বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৪:৩২ পি.এম
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তন আয়োজন উপলক্ষে একটি স্টিয়ারিং কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে সভাপতি উপাচার্য অধ্যাপক ড. এ. কে. এম. মতিনুর রহমান এবং সদস্য সচিব বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আতিকুর রহমান রয়েছেন।
আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর বরাত এই তথ্য জানানো হয়।
তথ্য মতে, অনুষ্ঠিতব্য সমাবর্তন সুষ্ঠু, সুন্দর ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও কর্মকর্তাদের সমন্বয়ে এ কমিটি গঠন করা হয়েছে।গঠিত স্টিয়ারিং কমিটিতে বিশ্ববিদ্যালয়ের সকল ডিন, সকল সভাপতি, আবাসিক হলগুলোর প্রভোস্ট, বিভিন্ন অফিসের প্রধান এবং সিনিয়র শিক্ষকসহ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
কমিটির সদস্যগণ সমাবর্তন আয়োজনের সার্বিক পরিকল্পনা, প্রস্তুতি, সমন্বয় ও বাস্তবায়নে দায়িত্ব পালন করবেন। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে সমাবর্তন আয়োজনের পরিকল্পনা রয়েছে। ফেব্রুয়ারি মাসের ১, ২ অথবা ৩ তারিখের মধ্যে যেকোনো একটি দিন চূড়ান্ত করে সমাবর্তন অনুষ্ঠিত হতে পারে। তবে নির্ধারিত তারিখ সংশ্লিষ্ট প্রস্তুতি ও অন্যান্য বিষয় পর্যালোচনা করে চূড়ান্ত করা হবে।
জনসংযোগ দপ্তর বলছে, সমাবর্তনকে কেন্দ্র করে ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ে প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু হয়েছে। দীর্ঘদিন পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে ডিগ্রি প্রদান ও একাডেমিক জীবনের গুরুত্বপূর্ণ এই আয়োজনকে ঘিরে শিক্ষক-শিক্ষার্থী ও গ্র্যাজুয়েটদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
স্টিয়ারিং কমিটি গঠনের মাধ্যমে সমাবর্তন আয়োজনের প্রস্তুতি আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে একটি সফল ও স্মরণীয় সমাবর্তন আয়োজনের লক্ষ্যে কাজ করবে কমিটি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বরিশাল, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ : চলতি বছরের ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত পাঁচ মাসের মধ্যে জেলার ১০টি উপজেলায় বিভিন্ন উন্নয়ন কাজ সম্পন্ন করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। এসব উন্নয়ন কার্যক্রমের মধ্যে সড়ক, হাটবাজার, সামাজিক অবকাঠামো, সেতু-কালভার্ট রক্ষণাবেক্ষণ এবং সেচ খাল খনন অন্তর্ভুক্ত রয়েছে। মোট ব্যয় হয়েছে ১৪৯ কোটি ১৮ লাখ ৬২ হাজার ১০০ টাকা।
এলজিইডির বরিশাল অফিসের তথ্য অনুযায়ী, এই সময়ে ৭ দশমিক ৩৬৬ কিলোমিটার ইউনিয়ন সড়ক, ৪ দশমিক ৬৯৩ কিলোমিটার গ্রামীণ সড়ক এবং ৮ দশমিক ২৯ কিলোমিটার পাকা সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ করা হয়েছে। সড়ক উন্নয়নের আওতায় মোট ২০ দশমিক ৩৪৯ কিলোমিটার কাজ সম্পন্ন হয়েছে, যার জন্য ব্যয় হয়েছে ২৮৪৭ দশমিক ৭৯১ লাখ টাকা।
একই সময়ে ৫১৮ দশমিক ৩৮ কিলোমিটার ব্রিজ ও কালভার্ট নির্মাণ করা হয়েছে, যার জন্য ব্যয় হয়েছে ৬৭২৯ দশমিক ৯৭ লাখ টাকা।
এছাড়া, একটি হাট-বাজার ও গ্রোথ সেন্টারের উন্নয়ন সম্পন্ন হয়েছে, যা ৩৪৩ দশমিক ১৩ লাখ টাকায় বাস্তবায়িত হয়েছে।
জেলার বিভিন্ন উপজেলায় ৪২টি সামাজিক অবকাঠামো নির্মাণ করা হয়েছে, যার মধ্যে মসজিদ, কবরস্থান ও মন্দির অন্তর্ভুক্ত রয়েছে। এসব কাজে ব্যয় হয়েছে ১৭৭ দশমিক ৭৬ লাখ টাকা।
এলজিইডির তথ্য অনুযায়ী, বিদ্যমান সড়ক সচল রাখতে ৫৭ দশমিক ২৮ কিলোমিটার সড়কের রক্ষণাবেক্ষণে ব্যয় হয়েছে ২৩২০ দশমিক ০৭ লাখ টাকা। একই সময়ে, জেলার ১০টি উপজেলায় ১২২৮ দশমিক ৯৬ কিলোমিটার ব্রিজ ও কালভার্ট রক্ষণাবেক্ষণ করা হয়েছে, যার জন্য ব্যয় হয়েছে ২৪৪২ দশমিক ৬২ লাখ টাকা।
কৃষি ও সেচ ব্যবস্থার উন্নয়নে ৫ দশমিক ১৭ কিলোমিটার খননকৃত সেচ খাল এবং পুনঃখনন করা হয়েছে, যার ব্যয় ৫৭ দশমিক ২৮ লাখ টাকা।
এলজিইডি সূত্রে আরও জানা গেছে, বরিশাল সদর ও মুলাদী উপজেলায় দুটি সড়ক প্রশস্তকরণ করা হয়েছে, যা সংশ্লিষ্ট এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত করেছে এবং গ্রামীণ পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করেছে।
গৌরনদী ও উজিরপুর উপজেলায় দুটি নান্দনিক আরসিসি আর্চ গার্ডার ব্রিজ নির্মাণ করা হয়েছে। আধুনিক প্রকৌশল কৌশলে নির্মিত এসব ব্রিজের মাধ্যমে স্থানীয় মানুষের যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা সহজ হয়েছে।
জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আল ইমরান বাসসকে জানান, এলজিইডির উন্নয়ন কার্যক্রম গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, কৃষিপণ্য পরিবহন সহজ করা এবং মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে অব্যাহত রয়েছে।
তিনি বলেন, নতুন সড়ক ও সেতু-কালভার্ট নির্মাণের পাশাপাশি বিদ্যমান অবকাঠামোর রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে হাটবাজার, গ্রোথ সেন্টার, সামাজিক অবকাঠামো ও সেচ ব্যবস্থার উন্নয়ন করা হচ্ছে। এর ফলে প্রত্যন্ত এলাকার মানুষের যোগাযোগ সুবিধা বৃদ্ধি পাচ্ছে এবং কৃষি ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হচ্ছে।
এলজিইডি কর্মকর্তারা জানান, জেলার বিভিন্ন উপজেলায় বাস্তবায়িত এসব কার্যক্রম গ্রামীণ সড়ক যোগাযোগ উন্নয়ন, নিরাপদ ও সহজ যাতায়াত এবং স্থানীয় পর্যায়ে অবকাঠামোগত সুবিধা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের জন্য গ্যাস পাইপলাইন স্থানান্তরের টাই-ইন কাজ সম্পন্ন করা হবে। এই কারণে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে আশুলিয়া ও সাভারের বিস্তীর্ণ এলাকায়।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় আশুলিয়া রোডে বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তর করা হবে। ফলে শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত মোট ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে আশুলিয়া বাজার থেকে বাইপাইল পর্যন্ত রাস্তার উভয় পাশের এলাকা, ঢাকা ইপিজেড, মালঞ্চ পাওয়ার প্ল্যান্ট, বেক্সিমকো ডিআরএস (বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স), কাশিমপুর, সারদাগঞ্জ, হাজী মার্কেট, শ্রীপুর, চন্দ্রা, চন্দ্রা মোড়, নবীনগর, সাভার টাউন এলাকা, সাভার ক্যান্টনমেন্ট, উলাইল, ব্যাংক টাউন, সাভার রেডিও কলোনি, কলমা, দোসাইদ, কুমকুমারী, আক্রান, চারাবাগ, বড় আশুলিয়া, টঙ্গাবাড়ী, কাঠগড়া, জিরাবো, গাজীরচট, নয়াপাড়া, দেওয়ান ইদ্রিস সড়কের উভয় পাশের এলাকা, নয়ারহাট, বলিভদ্রপুর, পল্লীবিদ্যুৎ, ডেন্ডারবর, ভাদাইল, লতিফপুর, মানিকগঞ্জ ও তৎসংলগ্ন এলাকায়।
এছাড়া, আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপও থাকতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লায়েন শিশুদের অনলাইন ঝুঁকি থেকে রক্ষা করার জন্য একটি ব্যাপক পরিকল্পনার ঘোষণা দিয়েছেন। প্রস্তাবে উল্লেখ করা হয়েছে যে, ১৩ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করা হবে এবং শিশুদের জন্য নিরাপদ অ্যাকাউন্ট চালু করতে অনলাইন সেবাদাতাদের বাধ্য করা হবে।
বৃহস্পতিবার অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ফন ডার লায়েন জানান, বর্তমান সময়ে শিশুরা বিশ্বের সবচেয়ে উন্নত প্রযুক্তিগুলোর কিছু ব্যবহার করছে, তবে এসব প্রযুক্তি শিশুদের কল্যাণ ও বিকাশের বিষয়টি মাথায় রেখে তৈরি করা হয়নি। তিনি বলেন, প্রস্তাবিত ‘ইইউ কিডস অ্যাক্ট’ বাস্তব জীবনের মতো ডিজিটাল জগতেও সুস্পষ্ট সীমারেখা নির্ধারণ করবে।
প্রস্তাব অনুযায়ী, ১৩ থেকে ১৫ বছর বয়সী শিশুদের অনলাইন অ্যাকাউন্টে অভিভাবকদের নিয়ন্ত্রণ থাকবে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আইনটি কার্যকর হওয়ার আগে ইউরোপীয় ইউনিয়নের সদস্যদেশ ও ইউরোপীয় পার্লামেন্টের সঙ্গে আলোচনা করতে হবে।
১৮ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম, ভিডিও শেয়ারিং সেবা, অনলাইন ভিডিও গেম, এআই ভিত্তিক সঙ্গী এবং চ্যাটবট ব্যবহারের ক্ষেত্রে নির্দিষ্ট বিধিনিষেধ আরোপের প্রস্তাব করা হয়েছে।
এতে আসক্তি তৈরি করে এমন ফিচার, ব্যবহারকারীর প্রোফাইলভিত্তিক সুপারিশ ব্যবস্থা, অন্তহীন স্ক্রল, পুরস্কারের মাধ্যমে ব্যবহার বাড়ানোর কৌশল এবং অপরিচিত ব্যক্তির অনাকাঙ্ক্ষিত যোগাযোগ নিষিদ্ধ করার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। এআই সঙ্গী ও চ্যাটবট শিশুদের জন্য ডিফল্টভাবে বন্ধ রাখার প্রস্তাবও করা হয়েছে।
এছাড়া, অনলাইন প্ল্যাটফর্মগুলোকে শিশুদের জন্য নিরাপদ অ্যালগরিদম তৈরি করতে হবে এবং সহজে ব্যবহারযোগ্য অভিভাবক নিয়ন্ত্রণ ব্যবস্থা দিতে হবে। ব্যবহারকারীদের ব্লক ও মিউট করার সুবিধাও সহজ করার কথা বলা হয়েছে।
অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, চীন, ভারত, তুরস্ক ও ইউরোপের কিছু দেশ ইতিমধ্যে শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার সীমিত করার উদ্যোগ নিয়েছে। তবে ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম নিষেধাজ্ঞা বাস্তবায়নে অস্ট্রেলিয়ার বিভিন্ন চ্যালেঞ্জ ইউরোপের জন্যও বিষয়টি কঠিন হতে পারে বলে মনে করা হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইয়েমেনের কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ কাহবুব পাহাড় এলাকায় সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে। বাব আল-মান্দেব প্রণালির নিকটবর্তী এই অঞ্চলে একাধিক ফ্রন্টে লড়াই অব্যাহত রয়েছে।
তাইজ থেকে আল জাজিরার সংবাদদাতা মাহা আলী জানিয়েছেন, ইয়েমেন সরকারের ‘হোমল্যান্ড শিল্ড’ বাহিনী ‘জায়ান্টস ব্রিগেড’-এর সহযোগিতায় কাহবুব এলাকায় হুথিদের একটি অনুপ্রবেশের প্রচেষ্টা প্রতিহত করেছে।
সরকারি বাহিনী দাবি করেছে যে, হুথিরা ওই অঞ্চলে বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছিল। তবে তাদের সেই প্রচেষ্টা সফলভাবে ঠেকানো হয়েছে।
অভিযানে হুথিদের সামরিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুই হুথি সদস্যকে আটক করার খবর পাওয়া গেছে। এছাড়া, সংঘর্ষের সময় সরকারি বাহিনী হুথিদের একটি ড্রোনও ভূপাতিত করার দাবি করেছে।
কাহবুব পাহাড় ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বাব আল-মান্দেব প্রণালির নিকটবর্তী অবস্থিত। এটি লোহিত সাগর ও এডেন উপসাগরের সংযোগস্থলে অবস্থিত এবং ইয়েমেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ