০২:২৭ পি.এম
দোকানের বেচাকেনা শেষ করে স্বামী পরিমল মিস্ত্রী ও স্ত্রী স্বরস্বতী ছোট্ট বসতঘরে ঘুমিয়ে পড়েছিলেন। গভীর রাতে হঠাৎ করে স্বরস্বতীর বাম হাতে এসে পড়ে একটি জ্বলন্ত কুণ্ডলি। চমকে উঠে তিনি দেখেন, দোকানে আগুন লেগেছে। মুহূর্তেই স্বামী ও ছেলেকে ডাকেন তিনি। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই আগুন ছড়িয়ে পড়ে পুরো দোকান ও বসতঘরে। প্রাণ বাঁচাতে এক কাপড়েই ঘর থেকে বেরিয়ে আসেন পরিবারের সদস্যরা। তাঁদের সাজানো সংসার, দোকানের মালামাল, আসবাবপত্র, সারাজীবনের সঞ্চয়—সবকিছুই পুড়ে ছাই হয়ে যায়। এক রাতের আগুনে শুধু ঘরবাড়ি ও দোকান নয়, একটি পরিবারের বেঁচে থাকার স্বপ্নও পুড়ে গেছে।
গত ১৬ নভেম্বর মধ্যরাতে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়নের রুদ্রপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে চা দোকানি পরিমল মিস্ত্রীর পরিবার সব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। ওই অগ্নিকাণ্ডে বাজারের ১৮টি দোকান, দুটি বসতঘর ও একটি মন্দির সম্পূর্ণ পুড়ে ভস্মীভূত হয়। ব্যবসাপ্রতিষ্ঠানের সর্বস্ব হারানোর পাশাপাশি মাথা গোঁজার শেষ আশ্রয়টুকুও হারিয়েছেন পরিমল। যে দোকানের আয় দিয়ে তাঁর চার সদস্যের সংসার চলত, সেই দোকান ও বসতঘর এখন শুধুই পোড়া ছাইয়ের স্তূপ।
পরিমল মিস্ত্রী একজন অ্যাজমা রোগী। চায়ের দোকানে চা, পান ও সিগারেট বিক্রি করেই তাঁর সংসার চলত, নিজের ওষুধ ও ইনহেলারের খরচ এবং সন্তানদের পড়াশোনা। তাঁর দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। বড় মেয়েকে নার্সিং পড়িয়ে বিয়ে দিয়েছেন, তবে চাকরি হয়নি তাঁর। ছোট মেয়েকে বর্তমানে বেসরকারিভাবে নার্সিং পড়াচ্ছেন। ছেলে বাজারের একটি ইলেকট্রনিকস দোকানে কাজ করার পাশাপাশি কলেজে পড়াশোনা করছে। পরিমল জানান, ব্যাংকে তাঁর কোনো সঞ্চয় নেই। দোকানের প্রতিদিনের বিক্রির লাভ থেকে অল্প অল্প করে টাকা জমাতেন একটি বড় টিনের কৌটায়। রাবার দিয়ে বেঁধে সেই কৌটার মধ্যেই রাখতেন সঞ্চিত টাকা। কয়েক দিন আগে একটি এনজিও থেকে ঋণ নিয়েও সেই টাকা কৌটায় রেখেছিলেন। সব মিলিয়ে সেখানে প্রায় ৮০ হাজার টাকা ছিল। মেয়ের নার্সিং পরীক্ষার ফি, হোস্টেল খরচ এবং দোকানে নতুন মালামাল কেনার পরিকল্পনা ছিল সেই টাকা দিয়ে। কিন্তু আগুনে পুড়ে ছাই হয়ে গেছে তাঁর সব সঞ্চয়।
আরও পড়ুন: চাঁদপুরে দীপু মনি ও সুজিত রায় নন্দীর বাড়িতে আগুন
এখনো পোড়া টাকার বান্ডিলভর্তি সেই কৌটাটি বুকে জড়িয়ে ধরে কাঁদেন পরিমল। বাজারে কেউ ক্যামেরা হাতে তাঁর কাছে গেলেই কান্নায় ভেঙে পড়েন। চোখের পানি মুছতে মুছতে জানান, "কীভাবে এক রাতেই শেষ হয়ে গেল তাঁর সারা জীবনের পরিশ্রম।"
পরিমলের স্ত্রী স্বরস্বতীও আগুনে বাম হাতে দগ্ধ হয়েছেন। নিজের পোড়া হাত দেখিয়ে কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, "এই পোড়া হাতের চিকিৎসার জন্য একটু মলম কিনব, সেই টাকাটুকুও এখন আমাদের কাছে নেই।" গত ১৬ নভেম্বরের অগ্নিকাণ্ডের পর থেকে পুরো পরিবারটি এক কাপড়ে দিন কাটাচ্ছে। দোকান ও বসতঘর হারিয়ে গত দুই দিন ধরে আশ্রয় নিয়েছেন প্রতিবেশীর বাড়িতে। কেউ দিলে খাচ্ছেন আর ফুফিয়ে কাদছেন।
প্রতিবেশী মো. আলী হায়দার বলেন, বাজারে ১৮টি দোকান পুড়ে ছাই হয়েছে। তবে এসব ক্ষতিগ্রস্তদের মধ্যে পরিমলের মতো অসহায় পরিবার আর নেই। তাঁর কোনো বাড়িঘর বা জমিজমা নেই। তাই দোকানের একটি অংশে বসতঘর বানিয়ে স্ত্রী সন্তানদের নিয়ে থাকতেন। তিনি নিজেও অসুস্থ। চা বিক্রির আয়েই সংসার, নিজের ওষুধ ও ছেলেমেয়েদের পড়াশোনার খরচ চালাতেন। এক রাতের আগুনে তাঁর সব শেষ হয়ে গেছে। এখন পরিবারটি এক কাপড়ে প্রতিবেশীর ঘরে আশ্রয় নিয়েছে।
গুয়ারেখা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. মজিবুর রহমান জানান, অগ্নিকাণ্ডে বাজারের ১৮টি দোকান, দুটি বসতঘর ও একটি মন্দির পুড়ে কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের মধ্যে পরিমল মিস্ত্রীর পরিবার সবচেয়ে বেশি অসহায় অবস্থায় পড়েছে। তাদের মাথা গোঁজার ঠাঁইটুকুও নেই। দুই মেয়ে নার্সিং পড়ছে, ছেলে কলেজে পড়ে। দোকানের আয়েই চলত তাদের সংসার। কৌটায় জমানো ও এনজিও থেকে ঋণ নেওয়া সব মিলিয়ে প্রায় ৮০ হাজার টাকাও পুড়ে গেছে। এখন পরিবারটির খাবারের ব্যবস্থাটুকু করাও কঠিন হয়ে পড়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে ড. ইউনূসের বাড়ির গ্যারেজে আগুন, তদন্ত শুরু
নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক আহমেদ জানান, ক্ষতিগ্রস্থ সবাইকে গৃহায়ন ও গনপূর্ত প্রতিমন্ত্রীর পক্ষ থেকে জনপ্রতি ২ বান্ডিল ঢেউটিন, ছয় হাজার টাকা এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৩০ কেজি করে চাল দেয়া হয়েছে। এর পরে সাহয্যে আসলে দেখা হবে। তাদের বিষয়ে খোজ রাখা হচ্ছে।
একটি ছোট্ট চায়ের দোকানই ছিল পরিমল মিস্ত্রীর পরিবারের বেঁচে থাকার অবলম্বন। সেই দোকানের আয়েই চলত সংসার, সন্তানদের লেখাপড়া আর অসুস্থ শরীরের চিকিৎসা। আগুনে পুড়ে গেছে সেই অবলম্বন, পুড়ে গেছে ভবিষ্যতের জন্য জমানো শেষ সম্বলটুকুও। এখন দগ্ধ হাতের চিকিৎসা, পরিবারের খাবার আর নতুন করে মাথা গোঁজার ঠাঁই সবই অনিশ্চিত পরিমলের জীবনে। তাই পরিমল মিস্ত্রীর পরিবারের কাছে এখন সবচেয়ে বড় প্রশ্ন, কীভাবে আবার ঘুরে দাঁড়াবেন তাঁরা?
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন