১১:৩৪ পি.এম
বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান অবশেষে তার দীর্ঘদিনের বান্ধবী গৌরী স্প্র্যাটের সঙ্গে নতুন জীবনে পা রেখেছেন। গত রবিবার (৫ জুলাই) মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বাসভবনে অত্যন্ত ঘরোয়া পরিবেশে আইনি প্রক্রিয়ায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এই অভিনেতা।
আমিরের এই নতুন ইনিংস শুরুর পর পরই সামাজিক যোগাযোগমাধ্যমে দারুণ ভাইরাল হয়ে উঠেছে বলিউড ভাইজান সালমান খানের পুরোনো একটি মজার মন্তব্য। এক শোতে আমির খানকে নিয়ে সালমানের করা সেই রসাত্মক মন্তব্যটিই এখন বলিপাড়ার প্রধান রসদ।
জনপ্রিয় কমেডি অনুষ্ঠান ‘দ্য কপিল শর্মা শো’-তে হাজির হয়ে সালমান খান আমিরের বিয়ে নিয়ে এই মজাদার মন্তব্যটি করেছিলেন। অনুষ্ঠানের সঞ্চালক কপিল শর্মা রসিকতা করে সালমানকে বলেছিলেন, আমির স্যার তো সবাইকে তার প্রেমিকার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন, অথচ সালমান তার চেয়ে ছয় মাসের ছোট হয়েও বিয়ের পিঁড়িতে বসছেন না। কপিলের এমন প্রশ্নের জবাবে স্বভাবসুলভ হাসিতে সালমান উত্তর দেন, আমিরের ব্যাপারটা একেবারেই আলাদা। পুরো পৃথিবী জানে ও কতটা খুঁতখুঁতে এবং পারফেকশনিস্ট। আমির যতক্ষণ না বিয়ে নামক বিষয়টিকে একদম নিখুঁত ও পারফেক্ট করতে পারবে, ততক্ষণ ও একের পর এক বিয়ে করতেই থাকবে।
আরও পড়ুন: জঙ্গিবাদ ও উগ্রবাদের স্থান নেই: বিএনপির এমপি শাহজাহান
সালমানের সেই মজার ‘ভবিষ্যদ্বাণী’ যেন সত্যি হলো এই রবিবারে। আমিরের এই অন্তরঙ্গ বিয়েতে উপস্থিত ছিলেন তার আগের দুই সংসারের তিন সন্তান— জুনায়েদ খান, ইরা খান ও আজাদ রাও খান। এ ছাড়া জামাতা নূপুর শিখরে ও আমিরের মা-সহ দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্য ও বন্ধুরা এই আনন্দের মুহূর্তে শামিল হন। চলচ্চিত্র নির্মাতা আশুতোষ গোয়ারিকর, ক্রিকেটার ইরফান পাঠান এবং রাজনীতিবিদ রাজ ঠাকরের মতো ব্যক্তিত্বরাও নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে আমিরের বাড়িতে হাজির হয়েছিলেন।
উল্লেখ্য, গত বছর নিজের ৬০তম জন্মদিনে প্রথমবার গৌরীর সঙ্গে সবাইকে পরিচয় করিয়ে দিয়েছিলেন আমির খান। সে সময় তিনি জানিয়েছিলেন, গৌরীর সঙ্গে তার ২৫ বছরেরও বেশি সময়ের চেনা-জানা থাকলেও অলক্ষ্যে জমে থাকা সেই বন্ধুত্ব সম্প্রতি এক নিবিড় ভালোবাসায় রূপ নেয়, যা অবশেষে বিয়ে পর্যন্ত গড়াল।
সূত্র: এনডিটিভি
আরও পড়ুন: পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থি: ছাত্রশিবির
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন