০৭:০৮ পি.এম
মার্কিন র্যাপার ম্যাকলমোর আবারও ফিলিস্তিনের প্রতি তার সমর্থন স্পষ্ট করেছেন। গিলেট স্টেডিয়ামে তার সাম্প্রতিক পরিবেশনার একটি ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি প্রকাশ করেছেন। সেখানে দেখা যাচ্ছে, তার পরনে ‘হিন্দ রাজাব’ লেখা ৫ নম্বর জার্সি রয়েছে। দর্শকদের সামনে হাজারো মোবাইলের আলো জ্বালিয়ে দাঁড়িয়ে থাকা দৃশ্যটি আবেগঘন পরিবেশ তৈরি করেছে।
ম্যাকলমোর পোস্টের সঙ্গে লিখেছেন, “একজন শিল্পীর দায়িত্ব, আমার দৃষ্টিতে, সময়কে প্রতিফলিত করা।” এই বক্তব্যের সঙ্গে তিনি সংগীতশিল্পী নিনা সিমোনের নাম উল্লেখ করেছেন। পোস্টে লাল হৃদয়, ঝলমলে আলো এবং ফিলিস্তিনের পতাকার প্রতীকও ব্যবহার করেছেন তিনি।
‘হিন্দ রাজাব’ নামটি ফিলিস্তিনের পাঁচ বছর বয়সী শিশু হিন্দ রাজাবকে স্মরণ করে ব্যবহৃত হচ্ছে। ২০২৪ সালে গাজায় নিহত এই শিশুর নামেই ম্যাকলমোর তার প্রতিবাদী গান ‘হিন্দস হল’-এর মাধ্যমে ফিলিস্তিনের পক্ষে নিজের অবস্থান তুলে ধরেছিলেন।
আরও পড়ুন: ‘রেহনা হ্যায় তেরে দিল মে’র ২৫ বছর পূর্তি উপলক্ষে মাধবান ও দিয়া মির্জার স্মৃতিচারণ
ফিলিস্তিন ইস্যুতে ম্যাকলমোরের অবস্থান নতুন নয়। এর আগে বিভিন্ন মঞ্চ ও সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি গাজায় চলমান পরিস্থিতি নিয়ে কথা বলেছেন এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়েছেন। এ কারণে সংগীতাঙ্গনে তাকে ঘিরে বিতর্কও তৈরি হয়েছে।
তবে সমালোচনা সত্ত্বেও ম্যাকলমোর নিজের অবস্থান থেকে সরে আসেননি। বরং ‘হিন্দ রাজাব’ লেখা জার্সি পরে মঞ্চে ওঠার মাধ্যমে তিনি আবারও বোঝালেন, তার কাছে সংগীত শুধুমাত্র বিনোদনের মাধ্যম নয়, বরং মানবিক বার্তা ও প্রতিবাদের ভাষাও।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন