ঢাকা সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬ইং ১৭ই কার্তিক, ১৪৩২বাং

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি


সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি

সাতক্ষীরা, ১ নভেম্বর, ২০২৬ : আজ সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) -এর বিশেষ অভিযান চলাকালে ভারতীয় শাড়ি, বোরকা, ওষুধ, মোবাইল ফোনের যন্ত্রাংশ এবং মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

রোববার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার ভোমরা, কাঁকডাঙ্গা এবং মাদরা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত এলাকা থেকে এই মালামালগুলো জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানানো হয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির বিশেষ অভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার দক্ষীদাড়ি শ্মশানঘাট এলাকা থেকে ভারতীয় শাড়ি জব্দ করে। একইভাবে, কাঁকডাঙ্গা বিওপির বিশেষ অভিযানিক দল কলারোয়া উপজেলার কেড়াগাছি এলাকা থেকে ভারতীয় বোরকা এবং মাদরা বিওপির বিশেষ অভিযানিক দল একই উপজেলার ভাদিয়ালি এলাকা থেকে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ উদ্ধার করে।

আরও পড়ুন: নোয়াখালীতে ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট গ্যাসের মজুদ, উত্তোলন ২০ বছর চলবে

এছাড়া, কাঁকডাঙ্গা বিওপির বিশেষ অভিযানিক দল কলারোয়া উপজেলার আয়সার মোড় এলাকা থেকে ১০ পিস ভারতীয় ইয়াবা সহ সাব্বির নামের এক কিশোরকে আটক করে। বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত ভারতীয় মালামালের মোট বাজার মূল্য আনুমানিক দুইলাখ ৪২ হাজার টাকা।

আটককৃত কিশোর সাব্বির কলারোয়া উপজেলার পশ্চিমবাকসা গ্রামের মো. মাবুবারের ছেলে।

বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে। এছাড়া, জব্দকৃত মাদকদ্রব্য পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করে বিজিবি ষ্টোরে জমা রাখা হয়েছে।

আরও পড়ুন: বগুড়ায় চারমাথা-কামারগাড়ী মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণে মতবিনিময়সভা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নির্মল বায়ু ও জনস্বাস্থ্য সুরক্ষায় বিজ্ঞানভিত্তিক নীতির ওপর গুরুত্ব দেন পরিবেশ প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪৯ পি.এম


নির্মল বায়ু ও জনস্বাস্থ্য সুরক্ষায় বিজ্ঞানভিত্তিক নীতির ওপর গুরুত্ব দেন পরিবেশ প্রতিমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম নির্মল বায়ু ও জনস্বাস্থ্য সুরক্ষায় বিজ্ঞানভিত্তিক নীতি প্রণয়ন এবং সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি উল্লেখ করেছেন, ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূষণ কমানোর লক্ষ্যে গবেষণালব্ধ তথ্যকে নীতিনির্ধারণ ও বাস্তবায়নের প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করা প্রয়োজন।

রোববার (১ নভেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘ব্ল্যাক কার্বন ও অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূষক’ শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, এ লক্ষ্য অর্জনের জন্য সরকারি প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, গবেষণা সংস্থা ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের মধ্যে কার্যকর সমন্বয় ও সহযোগিতা বাড়ানো অত্যন্ত জরুরি। বিজ্ঞানভিত্তিক গবেষণা ও তথ্যের সঠিক ব্যবহার দূষণ নিয়ন্ত্রণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম।

সংলাপে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আবদুল আউয়াল এবং বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালামের সভাপতিত্বে সংলাপে স্টকহোম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওরিয়ান গুস্তাফসনসহ বিভিন্ন পর্যায়ের নীতিনির্ধারক, বিজ্ঞানী, শিক্ষক, গবেষক ও আন্তর্জাতিক বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, মোট মৃতের সংখ্যা ৪২৭

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪৯ পি.এম


ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, মোট মৃতের সংখ্যা ৪২৭

ঢাকা, ১ নভেম্বর, ২০২৬ : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে, সারা দেশে নতুন রোগী ভর্তি হয়েছেন ১ হাজার ৯২৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৮৩১ জন, ময়মনসিংহ বিভাগে ৯২ জন, চট্টগ্রাম বিভাগে ২৫৭ জন, খুলনা বিভাগে ২৫৯ জন, রাজশাহী বিভাগে ১৮৫ জন, রংপুর বিভাগে ৭৩ জন, বরিশাল বিভাগে ২১৩ জন এবং সিলেট বিভাগে ১৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ বছরের চলতি সময়ে, আটজনের মৃত্যুর পর মোট ৪২৭ জন ডেঙ্গুতে মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯২৯ জন হাসপাতালে ভর্তি হওয়ার পর, ১ নভেম্বর পর্যন্ত দেশে মোট ১ লাখ ৩৬ হাজার ৯২৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এখন পর্যন্ত, চলতি বছরে মোট ১ লাখ ৩০ হাজার ৩৮৮ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালগুলোতে ৬ হাজার ১১৪ জন রোগী ভর্তি আছেন।

২০২৫ সালে দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি বাস্তবায়নে মন্ত্রিসভা কমিটির সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৫০ পি.এম


সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি বাস্তবায়নে মন্ত্রিসভা কমিটির সভা অনুষ্ঠিত

ঢাকা, ১ নভেম্বর, ২০২৬ : সরকারি চাকরিতে স্বচ্ছতা, জবাবদিহিতা, কার্যকারিতা ও গতিশীলতা নিশ্চিতকরণের মাধ্যমে জনসেবা আরও বেগবান করার লক্ষ্যে ‘সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি (গভর্নমেন্ট পারফরম্যান্স মনিটরিং সিস্টেম (জিপিএমএস)’ বাস্তবায়নের উদ্দেশ্যে গঠিত মন্ত্রিসভা কমিটির সভা আজ সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

আজ স্বরাষ্ট্রমন্ত্রণালয় প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সভায় সভাপতিত্ব করেন মন্ত্রিসভা কমিটির সভাপতি এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সভায় কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ এবং জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

এছাড়া সভায় অংশগ্রহণ করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীসহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব ও সচিবগণ।

সভায় সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি (জিপিএমএস) বাস্তবায়নের সার্বিক অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে বিস্তৃত আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনার পর বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগসমূহের ২০২৬-২০২৭ অর্থবছরের সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি পর্যালোচনা করা হয়।

একইসাথে বিগত ২০২৫-২০২৬ অর্থবছরে বাস্তবায়িত (জিপিএমএস) এর সার্বিক মূল্যায়ন প্রতিবেদনও পর্যালোচনা করা হয়। পাশাপাশি সরকারি দপ্তরগুলোতে সুশাসন প্রতিষ্ঠা, সরকারের পলিসি অনুযায়ী সময়াবদ্ধ পরিকল্পনা প্রণয়ন এবং অর্পিত লক্ষ্যমাত্রা অর্জনে কার্যকর মনিটরিং ও মূল্যায়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

সভায় সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি (জিপিএমএস) সহজীকরণ ও মধ্যমেয়াদী বাজেট কাঠামো (এমটিবিএফ) সংক্রান্ত অন্যান্য বিষয়ে পরামর্শ প্রদানের জন্য মন্ত্রিপরিষদ সচিবকে প্রধান করে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

এটি উল্লেখযোগ্য যে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ২০ ধারা এবং সচিবালয় নির্দেশমালা, ২০২৪-এর ২৫৫ নং নির্দেশনার আলোকে সরকারি অফিসসমূহে কর্মসম্পাদন ব্যবস্থাপনা সুদৃঢ় করার উদ্দেশ্যে (জিপিএমএস) প্রবর্তন করা হয়েছে। বর্তমানে ৫২টি মন্ত্রণালয় ও বিভাগ, ৩৮৬টি দপ্তর ও সংস্থাসহ বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের মাঠপ্রশাসনে (জিপিএমএস) এর কার্যক্রম সফলভাবে চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গার্মেন্টস শিল্পের চলমান অস্থিরতা খুবই উদ্বেগজনক: জামায়াত আমির

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৫১ পি.এম


গার্মেন্টস শিল্পের চলমান অস্থিরতা খুবই উদ্বেগজনক: জামায়াত আমির

দেশের প্রধান রপ্তানি খাত হিসেবে পরিচিত তৈরি পোশাক (গার্মেন্টস) শিল্পে চলমান অস্থিরতাকে অত্যন্ত উদ্বেগজনক হিসেবে চিহ্নিত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন দ্রুত টেকসই পদক্ষেপ গ্রহণ করে এই খাতের মালিক ও শ্রমিক—দুই পক্ষকেই রক্ষা করা সম্ভব হয়। তিনি সতর্ক করে বলেছেন, এ ক্ষেত্রে কোনো ব্যর্থতা দেশের দুর্বল অর্থনীতিকে চূড়ান্ত ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে।

রোববার জামায়াত আমির তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি বিবৃতি প্রকাশ করে এই উদ্বেগের কথা জানান।

ডা. শফিকুর রহমান বলেন, "দেশের প্রধান রপ্তানি খাত গার্মেন্টস শিল্প বর্তমানে অত্যন্ত কঠিন পরিস্থিতির সম্মুখীন।" তিনি উল্লেখ করেন, সরকারের বিদ্যুৎ সরবরাহে ব্যর্থতা, জ্বালানির উচ্চ মূল্য, উৎপাদন খরচের অস্বাভাবিক বৃদ্ধি, বিশ্ববাজারের অনিশ্চয়তা এবং নতুন ক্রয়াদেশের হ্রাস বা বাতিলের কারণে এই খাত গভীর সংকটে রয়েছে।

তিনি শ্রমিকদের দুরবস্থার চিত্র তুলে ধরে বলেন, "বাড়িভাড়া, নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন দাম, যাতায়াত এবং চিকিৎসা খরচের বাড়তি বোঝায় সাধারণ শ্রমিক-কর্মচারীদের দৈনন্দিন জীবনও আজ চরম সংকটের মুখোমুখি।"

সংকটের সমাধানে সরকারের দায়িত্ব স্মরণ করিয়ে দিয়ে জামায়াত আমির বলেন, "প্রধান এই রপ্তানি খাতকে টিকিয়ে রাখতে হলে খাতটি যেসব সমস্যায় জর্জরিত, তা দূর করতে সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে।" তিনি আরও বলেন, "যদি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা যায় এবং উৎপাদনের গতি স্বাভাবিক রাখা সম্ভব হয়, তবে সংশ্লিষ্ট সকল সমস্যা যৌক্তিকভাবে সমাধান করা সম্ভব হবে।"

তিনি বলেন, "শিল্প বাঁচলে শুধু মালিক বাঁচবে না, দেশও বাঁচবে। তাই শিল্প উদ্যোক্তা এবং এ শিল্পে নিয়োজিত বিপুল জনশক্তি—দুটোকেই রক্ষার জন্য সরকারকে দায়িত্বশীল ও অভিভাবকসুলভ ভূমিকা পালন করতে হবে।"

বিদ্যমান পরিস্থিতিতে সকল পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে তিনি বলেন, "মালিক, শ্রমিক ও প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল আচরণ করতে হবে।" তিনি উল্লেখ করেন, "এ মুহূর্তে কালক্ষেপণের কোনো সুযোগ নেই।" তিনি সতর্ক করে বলেন, "যদি কালক্ষেপণ বা অবহেলা করা হয়, তবে দেশের সামগ্রিক দুর্বল অর্থনীতি গভীর সংকটে নিমজ্জিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:১৯
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%