০৫:০৯ পি.এম
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে ‘মাইকোলজি, বায়োটেকনোলজি অ্যান্ড সাসটেইনেবল এনভায়রনমেন্ট’ শীর্ষক একটি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এই সেমিনারের অংশ হিসেবে বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের গবেষণাভিত্তিক প্রজেক্ট পোস্টার প্রেজেন্টেশন প্রদর্শন করা হয়। সোমবার (১২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভবনের ৩৪৪ নম্বর কক্ষে এই প্রেজেন্টেশন ও সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারের সভাপতিত্ব করেন বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি প্রফেসর ড. আবু হেনা মোস্তফা জামাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. ইমতাজ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. ইদ্রিস আলী, রেজিস্ট্রার প্রফেসর ড. আতিকুর রহমান, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. আতিকুর রহমান। অতিথিদের মধ্যে ছিলেন বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. রেজওয়ানুল ইসলামসহ বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চীনের বেইজিং ফরেস্ট্রি ইউনিভার্সিটির স্কুল অব ইকোলজি অ্যান্ড নেচার কনজারভেশনের প্রফেসর ড. হে শুয়াংহুই। সেমিনারের সঞ্চালক ছিলেন বিভাগের প্রফেসর ড. সুধাংশু কুমার বিশ্বাস। রিসোর্স পারসন হিসেবে যুক্ত ছিলেন চাইনিজ একাডেমি অব সায়েন্সেসের (সিএএস) ইনস্টিটিউট অব মাইক্রোবায়োলজির সহযোগী প্রফেসর ড. লিউ শি-লিয়াং।
আরও পড়ুন: শাবিপ্রবির স্থাপত্য বিভাগের শিক্ষার্থীরা আর্কসামিটে সেরা, হারাল ১৬ প্রতিষ্ঠানকে
সেমিনারে আমন্ত্রিত চীনের গবেষকরা তাঁদের গবেষণার কৌশল ও প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা তুলে ধরেন। আলোচনা পর্বে তাঁরা আন্তর্জাতিক অংশীদারত্বের ভিত্তিতে যৌথ গবেষণা পরিচালনার আগ্রহ প্রকাশ করেন। তাঁরা চীনে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের সব ধরনের সহযোগিতার আশ্বস্ত করেন। এছাড়া পোস্টার প্রেজেন্টেশন পর্বে বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা তাঁদের গবেষণার লক্ষ্য, প্রয়োগপদ্ধতি ও প্রাপ্ত ফলাফল পোস্টার আকারে মূল্যায়ন কমিটির সামনে উপস্থাপন করেন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে প্রো-ভিসি ড. এমতাজ হোসেন বলেন, মাইকোলজি, বায়োটেকনোলজি ও টেকসই পরিবেশ সুরক্ষায় আন্তর্জাতিক মানসম্মত গবেষণার সুযোগ বৃদ্ধি এবং শিক্ষার্থীদের উপস্থাপনা দক্ষতা জোরদার করতে এ ধরনের সেমিনারের উদ্যোগ প্রশংসনীয়। এই প্রজেক্ট পোস্টার প্রেজেন্টেশনের মাধ্যমে শিক্ষার্থীরা তাঁদের একাডেমিক গবেষণাকর্ম উপস্থাপন, গবেষণার ফলাফল বিনিময় এবং বৈজ্ঞানিক উপস্থাপনা দক্ষতা প্রদর্শনের সুযোগ পান। একই সঙ্গে মাইকোলজি, বায়োটেকনোলজি ও টেকসই পরিবেশ বিষয়ক গবেষণায় শিক্ষার্থীদের সম্পৃক্ততা বৃদ্ধি, আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা সম্প্রসারণ এবং গবেষণাভিত্তিক শিক্ষার পরিবেশ উন্নয়নে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন