০৬:৫১ পি.এম
গত তিন দিনের টানা বৃষ্টির ফলে মানিকগঞ্জের বিভিন্ন এলাকার ইটভাটায় ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। বৃষ্টির পানিতে ভাটার মাঠে শুকানোর জন্য রাখা বিপুল পরিমাণ কাঁচা ইট নষ্ট হয়ে গেছে। সংশ্লিষ্ট মালিকদের দাবি, এতে প্রতিটি ইটভাটায় আনুমানিক ২৫ থেকে ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। পাশাপাশি, ইট তৈরির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ায় চলতি মৌসুমে উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে জেলার ইটভাটা মালিকরা দুশ্চিন্তায় পড়েছেন।
ইটভাটা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইট তৈরির মৌসুমে মাটি দিয়ে কাঁচা ইট তৈরি করে ভাটার মাঠে শুকানোর জন্য রাখা হয়। পর্যাপ্ত রোদে শুকানোর পর এসব ইট চুল্লিতে পোড়ানোর উপযোগী হয়। তবে গত কয়েক দিনের টানা বৃষ্টিতে মাঠে রাখা কাঁচা ইট ভিজে নরম হয়ে গেছে। অনেক ইট ভেঙে মাটির সঙ্গে মিশে গেছে। ফলে নতুন করে ইট তৈরি করতে অতিরিক্ত শ্রম ও অর্থ ব্যয়ের প্রয়োজন হচ্ছে।
ইটভাটা মালিকদের অভিযোগ, বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট হওয়ার পাশাপাশি শ্রমিকদের কাজেও বিঘ্ন ঘটেছে। অনেক ভাটায় উৎপাদন বন্ধ রাখতে হয়েছে, আবার কোথাও সীমিত পরিসরে কাজ চলছে। এতে উৎপাদন কমছে, অন্যদিকে শ্রমিকের মজুরি ও ভাটার পরিচালন ব্যয় বহন করতে হচ্ছে। যদি বৃষ্টির ধারা অব্যাহত থাকে, তবে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।
আরও পড়ুন: মালিকপক্ষ প্রস্তাব না দিলে পরবর্তী পদক্ষেপ নেবে নিম্নতম মজুরি বোর্ড
মানিকগঞ্জ সদর উপজেলার ইটভাটার মালিক মো. লাবলু মিয়া জানান, গত কয়েক দিনের বৃষ্টিতে প্রতিটি ইটভাটার মালিকের প্রায় ২৫ থেকে ৩০ লাখ টাকার কাঁচা ইট নষ্ট হয়েছে। ফলে মালিকরা বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন।
জানা গেছে, মানিকগঞ্জ জেলায় সরকারি হিসাব অনুযায়ী ১২৫টি ইটভাটা রয়েছে। এর মধ্যে প্রায় ১০০টি ইটভাটা চলতি মৌসুমে উৎপাদনে গেছে। মৌসুমের শুরুতেই টানা বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট হওয়ায় এসব ভাটার মালিকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
মালিকরা জানান, ইট তৈরির জন্য মাটি সংগ্রহ, শ্রমিকের মজুরি, পরিবহনসহ বিভিন্ন খাতে আগেই বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করতে হয়। কিন্তু বৃষ্টিতে তৈরি করা ইট নষ্ট হওয়ায় সেই বিনিয়োগের একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। নতুন করে ইট তৈরি করতে হলে বাড়তি সময় ও অর্থ ব্যয় করতে হবে। এতে চলতি মৌসুমে উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণ করা কঠিন হয়ে পড়তে পারে।
এদিকে, ইটভাটায় উৎপাদন ব্যাহত হলে নির্মাণসামগ্রীর সরবরাহেও প্রভাব পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে নির্মাণকাজের মৌসুমে ইটের সরবরাহ কমে গেলে বাজারে এর প্রভাব পড়তে পারে।
আরও পড়ুন: কুষ্টিয়া জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা, সভাপতি নিশাত ও সম্পাদক জামির নির্বাচিত
ক্ষতিগ্রস্ত ইটভাটা মালিকরা বলছেন, আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত উৎপাদন কার্যক্রম পুরোপুরি সচল করা সম্ভব নয়। বৃষ্টি থামার পর ভাটার মাঠ পরিষ্কার ও প্রস্তুত করে নতুন করে কাঁচা ইট তৈরি করতে হবে। এতে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক হতে আরও সময় লাগবে।
তবে টানা বৃষ্টিতে জেলার ঠিক কতটি ইটভাটা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মোট আর্থিক ক্ষতির পরিমাণ কত, তা তাৎক্ষণিকভাবে নির্দিষ্ট করে জানা যায়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন