ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

প্রশাসনিক বাধা উপেক্ষা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের জিমনেসিয়াম উদ্বোধন


প্রশাসনিক বাধা উপেক্ষা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের জিমনেসিয়াম উদ্বোধন

প্রশাসনিক জটিলতা ও বাধা উপেক্ষা করে, অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের জন্য নির্মিত ‘ফিমেল ফিটনেস সেন্টার’ (জিমনেসিয়াম) আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার, বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের দ্বিতীয় তলায় প্রায় ৬৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত আধুনিক এই জিমনেসিয়ামটির উদ্বোধন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এই উদ্যোগ গ্রহণ করেছে, যা নারী শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা ও ফিটনেসের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বছরের ডিসেম্বর মাসে আমান গ্রুপের স্পন্সরে ও তত্ত্বাবধানে এই ফিটনেস সেন্টারের নির্মাণকাজ শুরু হয়েছিল। চলতি বছরের ৩০ এপ্রিল, প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতি স্থাপনসহ সেন্টারটির মূল কাজ সম্পূর্ণ হয়। তবে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কিছু জটিলতা ও বাধার কারণে আনুষ্ঠানিক উদ্বোধন প্রায় সাত মাস ধরে আটকে ছিল। অবশেষে সকল প্রতিবন্ধকতা পেরিয়ে এটি শিক্ষার্থীদের ব্যবহারের জন্য উন্মুক্ত করা হলো।

উদ্বোধনী অনুষ্ঠানে ডাকসুর সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম, সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ, ক্রীড়া সম্পাদক আরমান হোসেন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক এম এম আল মিনহাজ, ক্যারিয়ার সম্পাদক মাজহারুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হায়দার এবং সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও জেলা আ.লীগ কার্যালয়ে আগুন

এছাড়াও, অনুষ্ঠানে জিমনেসিয়াম কমিটির সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান, বিভিন্ন হল সংসদের নেতৃবৃন্দ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক নারী শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। জিমনেসিয়ামটি বাস্তবায়নে সহযোগিতা ও অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ডাকসুর ক্রীড়া সম্পাদক আরমান হোসেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা-৫ আসনে দখলবাজি চলবে না: এমপি কামাল হোসেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩২ পি.এম


ঢাকা-৫ আসনে দখলবাজি চলবে না: এমপি কামাল হোসেন

ঢাকা-৫ সংসদীয় এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি ও মাদক কারবার কোনোভাবেই চলতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন।

বুধবার ডেমরার শাপলা চত্বর এলাকার উন্নয়নকাজ পরিদর্শনকালে স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি এ হুঁশিয়ারি দেন। এ সময় তিনি জানান, সরকারি সম্পদ কাউকে দখল করতে দেওয়া হবে না এবং পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো নব্য ফ্যাসিবাদীদের প্রতিহত করতে স্থানীয়দের প্রতি আহ্বান জানান।

জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি কামাল হোসেন বলেন, ‘ঢাকা-৫ সংসদীয় এলাকায় কোনো সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজ ও মাদক কারবার চলবে না, চলতে দেওয়া হবে না। যেখানেই সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজ ও মাদক কারবারিদের পাওয়া যাবে, তাদের আইনের আওতায় নেওয়া হবে।’

তিনি স্থানীয়দের সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজ ও মাদক কারবারিদের তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান।

এমপি কামাল হোসেন আরও বলেন, ‘সরকারি সম্পদের প্রকৃত মালিক জনগণ। কিন্তু কেউ যদি ক্ষমতার জোরে সরকারি সম্পদ দখল করে নিজে মালিক হওয়ার চেষ্টা করেন, তবে তাকে কোনো ছাড় দেওয়া হবে না। তিনি কোন দলের কত বড় নেতা, সেটি দেখা হবে না, দেখার সুযোগ নেই। অপরাধ করলে শাস্তি পেতেই হবে।’

এ সময় তিনি ঢাকা-৫ সংসদীয় এলাকার উন্নয়ন এবং জনগণের জানমালের সুরক্ষা নিশ্চিত করতে স্থানীয় জনসাধারণের সহযোগিতা কামনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাত মাসের ব্যবধানে পুরোনো কর্মস্থলে ফিরে আসা পেশকার আইয়ুবের বিরুদ্ধে সিন্ডিকেটের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৩ পি.এম


সাত মাসের ব্যবধানে পুরোনো কর্মস্থলে ফিরে আসা পেশকার আইয়ুবের বিরুদ্ধে সিন্ডিকেটের অভিযোগ

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সাবেক সার্টিফিকেট সহকারী কাম অফিস সহকারী (পেশকার) আইয়ুব আলী ১৭ বছর ধরে একই উপজেলায় চাকরি করার পর বদলি হয়েছিলেন। কিন্তু সাত মাসের ব্যবধানে আবারও একই কার্যালয়ে বদলি হয়ে যোগদান করায় উপজেলাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, তিনি পুরোনো কর্মস্থলে ফিরে এসে আবারও আগের সিন্ডিকেট সক্রিয় করে ডিও ও ঠিকাদারি বাণিজ্য শুরু করেছেন।

সরকারি চাকরিবিধি অনুযায়ী, সার্টিফিকেট সহকারীর দায়িত্ব হলো সরকারি পাওনা আদায়সংক্রান্ত মামলা পরিচালনায় ইউএনওকে সহযোগিতা করা। তবে অভিযোগ রয়েছে, আইয়ুব আলী দায়িত্বের বাইরে গিয়ে বিগত সময়ে ডিও ও ঠিকাদারি বাণিজ্যের সিন্ডিকেট গড়ে তুলেছিলেন। গোয়েন্দা সংস্থাগুলোর কাছে তথ্য রয়েছে যে, এসব কর্মকাণ্ডের মাধ্যমে তিনি বিপুল বিত্তবৈভবের মালিক হয়েছেন।

কিশোরগঞ্জ উপজেলা প্রশাসনের নথিপত্র ও গোয়েন্দা তথ্যানুযায়ী, আইয়ুব আলী ২০০৯ সালে কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সার্টিফিকেট সহকারী কাম অফিস সহকারী (পেশকার) পদে যোগদান করেন। এরপর তিনি একই কর্মস্থলে টানা ১৭ বছর দায়িত্ব পালন করেন।

অভিযোগ রয়েছে, বিগত সরকারের ১৭ বছরে স্থানীয় আওয়ামী লীগসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যোগসাজশে ডিও ও ঠিকাদারি বাণিজ্যের সিন্ডিকেট গড়ে তোলেন আইয়ুব আলী। এর মাধ্যমে তিনি লাখ লাখ টাকা হাতিয়ে নেন। অন্তর্বর্তীকালীন সরকারের সময়েও খোলস বদলে ম্যানেজ মিশনের মাধ্যমে তার কার্যক্রম অব্যাহত ছিল।

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর আইয়ুব আলীর সিন্ডিকেট পরিচালনার বিষয়গুলো গোয়েন্দা সংস্থার নজরে আসে। এসব তথ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরেও পাঠানো হয়। সরকার গঠনের কয়েক দিনের মাথায় গত ৯ মার্চ ২০২৬ তারিখে তাকে নীলফামারীর সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বদলি করা হয়। এ-সংক্রান্ত স্মারক নম্বর ০৫.৪৭.৭৩০০.০০০.০১২.১৯.০০০৩.১৬.১২৫।

সাত মাসের মাথায় আবারও কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বদলি হয়ে গত ৩০ সেপ্টেম্বর যোগদান করেন তিনি। এ-সংক্রান্ত স্মারক নম্বর ০৫.৪৭.৭৩০০.০০০.০১২.১৯.০০০৩.১৬.৪৫৪। অভিযোগ রয়েছে, মোটা অঙ্কের অর্থের বিনিময়ে তিনি পুনরায় পুরোনো কর্মস্থলে বদলি হয়েছেন। সেখানে ফিরে আবারও আগের সিন্ডিকেট সক্রিয় করে পুরোনো ব্যবসা শুরু করেছেন। দীর্ঘদিন একই পদে দায়িত্ব পালন এবং বদলির মাত্র সাত মাসের মাথায় পুরোনো কর্মস্থলে ফিরে আসার ঘটনায় পুরো উপজেলায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সার্টিফিকেট সহকারী পদের মূল দায়িত্ব হলো সরকারি পাওনা দাবি আদায় আইন, ১৯১৩ অনুযায়ী সরকারি পাওনা আদায়সংক্রান্ত মামলাগুলো পরিচালনায় ইউএনওকে সহযোগিতা করা। কিন্তু অভিযোগ রয়েছে, সরকারি চাকরিবিধি লঙ্ঘন করে আইয়ুব আলী প্রায় দুই দশক একই পদে বহাল ছিলেন। স্থানীয় হওয়ার সুবাদে নির্ধারিত দায়িত্বের বাইরে গিয়ে তিনি ডিও বাণিজ্য ও ঠিকাদারি সিন্ডিকেট গড়ে তোলেন।

অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকারের আমলে তৎকালীন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্যের টিআর, কাবিখা ও কাবিটা প্রকল্পের বরাদ্দ ডিও লেটারের মাধ্যমে কিশোরগঞ্জে নিয়ে আসত এই সিন্ডিকেট। তবে অধিকাংশ ক্ষেত্রেই কাজ না করে স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং একটি চিহ্নিত পেশাজীবী সিন্ডিকেটের মাধ্যমে অর্থ আত্মসাৎ করা হতো। নিম্নমানের কাজ করে ঠিকাদারদের কাছ থেকে লাখ লাখ টাকা ভাগ-বাটোয়ারা এবং বিল উত্তোলনে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগও রয়েছে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা কোষাধ্যক্ষ রাশিদুল ইসলাম ছিলেন এই সিন্ডিকেটের প্রধান সমন্বয়ক। অন্যদিকে প্রধান দুই সহযোগী ছিলেন জাতীয় পার্টির উপজেলা নেতা ও দলটির সাবেক সংসদ সদস্য শওকত চৌধুরীর প্রতিনিধি রেজাউল ইসলাম ফিলিপস এবং ‘ডিও লিতু’ নামে পরিচিত লুৎফর রহমান লুতু। গোয়েন্দা সংস্থাগুলোর কাছে থাকা তথ্য অনুযায়ী, লুতু শুধু কিশোরগঞ্জেই নয়, আইয়ুব আলীকে ব্যবহার করে আওয়ামী লীগ সরকারের আমলে দেশের বিভিন্ন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্যদের কাছ থেকে ডিওর মাধ্যমে টিআর ও কাবিখা প্রকল্পের কাজ বাগিয়ে আনতেন।

একই পদে একই কর্মস্থলে প্রায় দুই দশক চাকরি করা এবং বদলির মাত্র সাত মাসের মাথায় আবারও সেখানে ফিরে আসার বিষয়ে জানতে চাইলে পেশকার আইয়ুব আলী বলেন, ‘আমাকে কেন এতদিন একই উপজেলায় প্রশাসন রেখেছিলেন, সেটা সেই সময়কার ডিসি সাহেবরাই জানেন। আমাকে সাত মাস আগে বদলি করা হয়েছিল সৈয়দপুর উপজেলায়। আবার আমাকে কিশোরগঞ্জ উপজেলায় প্রশাসনই দিয়েছে। সেটা প্রশাসনই জানে।’

তিনি সরকারি দায়িত্বের বাইরে ডিও ও ঠিকাদারি বাণিজ্যের অভিযোগও অস্বীকার করেন।

এ বিষয়ে জানতে চাইলে কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান বলেন, ‘সরকারি কর্মচারীদের বদলির বিষয়টি একটি স্বাভাবিক প্রক্রিয়া।’

নীলফামারীর জেলা প্রশাসক হুমায়ুন কবির বলেন, ‘সরকারি চাকরিবিধি অনুযায়ী কোনো সরকারি কর্মচারীর একই পদে একই স্থানে তিন বছরের বেশি সাধারণ নিয়মে থাকার সুযোগ নেই। আগের প্রশাসন কীভাবে তাকে অনেক বছর রেখেছিলেন, সেটা আমি জানি না। তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো আসলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, সরকারি চাকরিবিধি অনুযায়ী মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ম্যাজিস্ট্রেসি পরিবীক্ষণ অধিশাখার ২০১৫ সালের ৮ জুলাইয়ের ১৯১ নম্বর পরিপত্রে বলা হয়েছে, ‘একই পদে তিন বছরের অধিককাল যাবত নিয়োজিত কর্মচারীকে বাস্তব অবস্থাভেদে অন্যত্র বদলি করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রিজভী: কতো কান্না থামাব, কতো চোখের পানি ফেলবে মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৪ পি.এম


রিজভী: কতো কান্না থামাব, কতো চোখের পানি ফেলবে মানুষ

ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় নিহত কৃষক দল নেতা রাজু মোল্যার (৩৫) জানাজা নামাজে উপস্থিত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন, ‘আর কতো কান্না আমরা থামাব, কতো চোখের পানি আর ফেলবে মানুষ।’

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা সদরের বাসস্ট্যান্ডে রাজু মোল্যার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার আগে প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

এই সময় নিহত রাজুর বাবাকে বুকে জড়িয়ে ধরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে রিজভী বলেন, ‘আপনি ১৪’শ কিশোর-তরুণ, শ্রমিককে হত্যা করার পরও আজকে রাজুকে হত্যা করছে আপনারা লোকেরা। দেখুন রাজুর পিতার কান্না, এ কান্না আজ আকাশে-বাতাসে ধ্বনিত, আল্লাহর আরশ পর্যন্ত। দিল্লীর পদতলে কৃতদাসের মতো বসে থেকে নির্দেশ দিয়ে আপনি বাংলাদেশের মানুষদেরকে হত্যা করছেন-আল্লাহ আপনাকে ক্ষমা করবে না।’

এ সময় তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সতর্ক করে বলেন, ধৈর্যের বাধ কিন্তু একটা পর্যায়ে ভেঙে যায়, ধৈর্যেরও সীমা আছে। আমরা গণতন্ত্রে বিশ্বাসী, তারেক রহমানের সরকার গণতন্ত্রে বিশ্বাসী। আমরা তাদের মতো মহড়া দিয়ে, আগুন দিয়ে, সন্ত্রাস করে রাজনীতি করতে চাই না। আমরা শান্তি, স্বস্তি এবং স্থিতিশীল অবস্থা চাই। সুতরাং যারা অন্যের আশ্রিত, যারা অন্যের অন্ন খায়, যারা কারও আশ্রয়-প্রশ্রয়ে থেকে নিজের দেশে অরাজকতা করে, সন্ত্রাস করে- তাদের অবৈধ কাজ এদেশের মানুষ কখনও মেনে নিবে না।

রুহুল কবির রিজভী আরও বলেন, আমরা শুনি কেউ কলকাতায় ফ্ল্যাট কিনেছেন, দুবাইয়ে স্বর্ণের দোকান দিয়েছেন আবার কেউ ব্যাংককে ব্যবসা পেতেছেন। তারা বিদেশে মহান সুখে আছেন। আর এদেশে টুকাইদের দিয়ে মানুষ হত্যা করছেন। তারা টুকাইদের দিয়ে বোমাবাজি করছেন, পুলিশ বক্সে আগুন দিচ্ছেন, বাস-ট্রাকে অগ্নিসংযোগ করছেন। অফিস আদালতে বোমাবাজি করছেন। প্রকাশ্যে আসছেন না কেন? প্রকাশ্যে আসেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আনসার-ভিডিপির মহাপরিচালক স্বপদে বহাল, চলবে সংস্কার কার্যক্রম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৯ পি.এম


আনসার-ভিডিপির মহাপরিচালক স্বপদে বহাল, চলবে সংস্কার কার্যক্রম

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক হিসেবে মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ স্বপদে বহাল থাকছেন। জনপ্রশাসন মন্ত্রণালয় ১৭ নভেম্বর একটি প্রজ্ঞাপন জারি করে তার বদলি ও নিয়োগসংক্রান্ত পূর্বের আদেশ বাতিল করেছে। এই সিদ্ধান্তের ফলে বাহিনীতে চলমান উন্নয়ন ও সংস্কার কার্যক্রম অব্যাহত রাখার সুযোগ সৃষ্টি হয়েছে।

মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে বাহিনীর আধুনিকায়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সদস্যদের কল্যাণে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছেন। বিশেষ করে, অঙ্গীভূত আনসার সদস্যদের আর্থিক নিরাপত্তা, সুযোগ-সুবিধা ও পেশাগত মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে নেওয়া বিভিন্ন পদক্ষেপ বাহিনীর সদস্যদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

সদস্যদের কল্যাণে নেওয়া উদ্যোগগুলোর মধ্যে রয়েছে দীর্ঘদিনের প্রচলিত রেস্ট প্রথা বাতিল করা, গ্র্যাচুইটি ফান্ডের মাধ্যমে পেনশন সুবিধা চালুর প্রক্রিয়া, বেতন-ভাতা বৃদ্ধি এবং সরাসরি ডিজি কোডে বেতন প্রদানের উদ্যোগ। এছাড়া, মাসিক রেশন বৃদ্ধি, গমের পরিবর্তে সমপরিমাণ আটা প্রদান, বাৎসরিক ছুটি বাড়ানো এবং স্বতন্ত্র আধুনিক পোশাক প্রবর্তন করা হয়েছে। প্রশিক্ষণব্যবস্থা যুগোপযোগী করার উদ্যোগও নেওয়া হয়েছে।

এছাড়া, সদস্যদের পদকের সংখ্যা বৃদ্ধি, তাদের সাহসিকতা ও সাফল্য গণমাধ্যমে তুলে ধরা, জরুরি ঋণ ও চিকিৎসাসহায়তা সম্প্রসারণ এবং সাধারণ ক্ষমার আওতায় চাকরিচ্যুত সদস্যদের পুনর্বহালের উদ্যোগ নেওয়া হয়েছে। নিজ বিভাগ বা জেলায় পদায়নের সুযোগ সৃষ্টি এবং আধুনিক আবাসন সুবিধা নিশ্চিত করতে ‘প্রত্যয় ব্যারাক’ নির্মাণও এসব উদ্যোগের অংশ।

সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, মহাপরিচালকের নেতৃত্বের ধারাবাহিকতা বাহিনীর চলমান সংস্কার ও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে ইতিবাচক ভূমিকা রাখবে। বিশেষ করে, সদস্যদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ, পেশাগত মর্যাদা প্রতিষ্ঠা এবং সাংগঠনিক সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ।

দেশের জননিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা, দুর্যোগ মোকাবেলা এবং শিল্প ও অর্থনৈতিক নিরাপত্তায় আনসার-ভিডিপির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই ভূমিকা আরো কার্যকর করতে বাহিনীকে আধুনিক, দক্ষ ও পেশাদার প্রতিষ্ঠানে রূপান্তরের প্রয়োজনীয়তা রয়েছে।

মহাপরিচালক স্বপদে বহাল থাকায় বাহিনীর সদস্যদের মধ্যে চলমান সংস্কার কার্যক্রম নিয়ে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। সদস্যকল্যাণের পাশাপাশি বাহিনীর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ আরো গতিশীল হবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%