রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৭:১৬ পি.এম
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর জানিয়েছেন, বাংলাদেশি প্রবাসীদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সমাধানের লক্ষ্যে গবেষণা পরিচালনা করা হয়েছে। এই সমস্যাগুলোর মধ্যে রয়েছে ই-পাসপোর্ট জটিলতা, সৌদি আরবে অপহরণ ও নির্যাতন, এবং দালাল চক্রের প্রতারণা। সরকার প্রবাসীদের কর্মসংস্থানের পাশাপাশি তাদের সামগ্রিক কল্যাণ নিশ্চিত করতে অগ্রাধিকার দিচ্ছে।
রবিবার ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে কার্যপ্রণালী-বিধির ৭১ বিধিতে দেওয়া মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে তিনি এসব মন্তব্য করেন। কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মো. মোবাশ্বের আলম ভূঁইয়া ‘সৌদিসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের প্রবাসীদের সমস্যা সমাধান প্রসঙ্গে’ নোটিশটি দেন।
নোটিশে প্রবাসীদের ই-পাসপোর্ট জটিলতা, সৌদি আরবে অপহরণ ও নির্যাতন, দালাল চক্রের প্রতারণা, দক্ষ জনশক্তি তৈরি, গামকা ম্যাডিকেল পরীক্ষায় অনিয়ম, বিএমইটির দুর্নীতি, অবৈধ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা, অতিরিক্ত অভিবাসন ব্যয়, দূতাবাস থেকে সরাসরি সহায়তা এবং অসুস্থ ও মৃত প্রবাসীদের সরকারি সহায়তাসহ ১০টি বিষয়ে পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।
প্রতিমন্ত্রী নুর জানান, প্রকৃত অর্থে প্রবাসীদের সমস্যাগুলো চিহ্নিত করার জন্য তাকে গবেষণা করতে হয়েছে। তিনি বলেন, "প্রবাসীদের সমস্যাগুলো অস্বীকার করার সুযোগ নেই।" সরকার প্রবাসীদের কর্মসংস্থানের পাশাপাশি তাদের সামগ্রিক কল্যাণ নিশ্চিত করতে গুরুত্ব দিচ্ছে।
প্রতিমন্ত্রী নুর আরও বলেন, "যেহেতু প্রধানমন্ত্রী বিশেষ করে নির্বাচনী প্রতিশ্রুতি রয়েছে, প্রবাসীদের জন্য কর্মসংস্থানের বিষয়টিকে গুরুত্ব দিয়ে আমরা কর্মসংস্থানের পাশাপাশি তাদের সামগ্রিক কল্যাণ নিশ্চিত করা— এই বিষয়টি আমাদের একটি বড় অগ্রাধিকার।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্র ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের সমাপ্তিতে নতুন কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করেছে, যা দীর্ঘ সাড়ে চার বছর ধরে চলমান। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মস্কোয় বৈঠক করার পর রবিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তার জামাতা জ্যারেড কুশনার কিয়েভে পৌঁছেছেন।
মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে রবিবার তাদের কিয়েভ সফরের খবর নিশ্চিত করা হয়েছে।শনিবার মস্কোয় পুতিনের সঙ্গে বৈঠকে যুদ্ধের অবসানের লক্ষ্যে পরবর্তী পদক্ষেপের জন্য ‘গুরুত্বপূর্ণ পরিকল্পনা’ নিয়ে আলোচনা করেন দুই মার্কিন দূত। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, পুতিনের সঙ্গে আলোচনা শেষে ইউক্রেনে ‘সমানভাবে ফলপ্রসূ বৈঠক’ অনুষ্ঠিত হবে বলে তারা আশা করছেন।ব্রিটিশ সংবাদ মাধ্যমজানাচ্ছে, তবে ওই পরিকল্পনার বিস্তারিত বিষয় এখনও স্পষ্ট নয়।
হোয়াইট হাউস জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে এ বিষয়ে একটি ঘোষণা আসতে পারে। এর মাধ্যমে ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন মধ্যস্থতার প্রচেষ্টা আরও জোরদার হচ্ছে।এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ আলোচকদের জন্য এটি কিয়েভে প্রথম সফর। ট্রাম্প প্রশাসন যুদ্ধ দ্রুত শেষ করার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসার পর রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সমঝোতা প্রতিষ্ঠায় কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে।
যুদ্ধের উত্তেজনার মধ্যে রাশিয়া ও ইউক্রেনের প্রেসিডেন্টরা নিজেদের রাজধানীতে হামলা তিন দিনের জন্য বন্ধ রাখার বিষয়ে সম্মত হয়েছেন। মস্কো ও কিয়েভের মধ্যে পারস্পরিক হামলা সাময়িকভাবে বন্ধের এই সিদ্ধান্ত শান্তি আলোচনায় নতুন সম্ভাবনা তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে।তবে যুদ্ধের অন্যান্য ফ্রন্টে সংঘাত অব্যাহত রয়েছে। দীর্ঘদিনের এই যুদ্ধের সমাপ্তিতে ভূখণ্ড, নিরাপত্তার নিশ্চয়তা এবং ভবিষ্যৎ নিরাপত্তা কাঠামোসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে দুই পক্ষের মধ্যে মতপার্থক্য এখনো বড় বাধা হয়ে রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শেরপুর, ৬ সেপ্টেম্বর ২০২৬ : জেলায় কৃষকরা নিয়ম অনুযায়ী ও যথাসময়ে প্রয়োজনীয় সার পাচ্ছেন কি না- তা আজ প্রশাসনের পক্ষ থেকে সরেজমিন মনিটরিং ও পরিদর্শন করা হয়েছে।
আজ রোববার দুপুরে শেরপুর সদর উপজেলার বিভিন্ন অনুমোদিত সার ডিলার প্রতিষ্ঠান পরিদর্শন করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।
এ সময় জেলা প্রশাসক সার বিতরণ ও সরবরাহ পরিস্থিতি নিয়ে ডিলার সহ সংশ্লিষ্টদের সাথে কথা বলেন। পাশাপাশি তিনি ডিলারদের গুদাম সরেজমিনে পরিদর্শন করে সার মজুত ও বিতরণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
এ সময় জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সাখাওয়াত হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. নিজাম উদ্দীন সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দেশে নতুন করে ১৩টি সরকারি স্কুল ও কলেজে এইচএসসি (ভোকেশনাল) শিক্ষাক্রম চালুর অনুমোদন দেওয়া হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর) কারিগরি শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ‘১০০টি উপজেলায় ১টি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ (টিএসসি) স্থাপন (২য় সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের আওতায় নতুন চালুকৃত ১৩টি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে এইচএসসি (ভোকেশনাল) শিক্ষাক্রমে প্রতিষ্ঠানের নামের পার্শ্বে বর্ণিত ট্রেডে শিক্ষা কার্যক্রম চালু করার অনুমতি প্রদান করা হলো।
নথিতে উল্লিখিত ১৩টি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের নাম নিচে দেওয়া হলো—
১. তানোর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, রাজশাহী
২. দীঘিনালা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, খাগড়াছড়ি
৩. তেঁতুলিয়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, পঞ্চগড়
৪. হরিপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, ঠাকুরগাঁও
৫. দোয়ারাবাজার সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, সুনামগঞ্জ
৬. দুপচাঁচিয়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, বগুড়া
৭. সাঘাটা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, গাইবান্ধা
৮. ইটনা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, কিশোরগঞ্জ
৯. বটিয়াঘাটা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, খুলনা
১০. সিংড়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, নাটোর
১১. মোহাম্মদপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, মাগুরা
১২. শৈলকূপা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, ঝিনাইদহ
১৩. হরিরামপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, মানিকগঞ্জ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৪ কেজি সোনা চোরাচালানের ঘটনায় করা মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল হেলপার সোয়েব কাজী সজিবকে ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
রবিবার (৬ সেপ্টেম্বর) শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের আদালত এই আদেশ দেন।
এর আগে আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও বিমানবন্দর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) শরীফ হোসেন।
আবেদনে উল্লেখ করা হয়, আসামি একটি আন্তর্জাতিক সোনা চোরাচালান চক্রের সক্রিয় সদস্য এবং তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিদেশ থেকে চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে আসছেন। ঘটনার মূল হোতা এবং তার সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তার করার জন্য তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন।
অপরদিকে, সজিবের পক্ষের আইনজীবী মো. শহিদুল ইসলাম রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন।
রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ৫ সেপ্টেম্বর দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালানো হয়। নিরাপত্তাকর্মীদের উপস্থিতি টের পেয়ে বিমানের কেবিনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা সজিব তার শরীরে লুকানো সোনার বার দৌড়ে গিয়ে কেবিনে ফেলে দেয়।
তার ফেলে দেওয়া প্যাকেট উদ্ধার করে দেখা যায়, এতে কাপড়ে মোড়ানো অবস্থায় ১২০টি সোনার বার রাখা হয়েছে। উদ্ধার করা ১২০টি বার পরীক্ষা করে দেখা যায়, তাতে মোট ১৩৯৯২ গ্রাম (প্রায় ১৪ কেজি) ২৪ ক্যারেটের সোনা রয়েছে। এর আনুমানিক বাজারমূল্য ২৫ কোটি ২০ লাখ টাকা। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ