০২:৩০ পি.এম
ওসমান হাদি হত্যার বিচারসহ তিন দফা দাবি আদায়ের উদ্দেশ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচিতে অংশগ্রহণ করেন ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের। এই সময় তিনি হাদি হত্যার বিচার দাবি করার পাশাপাশি আগামী ১৮ ডিসেম্বর শাহবাগে মহাসমাবেশের আয়োজনের ঘোষণা দেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি কাটা পাহাড় সড়ক হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন আব্দুল্লাহ আল জাবের। তিনি উপস্থিত শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং কর্মসূচির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
ইনকিলাব মঞ্চ কর্তৃক ঘোষিত তিন দফা দাবির মধ্যে রয়েছে ওসমান হাদি হত্যার বিচার, গণভোটের গণরায় বাস্তবায়ন এবং শাপলা, পিলখানা ও জুলাই গণহত্যার বিচার।
আরও পড়ুন: ওয়েল্ডিং মেশিনের আড়ালে দেশে আনা ১১৪ বিদেশি বন্যপ্রাণী, আটক ১
সমাবেশে আব্দুল্লাহ আল জাবের বলেন, ওসমান হাদি শহীদ হয়েছেন নিজের শত্রুতার কারণে নয়। তার সঙ্গে জমি নিয়ে কোনো বিরোধ ছিল না এবং ব্যক্তিগত কোনো মামলা ছিল না। তিনি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে কথা বলে শহীদ হয়েছেন। তার হত্যার বিচার করা বাংলাদেশ রাষ্ট্রের ওপর ফরজ।
তিনি আরও বলেন, এই বিচারের মাধ্যমে ওসমান হাদি কিছুই পাবেন না, কিন্তু বাংলাদেশ একটি ইনসাফের দৃষ্টান্ত স্থাপন করবে। একজন নাগরিক হিসেবে তার সঙ্গে ঘটে যাওয়া জুলুমের বিচার পাবেন। আমরা চাই, বাংলাদেশের কৃষক, ভ্যানচালক, রিকশাচালক, শ্রমিক, যেই হোন না কেন, তার সঙ্গে ঘটে যাওয়া জুলুমের বিচার তিনি বাংলাদেশের নাগরিক হওয়ার সুবাদে পাবেন। সেখানে রাজনৈতিক বা সামাজিক প্রভাব মুখ্য বিষয় হবে না।
বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ভারতে আটক ওসমান হাদির দুই হত্যাকারীকে দ্রুত বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনতে হবে। পাশাপাশি আগামী ১৮ ডিসেম্বর শাহবাগে ইনকিলাব মঞ্চের উদ্যোগে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে বলেও ঘোষণা দেন তিনি।
এদিকে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা ‘বিচার বিচার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই’, ‘ওসমান হাদি, বাংলাদেশের আজাদী’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘গণভোটের গণরায়, মেনে নিতে কিসের ভয়?’, ‘মজিদবাদ মুজিববাদ, মুর্দাবাদ মুর্দাবাদ’, ‘আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না’ এবং ‘খুনি লীগের ঠিকানা, এই বাংলায় হবে না’সহ বিভিন্ন স্লোগান দেন।
আরও পড়ুন: শিশুর অধিকার নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজের আহ্বান ডেপুটি স্পিকারের
উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি গত ৬ অক্টোবর বাংলাবান্ধা থেকে শুরু হয়। দেশের বিভিন্ন স্থানে কর্মসূচি পালনের পর এটি টেকনাফে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন