১০:৩০ পি.এম
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) নতুন প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে অধ্যাপক মো. আনিছুর রহমান দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। যোগদানের পর তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
অধ্যাপক মো. আনিছুর রহমান উচ্চশিক্ষা, গবেষণা, পাঠ্যক্রম উন্নয়ন এবং উন্মুক্ত ও দূরশিক্ষা ব্যবস্থায় দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুলের দর্শন বিভাগের অধ্যাপক এবং দর্শন ডিসিপ্লিনের কারিকুলাম কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
এছাড়া তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত দায়িত্বরত রেজিস্ট্রার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে দর্শন বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তাঁর স্নাতকোত্তর গবেষণার বিষয় ছিল "Environmental Ethics: A Creative Synthesis"। ১৯৯৪ সালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে যোগদানের পর থেকে তিনি অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষকসহ বিভিন্ন একাডেমিক পদে দায়িত্ব পালন করেছেন।
আরও পড়ুন: ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন বৃহস্পতিবার শুরু
উন্মুক্ত ও দূরশিক্ষা ব্যবস্থার উন্নয়ন বিষয়ে তাঁর অভিজ্ঞতা রয়েছে। তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সদস্য, বোর্ড অব গভর্নরসের সদস্য, বিভিন্ন পাঠ্যক্রম ও একাডেমিক নীতিমালা প্রণয়ন কমিটির সদস্য এবং সামাজিক বিজ্ঞান ও মানবিক অনুষদের জার্নালের সম্পাদকমন্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পাঠ্যক্রম উন্নয়ন, শিক্ষা উপকরণ প্রস্তুত, টিউটর প্রশিক্ষণ, সেমিনার আয়োজন ও একাডেমিক প্রশাসনে তাঁর উল্লেখযোগ্য অবদান আছে। দেশে বিদেশে উন্মুক্ত ও দূরশিক্ষা, শিক্ষা উপকরণ উন্নয়ন, শিক্ষামাধ্যম নির্মাণ, সৃজনশীল শিক্ষণ-পদ্ধতি এবং একাডেমিক ব্যবস্থাপনা সম্পর্কে তিনি বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালায় অংশগ্রহণ করেছেন।
অস্ট্রেলিয়া, কানাডা ও যুক্তরাজ্যের বিশেষজ্ঞদের পরিচালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচিতেও তিনি অংশগ্রহণ করেছেন। শিক্ষা, গবেষণা, প্রশাসনিক দক্ষতা ও দূরদর্শী নেতৃত্বের সমন্বয়ে অধ্যাপক মো. আনিছুর রহমানের নেতৃত্বে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে বিশ্ববিদ্যালয় পরিবার আশা প্রকাশ করেছে।
আরও পড়ুন: মানবাধিকার সংস্থার পরিচয়ে ভুয়া অভিযান ও জরিমানা; সমালোচনার মুখে অব্যাহতির ঘোষণা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন