০২:২৮ পি.এম
বিশ্বজুড়ে গত ৩০ বছরে ৯ লাখ ১৬ হাজারের বেশি মানুষের মৃত্যু ঘটেছে প্রায় ১০ হাজার চরম আবহাওয়াজনিত ঘটনার কারণে। এসব ঘটনার ফলে সরাসরি অর্থনৈতিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৪ লাখ ৭০ হাজার কোটি ডলার। এই তথ্যটি জার্মানভিত্তিক জলবায়ু গবেষণা ও উন্নয়ন সংস্থা জার্মানওয়াচের একটি প্রতিবেদনে প্রকাশিত হয়েছে।
মঙ্গলবার তুরস্কে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এ ‘ক্লাইমেট রিস্ক ইনডেক্স ২০২৭’ (সিআরআই ২০২৭) প্রকাশ করে সংস্থাটি। প্রতিবেদনে ১৯৯৬ থেকে ২০২৫ সাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে চরম আবহাওয়ার প্রভাব ও ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরা হয়েছে।
৩০ বছরের হিসাব অনুযায়ী, ডমিনিকা, মিয়ানমার ও হন্ডুরাস চরম আবহাওয়ার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত ১০টি দেশের মধ্যে নয়টি মধ্যম আয়ের অর্থনীতির দেশ। তালিকায় একমাত্র উচ্চ আয়ের দেশ হিসেবে বাহামাস অন্তর্ভুক্ত রয়েছে।
আরও পড়ুন: ই-স-রা-য়ে-লি বাহিনী ১৬ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে
শুধু ২০২৫ সালেই বিশ্বজুড়ে ৩৬৭টি চরম আবহাওয়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় প্রায় ৩৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে এবং ১০ কোটির বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সময়ে সরাসরি অর্থনৈতিক ক্ষতির পরিমাণ ১৫ হাজার ৮০০ কোটি ডলারেরও বেশি। ওই বছর সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছে জ্যামাইকা, শ্রীলঙ্কা ও স্পেন।
২০২৫ সালে চরম আবহাওয়াজনিত মৃত্যুর প্রধান কারণ ছিল তাপপ্রবাহ, যা ২৪ হাজারের বেশি মানুষের মৃত্যু ঘটিয়েছে। এটি ওই বছর এসব ঘটনায় মোট প্রাণহানির প্রায় ৭০ শতাংশ। তবে সাব-সাহারান আফ্রিকার মতো অঞ্চলে তাপপ্রবাহে মৃত্যুর প্রকৃত সংখ্যা অনেক ক্ষেত্রেই নথিভুক্ত হয় না বলে সংস্থাটি জানিয়েছে।
অন্যদিকে, অর্থনৈতিক ক্ষতির দিক থেকে সবচেয়ে ভয়াবহ ছিল ঝড়। ২০২৫ সালে ঝড়ের কারণে সরাসরি ক্ষতির পরিমাণ দাঁড়ায় ৬৪৮০ কোটি ডলার। ১৯৯৬ থেকে ২০২৫ সাল পর্যন্ত ৩০ বছরে চরম আবহাওয়ার মোট অর্থনৈতিক ক্ষতির ৫৮ শতাংশের জন্য ঝড় দায়ী ছিল।
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নিষ্ক্রিয়তার মূল্য ক্রমেই বাড়ছে। এর প্রভাব মানুষের জীবনহানির পাশাপাশি অর্থনীতিতেও বিপুল ক্ষতি সৃষ্টি করছে। সংস্থাটির ভাষ্য, চরম আবহাওয়ার মানবিক ও অর্থনৈতিক পরিণতি দিন দিন আরও গুরুতর হয়ে উঠছে।
আরও পড়ুন: চীনা বিজ্ঞানীদের উদ্ভাবন: ‘জাদুকরী চিরুনি’তে ইঁদুরের মাথায় ফিরেছে প্রায় শতভাগ চুল
এ অবস্থায় কপ৩১ সম্মেলন থেকে জলবায়ু অভিযোজন, ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর বিষয়ে উচ্চাভিলাষী পদক্ষেপ নেওয়ার জন্য জার্মানওয়াচ আহ্বান জানিয়েছে। একই সঙ্গে বড় নিঃসরণকারী দেশ ও জীবাশ্ম জ্বালানি উৎপাদনকারী দেশগুলোকে জলবায়ু মোকাবিলায় আর্থিক সহায়তা বাড়ানোর জন্য সংস্থাটি অনুরোধ করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন