই সময়কার ডিসি সাহেবরাই জানেন। আমাকে সাত মাস আগে বদলি করা হয়েছিল সৈয়দপুর উপজেলায়। আবার আমাকে কিশোরগঞ্জ উপজেলায় প্রশাসনই দিয়েছে। সেটা প্রশাসনই জানে।’

তিনি সরকারি দায়িত্বের বাইরে ডিও ও ঠিকাদারি বাণিজ্যের অভিযোগও অস্বীকার করেন।

এ বিষয়ে জানতে চাইলে কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান বলেন, ‘সরকারি কর্মচারীদের বদলির বিষয়টি একটি স্বাভাবিক প্রক্রিয়া।’

নীলফামারীর জেলা প্রশাসক হুমায়ুন কবির বলেন, ‘সরকারি চাকরিবিধি অনুযায়ী কোনো সরকারি কর্মচারীর একই পদে একই স্থানে তিন বছরের বেশি সাধারণ নিয়মে থাকার সুযোগ নেই। আগের প্রশাসন কীভাবে তাকে অনেক বছর রেখেছিলেন, সেটা আমি জানি না। তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো আসলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, সরকারি চাকরিবিধি অনুযায়ী মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ম্যাজিস্ট্রেসি পরিবীক্ষণ অধিশাখার ২০১৫ সালের ৮ জুলাইয়ের ১৯১ নম্বর পরিপত্রে বলা হয়েছে, ‘একই পদে তিন বছরের অধিককাল যাবত নিয়োজিত কর্মচারীকে বাস্তব অবস্থাভেদে অন্যত্র বদলি করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রিজভী: কতো কান্না থামাব, কতো চোখের পানি ফেলবে মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৪ পি.এম


রিজভী: কতো কান্না থামাব, কতো চোখের পানি ফেলবে মানুষ

ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় নিহত কৃষক দল নেতা রাজু মোল্যার (৩৫) জানাজা নামাজে উপস্থিত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন, ‘আর কতো কান্না আমরা থামাব, কতো চোখের পানি আর ফেলবে মানুষ।’

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা সদরের বাসস্ট্যান্ডে রাজু মোল্যার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার আগে প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

এই সময় নিহত রাজুর বাবাকে বুকে জড়িয়ে ধরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে রিজভী বলেন, ‘আপনি ১৪’শ কিশোর-তরুণ, শ্রমিককে হত্যা করার পরও আজকে রাজুকে হত্যা করছে আপনারা লোকেরা। দেখুন রাজুর পিতার কান্না, এ কান্না আজ আকাশে-বাতাসে ধ্বনিত, আল্লাহর আরশ পর্যন্ত। দিল্লীর পদতলে কৃতদাসের মতো বসে থেকে নির্দেশ দিয়ে আপনি বাংলাদেশের মানুষদেরকে হত্যা করছেন-আল্লাহ আপনাকে ক্ষমা করবে না।’

এ সময় তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সতর্ক করে বলেন, ধৈর্যের বাধ কিন্তু একটা পর্যায়ে ভেঙে যায়, ধৈর্যেরও সীমা আছে। আমরা গণতন্ত্রে বিশ্বাসী, তারেক রহমানের সরকার গণতন্ত্রে বিশ্বাসী। আমরা তাদের মতো মহড়া দিয়ে, আগুন দিয়ে, সন্ত্রাস করে রাজনীতি করতে চাই না। আমরা শান্তি, স্বস্তি এবং স্থিতিশীল অবস্থা চাই। সুতরাং যারা অন্যের আশ্রিত, যারা অন্যের অন্ন খায়, যারা কারও আশ্রয়-প্রশ্রয়ে থেকে নিজের দেশে অরাজকতা করে, সন্ত্রাস করে- তাদের অবৈধ কাজ এদেশের মানুষ কখনও মেনে নিবে না।

রুহুল কবির রিজভী আরও বলেন, আমরা শুনি কেউ কলকাতায় ফ্ল্যাট কিনেছেন, দুবাইয়ে স্বর্ণের দোকান দিয়েছেন আবার কেউ ব্যাংককে ব্যবসা পেতেছেন। তারা বিদেশে মহান সুখে আছেন। আর এদেশে টুকাইদের দিয়ে মানুষ হত্যা করছেন। তারা টুকাইদের দিয়ে বোমাবাজি করছেন, পুলিশ বক্সে আগুন দিচ্ছেন, বাস-ট্রাকে অগ্নিসংযোগ করছেন। অফিস আদালতে বোমাবাজি করছেন। প্রকাশ্যে আসছেন না কেন? প্রকাশ্যে আসেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আনসার-ভিডিপির মহাপরিচালক স্বপদে বহাল, চলবে সংস্কার কার্যক্রম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৯ পি.এম


আনসার-ভিডিপির মহাপরিচালক স্বপদে বহাল, চলবে সংস্কার কার্যক্রম

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক হিসেবে মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ স্বপদে বহাল থাকছেন। জনপ্রশাসন মন্ত্রণালয় ১৭ নভেম্বর একটি প্রজ্ঞাপন জারি করে তার বদলি ও নিয়োগসংক্রান্ত পূর্বের আদেশ বাতিল করেছে। এই সিদ্ধান্তের ফলে বাহিনীতে চলমান উন্নয়ন ও সংস্কার কার্যক্রম অব্যাহত রাখার সুযোগ সৃষ্টি হয়েছে।

মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে বাহিনীর আধুনিকায়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সদস্যদের কল্যাণে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছেন। বিশেষ করে, অঙ্গীভূত আনসার সদস্যদের আর্থিক নিরাপত্তা, সুযোগ-সুবিধা ও পেশাগত মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে নেওয়া বিভিন্ন পদক্ষেপ বাহিনীর সদস্যদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

সদস্যদের কল্যাণে নেওয়া উদ্যোগগুলোর মধ্যে রয়েছে দীর্ঘদিনের প্রচলিত রেস্ট প্রথা বাতিল করা, গ্র্যাচুইটি ফান্ডের মাধ্যমে পেনশন সুবিধা চালুর প্রক্রিয়া, বেতন-ভাতা বৃদ্ধি এবং সরাসরি ডিজি কোডে বেতন প্রদানের উদ্যোগ। এছাড়া, মাসিক রেশন বৃদ্ধি, গমের পরিবর্তে সমপরিমাণ আটা প্রদান, বাৎসরিক ছুটি বাড়ানো এবং স্বতন্ত্র আধুনিক পোশাক প্রবর্তন করা হয়েছে। প্রশিক্ষণব্যবস্থা যুগোপযোগী করার উদ্যোগও নেওয়া হয়েছে।

এছাড়া, সদস্যদের পদকের সংখ্যা বৃদ্ধি, তাদের সাহসিকতা ও সাফল্য গণমাধ্যমে তুলে ধরা, জরুরি ঋণ ও চিকিৎসাসহায়তা সম্প্রসারণ এবং সাধারণ ক্ষমার আওতায় চাকরিচ্যুত সদস্যদের পুনর্বহালের উদ্যোগ নেওয়া হয়েছে। নিজ বিভাগ বা জেলায় পদায়নের সুযোগ সৃষ্টি এবং আধুনিক আবাসন সুবিধা নিশ্চিত করতে ‘প্রত্যয় ব্যারাক’ নির্মাণও এসব উদ্যোগের অংশ।

সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, মহাপরিচালকের নেতৃত্বের ধারাবাহিকতা বাহিনীর চলমান সংস্কার ও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে ইতিবাচক ভূমিকা রাখবে। বিশেষ করে, সদস্যদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ, পেশাগত মর্যাদা প্রতিষ্ঠা এবং সাংগঠনিক সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ।

দেশের জননিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা, দুর্যোগ মোকাবেলা এবং শিল্প ও অর্থনৈতিক নিরাপত্তায় আনসার-ভিডিপির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই ভূমিকা আরো কার্যকর করতে বাহিনীকে আধুনিক, দক্ষ ও পেশাদার প্রতিষ্ঠানে রূপান্তরের প্রয়োজনীয়তা রয়েছে।

মহাপরিচালক স্বপদে বহাল থাকায় বাহিনীর সদস্যদের মধ্যে চলমান সংস্কার কার্যক্রম নিয়ে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। সদস্যকল্যাণের পাশাপাশি বাহিনীর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ আরো গতিশীল হবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আসামে তিনবার বাস্তুচ্যুত মানিক আলী: বগীনদী মুসলিম ক্যাম্পের মসজিদ ধ্বংসের সাক্ষী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪১ পি.এম


আসামে তিনবার বাস্তুচ্যুত মানিক আলী: বগীনদী মুসলিম ক্যাম্পের মসজিদ ধ্বংসের সাক্ষী

১৩ নভেম্বর সকালে আসামের লখিমপুর জেলার বগীনদী মুসলিম ক্যাম্পের একমাত্র মসজিদটি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিতে দেখেন ৭৩ বছর বয়সী মানিক আলী। জেলা ভূমি রাজস্ব দপ্তর রাজ্যব্যাপী পরিচালিত অভিযানের অংশ হিসেবে ১৩২টি ঘরবাড়ি ও স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে, যার মধ্যে মসজিদটি ছিল একটি। বৈধ নথিপত্র ছাড়া দখল হয়ে থাকা সরকারি জমি উদ্ধারের জন্য এই অভিযান চালানো হয়।

উচ্ছেদ অভিযান শুরু হওয়ার দুই সপ্তাহ আগে জেলা প্রশাসন মুসলিম ক্যাম্পের বাসিন্দাদের নোটিশ প্রদান করেছিল। এই ধ্বংসযজ্ঞের ফলে শত শত মানুষ গৃহহীন হয়ে পড়েন। মানিক আলীকে গত পাঁচ দশকে তাঁর আগের দুটি বাস্তুচ্যুতির কথা মনে করিয়ে দেয়, যার একটি জলবায়ুজনিত কারণে এবং অন্যটি রাজনৈতিক সহিংসতায় ঘটেছিল।

১৯৭০-এর দশকের মাঝামাঝি সময়ে আসামের বরপেটা জেলার এক কৃষক পরিবারের কিশোর মানিকের চাষের জমি ব্রহ্মপুত্র নদের ভাঙনে বিলীন হয়ে যায়। বাস্তুচ্যুত পরিবারটি পূর্বে লখিমপুর জেলার দিকে চলে যায়। সেখানে স্থানীয় মিসিং সম্প্রদায়ের সদস্যরা তাদের নদী তীরবর্তী এলাকায় বসতি গড়তে সাহায্য করেন।

মানিকের পরিবারের পাশাপাশি বরপেটা থেকে বাস্তুচ্যুত প্রায় দুই ডজন পরিবারও সেখানে বসতি গড়ে তোলে। যখন তারা নতুন করে জীবন শুরু করার স্বপ্ন দেখছিল, তখন বিদেশি বিতাড়ন আন্দোলন এবং এর সাথে যুক্ত সহিংসতা মানিক ও অন্যান্য বসতি স্থাপনকারীদের দ্বিতীয়বারের মতো বাস্তুচ্যুত করে।

‘আসাম আন্দোলন’ (১৯৭৯–৮৫) নামে পরিচিত এই আন্দোলনটি অল আসাম স্টুডেন্টস ইউনিয়নের (আসু) নেতৃত্বে পরিচালিত হয়েছিল। আসামের ভোটার তালিকায় তথাকথিত বিদেশিদের নাম অন্তর্ভুক্তির বিরুদ্ধে আন্দোলন শুরু হয়। আন্দোলনকারীরা ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়ার এবং দেশ থেকে বিতাড়নের দাবি জানান।

শুরুতে ধর্ম নির্বিশেষে সকল পূর্ববঙ্গীয় মানুষের বিরুদ্ধে পরিচালিত হলেও পরবর্তীতে এই আন্দোলন কেবল বাংলাভাষী মুসলিমদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়। ১৯৮৩ সালে আসু নেতাদের তীব্র বিরোধিতা সত্ত্বেও সরকার আসাম বিধানসভা নির্বাচন অনুষ্ঠানের পথে হাঁটলে রাজ্যের বিভিন্ন স্থানে সহিংসতা ছড়িয়ে পড়ে। এর ফলে নেলি, গহপুর এবং চাউলখোয়ায় ভয়াবহ হত্যাকাণ্ড ঘটে।

১৯৮৩ সালের ফেব্রুয়ারিতে আসাম জাতীয়তাবাদীদের একটি উন্মত্ত জনতা সুবর্ণসিঁড়ি নদীর তীরে বোধাকোরা-ভিমপোরা এলাকায় মানিক আলীর বসতিতে হামলা চালায়। ওই হামলায় মইনুল আলী নামে এক পূর্ববঙ্গীয় মুসলিম এবং সাতজন পূর্ববঙ্গীয় হিন্দু নিহত হন; তাদের ঘরবাড়ি লুটপাট ও অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেওয়া হয়। সে সময় ৩০ বছর বয়সী মানিক উরুর পেছনে তীরবিদ্ধ হয়েও প্রাণে বেঁচে যান। তিনি আবারও নিজের ঘর ধ্বংস হতে দেখতে বাধ্য হন এবং বাস্তুচ্যুত হন।

সহিংসতা ও পরবর্তী বাস্তুচ্যুতির ভয়াবহ অভিজ্ঞতা স্মরণ করে মানিক বলেন, “১৯৮৩ সালে আসাম আন্দোলন সমর্থনকারী জনতা যখন হামলা চালিয়ে আমাদের গ্রাম তছনছ করে দেয়, তখন আমরা লখিমপুর জেলার বোধাকোরা এলাকার ভিমপোরা গ্রামে বাস করতাম। সহিংসতার পর আমরা বাস্তুচ্যুত হই এবং পরবর্তীতে সরকার বগীনদী সাপ্তাহিক হাটের পাশের এই জমিতে আমাদের পুনর্বাসন করে।”

কাছের একটি সাপ্তাহিক বাজারে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে তিন মাস কাটানোর পর, সহিংসতা কবলিত ভিমপোরা-বোধাকোরা এলাকা থেকে বাস্তুচ্যুত মোট ২৫টি পরিবারকে ১৯৮৩ সালের জুনে লখিমপুর জেলা প্রশাসন বগীনদী পিজিআর (প্রফেশনাল গ্রেজিং রিজার্ভ) জমিতে পুনর্বাসন করে।

১৯৮৩ সালের ১৬ জুন উত্তর লখিমপুরের সাব-রেজিস্ট্রার এই পুনর্বাসন নথিতে স্বাক্ষর করেন। এরপর থেকেই বসতিটি ‘মুসলিম ক্যাম্প’ নামে পরিচিত হয়ে ওঠে।

তৃতীয়বারের মতো বিতাড়ন

গত সপ্তাহের অভিযানে উচ্ছেদ হওয়া বগীনদী পিজিআরের মুসলিম ক্যাম্পের আরেক প্রবীণ বাসিন্দা ৭০ বছর বয়সী মুজিবুর রহমান। রহমান বলেন, “১৯৮৩ সালের সহিংসতায় আমরা ভিমপোরা থেকে বাস্তুচ্যুত হই, যেখানে আমরা স্থানীয় মিসিং সম্প্রদায়ের সাথে বর্গাচাষ করতাম। শুরুতে সিআরপিএফ সদস্যরা আমাদের উদ্ধার করে বগীনদী থানার ভেতরে ছয় দিন আশ্রয় দিয়েছিলেন। এরপর আমরা আরও তিন মাস বগীনদী সাপ্তাহিক বাজারে ছিলাম। পরবর্তীতে সরকার আমাদের বগীনদী পিজিআরে পুনর্বাসন করে এবং পরিচয়পত্র দেয়। গত ৪৭ বছর ধরে আমরা এই পিজিআর জমিতে বসবাস করে আসছি।”

১৯৫১ সালের ভোটার তালিকার নথিপত্র দেখিয়ে নিজের ভারতীয় নাগরিকত্বের দাবি জানিয়ে ৭৫ বছর বয়সী হানিফ আলী বলেন, “নদীভাঙনে পৈতৃক জমি হারানোর পর ১৯৭৭ সালে বাস্তুচ্যুত বাবা-মায়ের সাথে আমি বরপেটা থেকে বাদুলিপাড়া-বোধাকোরায় আসি। ১৯৮৩ সালে আসাম আন্দোলনের সহিংসতায় আমরা বাদুলিপাড়া-বোধাকোরা থেকে বাস্তুচ্যুত হই, আর এখন আমাদের আবারও উচ্ছেদ করা হচ্ছে।”

নদীভাঙনের কারণে আসামে প্রতি বছর আনুমানিক ৮,০০০ হেক্টর জমি বিলীন হয়ে যায়; শুধু ২০১৬ থেকে ২০২৪ সালের মধ্যেই ৩০,০০০ হেক্টরের বেশি কৃষিজমি নদীগর্ভে হারিয়ে গেছে। মুসলিম ক্যাম্পের উচ্ছেদ হওয়া পরিবারগুলো এখন বগীনদী নদীর বালুময় তীরে রাত কাটাতে বাধ্য হচ্ছে, যা দীর্ঘ খরার কারণে অনেকটাই শুকিয়ে গেছে। খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপনকারীদের মধ্যে নারী, শিশু ও বৃদ্ধরাও রয়েছেন।

১৮ বছর বয়সী বানেশ আলী, যিনি নিট পরীক্ষার প্রস্তুতিও নিচ্ছেন, বলেন, “আজ থেকে আমার বিএসসি প্রথম সেমিস্টারের সেশনাল পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল, কিন্তু আমি পরীক্ষায় বসতে পারিনি।”

মুসলিম ক্যাম্পে নিজের ভেঙে ফেলা বাড়ির ধ্বংসস্তূপ থেকে পাঠ্যবই কুড়াতে কুড়াতে এক তরুণী কলেজছাত্রী প্রশ্ন রাখেন, “এখানে বয়স্ক ও অসুস্থ মানুষ, অন্তঃসত্ত্বা নারী এবং স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা রয়েছে। আমরা সবাই এখন কোথায় যাব?”

রাষ্ট্রীয় উদাসীনতা

সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ ও ২ নম্বর বগীনদী পিজিআর জুড়ে অবস্থিত মুসলিম ক্যাম্পে চালানো এই উচ্ছেদ অভিযানে ১৩২টি পরিবারের ৭০৪ জন মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং ৩২০ হেক্টর জমি উদ্ধার করা হয়েছে। লখিমপুর জেলার শিক্ষা, সমাজকল্যাণ ও জনস্বাস্থ্য দপ্তরসহ বিভিন্ন সরকারি সংস্থা এই পিজিআর জমিটিকে ‘রিফিউজি ক্যাম্প’, ‘মুসলিম ক্যাম্প’ এবং ‘মিঞা ক্যাম্প’ হিসেবে নথিভুক্ত করেছে। বসতিটিতে ২০০৮ সালে প্রতিষ্ঠিত একটি প্রাথমিক বিদ্যালয়, একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং জল জীবন মিশনের (জেজেএম) অধীনে একটি পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহ প্রকল্প (পিডব্লিউএসএস) ছিল। উচ্ছেদ হওয়া পিজিআর জমির প্রতিটি বাড়িতেই আসাম পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (এপিডিসিএল) দেওয়া বিদ্যুৎ সংযোগ ছিল।

বাস্তুচ্যুত পরিবারগুলোর জন্য সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়িয়েছে লখিমপুর জেলা প্রশাসনের দেওয়া পরিচয়পত্রগুলো। ওই নথিগুলোতে পিজিআর জমিতে তাদের পুনর্বাসনের কোনো উল্লেখ নেই; সেখানে কেবল ত্রাণ শিবিরে তাদের আগমনের তারিখ (১৪ ফেব্রুয়ারি ১৯৮৩) এবং প্রস্থানের তারিখ (১৪ জুন ১৯৮৩) লিপিবদ্ধ রয়েছে। এসব পরিচয়পত্রে কোনো ক্রমিক, ইস্যু বা ফাইল নম্বর নেই এবং স্বাক্ষরকারী কর্মকর্তার নামও কেবল আদ্যক্ষরে লেখা।

গুঁড়িয়ে দেওয়া মসজিদটির জমির কাগজপত্রেও একই ধরনের অস্পষ্টতা রয়েছে। ১৯৯২ সালে পিজিআরের ৫ নম্বর প্লটের অধীনে ৪ বিঘা ২ কাঠা ১০ লেচা জমি একটি মসজিদ ও কবরস্থান নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল। তবে যে কর্পোরেশনটি এই বরাদ্দ দিয়েছিল, সেটির কোনো নিবন্ধন নম্বর ছিল না এবং প্রতিষ্ঠানটি বহু আগেই বিলুপ্ত হয়ে যাওয়ায় তারা জমির বরাদ্দটি বৈধ বলে প্রমাণ করতে পারেনি।

কেবল এই দুটি নথির ওপর ভরসা করেই ১৯৮৩ সালে মূলত বাস্তুচ্যুত হওয়া ২৫টি পরিবার—যাদের সংখ্যা পরবর্তীতে আরও অনেক পরিবারে বিস্তৃত হয়েছে—চার দশকেরও বেশি সময় ধরে কোনো আনুষ্ঠানিক জমির মালিকানা ছাড়াই সেখানে ঘরবাড়ি তৈরি করে বসবাস করে আসছিল।

বিজেপি ক্ষমতায় আসার আগে আসামের পরপর নির্বাচিত সরকারগুলো ১৯৮৩ সালে বাস্তুচ্যুত এই পরিবারগুলোকে স্থায়ী বন্দোবস্ত দিতে ব্যর্থ হয়েছে। ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষ থেকে তাদের দখলকৃত জমিগুলোকে ‘মিয়াদি পাট্টা’ (মেয়াদী ভূমি ইজারা)-তে রূপান্তরের বারবার অনুরোধ সরকারি উদাসীনতার শিকার হয়েছে, নয়তো সংশ্লিষ্ট ভূমি রাজস্ব সার্কেল অফিসের কর্মকর্তাদের কথিত দুর্নীতির জালে আটকা পড়েছে।

মহর আলী বলেন, “১৩২টি পরিবারের সবাই কদম রাজস্ব সার্কেলের মণ্ডলকে (মাঠপর্যায়ের রাজস্ব কর্মকর্তা) ৫,০০০ থেকে ২০,০০০ রুপি পর্যন্ত দিয়েছিল। তিনি আমাদের জমিগুলো মিয়াদি পাট্টায় রূপান্তর করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। আমি নিজেও ২০০৬ থেকে ২০২০ সাল পর্যন্ত জমির খাজনা বাবদ রাজস্ব কর্মকর্তাদের ২০১৯ সালে ১৮,০০০ রুপি দিয়েছি।”

বিজেপির বাছাইকৃত উচ্ছেদ অভিযান

২০১৬ সালে আসামে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ক্ষমতায় আসার পর থেকে রাজ্যে লক্ষ্যভিত্তিক উচ্ছেদ অভিযান গতি পায়। নির্বাচনী প্রচারণায় ‘জাতি, মাটি ও ভেটি’ রক্ষার প্রতিশ্রুতি দেওয়া দলটি গৌহাটি হাইকোর্টের নির্দেশনার কথা উল্লেখ করে অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান শুরু করে। ২০১৬ সালের সেপ্টেম্বরে কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের (কেএনপি) আশপাশের গ্রামগুলো থেকে এই অভিযান শুরু হয়।

২০১৫ সালের ৯ অক্টোবর গৌহাটি হাইকোর্ট রাজ্য সরকারকে কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে দ্রুত উচ্ছেদ অভিযান চালানোর নির্দেশ দেন। বিজেপি বিধায়ক মৃণাল শইকীয়ার দায়ের করা একটি জনস্বার্থ মামলার (পিআইএল) পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দিয়েছিলেন।

২০১৬ সালের সেপ্টেম্বরে কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের প্রান্তিক এলাকায় শুরু হওয়া এই উচ্ছেদ অভিযান পরবর্তীতে ২০১৭ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত সিপাঝাড়, ধুবড়ি, আমচাং, কুরুয়া, মঙ্গলদৈ, হোজাই, মায়ং, লখিমপুর, জামুগুড়িহাট এবং বরপেটাসহ আরও বেশ কয়েকটি স্থানে বিস্তৃত হয়েছে।

উচ্ছেদ হওয়া মানুষদের জন্য সুপরিকল্পিত পুনর্বাসনের অভাব শুরুতে সরকারের এই পদক্ষেপের বিরুদ্ধে সমালোচনার জন্ম দিয়েছিল। তবে ‘বিদেশি’ হিসেবে চিহ্নিত ও কলঙ্কিত করা একটি জনগোষ্ঠীর হাত থেকে রাজ্যের সামাজিক কাঠামো ও সাংস্কৃতিক পরিচয় রক্ষার আবেগঘন সংখ্যাগরিষ্ঠতাবাদী বয়ান বিজেপির নির্বাচনী সাফল্যে জ্বালানি জুগিয়েছে।

২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর দখলবিরোধী উচ্ছেদ অভিযানের মাত্রা আরও বেড়ে যায়। দরং, হোজাই, নগাঁও এবং লখিমপুর জেলায় ব্যাপক উচ্ছেদ অভিযান চালানো হয়। ২০২১ সালের সেপ্টেম্বরে দরং জেলার গোরুখুঁটিতে একটি উচ্ছেদ অভিযানে স্থানীয় বাসিন্দারা তীব্র প্রতিরোধ গড়ে তুললে পুলিশের গুলিতে দুজন নিহত হন। সে সময় একজন সরকারি আলোকচিত্রীকে গুলিতে নিহত এক ব্যক্তির মরদেহের ওপর লাফিয়ে পড়তে দেখা যায়। ঘটনাটি দেশজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি করে এবং একটি নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়—বাঙালি মুসলিমদের—লক্ষ্য করে চালানো এই উচ্ছেদ অভিযানের প্রতি সমর্থকদের নির্মম মনোভাবকে প্রকাশ্যে নিয়ে আসে।

রাজ্য রাজস্ব দপ্তরের ২০২৪ সালের তথ্য অনুযায়ী, ২০১৬ সাল থেকে আসামে সরকারি ও বনাঞ্চলের জমি থেকে ১০,৬২০টিরও বেশি পরিবারকে উচ্ছেদ করা হয়েছে, যাদের অধিকাংশই বাঙালি মুসলিম।

কেন্দ্র ও আসাম—উভয় স্থানেই ক্ষমতায় থাকা বিজেপির বিরুদ্ধে সরকারি জমিতে উচ্ছেদ অভিযানের নামে বেছে বেছে বাঙালি মুসলিমদের লক্ষ্যবস্তু করার অভিযোগ উঠেছে।

সাম্প্রতিক এই উচ্ছেদ অভিযানে বগীনদী পিজিআরের প্রায় ৯০০ হেক্টর জমির মধ্যে কেবল ৩২০ হেক্টর জমি থেকে শুধু বাঙালি মুসলিমদেরই উচ্ছেদ করা হয়েছে। রিজার্ভের বাকি জমিগুলোতে এখনো অমুসলিম সম্প্রদায়ের বসবাস রয়েছে, যাদের চলমান এই উচ্ছেদ অভিযানের আওতায় আনা হয়নি।

উচ্ছেদ অভিযানের আগের দিন ভুক্তভোগী এক পরিবারের নারী কান্নাজড়িত কণ্ঠে বলেন, “পিজিআর জমির অন্য পাশে যখন অন্যান্য ধর্মের সম্প্রদায়ের মানুষেরা এখনো বসবাস করছে, তখন কেন শুধু মুসলিমদেরই উচ্ছেদের লক্ষ্যবস্তু বানানো হচ্ছে? আমরা মুসলিমরা কি মানুষ নই?”

দুঃসময় ও নিরুপায় প্রচেষ্টা

গত চার দশক ধরে আসামের মূলধারার ভাষ্যকাররা বাঙালি বংশোদ্ভূত মুসলিমদের অবমাননাকরভাবে ‘বাংলাদেশি’ বা ‘মিঞা’ হিসেবে আখ্যায়িত করে আসছেন, যা বিজেপি এবং এর সংঘ পরিবারের রাজনৈতিক বক্তব্যের পাশাপাশি এখনো অব্যাহত রয়েছে।

১৯৮৫ সালে আসাম চুক্তি স্বাক্ষরের মাধ্যমে আসাম আন্দোলনের সমাপ্তি ঘটে, যেখানে বিদেশি নাগরিকদের মূল সমস্যাটি সমাধানের চেষ্টা করা হয়েছিল। এই চুক্তিতে বিদেশি শনাক্তকরণের ভিত্তি তারিখ হিসেবে ১৯৭১ সালের ২৫ মার্চ নির্ধারণ করা হয়। ওই তারিখের আগে যারা ভারতে প্রবেশ করেছেন তাদের নাগরিক হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এবং যারা এর পরে এসেছেন তাদের ধর্ম নির্বিশেষে বিদেশি হিসেবে গণ্য করে বিতাড়নের সিদ্ধান্ত নেওয়া হয়।

আসাম চুক্তির পর ১৯৮৫ সালে আসু নেতা ও তাদের সহযোগীদের নিয়ে গঠিত অসম গণ পরিষদ (অগপ) আন্দোলনের মূল দাবিগুলো—অর্থাৎ বিদেশি শনাক্তকরণ (হিন্দু ও মুসলিম উভয় ধর্মের বাংলাদেশিসহ), ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া এবং বাংলাদেশে ফেরত পাঠানো—বাস্তবায়নে ব্যর্থ হয়। এই ব্যর্থতা রাজ্যের রাজনীতিকে আরও মেরুকৃত করে তোলে। পরপর ক্ষমতায় আসা ভারতীয় জাতীয় কংগ্রেস সরকারের বিরুদ্ধে নির্বাচনী ফায়দা লুটতে আসামে পূর্ববঙ্গীয়দের পক্ষ নেওয়ার অভিযোগ উঠত, আর এই সুযোগে ১৯৯১ সাল থেকে রাজ্যে ধীরে ধীরে নিজেদের অবস্থান তৈরি করে বিজেপি।

এই ইস্যুতে বিজেপির বয়ান—অর্থাৎ হিন্দু পূর্ববঙ্গীয়দের আশ্রয় দিয়ে মুসলিম পূর্ববঙ্গীয়দের বিতাড়ন করা—২০১৪ সাল থেকে জনপ্রিয় সংখ্যাগরিষ্ঠের সমর্থন পেতে শুরু করে এবং এরই ধারাবাহিকতায় ২০১৯ সালে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) পাস হয়। অগপ-র বেশ কয়েকজন নেতার বিজেপিতে যোগদান, বিজেপির সাথে অগপ-র নির্বাচনী জোট এবং অন্যান্য জাতিগত রাজনৈতিক সংগঠনগুলোর নীরব সমর্থন মূলধারার সেই অংশটিকে বিভ্রান্তিতে ফেলে দেয়, যারা বিদেশি ইস্যুতে অসাম্প্রদায়িক ও আঞ্চলিকতাবাদী অবস্থানে অটল ছিলেন। এর পাশাপাশি মুসলিমদের বৈশ্বিক সন্ত্রাসী হুমকি হিসেবে চিত্রিত করার গণমাধ্যমের বয়ান আসামের পূর্ববঙ্গীয় মুসলিমদের আরও কোণঠাসা ও বিচ্ছিন্ন করে তুলেছে।

আসামের ক্ষুদ্র সংখ্যালঘু অহমিয়া-ভাষী মুসলিমরাও এই বর্জনের রাজনৈতিক দ্বিমেরুকরণের শিকার হয়েছেন, যদিও সংস্কৃতি ও ভাষার মাধ্যমে মূলধারার অহমিয়া সমাজের সাথে তাদের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। তবে রাজনৈতিক মেরুকরণের মাঝে পরিচয়ের অস্পষ্টতার কারণে এই ক্ষুদ্র জনগোষ্ঠীটিকেও বৃহত্তর মুসলিম সম্প্রদায়ের সাথে মিলিয়ে ‘বিদেশি’ তকমা দেওয়া হচ্ছে। রাজ্যের ভোটার তালিকার সাম্প্রতিক বিশেষ সংশোধনী এবং চলমান ভূমি উচ্ছেদ অভিযানে এই বঞ্চনার প্রতিফলন দেখা গেছে।

অহমিয়া-ভাষী মুসলিম গোষ্ঠী ‘মরিয়া’—যাদের পূর্বপুরুষরা পঞ্চদশ শতাব্দীতে আসামে বন্দী হওয়া দিল্লি সালতানাতের সৈনিক ছিলেন—তাদেরও বর্তমান উচ্ছেদ অভিযানে রাজ্য সরকারের একই ধরনের বৈষম্যমূলক আচরণের শিকার হয়েছেন। গত বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন বিজেপিকে সমর্থন দেওয়া সত্ত্বেও লখিমপুর জেলার বালিজন গ্রামের মরিয়াদের চলতি মাসে উচ্ছেদ অভিযানের নোটিশ দেওয়া হয়েছে।

এর আগে ২০১৫ সালে আরেক অহমিয়া-ভাষী সংখ্যালঘু মুসলিম গোষ্ঠী ‘গরিয়া’-রা আদিবাসী অহম ও আদিবাসীদের পাশাপাশি ফুকনার হাট, দেবেড়া দলনি এবং খ্রিস্টান ভিজিআর (ভিলেজ গ্রেজিং রিজার্ভ) এলাকায় একই ধরনের উচ্ছেদের মুখে পড়েছিলেন। এতে মোট ২১৮টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছিল।

নিজের পরিবারের অস্তিত্ব রক্ষার মরিয়া চেষ্টায় বগীনদী পিজিআরের মুসলিম ক্যাম্পের মানিক আলী ২০১৬ সালে ভারতীয় জাতীয় কংগ্রেস ছেড়ে কর্মী হিসেবে বিজেপিতে যোগ দিয়েছিলেন।

মানিক আলী আক্ষেপ করে বলেন, “২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত বিজেপি সরকারের মন্ত্রী এবং বর্তমান বিধায়ক নব কুমার দোলের সাথে আমি ২০১৬ সাল থেকে যুক্ত আছি। আমার ছেলে লখিমপুর জেলা বিজেপির সংখ্যালঘু মোর্চার সহ-সভাপতি। গত বিধানসভা নির্বাচনে আমি আমাদের গ্রামে লখিমপুরের বিধায়ক মানব ডেকার পক্ষে প্রচারণা চালিয়েছি। অথচ আজ সেই একই প্রশাসনের হাতে আমাকে নিজের ভিটেমাটি থেকে উচ্ছেদ হতে হচ্ছে।” জমি উদ্ধারের নামে বাছাইকৃত উচ্ছেদ অভিযান পরিচালনাকারী দলের দ্বারা তিনি নিজেকে রাজনৈতিকভাবে প্রতারিত মনে করছেন।

উচ্ছেদ হওয়া বাসিন্দারা অন্যত্র পুনর্বাসনের জন্য রাজ্য সরকারের সহায়তা কামনা করছেন। তারা এখন ২০২৬ সালের ১২ নভেম্বর দেওয়া গৌহাটি হাইকোর্টের একটি নির্দেশনার কথা উল্লেখ করছেন, যেখানে আদালত আসাম সরকারকে যথাক্রমে গোয়ালপাড়া, কামরূপ (গ্রামীণ) এবং নগাঁও জেলার হাসিলা বিল, বনগারা ও কচুয়া থেকে উচ্ছেদ হওয়া পরিবারগুলোকে অবিলম্বে পুনর্বাসন ও ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন। তাদের আশা, আদালতের এই নির্দেশনা তাদের বর্তমান দুর্দশা লাঘবের একটি পথ দেখাতে পারে।

ওই তিনটি এলাকায় ২০২৫ সালের জুন থেকে ২০২৬ সালের মার্চের মধ্যে উচ্ছেদ অভিযান চালানো হয়েছিল।

মাকতুবকে মানিক আলী বলেন, “১৯৮৩ সালে আমাদের পূর্বের বাস্তুচ্যুতির ইতিহাস এবং পরবর্তীতে আশ্রয় ও ত্রাণ দিয়ে কর্তৃপক্ষের সহযোগিতার বিষয়টি মাথায় রেখে আমরা রাজ্য সরকারের কাছে আমাদের এই বিশেষ অবস্থানটি সহানুভূতির সাথে বিবেচনা করার অনুরোধ জানাচ্ছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%